ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন।
বুধবার ভোরে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামশোদ্দৌজা পাহাড়ধ্বসে হতাহতের এ ঘটনা নিশ্চিত করে জানান, অতি বৃষ্টির কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৩ জন, ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৪ জন, ৮ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ১ এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের পাশে বসবাসকারী একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে। এপিবিএন সদস্য, পুলিশ ও ক্যাম্পের লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পাহাড়ের পাদদেশে বসবাস না করতে রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি করেছে প্রশাসন।
