post
খেলা

কেন অলিম্পিকে খেলবেন না মেসিম-নিজেই জানালেন

অনেক আগে থেকেই জাতীয় দলের এক সময়কার সতীর্থ লিওনেল মেসিকে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে পেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ জাভিয়ের মাশচেরানো। কিন্তু কয়েক মাস আগেই না খেলার কথা জানিয়ে দেন আলবিসেলেস্তে মহাতারকা। তখনই ধারণা করা হয়েছিল কোপা আমেরিকা এবং এরপর ইন্টার মায়ামির ব্যস্ত সূচির কারণে মেসি অলিম্পিকে খেলবেন না। এবার তিনি নিজেই সে কারণ সামনে এনেছেন।বুধবার ইএসপিএনে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে জানতে চাওয়া হয় ২০২৪ প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনাকে স্বর্ণ জেতানোর যে সুযোগ এসেছিল, কেন তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। যেখানে মেসির জাতীয় দল ও বার্সেলোনায় দীর্ঘ সময়ের সতীর্থ মাশচেরানো অলিম্পিকের দলটিকে পরিচালনা করছেন। তার সামনে জাতীয় দলের তিনজনকে খেলানোর সুযোগ আছে, সেখানে একটি স্লট বন্ধু মেসির জন্য রেখেছিলেন সাবেক এই তারকা ডিফেন্ডার। যদিও তার সেই আশা পূরণ হচ্ছে না। এর পেছনে কী কারণ ছিল সেটি জানিয়ে মেসি বলেন, ‘মাশচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত‍্যি কথা হচ্ছে আমরা দুইজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা কঠিন, কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব। আর সবার ওপরে আমার বয়স, এমন না যে সব কিছুতে থাকতে পারব। আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে।’

post
খেলা

বড় দুঃসংবাদ পেলেন সাকিব

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো পারফর্ম করছেন সাকিব আল হাসান। যার রেশও পড়েছে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে। মে মাসের শেষ নাগাদ তালিকার দুইয়ে নেমে যাওয়া টাইগার অলরাউন্ডার ফের নাম্বার ওয়ান হয়েছিলেন পরের সপ্তাহে। তবে এক সপ্তাহ না যেতেই বড় অবনতি হয়েছে সাকিবের। এক লাফে তিনি নেমে গেছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচে। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব (রেটিং পয়েন্ট ২০৮)। এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের হয়ে কোনো অবদান রাখতে পারেননি সাবেক এই অধিনায়ক। চার ওভার বল করলেও ৩৬ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেছেন মোটে ১১ রান। স্বাভাবিকভাবেই তাই র‌্যাঙ্কিংয়ে তাকে বড় মাশুল গুনতে হলো। সাকিবের পিছিয়ে যাওয়ার এই সুযোগে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবি (রেটিং পয়েন্ট ২৩১) উঠে গেছেন শীর্ষে। আর তিন ধাপ এগিয়ে স্টয়নিস (রেটিং পয়েন্ট ২২৫) দুইয়ে উঠেছেন। এ ছাড়া দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও (রেটিং পয়েন্ট ২১৬) এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে।

post
খেলা

সাকিবের ৪ ওভার করতে না পারা বড় সমস্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব আল হাসান। এবার চলমান বিশ্বকাপে বল হাতেও সুবিধা করতে পারছেন না তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক সঙ্গে অফফর্ম এর আগে কখনো দেখেননি সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্স দলের জন্য চিন্তার কারণ বলে মনে করেন তামিম ইকবাল। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করেছেন সাকিব। উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে ২ ম্যাচে করেছেন মাত্র ১১ রান। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় ৪ বলে মাত্র ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক শোতে সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, 'সাকিব আমাদের সেরা বোলার। তার ৪ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সে অভিজ্ঞ বোলার। সে বছরের পর বছর ধরে র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। ফলে সে যদি ৪ ওভার বল করতে না পারে, তাহলে সেটা অবশ্যই সমস্যা।’

