post
খেলা

লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারে যে

প্রায় দুই দশক আগে ইংল‌্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। সেই রেকর্ড আজও অক্ষত আছে। এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে তাজা ক্যারিবিয়ান এই কিংবদন্তি। এবার তিনি নিজেই জানালেন, তার রেকর্ড ভাঙতে পারেন একজন। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রশংসা করতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে লারা বলেছেন, 'আমার রেকর্ডের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে জয়সওয়াল। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ৯টি টেস্ট খেলেই দুটি ডাবল সেঞ্চুরি করেছে।' নিজে বাঁহাতি হওয়ায় অন‌্য বাঁহাতি ব‌্যাটারদেরও লারা কাছের হিসেবে দেখেন। সেই প্রসঙ্গে উঠে এসেছে আর এক বাঁহাতি অভিষেক শর্মার নাম। তাকে নিয়ে লারা বলেন, 'হায়দরাবাদে ব‌্যাটিং কোচ হিসেবে আসার পরে অভিষেকের সঙ্গে আলাপ হয়। ওর ব‌্যবহারও মুগ্ধ করেছিল আমাকে। ও সবসময় আমার থেকে শিখতে চাইতো।'

post
খেলা

সুখবর পেলেন হৃদয়,তাসকিন ও রিয়াদ

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এরই মধ্যে জয়ের হ্যাটট্রিকে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল। এবার সিরিজজুড়ে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা। বুধবার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন, হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদদের। তবে অবনতি হয়েছে বাজে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের। চলতি সিরিজের প্রথম ম্যাচেই ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাসকিন। পরের দুই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। এবার সেটির ছাপ দেখা গেল র‌্যাঙ্কিংয়ে। ৩ ম্যাচে ৮.৮৩ গড়ে মোট ৬ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়েছেন তাসকিন। আছেন ক্যারিয়ার সেরা ২৬তম অবস্থানে। এ ছাড়া দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৬ ধাপ উন্নতি হয়েছে শেখ মেহেদীরও। তার অবস্থান ২২ নম্বরে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন মেহেদীই। এদিকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। সিরিজের তিন ম্যাচে এক ফিফটিসহ ১২৭ রান করা তাওহীদ হৃদয় এগিয়েছেন ২৬ ধাপ। তার অবস্থান ৯০তম। এ ছাড়া ব্যাট হাতে ধারাবাহিক মাহমুদউল্লাহ রিয়াদও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন। তৃতীয় ম্যাচেও ৯ রানে অপরাজিত থেকেছেন। দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে আছেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। আর অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

post
খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ কততম?

ফুটবলের চেয়ে সংক্ষিপ্ত সংস্করণের খেলা ফুটসাল। বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে ইনডোরে অনুষ্ঠিত এই খেলা। এখন পর্যন্ত ফুটসালের নয়টি বিশ্বকাপও আয়োজন হয়েছে। চলতি বছরেই উজবেকিস্তানে বসছে টুর্নামেন্টটির দশম আসর। এরই মাঝে প্রথমবারের মতো এই খেলার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে নারী ও পুরুষ উভয় বিভাগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রাজিল। এ বছর হতে যাওয়া বিশ্বকাপের ড্র বা সূচি ঘোষণায় ব্যবহৃত হবে ফুটসালের নতুন এই র‍্যাঙ্কিং। এছাড়া পরের বিশ্বকাপের দল নির্বাচনও করা হবে র‌্যাঙ্কিং অনুযায়ী। ১৯৮৯ সাল থেকে ফিফা ফুটসাল বিশ্বকাপ আয়োজন করে আসলেও, এবারই প্রথম তারা অংশগ্রহণকারী দলগুলোর র‌্যাঙ্কিং তৈরি করেছে। এর আগে ফুটবল বিশ্বকাপও অনেক আগে থেকে হয়ে আসলেও, ছেলেদের প্রথম র‌্যাঙ্কিং করা হয় ১৯৯২ সালের ডিসেম্বরে। ২০০৩ সালে মেয়েদের র‍্যাঙ্কিংটাও চালু হয়। ফুটসালে ছেলেদের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে ১৩৯টি দল। যদিও ১৩৯ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে। দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশ আছে র‍্যাঙ্কিংয়ে—মালদ্বীপ ১১০ নম্বরে ও নেপাল ১২১ নম্বরে। অন্যদিকে, মেয়েদের র‍্যাঙ্কিংয়ে মোট দল ৬৯টি। এদের মধ্যে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দল নেই। বাংলাদেশের মেয়েদের ফুটসাল দল প্রথম র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে ৪৪ নম্বরে। এই ৬৯ দলের মধ্যে সবার ওপরে ব্রাজিল। ব্রাজিলের পরেই দুইয়ে স্পেন। পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়া আছে তিন, চার ও পাঁচে।

