বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন হাথুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বিসিবির ডিজিটাল প্লাটফর্মকে দলের সকল ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে আলাদা করে তিনি মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন। তাদের কাছে আইসিসির এই মেগা আসরে হাথুরুর চাওয়াও অনেক। সাকিবকে নিয়ে হাথুরু বলেন, ‘সে এই খেলাটির একজন কিংবদন্তি। আমরা জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলেছে। এটা তার জন্য খুব বড় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি আশা করব তিন বিভাগেই সে অবদান রাখবে। সে অসাধারণ একজন নেতাও। খেলোয়াড়দের সঙ্গে সে দারুণভাবে মিশে যায়। সবাই তাকে শ্রদ্ধাও করে। ম্যাচের পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে সে।’ মাহমুদউল্লাহকে নিয়ে হাথুরু বলেন, ‘মাহমুদউল্লাহ সম্ভবত এই দলটির ‘‘স্পিরিট’’। সে ড্রেসিংরুমে অসাধারণ এক প্রশান্তি বয়ে এনেছে। যখন সে কথা বলে বাকিরা শোনে। আমি মনে করি তার মাথাও (ক্রিকেটীয়) খুব ভালো। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে...যা দলের জন্য খুবই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে।’ এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে মাহমুদউল্লাহকে নিয়ে বলছিলেন, ‘রিয়াদ ভাই যেভাবে ফিরে এলেন এবং সবচেয়ে বড় কথা উনি এখন যেভাবে খেলছেন, সেটি তরুণদের জন্য অনুপ্রেরণার। উনার যে দায়িত্ব আছে, তা পালনের মধ্য দিয়ে দল অনেক দূরে এগিয়ে যাচ্ছে। কখনও ৫–৬ নম্বরে ব্যাটিং করছেন, আবার ফিনিশিংয়েরও দায়িত্ব পালন করছেন।
