post
খেলা

বাংলাদেশের দ্রুত মানব যাচ্ছেন প্যারিস অলিম্পিকে

২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক। আসন্ন অলিম্পিকে এখন পর্যন্ত বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আরচ্যার সাগর ইসলাম রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন।শুটার রবিউল ইসলামের পর আজ দ্রুততম মানব ইমরানুর রহমান ওয়াইল্ড কার্ড পেয়েছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন উভয়ই বিষয়টি নিশ্চিত করেছে। অলিম্পিকে সাতার ও অ্যাথলেটিক্স এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড দুই খেলার বৈশ্বিক ফেডারেশন প্রদান করে। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিক্স ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নামই প্রেরণ করেছিল। ফলে ইমরান অলিম্পিকে খেলবেন বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল। আজ বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ও বিওএ'কে জানিয়েছে। বাংলাদশে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন,‌ 'ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার পুরুষ ইভেন্টে অংশগ্রহণ করবে।' ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করেন এবং সেখানেই অনুশীলন করেন। ইংল্যান্ড থেকে ফ্রান্স স্বল্প দূরত্ব। তাই ইমরান ইংল্যান্ড থেকেই প্যারিস যাবেন।

post
খেলা

বিশ্বকাপ জিতব, আগে থেকেই লেখা ছিল

গত এক দশকে তিন ফরম্যাটেই বৈশ্বিক ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত। তবে গতকালের আগে প্রত্যেকবারই হাতছোয়া দূরত্বে গিয়ে শিরোপা হাতছাড়া করেছে রোহিত শর্মার দল। অবশেষে যেন ভাগ্য বিধাতা ভারতের পানে তাকিয়েছে! রোহিত মানছেন যে, ভারত এবার শিরোপা জিতবে তা তাদের ভাগ্যে আগে থেকে লেখাই ছিল!ইনিংসের শেষ বলটা যখন মাঠের ভেতরে থেকেই ডেড হয়, তখন সঙ্গে সঙ্গেই কেনসিংটন ওভালের সবুজ ঘাসে উপুড় হয়ে শুয়ে পড়েন রোহিত। একটু পর হাত-পা দুদিকে দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে থাকেন। এরপর হাঁটু গেড়ে বসে থাকেন। তারপর একসময় ছোটাছুটি শুরু করেন মাঠের এদিক ওদিক। যাকে সামনে পাচ্ছিলেন তাকেই জড়িয়ে ধরছিলেন। ম্যাচের শেষ ওভার করা হার্দিক পান্ডিয়াকে তো কোলেই তুলে নিলেন। তার এমন উল্লাসই বলে দিচ্ছিল একটি শিরোপার জন্য কতোটা অপেক্ষা করেছিলেন তিনি ও তার দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'আমি বিশ্বাস করি, যা (ভাগ্যে) লেখা আছেই, তা হবেই। আমার মনে হয়, এটা লেখা হয়েই ছিল। তবে অবশ্যই, ম্যাচ শেষ হওয়ার আগে তো আর জানা যায় না যে, এটাই আছে লেখা। খেলাটাই এমন। নইলে তো আমরা অনায়াসেই এসে বলতে পারি যে, এটা ভাগ্যেই ছিল।'

post
খেলা

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক নিজেই পারফর্ম করতে পারেননি। একই সঙ্গে ভুগেছে দলও। তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে ১১২ রান, স্ট্রাইকরেট ৯২। এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ পারফর্মম্যান্স নিয়েও। শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন, 'আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহুর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা'

post
খেলা

এমন বাংলাদেশ দেখেননি তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশ দল শুক্রবার সকালে দেশে ফিরেছে। সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করার তিক্ত স্মৃতি নিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার বোলিং ইউনিট নিয়ে কথা বলেছেন বেশ উচ্ছ্বসিত কণ্ঠে। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ ভালো হয়নি বলেও জানিয়েছেন অকপটে।তাসকিন বলছিলেন, ‘হ্যাঁ ঠিক যে, ইতিবাচক দিকও আছে। পুরো টুর্নামেন্টে বোলাররা যথেষ্ট ভালো করেছে। (যার কল্যাণে) সুপার এইটেও উঠেছি। সর্বপ্রথম এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ দিক আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। সবার মতো আমরাও জানি, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’ ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক এই সময়ে বাংলাদেশকে স্বস্তির উপলক্ষ্য এনে দিয়েছেন বোলাররা। তাই স্বাভাবিকভাবেই বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করতে ভুললেন না তাসকিন, ‘বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই।’