post
খেলা

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের লীগ

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে চ্যাম্পিয়ন লীগ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মোট চল্লিশটি দল। দীর্ঘ এক বছর ধরে চলা এ টুর্নামেন্টে ভারতের দুটি দল ফাইনালে ওঠে। দুপুর দুইটায় প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মাঠে নামে এপি এলিভেন এবং চেন্নাই ফায়ার বয়েজ। এতে ছয় উইকেটে জয় পায় চেন্নাই ফায়ার বয়েজ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ার এর সভাপতিত্বে খেলা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন, বিজনেস কাউন্সিল এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালক আবুল হোসেন ও কাসাদুলসহ অনেকে। এসময় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাবের পক্ষ থেকে সংবাদকর্মী এবং বিভিন্ন মিডিয়াকে সম্মাননা দেওয়া হয়। এমন আয়োজনের প্রশংসা করেছেন স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসীরাও।

post
খেলা

ভারত-পাকিস্তান দুই দেশের পতাকার আদলে ব্লেজার গেইলের

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে বসেছিলো লিজেন্ডদের মিলন মেলা। সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, শাহিদ আফ্রিদি, রিকি পন্টিং এর মতো আরও অনেক রথি-মহারথিরা উপস্থিত ছিলেন। ছিলেন উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলও। খেলোয়াড়ি জীবনে ২২ গজের লড়াইয়ে চার, ছক্কার ফুলঝুড়িতে সবসময় দর্শকদের বিনোদন দিয়ে এসেছেন গেইল। মাঠের বাইরের জীবনটাও রঙ্গিন ইউনিভার্সেল বসের। তারত-পাকিস্তান ম্যাচের দিনেও গেইল বিনোদন দিয়েছে ভক্তদের, তবে অনেকটা ভিন্নভাবে। এদিন নাসাউতে সাদা ব্লেজার পরে এসেছিলেন গেইল। তবে বাঁহাতের দিকে ছিলো পাকিস্তানের পতাকার রঙ আর ডান হাতে ভারতের। মাঠে এসে এই কিংবদন্তি ভারতীয় আর পাকিস্তানি ক্রিকেটারদের চমকে দেন এক আবদার করে। আর সেটা হল রোহিত, বাবার, কোহলির অটোগ্রাফ চান গেইল। সেটিও আবার নিজের ব্লেজারে। গেইলের এই আবদার শুনে শুরুতে লজ্জায় হাসতে থাকেন রোহিতসহ অন্যরা। তবে অবশ্যই ইউনিভার্সেল বসের চাওয়া পূরণ করেছেন সবাই। প্রথম অটোগ্রাফ দেন বাবর আজম। এরপর রোহিত, ভিরাট, শাহিন, আফ্রিদি, পান্ডিয়াসহ বাকিরাও দেন অটোগ্রাফ। তবে কেবল খেলোয়াড় নন সাবেকদেরও বাদ দেননি গেইল। ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কারদেরও সাক্ষর নিয়েছেন ব্লেজারে।

post
খেলা

মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়

কোপা আমেরিকার আগে নিজেদের শক্তি জানান দিল ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে দলটি। রোববার সকালে টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।এদিন খেলার শুরুতেই মেক্সিকোকে চেপে ধরে ব্রাজিল। দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণের পর পঞ্চম মিনিটেই আসে সাফল্য। সাবিনহোর বাড়ানো বল ডি বক্সে পেয়ে বুলেট গতির শটে জাল ভেদ করেন আন্দ্রেয়াস পেরেইরা। গোল হজমের পর পাল্টা আক্রমণ শুরু করে মেক্সিকো। তাতে আক্রমণ প্রতি আক্রমণে প্রথমার্ধেই জমে উঠে ম্যাচ। দুই দল মিলে সাতটি আক্রমণ করলেও প্রথমার্ধে আর গোল আসেনি। দ্বিতীয়ার্ধে নেমে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ৫৪ মিনিটের সময় লিড দ্বিগুণ করেন। খেলা যখন মনে হচ্ছিল ব্রাজিলের দিকে তখনই চমক দেখায় মেক্সিকো। ৭৩ মিনিটে ব্যবধান কমিয়ে আনেন জুয়ান কুইনোস। নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গুলের্মো মার্টিনেজ স্কোর সমান করেন। তবে তখনো অনেক নাটকের বাকি। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রের উড়িয়ে মারা বল, লাফিয়ে ওঠে তাতে মাথা ছুঁইয়ে জালে পাঠান এনড্রিক। এই গোলের বরই শেষ বাঁশি বাজান রেফারি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা।

