post
খেলা

প্রথমার্ধেই আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে, মেসির ৩ রেকর্ড

লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করেন মেসি। আর ৩৯ মিনিটে আলভারেজ গোল করেন চোখ ধাঁধানো নৈপুন্যে।এদিকে এই গোলে এবারের আসরে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছুঁয়েছেন মেসি। দুজনের গোল এখন ৫টি। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচটি খেলতে নেমেই একটি রেকর্ডের মালিক হয়েছিলেন লিওনেল মেসি। সেবার আর্জেন্টাইন মহাতারকা ছুঁয়েছিলেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড। সেই মেসি আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলতে নেমে ছুঁয়ে ফেললেন আরেকটি রেকর্ড। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের পাশে বসলেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন ম্যাথাউস।

post
খেলা

ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স

প্রথমবার পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন হ্যারি কেইন। দ্বিতীয় দফায় আর পারলেন না অধিনায়ক। স্পট-কিক তিনি উড়িয়ে মারলেন ক্রসবারের অনেক উপর দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে পূর্ণ ম্যাচে লিড ধরে রেখে শেষ হাসি হাসল ফ্রান্স। দিদিয়ের দেশমের দল জায়গা করে নিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। শনিবার রাতে আল বাইত স্টেডিয়ামে আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ইংলিশদের ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই অর্ধে তাদের পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন আহেলিয়া চুয়ামেনি ও অলিভিয়ের জিরু। থ্রি লায়ন্সদের একমাত্র গোলদাতা কেইন। ম্যাচের ৮৪তম মিনিটে স্কোরলাইন ২-২ করার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।আগামী ১৫ ডিসেম্বর একই ভেন্যুতে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফরাসিরা। সেখানে তাদের অপেক্ষায় আছে মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। গতিময় ফুটবলে ভীতি জাগানো শুরুটা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি ফ্রান্স। বরং ইংল্যান্ড হয়ে উঠেছিল মরিয়া। কিন্তু গ্যারেথ সাউথগেটের শিষ্যদের সঙ্গী হয় হতাশাই। বল দখলের পাশাপাশি গোলমুখে শট নেওয়ায় তারা এগিয়ে ছিল। তাদের ১৬টি শটের আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে, ফরাসিরা আটটি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের শুরুর দিকে আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। একাদশ মিনিটে জর্ডান পিকফোর্ডের পরীক্ষা নেন অলিভিয়ের জিরু। আঁতোয়ান গ্রিজমানের ক্রসে তার হেড লুফে নেন ইংল্যান্ড গোলরক্ষক। ছয় মিনিট পর দূরপাল্লার শটে দলকে উল্লাসে মাতান চুয়ামেনি। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে একজনকে কাটিয়ে ডান দিকে বল বাড়ান কিলিয়ান এমবাপে। এরপর গ্রিজমান খুঁজে নেন চুয়ামেনিকে। সামনে ফাঁকা জায়গা দেখে ডি-বক্সের বাইরে থেকে শট নেন তিনি। ঝাঁপিয়ে পড়া পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। পিছিয়ে পড়ে দমে না গিয়ে আক্রমণে মনোযোগী হয় ইংলিশরা। ২৬তম মিনিটে ডি-বক্সের প্রান্তে দায়ত উপামেকানোর চ্যালেঞ্জে কেইন পড়ে গেলে পেনাল্টির আবেদন ওঠে। ভিএআরের সাহায্য নেওয়া হলেও কিছু ধরা পড়েনি। তিন মিনিট পর দূর থেকে নিজের ভাগ্য পরীক্ষা করেন কেইন। তার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে লক্ষ্যেই ছিল। ডাইভ দিয়ে বল আটকে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস। বিরতির পর ধার বাড়ে ইংলিশদের খেলায়। ৪৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জুড বেলিংহামের হাফ ভলি জালের দিকেই যাচ্ছিল। হাওয়ায় ভেসে কর্নারের বিনিময়ে জাল অক্ষত রাখেন লরিস। সাত মিনিট পর সফল পেনাল্টিতে গোল শোধ করে দেন কেইন। ডি-বক্সের ভেতরে বুকায়ো সাকাকে চুয়ামেনি ফাউল করায় রেফারি বাজিয়েছিলেন স্পট-কিকের বাঁশি। পরের মিনিটেই পিকফোর্ড দারুণভাবে রক্ষা করেন দলকে। ফাঁকায় থাকা আদ্রিয়েন র‍্যাবিওর নিচু শট তাকে ফাঁকি দিতে পারেনি। ৬০তম মিনিটে সাকার দুর্বল শট ছিল সরাসরি লরিসের দিকে। দুই মিনিট পর সাকার কাছ থেকেই বল পেয়ে কেইন কাছের পোস্টে শট নেন। এবারও তৎপর ছিলেন ফরাসি অধিনায়ক। আট মিনিট পর ভাগ্য সহায় হয়নি ইংলিশদের। জর্ডান হেন্ডারসনের ফ্রি-কিকে লাফিয়ে হেড করেন হ্যারি ম্যাগুইয়ার। বল পোস্টের বাইরের দিকে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর বাম প্রান্ত থেকে লুক শ বিপজ্জনক ক্রস করেন ডি-বক্সে। থিও হার্নান্দেজের চ্যালেঞ্জ এড়িয়ে সাকা বলে পা ছোঁয়ালেও পারেননি লক্ষ্যে রাখতে। চাপ বাড়ছিল গত রাশিয়া বিশ্বকাপে শিরোপা জেতা দেশমের দলের ওপর। তারা গা ঝাড়া দেয় ৭৭তম মিনিটে। থিওর ক্রসে উসমান দেম্বেলে হেড করার পর বল পান জিরু। তার ভলি দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রুখে দেন পিকফোর্ড। ওই কর্নার থেকেই ফের এগিয়ে যায় ফ্রান্স। গ্রিজমানের কিক প্রতিপক্ষ রক্ষণভাগ ফিরিয়ে দেওয়ার পর আবার তিনিই পেয়ে যান। এবার তিনি করেন মাপা ক্রস। লেগে থাকা ম্যাগুইয়ারের চাপ এড়িয়ে দুর্দান্ত হেডে নিশানা ভেদ করেন জিরু। তিন মিনিট পর আবার পেনাল্টির আবেদন তোলে ইংল্যান্ড। বদলি ম্যাসন মাউন্টকে ডি-বক্সে ধাক্কা দিয়ে ফেলে দেন থিও। শুরুতে রেফারি কর্ণপাত না করলেও পরে ভিএআরের দ্বারস্থ হন। আরেকবার বাজে স্পট-কিকের বাঁশি। কিন্তু কেইন হাতছাড়া করেন সুবর্ণ সুযোগ। বাকি সময়ে আর কোনো গোল না হলে হাসি নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স, আক্ষেপে পোড়ে ইংল্যান্ড।

