post
সংবাদ

দাবীর মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীদের দাবীর মুখে পদত্যাগ করেছেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার তিনি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে পদত্যাগ করেছেন আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতি।সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন মো. আশফাকুল ইসলাম। তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন। এ ছাড়া হাইকোর্ট থেকে জ্যেষ্ঠতার বিবেচনায় আপিল বিভাগে আসবেন বাকি বিচারপতিরা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

post
সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জয়ের নতুন বার্তা

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে চলে গেছেন শেখ হাসিনা। তার চলে যাওয়ায় সংকটে পড়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর তার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছিলেন, মা আর দেশে ফিরবে না এবং রাজনীতি করবেন না। তবে, এবার শেখ হাসিনার দেশের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন জয়। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তবে, ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কি না, সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি জয়। সোমবার (৫ আগস্ট) আন্দোলনের মুখে দেশ থেকে ভারত যান শেখ হাসিনা। তার যাওয়ার পর দেশের চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। টাইমস অব ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজে জয় জানান, তার মা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করলেই তার মা দেশে ফিরবেন। তবে, ৭৬ বছর বয়সী শেখ হাসিনা ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সে সম্পর্কে জয় কিছু জানায়নি। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কখনওই উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু, চলমান পরিস্থিতিতে বাংলাদেশে নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে এবং সামনের সারিতে থেকেই কাজ করব।

post
সংবাদ

শনিবার আবু সাঈদের বাড়িতে যাবেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে যাবেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার বাড়ি। মকবুল হোসেন ও মনোয়ারা বেগম দম্পতির ৯ সন্তানের মধ্যে আবু সাঈদ ছিলেন সবার ছোট।

post
সংবাদ

প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে একটি মহল: মির্জা ফখরুল

স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, তথা বিজয়ী ছাত্র-জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একইসঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপানোর জন্য ব্যাপকভাবে সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। শুক্রবার (৯ আগস্ট) বিকালের দিকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপসানালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সকল শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে লেগেছে। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সকল নাগরিকবৃন্দ এ বিষয়ে সজাগ আছেন। আমাদের দল বিএনপি ইতিমধ্যে আমাদের সাধ্যমতো সকল পদক্ষেপ গ্রহণ করে চলছে। দলের নাম ব্যবহার করে যারাই এ ধরনের অপতৎপরাতায় জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

post
সংবাদ

নতুন সরকার ভালো করবে, ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগে অনেক ভুল হয়েছে। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি এই সরকারের কাছে প্রত্যাশা। আশা করি, সরকার ভালো কাজ করবে। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শারীরিকভাবে অসুস্থ বর্ষীয়ান এই রাজনীতিক হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে গণফোরাম। রাতে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয়, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বিবৃতিতে দেশের সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন ড. কামাল হোসেন।

post
সংবাদ

ডাকাতি রোধে বিজিবি‘র সঙ্গে যোগাযোগের আহ্বান

রাজধানীতে ডাকাতি ও জননিরাপত্তার জন্য হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডাকাতি রোধে ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এ বাহিনী। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিজিবি’র সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি শুরু করেছে দুষ্কৃতকারীরা। রাতের আঁধারে তারা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে বিভিন্ন বাসায় হানা দিচ্ছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হলে বিজিবির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

post
সংবাদ

বিসিবি সভাপতির ভাগ্যে কী আছে?

