টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশ দল শুক্রবার সকালে দেশে ফিরেছে। সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করার তিক্ত স্মৃতি নিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার বোলিং ইউনিট নিয়ে কথা বলেছেন বেশ উচ্ছ্বসিত কণ্ঠে। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ ভালো হয়নি বলেও জানিয়েছেন অকপটে।
তাসকিন বলছিলেন, ‘হ্যাঁ ঠিক যে, ইতিবাচক দিকও আছে। পুরো টুর্নামেন্টে বোলাররা যথেষ্ট ভালো করেছে। (যার কল্যাণে) সুপার এইটেও উঠেছি। সর্বপ্রথম এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ দিক আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। সবার মতো আমরাও জানি, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’
ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক এই সময়ে বাংলাদেশকে স্বস্তির উপলক্ষ্য এনে দিয়েছেন বোলাররা। তাই স্বাভাবিকভাবেই বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করতে ভুললেন না তাসকিন, ‘বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই।’
