post
সংবাদ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনে ছিলো যাত্রীদের ভিড়। পরিবারের সাথে ছুটি কাটিয়ে নির্বিঘ্নে ফিরতে পেরে আনন্দিত তারা। এছাড়া সড়ক ও নৌপথের যাত্রীরাও ভোগান্তি বিহীন ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন। বুধবার ঈদের তৃতীয় দিন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে কর্মজীবীদের ফিরতে দেখা যায় নগরীতে। ছুটি শেষে স্বজনদের ছেড়ে আসতে কিছুটা কষ্ট হলেও কর্মের টানেই ফিরছেন তারা। আবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও ছিল নেহাতেই কম নয়। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় সড়কপথে যাত্রীর চাপ এখনও তেমন একটা নেই। যানজট বিহীন নিরাপদে ফিরতে পারায় সবার চোখেমুখে স্বস্তি। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরাও জানান তাদের স্বস্তির কথা। এদিকে, ঈদের টানা পাঁচদিন ছুটি শেষে আজ থেকে অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা।

post
সংবাদ

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পুরো জেলাই এখন বন্যা কবলিত। অন্ততঃ তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।এদিকে,গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজার ও সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে।দিনে দিনে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতোমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন ভারি বৃষ্টির আশংকা রয়েছে। প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। সিলেটে বন্যায় ঝুঁকিপূর্ণ বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় মঙ্গলবার রাত থেকে সেনাবাহিনী কাজ করছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আজকের সিলেট সেনানিবাস সফর বাতিল করা হয়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণে,উজানের পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার জেলার ৫ উপজেলার প্রায় ২০টি ইউনিয়ন প্লাবিত হয়ে কয়েক শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করায় আশ্রয় কেন্দ্রে ছুটছে বন্যা কবলিত মানুষ। জেলা প্রশাসক জানান,আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া,টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে সাত উপজেলার নিম্নাঞ্চল। একই সাথে পানি ঢুকেছে পৌর শহরেও। "বন্যা" এখন ভাটির জেলার ২৫ লাখ মানুষের কাছে আতংক হয়ে উঠেছে। কারণ বন্যায় পুরো জেলা তলিয়ে যায়। ভেসে যায় মানুষের সাজানো স্বপ্ন। জেলা প্রশাসক বলেন, বন্যা মোকাবিলার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

post
সংবাদ

ঈদের ছুটি শেষে 'ঢিলেঢালা' অফিস-ব্যাংকপাড়া

ঈদের ছুটির পর সরকারি অফিস খুললেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই কম ছিল।বুধবার রাজধানীর অফিসগুলো ঘুরে দেখা যায় কর্মস্থলে উপস্থিতির সংখ্যা খুবই কম। এখনো বিরাজ করছে ঈদের আমেজ। ছুটির পর প্রথম দিন কাজের চাপও সেভাবে নেই। সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও অনেকেই সকাল ১০টার পর কর্মস্থলে যোগ দেন। অফিসে এসে পরষ্পর কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। যারা বুধ ও বৃহস্পতিবার বাড়তি ছুটি নিয়েছেন, তারা ফিরবেন রোববার। এদিকে, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

post
সংবাদ

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ির পথে নগরবাসী

ঈদুল আযহার দ্বিতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে নগরবাসী। তবে বাড়তি ভাড়ার ভোগান্তির অভিযোগ তাদের।মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় এমন চিত্র। ঈদের আগে বিভিন্ন ব্যস্ততার কারণে যারা গ্রামে যেতে পারেননি তাদের অনেকেই আজ পা বাড়িয়েছেন বাড়ির পথে। তবে, বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ কাউন্টার মালিকরা।

post
সংবাদ

রাজধানীর ব্যস্ত সড়কও ফাঁকা

ঈদের ছুটিতে পাল্টে গেছে রাজধানীর চিরচেনা দৃশ্য। ব্যস্ত সড়কগুলো প্রায় ফাঁকা। রাস্তায় যাত্রী এবং গণপরিবহন, দুটোই কম। নেই যানজট। সড়ক-মহাসড়কগুলো দখলে নিয়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি। পরিবার-পরিজন নিয়েও ঘুড়তে বেরিয়েছেন কেউ কেউ। ফাঁকা রাস্তায় স্বস্তিতে চলতে পেরে খুশি নগরবাসী। এদিকে,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

post
সংবাদ

বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ঈদ আয়োজন নিজেদের নামে চালালো ছাত্রলীগ