post
খেলা

মালদ্বীপে বাংলাদেশ আনসার ভিডিপি হ্যান্ডবল বড় দলের জয়

বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ডিএসসি হ্যান্ডবল দলকে ৪১-২৭ গোলে পরাজিত করেছে। মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তজার্তিক এই সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দলটি জয় তুলে নেয়।আনসার ভিডিপির মো: রবিউল আউয়াল সর্বোচ্চ ১৫টি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও মোহাম্মদ রাকিবুল হাসান ৮টি, উচু থোয়াই মারমা, সাকিল, শামির, ইমুন, প্রত্যেকেই ৬টি করে গোল করেন। আগামী ২৮ই জুন মালদ্বীপ বিলুডু ইউনাইটেড এর সাথে সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সিরিজের শেষ ম্যাচ ৩০ই জুন মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল অনূর্ধ্ব ১৯ দলের সাথে খেলবে। এদিকে, খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই জয়ের ফলে প্রত্যাশা পূরণের একধাপ এগিয়ে যাবে বলেও মনে করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ভিডিপি ডিরেক্টরেট জেনারেল অব ট্রেনিং মো: জিয়াউল হাসান।

post
খেলা

বল টেম্পারিংয়ের অভিযোগে যা বললেন রোহিত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে অপরাজেয় থেকেই সেমিফাইনালে ওঠে ভারত। কিন্তু সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত বল টেম্পারিং করে বলে অভিযোগ তুলেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। যা নিয়ে সেমিফাইনালে নামার আগে জবাব দিয়েছেন রোহিত শর্মা। ইনজিকে উদ্দেশ্য করে ভারতীয় অধিনায়ক অপমানের সুরে বলেছেন, ‘কখনও কখনও মাথা খাটানো উচিৎ।’গত ২৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫তম ওভারে বল করছিলেন পেসার আর্শদীপ সিং। সেই ওভারে বলে রিভার্স সুইং করেছিলেন ভারতীয় এই বাঁ-হাতি পেসার। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেই রিভার্স সুইং কীভাবে করছেন আর্শদীপ– সেটাই প্রশ্ন ইনজির। সে কারণেই তিনি বল বিকৃতি করা হতে পারে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে বেশিকিছু বলবেন না উল্লেখ করেও রিভার্স সুইং নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক রোহিত। একপর্যায়ে ইনজামামের করা বল বিকৃতির অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘কী উত্তর দেব। আপনি যদি সূর্যের নিচে খেলেন, উইকেট শুষ্ক থাকে, কোনো কিছু ছাড়াই বল রিভার্স সুইং করে। সব দলের বোলাররাই রিভার্স সুইং পাচ্ছে। শুধু আমাদের বোলাররা নয়। মাঝেমধ্যে মাথা খাটানো উচিৎ। আপনাকে বুঝতে হবে, আমরা কোথায় খেলছি। আমরা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় খেলছি না।’

post
খেলা

ওভারে ৪৩ রান দিয়ে ইংলিশ পেসারের বিশ্বরেকর্ড

এক ওভারের ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড অনেকেরই আছে। হার্শেল গিবস ও যুবরাজ সিংদের পরেও আরও কয়েকজন ক্রিকেটার সেই নজির গড়েছেন। আর ছয় ছক্কা হজম করা বোলারদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম স্টুয়ার্ট ব্রড।ইংলিশ এই তারকা পেসার এখন ক্রিকেট থেকে দূরে। এবার ক্রিকেট দুনিয়ায় লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন আরেক ইংলিশ পেসার ওলি রবিনসন। ১৭ বছর পর কার্যত তিনি মুক্তি দিলেন স্টুয়ার্ট ব্রডকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে বিব্রতকর ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন তিনি। সাসেক্সের বিপক্ষে লেস্টারশায়ারের লুইস কিম্বার এক ওভারে ৪৩ রান তুলেছেন। লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস।

