post
সংবাদ

স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম: ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আরএ) আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২৪

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশে হত্যা মামলার আসামি নিউইয়র্কে গ্রেপ্তার

বাংলাদেশে একজনকে হত্যার অভিযোগে গেনেট রোজারিও (৫২) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটন শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও মুখ্য উপসহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। ওই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল রোজারিওকে হত্যার অভিযোগ রয়েছে।আদালতের নথি অনুসারে, ২০২১ সালের ১১ জুন বাংলাদেশে নিউইয়র্কের ব্রঙ্কসের গেনেট রোজারিও (৫২) বাংলাদেশে অবস্থানরত মাইকেল রোজারিওকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেন, মার্কিন নাগরিক গেনেট রোজারিও বাংলাদেশে একজন আমেরিকানকে হত্যা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এর থেকে বোঝা যায়, আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে এই অফিসের (অ্যাটর্নি অফিস) যোগাযোগ অনেক বিস্তৃত। নিউইয়র্কের নারী ও পুরুষদের সুরক্ষায় আমাদের অঙ্গীকার ভৌগোলিক সীমানার বাইরেও রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহতাব সাইদ বলেন, বিদেশে সংঘটিত এমন অপরাধগুলো তদন্তে এফবিআই উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করছে। বিদেশের মাটিতেও কেউ আমেরিকানদের সঙ্গে অপরাধ করলে এফবিআইয়ের তদন্তের মাধ্যমে তাকে জবাবদিহি করানোর উদ্যোগ নেওয়া হবে। এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তৃতীয় জেমস এইচ স্মিথ বলেন, গেনেট রোজারিও ঠাণ্ডা মাথায় হিসাব-নিকাশ করেই আমেরিকান এক নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। অপরাধী যেখানেই অপরাধ করুন না কেন, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস গেনেট রোজারিওর বিরুদ্ধে তদন্ত করেছে। এদিকে, গেনেট রোজারিওকে বৃহস্পতিবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যা, সহিংসতা অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। 

post
খেলা

বসুন্ধরা কিংসের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংসের বড় জয়ের দিন ড্র করেছে ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জে কিংস ৫-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং গোপালগঞ্জে ঢাকা আবাহনী ফর্টিজ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। শুক্রবার ড্রয়ে আবাহনী ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। তবে কিংসের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাড়িয়েছে নয় পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান আগামীকাল জিতলে আবাহনীর সঙ্গে দূরত্ব দাঁড়াবে চার পয়েন্ট। ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। লিগের নতুন দল ফর্টিজ এফসির বিপক্ষে আগের লেগে হেরেছিল আবাহনী। দ্বিতীয় পর্বেও হারতে হারতে ড্র করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। ফর্টিজ ১-০ গোলে এগিয়ে ছিল অনেকক্ষণ। ইনজুরি সময়ে কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

post
খেলা

টাইগারদের ব্যর্থতা নিয়ে বসবে বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সাদা পোশাকের এই সিরিজ শুরুর আগে টানা সীমিত ওভারের ম্যাচ খেলেছে টাইগাররা। সে কারণে টেস্টের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া যায়নি বলে মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এ নিয়ে পরে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির এই কর্মকর্তা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল টেস্ট সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের প্রস্তুতির ঘাটতি ছিল কি না। এই প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘প্রস্তুতি বলতে কী বুঝাচ্ছেন। প্রস্তুতির জন্য জাতীয় লিগ ছাড়া সুযোগ নাই, কারণ সিরিজের পর সিরিজ হতে থাকে। আপনি দেখেন কোন প্লেয়ার সময় পায় বেশি টেস্ট খেলার? এই সুযোগটা নাই। সিরিজ হলে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি থাকে। জাতীয় দলের প্লেয়ার হিসেবে এডজাস্ট করেই খেলতে হবে। বেশি করে টেস্ট খেলতে পারলে তো ভালোই হত। কিন্তু সেই সুযোগটা হয় না।’ তিনি আরও বলেন, ‘এবারও আমাদের ‘এ’ দলের প্রোগ্রাম আছে। তারা পাকিস্তান যাবে, আবার পাকিস্তান দল আসবে এখানে। নিউজিল্যান্ডও আসবে। ভালো হত যদি ইন্ডিয়া সিরিজের আগে খেলতে পারত। কিন্তু সেভাবে সুযোগ পাওয়া যায় না। সুযোগ পেলে আরও ভালো হত। এখন সুযোগ বের করা বেশ কঠিন।’