post
খেলা

ক্রোয়েশিয়ার কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

শুক্রবার রাতটা বহুদিন মনে থাকবে ব্রাজিল সমর্থকদের। রুদ্ধশ্বাস ম্যাচে ১-১ গোলে ড্র করে ট্রাইব্রেকারে হেরে যায় তিতে ভক্তরা।এই হার খুবই যন্ত্রণার এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেলেকাওদের জন্য। আর নেইমারের জন্য তো আরও বেশি কষ্টের। চোটের কারণে দুই ম্যাচ খেলে না পেরে একাদশে ফিরে দারুণ খেলছিলেন নেইমার। গতকাল রাতেও দুর্দান্ত এক গোল করেছেন। ম্যাচজুড়ে অসাধারণ খেলেছেন। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে পারেননি দ্য ফেনোমেনন। তাই ম্যাচ শেষে নেইমারের কান্না দেখে কে? অভিমানী এই ফরোয়ার্ড অবসরের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না, তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে আমি ফিরব।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ম্যাচের পর অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, আমার ও জাতীয় দলের জন্য সঠিক কী হবে, তা নিয়ে আমাকে আরও কিছুটা ভাবতে হবে।’ শুক্রবার রাতের ম্যাচে দুর্দান্ত গোল করে জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ৩০ বছর বয়সি এ স্ট্রাইকার। তবে টাইব্রেকে তাকে দিলে শুট করাননি তিতে। এর আগে রাশিয়ায় ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এর আগে ২০১৪ সালে নেইমারহীন ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে হারায় জার্মানি। এবারও ইউরোপ বাধা দূর করতে পারেনি ব্রাজিল।

