post
বাংলাদেশ

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ল

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ল। আর খোলা তেলের দাম লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লিটার বোতলের দাম ১৮ টাকা বাড়িয়ে ৮১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে,১৪৭ টাকা করা হয়েছে। আর পাম ওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন,আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে,সয়াবিন তেলের যৌক্তিক মূল্য ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।

post
বাংলাদেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ঘোষনা দিয়েও ডাল ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, পশু পালন,মাংস উৎপাদন ও প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।বিএনপির শাসনামলে দেশে খাদ্য ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ঘাটতি পূরণ করে, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বলেন, ঘোষনা দিয়েও দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই পুষ্টিমানের ওপর বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।এছাড়া কৃষি উৎপাদন ও তার প্রক্রিয়াজাতকরণে পরিছন্নতার পাশাপাশি, প্যাকেটজাত করনে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার কথা বলেন সরকার প্রধান।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে নিজস্ব জমিতে হবে বাংলাদেশ দূতাবাস

তিন দিক ঘিরে রয়েছে চীন, ফিলিস্তিন ও জাপানের দূতাবাস এবং একদম পাশ ঘেঁষেই রয়েছে জাতিসংঘের একটি ভবন। এরই মাঝামাঝি স্থানে নিজস্ব জমিতে হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরী ভবন।দেশটির মুশরেফ এলাকার ডিপ্লোমেটিক জোনে কুয়েতের বরাদ্দকৃত ২টি জমি রাষ্ট্রদূতকে বুঝিয়ে দিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বশরীরে উপস্থিত হন সেখানে। এসময় রাষ্ট্রদূত জানান, প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে দ্রুত কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ শুরু করা হবে। চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ এর জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন, প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান সহ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

post
সংবাদ

অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাখাই উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দায়। লাখাই উপজেলার উন্নয়ন নিয়ে আলোচনা করেন, সোহেল রানা, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ, জুয়েল চৌধূরী, মনির ও ইয়াসিন। আগামীতে এডভোকেট মুশফিউল আলম আজাদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের

গ্রিসে অবস্থানরত প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। দেশটির রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালিদ, কাউন্সিলর বিশ্বজিত কুমার পল ,দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,সিনিয়র সহ -সভাপতি শেখ আলামিন সিআইপি, গ্রীস যুবলীগ, ছাত্রলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে

সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীর সংখ্যা বেশ বড়। এদের মধ্যে কিছু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ আমিরাতের গন্ডি পেরিয়ে ব্যবসার ক্ষেত্র প্রসারিত করছেন বহিঃবিশ্বে। তাদেরই একজন সিলেটের মুরাদুল ইসলাম। বিগত ত্রিশ বছর ধরে মরুর দেশটিতে এই প্রবাসী করছেন সুগন্ধি ব্যবসা।সিলেটের ওসমানী নগর বালাগঞ্জ থানার মৃত আবুল হোসেনের ছেলে মুরাদুল ইসলাম। প্রায় চার দশক আগে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। চার বছর চাকরির পর ১৯৯১ সালে স্বল্প পরিসরে শুরু করেন, সুগন্ধি তৈরীর প্রধান কাঁচামাল আগার উদের ব্যবসা। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে ১৯৯৬ সালে আবুধাবিতে শুরু করেন নিজস্ব প্রতিষ্ঠান "রিহ্ আল মাদিনা উদ এন্ড পারফিউমস কোম্পানি এলএলসি"। পরে দুবাইতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, বেশ কয়েকটি আউটলেট এবং আজমানে তৈরি করেন কারখানা।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কাঁচামাল হিসেবে আগার উদ আমদানি করে প্রসেসিং-এর পর তা সরবরাহ করা হয়। আমিরাতের বিভিন্ন রাজ পরিবার ও সরকারী দপ্তরের পাশাপাশি সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে সুগন্ধি সরবরাহ করছে মুরাদুল ইসলাম।বর্তমানে ইউরোপ, আমেরিকা ও কানাডায় সুগন্ধি রপ্তানির মাধ্যমে সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে যার কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাজ্যে সুগন্ধি সরবরাহের মাধ্যমে।সিলেট ইবনে সিনা হাসপাতালের অংশীদার মুরাদুল ইসলাম বাংলাদেশেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দেশের মানুষের জন্যেও কিছু করতে চান সফল এই রেমিটেন্স যোদ্ধা।