ছিলেন দেশের ক্রিকেটের অভিবাবক। গত নির্বাচনের পর শেখ হাসিনা সরকারের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পেয়ে নাজমুল হোসেন পাপন বনে যান পুরো ক্রীড়াঙ্গানের অভিবাবক। তবে সেসব এখন অতীত। কোটা সংস্কার আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরদিন ভেঙে দেওয়া হয় সংসদ। এতে বিলুপ্ত হয় মন্ত্রীসভাও। ফলে মন্ত্রীত্ব হারান তিনি। তবে বিসিবির সভাপতির দায়িত্ব পালনে বাধা নেই তার। তবে শেষ কয়েকদিন বিসিবির অন্যান্য বেশকিছু পরিচালকদের মতো তারও কোনো খোঁজ নেই। এক সূত্রের মাধ্যমে ক্রিকেট বিষয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে আওয়ামী লীগের অনেক নেতার মতোই দেশত্যাগ করেছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে নাজমুল হাসান পাপন এখনো দেশেই অবস্থান করছেন। তবে প্রশ্ন হলো তিনি দেশে কিংবা বাইরে যেখানেই থাকুন বিসিবির এখন কী হবে? কে থাকবেন সভাপতির দায়িত্বে বা অন্য পরিচালকদেরই বা কী খবর? সংসদ সদস্য বা ক্রীড়ামন্ত্রীর পদ না থাকলেও ক্রিকেট বোর্ডের সভাপতি এখন পর্যন্ত নাজমুল হোসেন পাপনই থাকছেন। বোর্ডের মেয়াদ অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত বিসিবির সর্বোচ্চ পদে থাকতে পারবেন তিনি। এমনকি চাইলেও তাকে সরানোর কোনো সুযোগ নেই। যদি বোর্ডর উপর সরকারের কোনো হস্তক্ষেপ পরে তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। গত বছর লঙ্কান ক্রিকেট বোর্ড এমন নিষেধাজ্ঞা পেয়েছিল আইসিসি থেকে।

post
সংবাদ

আন্দোলনকারীদের মুক্তির দাবি শায়খ আহমাদুল্লাহ

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিভিন্ন দেশে মিছিল-সমাবেশ করে অনেক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মুক্ত করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন,মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন। তিনি বলেন, নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি, তারা প্রবাসীদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ নেবেন।

post
খেলা

ক্ষমতার পালাবদল: সবচেয়ে নাজুক বাফুফে

ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আজই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিচ্ছে। রাজনৈতিক পালাবদলের প্রভাব ব্যাপকভাবে পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। অনেক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদকের খোঁজ নেই। ফলে ক্রীড়াঙ্গন বড় সংকটে পড়েছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগের এমপি ছিলেন। শুধু এমপিই নন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজনও ছিলেন, ফলে জানুয়ারিতে গঠিত মন্ত্রীসভায় তার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। তাই পট পরিবর্তনের পর পাপন অনেকটা আত্মগোপনে! তিনি কোথায় আছেন ক্রিকেট বোর্ডের কেউ জানেন না। গত এক দশকে ক্রিকেট বোর্ডে পাপনের পরই প্রভাবশালী ছিলেন অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। পাপনের মতো চলমান পরিস্থিতিতে মল্লিকও আছেন গভীর সংকটে। গত এক দশকে কাউন্সিলরশিপ, জুনিয়র লিগে পাতানো খেলাসহ অনেক অভিযোগ রয়েছে। যা নিয়ে ক্রিকেটাঙ্গনে মল্লিকের ওপর ক্ষোভ অনেকের। এ ছাড়া বিসিবির শফিউল আলম নাদেল, নাইমুর রহমান দুর্জয়, আ জ ম নাসির সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, কাজী ইনাম আহমেদ, তানভীর আহমেদ টিটো সরাসরি রাজনীতি না করলেও, তারা আওয়ামীমনা হিসেবেই স্বীকৃত। তাদের কারও ভাই, বাবা কিংবা দুলাভাই আওয়ামী লীগের বড় নেতা।

post
সংবাদ

আংশিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাণিজ্য

প্রায় তিন দিন বন্ধ থাকার পর আংশিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাণিজ্য। বাংলাদেশের হিলি বন্দর দিয়ে সীমিত আকারে প্রবেশ করা শুরু করেছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার বাংলাদেশের উত্তরবঙ্গের হিলি বন্দর দিয়ে পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে বেনাপোল স্থলবন্দরও খুলে দেওয়া হবে। বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বুধবার এনডিটিভিকে এ প্রসঙ্গে বলেন, “বেনাপোল এবং হিলি বন্দরের কর্মকর্তারা আজ বৈঠক করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে বেনাপোল খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।” বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের অপর পাশেই ভারতের পেট্রোপোল চেকিং পোস্ট। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক গতকাল পেট্রোপোল চেকিং পোস্ট সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানা গেছে। গতকাল হিলি বন্দর দিয়ে যে কয়েকটি মালবাহী কার্গো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলোতে কালো পাথর, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ এবং গমের ভুসি। অর্থাৎ অধিকাংশই পচনশীল পণ্য।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.