post
সংবাদ

মালয়েশিয়া সিন্ডিকেট: সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো কান্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বায়রা মহাসচিবকে এই নির্দেশ দেয়া হয়। আইনজীবী তানভীর জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গেলো ২ জুন রিট আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদেশ দেন আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী, গেলো ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী। যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক দফা সময় বাড়ানোর পর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে, তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

post
অনুষ্ঠান

রাজধানীতে মোনাশ কলেজের গ্র্যাজুয়েশন কনভোকেশন অনুষ্ঠিত

মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৪ উদযাপন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ -ইউসিবি।রাজধানীর শেরাটন হোটেলে এই জমকালো সমাবর্তনের আয়োজন কতরা হয়। মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমাসহ মোনাশ কলেজের ভিন্ন ভিন্ন প্রোগ্রাম সম্পন্নকারী ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেয়া হয়। ইউসিবি'র মাধ্যমে তিনটি ব্যাচ মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা সম্পন্ন করেছে। কনভোকেশন আয়োজনে এসটিএস গ্রুপের সিইও মানাস সিং এবং ইউসিবির ডিরেক্টর জারিফ মুনিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে আয়োজনে যুক্ত হন বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার মার্সিয়া সিম্পসন। তিনি বলেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই শিক্ষার সুযোগ তৈরীর ব্যাপারে প্রতিশ্রুতিশীল। ফলে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে দৃঢ় সম্পর্ক ও শক্তিশালী বন্ধন। এদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

post
শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু;পরীক্ষার্থী ১৪ লাখের বেশি

আজ (রোববার) থেকে শুরু হয়েছে দেশের মাদ্রাসা ও কারিগরিসহ মোট ১১টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং বাকি ৭ লাখ ৫০৯ জন ছাত্রী। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।সকাল থেকে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। এ বছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে জন্য সময় নিয়ে কিছু অভিযোগ ছিল কিছু শিক্ষার্থীদের মাঝে। তীব্র যানজট, আর বৃষ্টির ভোগান্তি কাটিয়ে সন্তান পরীক্ষা দিতে পেরেছে এতেই খুশি অবিভাভকরা। এদিকে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড,সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রনালয়। তবে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে।

post
সংবাদ

দুর্নীতির অভিযোগে এনবিআরের ফয়সালকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় বদলি করা হয়েছে। এছাড়া পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় কর্মরত অতিরিক্ত কমিশনার মো. মনিরুজ্জামানকে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে সংযুক্ত করা হয়েছে।রোববার (৩০ জুন) এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন শাখা) শহিদ্দুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুন) কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। জব্দের আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে কাজী আবু মাহমুদ ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট ও ১০ কাঠার দুটি প্লট। এছাড়া তার ও তার স্ত্রীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দুই কোটি ৫৫ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র অবরুদ্ধ করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ঘুস ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এ বিষয়ে দুদক অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল ঢাকায় তার ফ্ল্যাট, দুটি প্লট, সঞ্চয়পত্রসহ ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে। এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

post
সংবাদ

‘প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ ও রহমান ট্রাস্ট এবং যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বন্যার্তদের পাশে রয়েছে;কিন্তু বিএনপি-জামায়াত নেই। এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post
শিক্ষা

এইচএসসি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না শিক্ষামন্ত্রী

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ৩০ জুন। দীর্ঘ দিনের রীতি ভেঙে এবারও পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাননি তিনি।শনিবার (২৯ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানান। আবুল খায়ের বলেন, এসএসসি পরীক্ষার মতো আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী। তবে বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। এর আগে এক শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম এই মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এই মানসিক যন্ত্রণা লাগবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী।

post
সংবাদ

দেশে লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বাড়তে পারে।শনিবার (২৯ জুন) সন্ধ্যায় আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

post
সংবাদ

‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা ধরবো। বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি, এগিয়ে যাচ্ছে। দেশ পিছিয়ে যাবে না, যে যতই চেষ্টা করুক দেশকে ধ্বংস করতে পারবে না। এ স্বপ্নযাত্রার আকাঙ্ক্ষা পূরণ করবে এ দেশের মানুষ। বিরোধী দলের নেতা কালো টাকা সাদা করেছেন কি না তা দেখতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা নয়। এখন সব জিনিসের দাম বেড়েছে। ঢাকায় এক কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা বাজেটে দেখাতে পারে না, আয়কর দিতে পারে না। আয়কর দিয়ে যাতে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে। এ ধরনের কার্যক্রম যাতে না করে সেজন্য মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয়। এ সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেনসহ আরও অনেকেই নিয়েছিলেন। তারা কিন্তু ২০০৬, ৭, ৮ বা পরে সুযোগ নিয়ে টাকা সাদা করেছিলেন। জেনারেল এরশাদ সাহেবও মনে হয় করেছেন। খোঁজ নিতে হবে। তিনি না করলেও কেউ না কেউ করেছেন। আমাদের বিরোধীদলীয় নেতা করছেন কি না সেটা দেখতে হবে। বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের বক্তব্যের জবাবে সরকারপ্রধান বলেন, টেন্ডারের শুভঙ্করের ফাঁকির কথা তিনি বলেছেন। টেন্ডার না দিয়ে কাজ দেওয়া। তিনি তো মন্ত্রী ছিলেন টেন্ডার না দিয়ে কাজ করে, কাজের মাধ্যমে কিছু উপার্জন করার বিষয় মনে হয় তিনি নিজেই রপ্ত করেছেন। আমাদের সুচিন্তিত কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একধাপ এগিয়ে যাবে।

post
সংবাদ

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: দুই চিকিৎসককে শাস্তি

চিকিৎসায় অবহেলা ও মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে রোগী মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর বসুন্ধরার আকবর হেলথ কেয়ারের অধ্যাপক কর্নেল (অবসরপ্রাপ্ত) ডা. মো. নুরুল আজিম ও ডা. তানজিমা তাজরিনের রেজিস্ট্রেশন যথাক্রমে পাঁচ বছর ও এক বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।বৃহস্পতিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একমাত্র মেয়ে শ্রেয়শী আহমেদ ঐশীর (বয়স ১৭) ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুজনিত কারণ উল্লেখ করে ২০২১ সালের ৩ নভেম্বর বিএমডিসিতে অভিযোগ দাখিল করেন আহমেদ রসিদ ও শর্মিষ্ঠা আহমেদ। এতে কর্নেল অধ্যাপক ডা. মো. নুরুল আজিমকে অভিযুক্ত করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তীতে কাউন্সিল কর্তৃক তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তে প্রমাণিত হয় যে, তিনি একজন অভিজ্ঞ ও সিনিয়র বিশেষজ্ঞ হিসেবে তার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করেছেন। মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের ফলে রোগীর মৃত্যু হয়। ‘ডা. তানজিয়া তাজরিন মূলত ডা. নুরুল আজিমের তত্ত্বাবধানে কাউন্সিলিংয়ের কাজ করতেন। কাউন্সিলিংয়ের কাজে অদক্ষতা, অপেশাদারি আচরণ ও পেশাগত স্বীকৃত কাঠামো মেনে চলার অসামর্থ্য প্রতীয়মান হয়েছে। এ ছাড়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও তার ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানও উল্লেখযোগ্য ঘাটতি প্রমাণিত হয়েছে।’

post
শিক্ষা

প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার থেকে কোচিং সেন্টার বন্ধ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী রোববার (৩০ জুন)। প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে।গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় কোচিং বন্ধের এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ওইদিন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো থেকেই মূলত প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে থাকে। এজন্য পরীক্ষার সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেউ যদি নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.