post
খেলা

আর্জেন্টিনা সেমি ফাইনালে, মেসিরই জয়

কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। শুক্রবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের সেমিফাইনালে ওঠার লড়াই শুরু হয়।ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির সহায়তায় গোল দেন মোলিনা। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন লিওনেল মেসি। নেদারল্যান্ডের বিপক্ষে ঠান্ডা মাথার পেনাল্টি থেকে গোল করে দলের সেমিফাইনালের পথ সুগম করে দেন মেসি। কিন্তু ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডস ২ গোল শোধ করে দেওয়ায় খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। জোড়া গোল করে নেদারল্যান্ডকে সমতায় ফেরায় উট উইঘোর্স্ট। অতিরিক্ত সময়ের খেলায় কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই জিতে নিজেদের সেমিফাইনালে তুলে আর্জেন্টিনা।

post
খেলা

মেসির পাসে মলিনার গোল, এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

লিওনেল মেসির অসাধারণ এক পাসে দৌড়ে এসে শট করে নেদারল্যান্ডসের জালে বল পাঠান নাহুয়েল মলিনা। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।এই ব্যবধানটা ধরে রেখেই বিরতিতে গেছে আর্জেন্টিনা। এর আগে বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলছিলো আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। 

post
খেলা

হারলো ব্রাজিল, ক্রোয়েশিয়া সেমি ফাইনালে

কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিলো ব্রাজিল। আবার সেমিফাইনালে গেলো গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। শুক্রবার (৯ ডিসেম্বর) কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্ব জুড়ে শত কোটি ভক্তকে কাঁদিয়ে, নিজেরাও কেঁদে বিশ্ব ফুটবলের আসর ছাড়লো নেইমার, থিয়াগো সিলভা, রিচারল্ডসনরা। ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে খেলতে থেকে দু'দল। আক্রমন পাল্টা আক্রমন ছিলো তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয় অর্ধে নেমে ব্রাজিল বেশ কিছু শক্ত আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হয়। একই ব্যর্থতা ছিলো ক্রোয়েশিয়ারও। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের প্রথম অংশ শেষ হওয়ার আগ মুহুর্তে দুর্দান্ত এক গোল করেন নেইমার। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া একের পর এক শানিত আক্রমন চালায়। এবং এক পর্যায়ে ব্রাজিলের ডিফেন্স ভেঙ্গে গোল দিয়ে খেলায় সমতা ফেরে ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ করার জন্য টাইব্রেকারে গড়ায়। আর তাতে প্রথম চারটি পেনাল্টি শটের চারটিতেও গোল তুলে নেয় ক্রোয়েশিয়া। ব্রাজিল প্রথম শটই মিস করে। এরপর দ্বিতীয় তৃতীয় শটে গোল পেলেও চতূর্থ শট সাইডবারে লেগে ফের। আর তাতেই শেষ হয়ে যায় ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যে স্বপ্ন বা আশা নেইমার-রিচারল্ডসনরা জাগিয়েছিলো বিশ্বকাপের শুরু থেকেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোতে। এবং এরপর সেরা আটেও দলটি উঠে আসে অনায়াসে। কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টার ফাইনালে শেষ হলো ব্রাজিলের ২০২২ বিশ্বকাপ যাত্রা।

post
খেলা

বাংলাদেশকে আর্জেন্টিনার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি

কয়েক দিন ধরেই বাংলাদেশের আর্জেন্টিনা- ব্রাজিল উন্মাদনা নিয়ে আলোচনা বিশ্ব মিডিয়ায়। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে সামাজিক মাধ্যমে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ লিওন্যাল স্ক্যালোনি বাংলাদেশকে আর্জেন্টিনার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।৪৫ মিনিট সংবাদ সম্মেলনের শেষ মুহূর্ত। আর্জেন্টিনার সাংবাদিক করোল দিয়েগো শেষ প্রশ্ন করলেন। ডি স্পোর্টস রেডিওতে কর্মরত এই সাংবাদিক সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থন এবং বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন এবং এই সমর্থন আর্জেন্টিনার খেলায় কতটুকু অনুপ্রেরণা যোগায় তা কোচ স্ক্যালোনির কাছে জানতে চান। স্ক্যালোনি শেষ প্রশ্নের উত্তরটি বেশ সুন্দরভাবেই দিয়েছেন। উত্তর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাম দুই বার উচ্চারণও করেছেন তিনই। সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থনের ব্যাপারে তিনি বলেন, ‘দিয়োগোর ( ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।’ এত দুরের দেশের ভালোবাসা পাওয়াটা দারুণ অনুভূতি আর্জেন্টিনা দলের জন্য। এই অনুভূতি আর্জেন্টিনার কোচ ব্যক্ত করলেন এভাবে, 'এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালেবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।' বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি কাতারের স্টেডিয়ামগুলোও আর্জেন্টাইন সমর্থনে পরিপূর্ণ। এই বিষয়টি দারুণ লাগে আর্জেন্টিনার কোচের কাছে, ‘সমর্থকদের কাছে আমরা কৃতজ্ঞ। বিগত তিন ম্যাচের স্টেডিয়ামেই ৮০-৯০ শতাংশ দর্শক সমর্থন আমরা পেয়েছি। আশা করি আগামীকালের ম্যাচেও তাই হবে।’ বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা আর্জেন্টাইন সাংবাদিক করোল এই প্রতিবেদকের ২ সারি সামনেই ছিলেন। সম্মেলন শেষে করোলের সঙ্গে আলাপচারিতায় জানা গেল আর্জেন্টিনাতেও বাংলাদেশ এখন বেশ আলোচিত নাম। 

