post
সংবাদ

এবার হজে ৩১ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া হাজীদের মধ্যে ৩১ জন বাংলাদেশি রয়েছেন।ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। এদিকে, সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

post
বিনোদন

কানাডার ক্যালগেরিতে সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী

কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ইফতেখারুল ইসলাম, ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ইসলাম সুফিয়া রানী, ক্যালগেরির আমরা সবাই সংগঠনের সভাপতি রুপক দত্তসহ সংগঠনের অন্যরা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।ক্যালগেরির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এসটি ডেভিড ইউনাইটেড চার্জে একক সংগীতসন্ধ্যায় অংশ নেবেন বন্যা। একক সংগীতসন্ধ্যায় বরেণ্য শিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে। উল্লেখ্য, 'আমরা সবাই' সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ক্যালগেরিতে এসেছেন বন্যা। তিনি তার শ্রুতিমধুর সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবেন ক্যালগেরির সংগীতপ্রিয় দর্শকদের। ভারতের সর্বোচ্চ চতুর্থ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পদকপ্রাপ্ত হওয়ার পর এটি তার প্রথম কানাডা সফর। এর পূর্বেও তিনি কানাডার ক্যালগেরিতে এসেছেন।

post
সংবাদ

দ্বিপাক্ষিক বৈঠকে ভারত- বাংলাদেশের মধ্যে ১০ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতিসহ ভারত-বাংলাদেশের মাঝে মোট ১০টি সমঝোতা স্মারক হয়েছে। যার মধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক উপস্থিতিতে এ স্মারক স্বাক্ষরিত হয়। স্থানীয় সময় শনিবার দুপুরে হায়দরাবাদ হাউসে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে এই সমঝোতা স্মারক সই হয়। এর আগে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

post
সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, মধ্যরাতে হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে ম্যাডামকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউভর্তি করা হয়েছে।এর আগে রাত ৩টা ৫মিনিটে এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ গত ০২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

post
সংবাদ

বরগুনায় বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০

বরগুনার আমতলী উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।এ দুর্ঘটনায় প্রথমে ৭ জনের পরে আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়। শনিবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা আর বের হতে পারেনি।

post
সংবাদ

সৌদি প্রবাসীদের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে অবদান রাখা ও আইনানুগ কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।একইসঙ্গে প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম, অফশোর ব্যাংকিং ও প্রবাসে ব্যবসায় মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। সৌদি আরবে পবিত্র হজ পালন ও মহানবীর (স.) রওজা শরীফ জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ অভিনন্দন ও নির্দেশনা দেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।

post
সংবাদ

২ দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে দিল্লির পথে রওনা হন। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় শেখ হাসিনাকে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয় জানিয়েছে, সফরে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক হবে। পাশাপাশি প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথাও রয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন।

post
সংবাদ

সিলেটে পানিবন্দির সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

সিলেটে দুদিন বৃষ্টি না হওয়ায় কমেছে পাহাড়ি ঢল। ফলে বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে। একই সময়ে আশারবাণী শুনিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, বলেছেন,সিলেট অঞ্চলের মানুষকে বন্যা কবল থেকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে পদক্ষেপ নেয়া হবে। এদিকে,সুনামগঞ্জের জগন্নাথপুর বৃষ্টির মাত্রা কম হলেও ভোগান্তি কমেনি পানিবন্দী মানুষের।বৃহস্পতিবার সকালে এক পশলা বৃষ্টির পর শুক্রবার বৃষ্টি হয়নি সিলেটে।ফলে মহানগরীর শাহজালাল উপশহরসহ অন্যান্য এলাকা থেকে পানি নেমে যাচ্ছে। এতে আশার আলো দেখছে, বন্যা কবলিত মানুষ। অন্যদিকে সকল নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। জেলা প্রশাসন আগামী দুদিন ভারি বৃষ্টির আশংকা করছে।আশ্রয়কেন্দ্রে রয়েছে প্রায় ২৯ হাজার মানুষ। বাড়িঘরে এখনও জলমগ্ন থাকায় কেউ ঘরে ফিরতে পারছেন না। আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি খিচুরি দেয়া হচ্ছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সকালে বন্যা কবলিত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নে জানান, সিলেট ও সুনামগঞ্জের মানুষকে বন্যার কবল থেকে সহনশীল পর্যায়ে নিয়ে আসতে সুরমা ও কুশিয়ার নদী খনন করা হবে। এদিকে,সুনামগঞ্জের জগন্নাথপুর বৃষ্টির মাত্রা কম হলেও ভোগান্তি কমেনি পানিবন্দী মানুষের।শুক্রবার সকালে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জগন্নাথপুরের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২০হাজার মানুষ। আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিতদের জন্য রান্না করা ও শুকনা খাবারসহ বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

post
সংবাদ

সৌদি আরব থেকে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ জন হাজী

হজের আনুষ্ঠানিকতা শেষে, সৌদি আরব থেকে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৭ জন হাজি।শুক্রবার ভোর ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে স্বজনদের পাশাপাশি ছিলো ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ থেকে এবার ৮৫ হাজারের বেশি মানুষ সৌদি আরব হজ পালনে গিয়েছিলেন। ফিরতি হজ ফ্লাইটগুলো ভোগান্তিহীন করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হজযাত্রা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

post
সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার

ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জন নিহত হয়েছেন।বুধবার ভোরে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার শামশোদ্দৌজা পাহাড়ধ্বসে হতাহতের এ ঘটনা নিশ্চিত করে জানান, অতি বৃষ্টির কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৩ জন, ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৪ জন, ৮ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ১ এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের পাশে বসবাসকারী একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে। এপিবিএন সদস্য, পুলিশ ও ক্যাম্পের লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পাহাড়ের পাদদেশে বসবাস না করতে রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি করেছে প্রশাসন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.