post
অভিবাসন

ফ্রি ভিসায় সৌদি গিয়ে কর্মহীন বহু বাংলাদেশি

সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা। মূলত তিনটি কারণে এ সঙ্কট। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি গেছেন। আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতোটাই কম যে জীবন যাপনই কঠিন হয়ে পড়েছে। জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন, এক হাজার রিয়াল বা ৩৫ হাজার টাকার নিচে কোন কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয়। এই বিজ্ঞাপনে ৫০০ রিয়াল ১৭ হাজার টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোজা হচ্ছে। কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজে থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। তারপরও অনেকেই ওভারটাইম ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের ওপর নির্ভর করে সৌদি যান। কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না। আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাবার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর। অথচ যাবার জন্য খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা বায়রা'র সেক্রেটারি জেনারেল আলী হায়দার চৌধুরী, ৪০০ বা ৬০০ রিয়ালের বেতনে লোন না পাঠানো উচিত। ব্যক্তিগতভাবে পাঠানো ও ফ্রি ভিসা বন্ধ করা উচিত।মূলত সৌদি করন নীতির কারণে ১৬ পেশায় কাজ করতে পারে না বাংলাদেশিরা। কিন্তু বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশ কর্মী যাচ্ছে সৌদিতে। বায়রা'র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, কোম্পানিগুলো লোক নিয়ে তারা থার্ড পার্টির কাছে দেয়। এখন থার্ড পার্টির সাথে তাদের চুক্তি যদি সময়মতো না করতে পারে এবং সময়মতো লোক না দিতে পারে অথবা তাদের কাছে কাজ না থাকতে পারে, এই লোকগুলো নিয়েই মূলত সমস্যা হচ্ছে। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ বলেন, আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে, কাপড়ের দোকানে এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো। সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। তারা যে আশা নিয়ে সৌদি যাচ্ছে, সে আশা দূরের কথা তারা যে অর্থ ব্যয় করে যাচ্ছে সে অর্থ তারা আগামী দুই-তিন বছরের মধ্যে তুলতে পারবে কিনা সেটিই চিন্তার জায়গা তৈরি করেছে। এই বছরের প্রথম দুই মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ করেছেন সৌদি প্রবাসীরা।

post
বিশেষ প্রতিবেদন

মন ভালো রাখতে মেনে চলুন কিছু নিয়ম

মন ভালো রাখতে আমরা কত কিছুই না করি। তবে সহজ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে মন ভালো রাখা যায়। আসুন টিপসগুলো জেনে নেই: ঘুম: মন ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত ঘুম একান্ত দরকার। খাবারের সময় বদল করবেন না। আর প্রতিদন অন্তত ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম আর খাওয়া ঠিক থাকলে আপনার মন এমনিই ভালো থাকবে। হাসি: মন ভালো রাখতে চাইলে হাসি সবচেয়ে উল্লেখযোগ্য উপায়। তাই প্রাণ খুলে হাসুন। হাসি মস্তিষ্কে এন্ডরফিনের মাত্রা বাড়ায়, যা মানসিক শান্তি প্রদান করে। ঘুরতে বের হন: সপ্তাহে একদিন এমন জায়গায় ঘুরে আসুন যেখানে শান্তি আছে, বা মানুষের ভিড় অনেক কম। এতে মনে প্রশান্তির সৃষ্টি হয়। পারলে খেলাধুলা করুন, সেটা অবশ্যই খোলা মাঠে। পরিষ্কার থাকুন: নিজের বাড়ি বা অফিসের ডেস্ক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জামা কাপড়, বই, ম্যাগাজিন সবই নিজের জায়গায় রাখুন। পরিচ্ছন্নতা মন ভালো রাখে। বন্ধুদের ফোন করুন: ম্যাসেজ করবেন না, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাঁকে বলুন আপনার কষ্টের কথা। পরামর্শ চাইতে পারেন তাঁর কাছ থেকে। নতুন কিছু করুন: নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। নতুন কিছু করুন। জিমে ভর্তি হোন বা রান্নার ক্লাসে ভর্তি হোন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তাঁর পরিকল্পনা করুন। এছাড়াও চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। সুযোগ থাকলে গোসল করে পরিষ্কার কাপড় পরুন। এই সামান্য কাজটাও আপনার মন ভালো করে দিতে পারে।

post
সংবাদ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ

ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ইসরাইলে ইরানের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা তৈরি হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে তীক্ষ্ণ নজর রাখতে বলেছেন। এই সংঘাতের কী প্রতিক্রিয়া হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই ঘটনায় যার যার খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বললেন নি। সবাইকেই প্রস্তুতি নিতে বলেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেদন দিতে বলেছেন। এ ক্ষেত্রে যাতে কোনো কিছু রিঅ্যাকটিভ না হয়, বরং প্রোঅ্যাকটিভ হতে বলেছেন। যেমন, তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবিলায় আমরা কী করবো, সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন।’ গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনা কর্মকর্তাও। এই হামলার পেছনে ইসরায়েলের হাত ছিল বলে অভিযোগ তেহরানের। তারপর থেকেই ইসরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। গত শনিবার রাতে প্রথমবারের মতো সরাসরি ইরান থেকে ইসরায়েলে ক্ষেপনাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় তেহরান। এ হামলায় অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ ইরানের ছোড়া ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপনাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল ও আমেরিকা।  

post
বিনোদন

শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি

ঢালিউডের বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয়নি।’ অনুষ্ঠানটি নিয়ে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’ যেখানে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমাদের এখনও বিবাহবিচ্ছেদ ঘটেনি!’ এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী। এখন পর্যন্ত শাকিব-বুবলীর বিয়ে ও সন্তান প্রসঙ্গে যা তথ্য সংবাদমাধ্যমে এসেছে তার সবকিছুই জানিয়েছেন বুবলী। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম। যদিও বর্তমানে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার। বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। ভবিষ্যতেও নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি। ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে শবনম বুবলীর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবির সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.