বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখা ও আইনানুগ কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
একইসঙ্গে প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম, অফশোর ব্যাংকিং ও প্রবাসে ব্যবসায় মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।
সৌদি আরবে পবিত্র হজ পালন ও মহানবীর (স.) রওজা শরীফ জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ অভিনন্দন ও নির্দেশনা দেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