post
খেলা

আর্জেন্টিনার জয়ে বাংলাদেশে উল্লাসের ভিডিও পোস্ট করল ফিফা

মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে গেল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য পরাজয়ের পর গতকাল রাতে ঘুরে দাঁড়ায় মেসি বাহিনী। এই দারুণ জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল।বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্বফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের ভিডিও পোস্ট করেছে টুইটারে। ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বলে জানা গেছে। আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ পোল্যান্ড। সবার আশা, মেসিরা সেই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে। দেখুন সেই ভিডিও : https://twitter.com/FIFAcom/status/1596759102755115009?s=20&t=cmnSZaPxAj0YL0FkIO_evg

post
খেলা

কাতারে বিশ্বকাপে পর্যটকদের সেবা দেবে আট হাজার বাংলাদেশি

আগামী ২০ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ। এ উপলক্ষে কাতারে আগত পর্যটকদের সেবা দিতে সম্মুখসারিতে থাকবেন যেসব পেশার মানুষেরা- গাড়ি চালকেরা তাদের মধ্যে অন্যতম। এর আওতায় বাংলাদেশি চালকদের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন ও সুন্দর আচার-ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস। ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষে কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশি গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খবর আরব নিউজের। জানা গেছে, বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ বিশ্বকাপ উপভোগ করতে কাতারে আসবেন বলে প্রত্যাশা আয়োজক দেশটির। আর যদি তা হয়, তাহলে বিশ্বকাপ মৌসুমে কাতারের জনসংখ্যা বেড়ে যাবে ৫০ শতাংশ! ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারে আগত পর্যটকদের সেবা দিতে সম্মুখ সারিতে থাকবেন যেসব পেশার মানুষেরা, গাড়ি চালকেরা তাদের মধ্যে অন্যতম। বিভিন্ন ট্যাক্সি কোম্পানি ও রাইড সেবাদানকারী প্রতিষ্ঠানের আওতায় কর্মরত চালকদের মধ্যে রয়েছেন প্রায় ৮০০০ বাংলাদেশি। তাই দোহায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে এই চালকদের জন্য তিন সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় তাদেরকে ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন ও সুন্দর আচার-ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দূতাবাসের মিনিস্টার (শ্রম) ডা. মুহম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, গাড়ি চালকেরা যদি পর্যটকদের ভালো সেবা দিতে পারে, তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং এর মাধ্যমে আমাদের দেশের ইতিবাচক ব্র্যান্ডিং করা হবে। কাতারের বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশি শিক্ষকরা এসে ১৫টি পরিবহন কোম্পানির ৪২০ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেন। যেসব চালক সরাসরি প্রশিক্ষণে যোগ দিতে পারবে না, তারা অনলাইনেও এ প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ অংশগ্রহণকারী চালকদের একজন আবদুল মোতালেব। প্রায় এক দশক ধরে কাতারে কাজ করছেন তিনি। মোতালেব বলেন, যাত্রীদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে এসে আমরা ভাষা ব্যবহারের ব্যাপারে কিছু পরামর্শ পেয়েছি। কিভাবে যাত্রীদেরকে সুন্দর করে অভিবাদন জানাতে হবে এবং এই দেশ সম্পর্কে সাধারণ কিছু তথ্য দিতে হবে, সেগুলো শেখানো হয়েছে আমাদের। এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের খুবই উপকার হয়েছে। আরেকজন গাড়িচালক সাইদুল ইসলাম জানান, বিদেশিদের সাথে কথপোকথনের ব্যাপারে তার যে জড়তা ছিল, তা কাটিয়ে উঠতে সাহায্য করেছে এই প্রশিক্ষণ। তিনি বলেন, আগে আমি বিদেশিদের সাথে কথা বলতে ভয় পেতাম। কিন্তু এই প্রশিক্ষণের পর সেটা সহজ মনে হচ্ছে। অদূর ভবিষ্যতে কাতারে অভিবাসী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার একটি বড় প্রোগ্রামের অংশ হিসেবে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা যায়। এই মুহূর্তে কাতারে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ৪০০,০০০। এদের মধ্যে অনেকেই স্বাস্থ্যসেবা, ভবন নির্মাণ কাজ ও বিভিন্ন সেবা খাতে নিযুক্ত আছেন।