post
খেলা

ম্যাচসেরা রিশাদকে নিয়ে যা বললেন শান্ত

বাংলাদেশের দলের আক্ষেপের জায়গাজুড়ে ছিল লেগ স্পিনার। দ্বিতীয় ধাপে কোচ হয়ে আসার পরই চন্ডিকা হাথুরুসিংহে কাজ শুরু করেন লেগ স্পিনার খোঁজার। সে ধারাবাহিকতাই সুযোগ পেয়ে যান রিশাদ হোসেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও রয়েছেন তিনি। আর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই রিশাদ নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। নিজের বোলিংয়ের ৪ ওভার কোটা পূরণ করে ২২ রানে নেন ৩ উইকেট। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিশাদকে আলাদা করে ব্যাখা করেছেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘(রিশাদ) অসাধারণ বোলিং করেছে। গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে। সে যেভাবে অনুশীলন করে। ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই। অই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতেও এভাবে অবদান রাখবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে শান্ত বলেছেন, ‘আসলে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করল তাতে আমার মনে হয় তারা দারুণভাবে শুরু করেছে। প্রথম ইনিংসের পর বল হাতেও তারা ভালো শুরু করেছিল। তারা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে মাঠে। ফিল্ডাররা নিজেদের উজাড় করে দিয়েছে। আমার মনে হয় তারা কিছুটা কম রান করেছে।’ মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে রিশাদ লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। যার সাফল্য পেয়েছে দল, জয়ের পর তিনিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের অনুভূতি জানিয়ে রিশাদ বলেন, ‘আজকের পিচ ভালো, সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। (হ্যাটট্রিকের সুযোগ) কাজে লাগানোরও আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল।’

post
খেলা

ছুটি নিয়ে বিশ্বকাপ খেলতে নেমে নায়ক সৌরভ

২০১৫ সালে যখন মুম্বাই ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন, তখনও জানা ছিল না আবারও একদিন বাইশগজে তিনি বল হাতে ছুটবেন। প্রায় এক দশক পর সেই সৌরভ নরেশ নেত্রভালকার এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত নাম। পড়াশোনা শেষে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। সেখান থেকে ছুটি নিয়ে এসে বিশ্বকাপে খেলতে নামা তার জন্য স্বপ্নের, সেই স্বপ্ন বাস্তব হতেই গড়েছেন ইতিহাস। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটের জন্ম দিয়ে সৌরভের নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে যখন আয়োজক দেশটির হয়ে ক্রিকেট খেলার জন্য ডাক পান সৌরভ, তখন বলেছিলেন, ‘এটি খুবই আবেগঘন ডাক। আমি আমার ব্যাগ গুছিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য এসেছিলাম, কখনোই ভাবিনি যে আবারও ক্রিকেট খেলতে পারব। এমনকি আমার ক্রিকেট জুতাও আনা হয়নি। আমার সম্পূর্ণ মনোযোগ ছিল পড়াশোনায়। পরেরবার ভারত গিয়ে নিজের খেলার সামগ্রীগুলো নিয়ে আসি।’ ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পাকিস্তান–যুক্তরাষ্ট্র টস দিতে নামার সময়ও হয়তো কেউ ভাবেননি, ম্যাচ শেষে কী ঘটতে চলেছে। অকল্পনীয় সেই দৃশ্য বাস্তব হয়েছে ক্রিকেটের নবীনতম দেশ মার্কিনীদের নির্ভীক ও ম্যাচিউর মনোভাব নিয়ে করা পারফরম্যান্সে। প্রথমে ব্যাট করে পাকিস্তান সর্বসাকূল্যে তোলে ১৫৯ রান। সেই রানতাড়া করা যে সম্ভব এমন মানসিকতা যুক্তরাষ্ট্রের ব্যাটাররা শুরু থেকেই দেখিয়েছেন। শেষ পর্যন্ত যদিও সমতা দিয়ে নির্ধারিত খেলা শেষ হয়। এরপর চরম উত্তেজনা ঠাসা মুহূর্তে স্নায়ু ধরে রেখে সুপার ওভারে সফল হয়েছেন সৌরভ। ১৯৯১ সালে মুম্বাইতে জন্ম সৌরভ নেত্রভালকারের। ২০১৭ সালে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ইলেভেনের হয়ে নেত্রবালকার খেলেন যুক্তরাষ্ট্র একাদশের বিপক্ষে। যেখানে দুর্দান্ত বোলিংয়ের পর ২০১৮ সালে ডাক যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলার।