ঈদের দিন ঢাকায় থাকা শিক্ষার্থীদের আপ্যায়নের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এ আয়োজনের পুরো খরচ বিশ্ববিদ্যালয় থেকে বহন করা হলেও বণ্টনে সহযোগিতা করার সুযোগ নিয়ে নিজেদের নামে আপ্যায়নের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে শিক্ষার্থীদের আপ্যায়নের বিষয়টি স্বীকারও করেছেন জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি।সোমবার (১৭ জুন) জবিতে ঢাকায় ও ছাত্রী হলে থাকা শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়। এ সময় প্রক্টরিয়াল টিমের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, মনির হোসেন, কিশোর রায়, মাসুদ রানাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা শিক্ষক উপস্থিত ছিলেন। খাবার বণ্টনে তাদের সঙ্গে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ব্যানার টানিয়ে জবি শাখা ছাত্রলীগের উদ্যোগে ঈদের দিন শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়েছে বলে পোস্ট দিচ্ছেন অনেক নেতাকর্মী। কোনো কোনো পোস্টে শিক্ষার্থীদের জন্য জবি প্রশাসন আপ্যায়নের কোনো ব্যবস্থা করেনি জানিয়ে ছাত্রলীগ থেকে সব আয়োজন করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে জবির প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আপ্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেড় লাখ টাকার বেশি ব্যয়ে পুরো খরচ জবি প্রশাসন বহন করেছে। জবি শাখা ছাত্রলীগকে খাবার বণ্টনে সহযোগিতা করতে বলা হয়েছিল। কেউ যদি বিভ্রান্তি ছড়ায় বিষয়টি বিব্রতকর।

post
বাংলাদেশ

রাজধানীতে ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা

অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনাবেচা করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুন) এ তথ্য জানান দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। আবু নাছের জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া বেচাকেনা করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।

post
বিনোদন

ঈদের দিনে বাংলাদেশের আরেকটি জয়

বাংলাদেশের মতো সিঙ্গাপুরেও ঈদ পালিত হয়েছে আজ (সোমবার)। এদিন সকালে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করা জয়ে দেশের মানুষের আনন্দ বাড়িয়েছিল ক্রিকেট দল। একই দিন ম্যাচ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলেরও। সিঙ্গাপুরে ম্যাচটির আগে খেলোয়াড়-কোচরা ঈদের নামাজ আদায় করে স্টেডিয়ামে যান। পরে বাংলাদেশের যুবারা জুনিয়র এএইচএফ কাপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে পরাজিত করেছে। একই টুর্নামেন্টে বাংলাদেশ সাত বছর আগে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছিল। এর আগে কাল (রোববার) স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে সিরিজের যাত্রা শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও ছিল দুর্বল। তবে আজ গোলের ব্যবধান বেশি হয়নি। ম্যাচের প্রথম গোলের জন্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল দলের লিড এনে দেন।

post
বাংলাদেশ

পাহাড়ি ঢলে পানির নিচে সিলেট

অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। ঈদের দিন ভোররাতে আকস্মিকভাবে সৃষ্ট এই বন্যায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষজন। বাসা বাড়িতে পানি প্রবেশ করার পাশাপাশি অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন কুরবানির জন্য ক্রয় করা পশু নিয়ে। ঘরবাড়ি ও রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর পানি থাকায় অনেকেই ঈদের নামাজ আদায় করতে পারেননি। সেই সঙ্গে কুরবানির পশুকে বন্যার পানি থেকে রক্ষা করতে দিশেহারা হয়ে পড়েন অনেকেই। সোমবার (১৭ জুন) ভোররাতে সিলেটের বেশ কয়েকটি এলাকায় প্লাবন হওয়ার পর অনেকেই ঈদের নামাজ ও কুরবানি দিতে পারেননি। সিলেট নগরীর লালাদিঘির পার এলাকার বাসিন্দা শাহজাহান আজীজ বলেন, আমার বাড়ির ঊঠানে ও ঘরে পানি। আমরা কোরবানির জন্য পশু কিনেছিলাম। আজ সকালের যে অবস্থা ছিল তাতে কোরবানি দিতে পারিনি। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৮৬ মিলিমিটার।

post
বাংলাদেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

কোরবানির তাৎপর্য ও মর্মাথ অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্বর পবিত্র ঈদুল আজহা। সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের। এসময় দল-মত নির্বিশেষে সবাইকে একটি অসাম্প্রদায়িক-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় কাজ করার আহ্বান জানান তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.