post
অনুষ্ঠান

মুক্তিযোদ্ধাদের পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফলমূল ও মিষ্টান্ন পাঠানো হয়েছে। সোমবার মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে এ উপহার হস্তান্তর করেন। তাদের স্মরণ করার জন্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

post
অনুষ্ঠান

ঈদের আনন্দ আজ জনগণের মাঝে নেই

ঈদের খুশির আনন্দ আজ বাংলাদেশের জনগণের মাঝে নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বহু দেশ আজ বাংলাদেশের উপরে খবরদারি করছে, মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রভুত্ব অন্য দেশের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না । এসময়ে মির্জা আব্বাস বলেন, আমরা কোনো দিক দিয়ে ভালো অবস্থানে নেই।

post
বাংলাদেশ

উঠে গেল মোহাম্মদপুর ছাত্রলীগের সেই হাট

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অবৈধভাবে বসানো ছাগলের হাট উঠিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের তৎপরতায় দিনের ব্যবধানে হাটটি উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাগলের হাট বসানোর নেপথ্যে থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। এ ঘটনায় হাসিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- পারভেজ আহমেদ (৩০) ও মো. ফাহিম (২২)। রোববার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান। তিনি বলেন, টাউন হল এলাকার ফুটপাতে অবৈধভাবে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে সেখান থেকে হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে কোনো হাট নেই এবং পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় আমরা ওই ছাগলের হাট থেকে হাসিলসহ দুই যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

post
বাংলাদেশ

আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার

সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন থেকেই চরম অস্থিরতা চলছে। অথচ মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৬ জুন) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকছে। যুদ্ধ কবলিত মিয়ানমারের জান্তা সেনারাও বাংলাদেশের অভ্যন্তরে প্রায়ই ঢুকে পড়ছে। অথচ আওয়ামী লীগ সরকার জান্তা সেনাদের আগ্রাসী ভূমিকায় নির্বিকার রয়েছে।’ সেন্টমার্টিন প্রায় অবরুদ্ধ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না। সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।’ সরকারকে টিকিয়ে রাখতে আজিজ-বেনজীরের মতো দুর্নীতিবাজদের ব্যবহার করে বাহিনীগুলোর সম্মান-গৌরব আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী।

post
বাংলাদেশ

বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই। মির্জা ফখরুল ইসলামের বলার আগেই আমি বলেছি সরকার এখানে নিষ্ক্রিয় নয়। আক্রান্ত হলে পাল্টা আক্রমণে প্রস্তুত আছে সরকার। সেখান থেকে যুদ্ধজাহাজ এরইমধ্যে প্রত্যাহার হয়েছে। যান চলাচল নিয়মিত হয়ে গেছে, লোকজন যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে ঝগড়া করব না। মির্জা ফখরুলকে বলতে চাই এখানে উসকানি দিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাব? সারা বিশ্ব রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল ওইদিক থেকে তখনও কিছু উসকানি ছিল, আমরা উসকানিতে পা দেইনি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি বেহুদা মন্তব্য করেছিল। এখনো তারা সেটাই করে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক আছে। সেন্টমার্টিন সীমান্তে গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন, তবে আমরা সতর্ক আছি। সেন্টমার্টিনে গুলিটা আরাকানরা করেছে, মিয়ানমার সরকার করেনি।