post
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। কিংস অ্যারেনায় বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার কাছে মাত্র ২-০ গোলে হেরেছে। এর মধ্যে একটি গোল আবার আত্মঘাতী। বাংলাদেশের ফুটবল মূলত দক্ষিণ এশিয়ার গন্ডিতে। মাঝে মধ্যে বিশ্বকাপে খেলা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায়৷ অস্ট্রেলিয়ার সঙ্গে গত আট বছরের মধ্যে চার বার মুখোমুখি হলো। ২০১৫ বিশ্বকাপ বাছাইয়ে হোমে ৪-০ আর অ্যাওয়েতে ৫-০ গোলে হেরেছিল। এবার ২০২৬ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছিল। আজ হোম ম্যাচে বাংলাদেশ হারল ২-০ গোলে। বিশ্ব র‍্যাংকিংয়ে ২৪ নম্বর দলের সঙ্গে এত কম ব্যবধানে হার বাংলাদেশের ফুটবলের জন্য স্বস্তিরই। বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা অস্ট্রেলিয়া ম্যাচের আগে থেকে হোম অ্যাডভান্টেজের কথা বলছিলেন। সেই অ্যাডভান্টেজ পুরোপুরিই নিয়েছে বাংলাদেশ। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় বৃষ্টিতে মাঠ ভারী ছিল৷ দুই দলের কেউ ভেন্যুতে অনুশীলন করতে পারেনি। আজও মাঠ দেখা গেল বেশ ভারী। অস্ট্রেলিয়ার গতিশীল ফুটবলাররা তাই বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। কাদা-ভারী মাঠে বড় দলের ঢাকায় এসে ভোগান্তি নতুন নয়৷ ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ছিল কাতার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাদা মাঠে কাতার কোনোমতে সেই ম্যাচ জিতেছিল ২-০ গোলে। ঐ দিন বাংলাদেশ অনেক আক্রমণ করেছিল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার গোলরক্ষক হাত দিয়ে বল ধরেছেন একবার। ম্যাচের প্রায় সময় হাফ লাইনের কাছাকাছি ছিলেন।

post
খেলা

সবচেয়ে বেশি ‘দৌড়ের ওপর’ থাকবে বাংলাদেশ

সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক আমেরিকার বিপক্ষে সিরিজ হার যেন বিস্ময়ের জন্ম দিয়েছে সমর্থকদেরও। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে বিশ্বকাপের মূলপর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নাজমুল হোসেন শান্তদের। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লাল-সবুজের জার্সিধারীরা। আটলান্টিক পাড়ের বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করতে হবে টাইগারদের। প্রশ্ন উঠতেই পারে, যেখানে পারফরম্যান্স ঠিকঠাক কথা বলছে না ক্রিকেটারদের হয়ে। তার ওপর ভ্রমণক্লান্তি আরও বিপদ বাড়াতে পারে টিম টাইগার্সের। 'ডি' গ্রুপের চারটি ম্যাচ খেলতে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে ৯ হাজার ৯২১ কিলোমিটার, অর্থাৎ প্রায় ১০ হাজার কিলোমিটার। এরপর দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা, ৮ হাজার ৯৭ কিলোমিটার। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য ১৯ দলের ভ্রমণপথ কম। যেখানে সবচেয়ে কম পথ পাড়ি দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। জস বাটলারদের গ্রুপপর্বের ম্যাচগুলো খেলতে ভ্রমণ করতে হবে মোটে ৫০৫ কিলোমিটার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.