রিয়াদ ভাই পুরো দলকে চাঙা করে রাখে
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায়ও সবার থেকে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। অন্যদিকে দলের জুনিয়র সদস্যদের একজন শরিফুল ইসলাম। সিনিয়র দলের হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলছেন এই বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহর সঙ্গে শরিফুলের বয়সের পার্থক্য এক যুগেরও বেশি সময়ের। তবে জাতীয় দলে সতীর্থ হিসেবে দুজনের রসায়নটা দারুণ। মঙ্গলবার বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় শরিফুল কথা বলেছেন, বিশ্বকাপ খেলার অনুভূতি, দলের বাকিদের সাথে নিজের সম্পর্ক নিয়ে। সেখানেই জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে তিনি বলেন, 'দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙা করে রাখে।'