post
বাংলাদেশ

জবি শিক্ষার্থীদের খাসি দিয়ে আপ্যায়ন করবে প্রশাসন

আসন্ন ঈদুল আজহায় ঢাকায় অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও কর্মচারীদের আপ্যায়নের ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের জন্য ৫টি খাসির ব্যবস্থা করা হয়েছে। এবারই প্রথমবারের মতো এ উদ্যোগটি নেওয়া হচ্ছে। শুক্রবার (১৪ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন কারণে ঈদে অনেক শিক্ষার্থী বাড়ি যেতে পারে না। অনেকে হলে থাকে। এর মধ্যে ভিন্ন ধর্মের শিক্ষার্থীরাও রয়েছে। কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য উপাচার্য সবার জন্য দুপুরে খাবারের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ৫টি খাসির ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, এ আয়োজনে থাকবে পোলাও, ডিমের কোরমাসহ আরও নানা খাবার। ক্যাম্পাসে বা ঢাকায় অবস্থানরত কর্মকর্তা- কর্মচারীদেরও এ আপ্যায়ন করা হবে। এর মাধ্যমে জবিতে প্রথমবারের মতো নতুন এক দৃষ্টান্ত স্থাপন হবে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, শুনেছি ঈদে কিছু শিক্ষার্থী ঢাকায় অবস্থান করছে। তারা যেন মন খারাপ না করে ও আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই ঈদের দিন তাদের জন্য একটি ভালো লাঞ্চের ব্যবস্থা করতে বলেছি। শিক্ষার্থীদের তালিকাও করা হচ্ছে।

post
বাংলাদেশ

ঈদের আগে বাড়ল রিজার্ভ

কোরবানির ঈদকে কেন্দ্র করে বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া, ডলার রেট বাড়ায় রপ্তানি আয়ও আসছে। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, গ্রস রিজার্ভ ১৯ দশমিক ২১ বিলিয়ন। মাসের শুরুতে অর্থাৎ ৫ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ২৩ বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৬২ বিলিয়ন। তবে, এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। এটি প্রকাশ করা করা হয় না। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলারের ঘরে। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নেই। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন মন্দ সূচকে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

post
সংবাদ

রাঙামাটিতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে এসব ঘটনা ঘটে। লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। এ ছাড়া কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

post
সংবাদ

সেন্টমার্টিন আক্রান্ত হলে জবাব দেয়া হবে

সেন্টমার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে। তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে।শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংকট আছে। তাদের ৫৪টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে। তাদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংকটে আমরা যদি ভুক্তভোগী হই (সাফার করি) তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। সেখানে সরকারে আছে সামরিক শাসক। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। তবে আমরা আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেবো। আমাদের খাটো করে দেখার কিছু নেই। আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের ওপর জেঁকে বসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন। এজন্য তাকে মানবতার মা বলা হয়। এখন বিশ্বের বড় বড় দেশ ও সংগঠন এজন্য আমাদের প্রশংসা করে। কিন্তু রোহিঙ্গাদের পুনর্বাসনে যে সাহায্য তার পরিমাণ কমে গেছে। অর্থনৈতিক চলমান সংকটে আমরা চিন্তায় আছি। ১০-১২ লাখ রোহিঙ্গা বাড়তি চাপ সৃষ্টি করে আছে।

post
সংবাদ

ঈদুল আজহা: ১৭০ টাকার ভাড়া ৪০০ টাকা

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। শ্যামলী, জিআর, গোল্ডেন লাইন, এসবি, চুয়াডাঙ্গা ডিলাক্স রয়েল ও পূর্বাশার মতো পরিবহনে মিলছে না টিকিট। অনেকেই সরাসরি যানবাহন না পাওয়ায় ভেঙে ভেঙে মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বাসের ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা। তবে এ রুটে সেলফি পরিবহন যাত্রীপ্রতি নিচ্ছে ৪০০ টাকা। গাবতলী থেকে সাটুরিয়া পর্যন্ত ১৭০ টাকা ভাড়া হলেও যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। শনিবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়। পাবনাগামী যাত্রী ফরহাদ হোসেন বলেন, তিনি নিয়মিত গাবতলী থেকে পাটুরিয়া হয়ে পাবনা যান। অন্যান্য সময় ১৭০ টাকা ভাড়া হলেও ঈদ উপলক্ষে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেওয়ার যুক্তি দেখিয়ে সেলফি বাসের কন্ট্রাক্টর বলেন, তেলের গাড়ি, তাই ভাড়া বেশি। ঘাট থেকে গাড়ি খালি আসবে আমরা কী করবো।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.