post
খেলা

দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশ নারী ফুটবল দল

নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি, বাংলাদেশের উল্লাস... এই দিনটি দেখার অপেক্ষা বাংলাদেশের ফুটবলাঙ্গনে দীর্ঘদিনের। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ।নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হয়ে ফাইনালের শিরোপা লড়াই। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল সাবিনা খাতুনরা। দ্বিতীয়ার্ধে এসে প্রথমে একটি গোল হজম করে তারা। ম্যাচ পরিণত হয় ২-১ এ। এর কিছুক্ষণ পর আবারও গোল করে বাংলাদেশ এবং শিরোপা জয় নিশ্চিত করে নেয়।ফাইনালের জয়ের নায়ক কৃষ্ণা রাণী সরকার। তার জোড়া গোলে বাংলাদেশ নেপালকে বধ করে। ফাইনালের শুরু থেকেই খেলা নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ। ১৪ মিনিটে শামসুন্নাহার জুনিয়র দুর্দান্ত গোল করেন। মনিকা চাকমার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়র কোনাকুনি প্লেসিংকে করে বাংলাদেশকে লিড এনে দেন। এক গোলে পিছিয়ে পড়ে পুরো দশরথ স্টেডিয়াম স্তব্ধ হয়ে পড়ে। উজ্জীবিত নেপাল সমর্থকরা কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যান। নেপাল ফুটবলাররা ম্যাচে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করে। বিশেষ করে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে তারা বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দুটি দারুণ সেভ করেছেন।নেপালের জালে বাংলাদেশ দ্বিতীয় গোল দেয় ৪২ মিনিটে। মিডফিল্ড থেকে বাড়ানো এক থ্রু পান কৃষ্ণা রাণী সরকার। বক্সের এক প্রান্তে আনমার্কড থাকা কৃষ্ণা আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। বাংলাদেশের ডাগআউট আবার উৎসবে মাতে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে স্বাগতিক নেপাল বেশ চাপে রাখে বাংলাদেশকে। সেই চাপের ধারাবাহিকতায় ৭০ মিনিটে আনিতা বেসন্ত গোল করে নেপালকে ম্যাচে ফেরান। সংঘবদ্ধ এক আক্রমণে বক্সের মধ্যে প্রবেশ করে কোনাকুনি শটে রুপনা চাকমাকে পরাস্ত করেন বেসন্ত। স্কোর হয় ২-১।নেপাল আরও এক গোল দিয়ে সমতা আনার চেষ্টা করছিল। বহু আক্রমণ হয়েছে বাংলাদেশের ডি-বক্সে। তবে গোল তারা আর পায়নি। উল্টো বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার নিজের ২য় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে দেন।৭৭ মিনিটে মিডফিল্ড থেকে পাওয়া থ্রুতে তিনি আগুয়ান গোলরক্ষককে দারুণভাবে পরাস্ত করেন। কৃষ্ণার এই গোলের পর কোচ ছোটনের কপাল থেকে চিন্তার ভাঁজ একেবারে মুছে যায়। ৩-১ গোলে এগিয়ে যায় সাবিনারা।দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলে এবারই প্রথম। এর আগে ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছিল। এবার কাঠমান্ডুতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র ফুটবলে কখনো ভারত ও নেপালকে না হারানো বাংলাদেশ এবার তাদের হারিয়েছে। গ্রুপ পর্বে হারিয়েছে ভারতকে আর ফাইনালে নেপালকে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.