প্রশ্নফাঁস ঠেকাতে শনিবার থেকে কোচিং সেন্টার বন্ধ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী রোববার (৩০ জুন)। প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রিক কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে।গত ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় কোচিং বন্ধের এ নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ওইদিন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো থেকেই মূলত প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে থাকে। এজন্য পরীক্ষার সময়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেউ যদি নির্দেশনা না মানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