post
খেলা

শান্ত-লিটনে আস্থা রাখছে দল

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। রান করতে যেন ভুলতে বসেছেন টাইগার এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১ রান করার পর গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ২৫ বলে ২৩ রান। এমন ইনিংস খেলার পরেও টিম ম্যানেজমেন্টকে পাশে পাচ্ছেন লিটন। দলের সহকারী কোচ নিক পোথাস জানালেন, এই ওপেনারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার। সোমবার চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পোথাস বলেন, ‘লিটন ভালো করছে না এটা আপনার দৃষ্টিতে। লিটনের অনেক কিছু দেওয়ার আছে। সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। (সে) মাত্র একটা ভালো ইনিংস দূরে। একটা ভালো ইনিংস খেললেই অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটাতে পারে। তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। সে পুরোপুরি প্রস্তুত আছে। অতীতে সে যা করেছে, এখনও সে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে ততটুকু দিতে প্রস্তুত।’ এদিকে বড় রান করতে ব্যর্থ হচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকেও বেশ আগলে রাখলেন পোথাস, ‘তার ব্যাটিং নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। সে কীভাবে দল সামলাচ্ছে এটাই আমাদের বেশি মুগ্ধ করছে। বেশ তরুণ একজন অধিনায়ক হিসেবে সে অনেক ভালো করছে, সাহসী ভূমিকা রাখছে। ভবিষ্যতে আমরা এর সুফল পেতে যাচ্ছি।’

post
খেলা

বিশ্বকাপ জিতলে বড় অর্থের পুরস্কার ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠবে টুর্নামেন্টটির নবম আসরের। বিশ্বকাপটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলগুলো। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বেশিরভাগ দল। তবে আনুষ্ঠানিকভাবে এখনো দল জানায়নি গেল আসরের ফাইনালিস্ট পাকিস্তান। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই বিশ্বকাপের দল চূড়ান্ত করবে ম্যান ইন গ্রিনরা। তবে এরই মধ্যে বড় পদক্ষেপ দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি)। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আরও উজ্জীবিত করতে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। অবশ্য সে জন্য বাবর আজমদের বিশ্বকাপ শিরোপা জিততে হবে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেছে তারা। এবার সেই স্বপ্ন পূরণ করতে চায় বাবর আজম বাহিনী। যে জন্য নতুন কোচিং স্টাফের সঙ্গে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকেও। দেশটির গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপে ভালো করতে পারে এবং আগামী ২৯ জুনের ফাইনালে তাহলে দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লাখ ডলার করে পুরস্কার দেওয়া হবে। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের সঙ্গে মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান।

post
খেলা

তামিমের ব্যাটিং নিয়ে যা বললেন কোচ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়েছেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনারের ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ৩৩ রানের ক্যামিওতে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পেয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার পর প্রশংসা কুড়াচ্ছেন এই দুই টাইগার ব্যাটসম্যান। তামিম-হৃদয় দুজনেই অনেক উন্নতি করছেন বলে মত ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সে (তানজিদ) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল, ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে আগের চেয়ে। তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে তার। তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’ টাইগারদের ব্যাটিং প্রসঙ্গে হেম্প আরও বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চেয়েছি আমাদের শক্তির জায়গা অনুযায়ী আমরা যেন খেলতে পারি। এভাবেই আমরা ক্রিকেটারদের খেলতে দেখতে চাই। আপনাকে চেষ্টা করতে হবে সঠিকভাবে মানিয়ে নিতে এবং সিদ্ধান্ত নিতে। তবে মাথায় রাখতে হবে যে কাজটা আপনি ভালো করেন তা থেকে যেন দূরে সরে না যান। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে প্লেয়াররা ভালো করবে এবং আমরা ম্যাচ জিততে পারব। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’