post
খেলা

এমবাপ্পের গোলে শেষ ষোলোতে ফ্রান্স, ঝুলে গেছে ডাচরা

ডি গ্রুপে ফ্রান্স ও নেদারল্যান্ডসকেই সেরা দুই ধরে নিয়েছিলেন অনেকে। অস্ট্রিয়া ও পোল্যান্ডের মধ্যে তৃতীয় স্থান নিয়েই কাড়াকাড়ি হওয়ার কথা। কিন্তু সব হিসাব উলটে দিয়ে অস্ট্রিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। ফ্রান্স শেষ ষোলোতে উঠেছে রানার্সআপ হয়ে। অপরদিকে পরের রাউন্ডে যেতে কিছুটা ঝুলে গেছে ডাচরা। যদিও শেষ ষোলোতে ওঠার ভালো সুযোগ এখনও রয়েছে তাদের সামনে।গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অন্য ম্যাচে ফ্রান্সকে ১-১ গোলে আটকে দিয়েছে পোল্যান্ড। আর এতে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রিয়া, পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফ্রান্স ও চার পয়েন্ট নিয়ে তৃতীয় নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার কাছে হেরে তৃতীয় হয়েও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে ডাচদের সামনে। কারণ, ছয় গ্রুপে তৃতীয় হওয়া সেরা চারটি দলও যাবে শেষ ষোলোতে। ডাচরা হতে পারে সেই চার দলের একটি। অন্যদিকে ইউরোতে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দেওয়া গোলটি করেন সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নাম লেখানো এমবাপ্পে। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি গোল শোধ করেন পেনাল্টি থেকেই। ১-১ গোলের ড্র হওয়ার ফ্রান্স আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্য ম্যাচটি হয়েছে দুর্দান্ত, যেখান থেকে চোখ ফেরানোর উপায় ছিল না। ম্যাচের ৬ মিনিটে মালেনের আত্মঘাতী গোল এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি গাকপোর দারুণ ফিনিশে সমতায় ফেরে ডাচরা। এরপর আবার অস্ট্রিয়াকে এগিয়ে দেন স্মিড। যা নেদারল্যান্ডস শোধ করে দেয় আরেকবার, এবার ত্রাতা মেম্পিস ডিপাই। কিন্তু ৮০ মিনিটে সাবিতজারের করা গোল অস্ট্রিয়াকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে দিলে আর ফিরতে পারেনি নেদারল্যান্ডস। তাই জয় দিয়ে শুরু করেও গ্রুপে তৃতীয় হতে হয়েছে রোনাল্ড কোম্যানের দলকে। অপরদিকে ফ্রান্সের কাছে হেরে ইউরো শুরু করা অস্ট্রিয়াই হয়েছে গ্রুপ সেরা।

post
খেলা

সবার আগে কোপার শেষ আটে আর্জেন্টিনা

ড্র করলেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো আর্জেন্টিনার। চিলির বিপক্ষে ম্যাচ সেদিকেই এগোচ্ছিল। কিন্তু লাউতারো মার্তিনেস ম্যাচটা আর ড্র হতে দিলেন কই!৮৮ মিনিটে মার্তিনেসের দেওয়া একমাত্র গোলে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে আলবিসেলেস্তেদের৷ দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মেসি-মার্তিনেসরা। কোপা আমেরিকায় চিলির সঙ্গে খেলা হলে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে হয়তো ভেসে ওঠে পুরোনো স্মৃতি। ২০১৫,২০১৬ টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতে চিলি। সেই চিলির বিপক্ষে আজ দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। ৬৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৬ শট। চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নেয় তারা। আর্জেন্টিনার মতো সুযোগ হাতছাড়া করেছে চিলিও। মার্তিনেসের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে। ৮৮ মিনিটে মার্তিনেসের গোলটাও হয়েছে অসাধারণ। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া সুযোগ মার্তিনেস বেশ দক্ষতার সঙ্গে চিলির রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

post
খেলা

বাংলাদেশের ভাগ্য লিখবে ভারত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিতই! তবে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমির স্বপ্ন। তবে সেই সম্ভাবনাটা নেহাতই কলমের কালিতে! অনেকটাই সমুদ্র থেকে পয়সা খুঁজে পাওয়ার মতো। সমীকরণের খড়কুটো আঁকড়ে ধরেই আটলান্টিক পাড়ে বেঁচে থাকার স্বপ্ন বুনছে টাইগাররা।বাংলাদেশের সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হতো আফগানিস্তানকে। শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক ফর্ম সব দিক বিবেচনায় অজিদের জয়টাই স্বাভাবিক ছিল। তবে সেসব ভুল প্রমাণ করে টি-টোয়েন্টিতে প্রথমবার অজিদের হারায় আফগানরা। একই সঙ্গে বাংলাদেশের স্বপ্নও বাঁচিয়ে রাখে তারা। এবার দ্বিতীয় ধাপে বাংলাদেশের ভাগ্য লিখবে ভারত। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জয়ই পারে বাংলাদেশকে আসরে টিকিয়ে রাখতে। ভারত হারলেই আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। আজ রাতে অস্ট্রেলিয়ার মুখমুখি হবে ভারত। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.