post
খেলা

ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন মুস্তাফিজ

দেশের ডাকে আইপিএল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। তবে তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার আইপিএল খেলতে নেমে স্মরণীয় সময়ই কাটালেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসেবে টুর্নামেন্টে ইতি টানেন। বাংলাদেশি পেসারের এমন সাফল্যের নেপথ্যে অনেকে মাস্টারমাইন্ড হিসেবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকাকে দেখেন। এবার সেই ধোনির প্রতি কৃতজ্ঞতা জানালেন মুস্তাফিজ। গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকায় ফেরার একদিন পর আজ নিজের ফেসবুক পেজে ধোনির অটোগ্রাফ দেওয়া একটি জার্সিসহ ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। তাতে লেখা ছিল ‘উইথ লাভ টু ফিজ।’ ক্যাপশনে লিখেছেন,‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সাথে একই ড্রেসিংরুম শেয়ার করাটা ছিল একটি বিশেষ অনুভূতি। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান টিপসগুলো সবসময় মনে রাখবো।’ শেষে আরও যোগ করেন, শিগগিরই আবার আপনার সাথে সাক্ষাৎ এবং খেলার জন্য উন্মুখ হয়ে আছি। এর আগে চেন্নাইয়ের মিডিয়া বিভাগকে দেওয়া একটি সাক্ষাৎকারে ধোনির সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করা নিয়ে মুস্তাফিজ বলেন, ‘উনার (ধোনি) সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয়, তবে যা হয় মাঠেই। এর বাইরে তেমন কথা হয় না। মাহি ভাই এসেই বলেন যে এটা (কৌশল) করলে ভালো হয়।

post
খেলা

মুস্তাফিজের পর আরেক পেসারকে হারাচ্ছে চেন্নাই

গতকাল বুধবার পঞ্জাব কিংসের বিপক্ষে হেরে প্লে-অফের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে চেন্নাই সুপার কিংস। হারের পর আরও একটা দুঃসংবাদ চেন্নাই শিবিরে। পুরো আসর থেকেই ছিটকে যেতে পারেন দীপক চাহার। গতকাল পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন চাহার। পাঞ্জাবের ইনিংসের প্রথম ওভারে বল হাতে ছিলেন চাহার। দুই বল করার পরই পেশিতে টান লাগে এই পেসারের। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার। ধারণা করা হচ্ছে, চোট গুরুতর হতে পারে। এমনকি পুরো আসর থেকেই ছিটকে যেতে পারেন তিনি। ম্যাচের পর কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, 'চাহারের চোট দেখে খুব একটা ভাল লাগছে না। শুরুতে ওর প্রচণ্ড ব্যাথা হচ্ছিলো। রিপোর্ট দেখলে বাকিটা বলা যাবে। আপাতত ফিজিও এবং চিকিৎসকের থেকে ইতিবাচক কথা শোনার আশায় আছি।' চোটের জন্য দলের বাইরে আছেন মাথিশা পাথিরানাও। দলের অন্যতম সেরা পারফর্মার এই পেসারকে কবে থেকে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। আরেক পেসার তুষার দেশপান্ডে ফ্লুতে আক্রান্ত। তাই তাকেও পাওয়া যাচ্ছে না। এদিকে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে দল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। আসরে দলের সেরা উইকেট সংগ্রাহক ফিজকে আর পাবে না চেন্নাই। সবমিলিয়ে পেস বিভাগ চিন্তা বাড়াচ্ছে চেন্নাই টিম ম্যানেজমেন্টকে।

post
খেলা

ভারতের বিশ্বকাপ দলে যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর এবার বসবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেটা মাথায় রেখে নিজেদেরে সোশ্যাল মিডিয়া এক্স-এ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কয়ারের সুউচ্চ ভবনের দেয়ালে গ্রাফিক্স চিত্র অঙ্কন করে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের বিশ্বকাপ দলে কারা সুযোগ পাচ্ছেন আর কারা বাদ পড়ছেন এমন জল্পনা গেল কয়েক দিনে তুঙ্গে ছিল। অবশেষে সব জল্পনার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের পিচের বৈচিত্র্যের কথা মাথায় রেখে দল সাজিয়েছে ভারত। তিন পেসারের পাশাপাশি দলে রাখা হয়েছে চার স্পিনার। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ব্যাটার। মূল স্কোয়াডে জায়গা হয়নি মারকুটে ব্যাটার রিঙ্কু সিংয়ের। সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি-টোয়েন্টি দলে অটোমেটিক চয়েজ ভাবা হতো। সাম্প্রতিক সিরিজগুলোতেও আস্থার প্রতিদান দিচ্ছিলেন। যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। এ ছাড়া সুযোগ পাননি শুভমন গিলের মতো তারকা ওপেনার। নেই অভিজ্ঞ লোকেশ রাহুলও। ভারতের বিশ্বকাপ স্কোয়াড রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।

post
খেলা

এলপিএলের নিলামে নাম দিলেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এলপিএলের এই নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। বাংলাদেশি তারকাদের ছাড়াও আছেন টিম সাউদি, রাসি ভন ডার ডুসেন, জিমি নিশাম, রেজা হেনড্রিকস, রাইলি রুশো, শাই হোপ, লুঙ্গি এনগিদি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচার, ওশেন থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, উসমান খাজা, তাবরাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, গুলবাদিন নাইব ও ইব্রাহীম জাদরান। এলপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছেন মোট তিন জন। এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হৃদয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.