post
প্রযুক্তি

রোগনির্ণয়ের অত্যাধুনিক পদ্ধতি এমআরআই

রোগনির্ণয়ের অত্যাধুনিক একটি পরীক্ষাপদ্ধতি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং-এমআরআই। শরীরের ভেতরের কোনো অঙ্গের স্পষ্ট ছবি পেতে এ পরীক্ষা করা হয়। এর মাধ্যমে সেই অঙ্গের যেকোনো অস্বাভাবিক অবস্থা বা নির্দিষ্ট কোনো রোগ খুব সহজেই নির্ণয় করা যায়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই উন্নত এমআরএই স্ক্যানার তৈরির কথা বলে আসছেন। ২০২১ সালে তাঁরা এমন একটি এমআরআই স্ক্যানার তৈরি করেন। তাঁদের দাবি,আইসিউল্ট নামের এ স্ক্যানার বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমআরআই স্ক্যানার। কিন্তু এত দিন এই স্ক্যানার মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এবার এই স্ক্যানারে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কের ছবি তুলেছেন গবেষকেরা। তাঁরা দাবি করছেন,এ স্ক্যানারের সাহায্যে মস্তিষ্কের রোগ নিখুঁতভাবে নির্ণয় করা যাবে।

post
এনআরবি লাইফ

রাজবাড়ীতে প্রবাসীর উদ্যোগে অসহায়ের ইফতার

রাজবাড়ী সদর উপজেলার বানীবহে মাদ্রাসা ছাত্র ও অসহায় মানুষের অংশ গ্রহণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌদি প্রবাসী মোঃ আইয়ুব আলীর উদ্যোগে বানীবহ বাজারের আইয়ুব টাওয়ারে এ আয়োজন করা হয়। এতে বানীবহ বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউছুফ নোমানী, বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিজি ও প্রবাসী মোঃ আইয়ুব আলীর বাবা মোঃ সরাফত আলীসহ অনেকেই বক্তব্য রাখেন। প্রবাসী মোঃ আইয়ুব দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান উপলক্ষে এ আয়োজন করেন তিনি।

post
বিনোদন

ঈদে মাহফুজুর রহমানের হিন্দি গান

প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ও এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার একটি নয়, দুইটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন তিনি। জানা গেছে, ইতোমধ্যেই নতুন গানের শুটিং সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানে বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি গান গাইবেন তিনি। যা এবারের ঈদে ভক্তদের জন্য নতুন চমকই বলা চলে। এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০ টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। অ্যালবামে রয়েছে আমায় ভালোবাসোনা, তোমার চোখ দুটি, তুমি যে শুধু আমার, যাবে যদি চলে যাও এবং বুকের মাঝে রাখবো শিরোনামের গান। গজলের মধ্যে রয়েছে মেরে মিতুয়া, ম্যায় জিস দিন, জানে কাহা, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।

post
বিনোদন

বিড়ালের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা আসিফের, থানায় জিডি

পোষা বিড়াল হারিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবুও মেলেনি সন্ধান। বাধ্য হয়ে এবার ঘোষণা করলেন ৫০ হাজার টাকা পুরস্কার। ঘোষণাটি সামাজিক মাধ্যমে দিয়েছেন এ গায়ক। নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, সুবিশাল কম্পাউন্ডে প্রতিদিনই পুম্বাকে (বিড়ালের নাম) খুঁজি। ওর নাম ধরেও ডাকাডাকি করি যদি সাড়া দেয়! পুম্বা নেই তেরো দিন হয়েছে, অনেক ক্যাট লাভার চেষ্টা করে যাচ্ছে তাকে খুঁজে বের করতে। পুম্বার মতো দেখতে একটা বিড়াল এরমধ্যে তার মালিকও খুঁজে পেয়েছে। এরপর লিখেছেন, আমার সন্তানদের ধারনা তাদের বাবা মহাপরাক্রমশালী হারকিউলিস, যে সব কিছু করতে পারে। কোনো ক্রাইসিস তৈরি হলে সন্তানদের শান্ত করার জন্য বলি চিন্তা করো না বাবা- টাইগার আভি জিন্দা হ্যায়! পুম্বা হারিয়ে যাওয়ার পর বাচ্চাদের কাছে কিছুটা অসহায় হয়ে গেছি। তেইশ মাস বয়সী আইদাহও পুম্বাকে খুঁজে বেড়ায়। সবশেষে এ গায়ক লিখেছেন, বিড়ালটা বেঁচে আছে, কারও বাসায় আছে। তিনি হয়তো মালিক খুঁজে পাচ্ছেন না। অথবা কেউ নিজের মনে করে লুকিয়ে রেখেছে। এই সম্ভাবনাও নাকচ করছি না। পুম্বা খুব সুন্দর দেশি ক্যাট, স্বাভাবিকের চেয়েও ওর দেহের গড়ন ও সৌন্দর্য নজর কাড়ার মত। আমি জানি সে ভাল যত্ন আত্তিতেই আছে। ওকে ইনজেকশন দেওয়ার সময়ও হয়ে গেছে। প্লীজ পুম্বার শুধু সন্ধান দিন, ৫০০০০ টাকা গিফট পৌঁছে যাবে। শিগগিরই একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে হাজির হবেন আসিফ। এটি গায়কের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। গানে আসিফকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। থাকবে অ্যাকশন দৃশ্যও।

post
প্রযুক্তি

বাংলাদেশ গোল্ডেন মাইন ফর রিসার্চ

জনবহুল দেশ হওয়ায় এটি হলো গোল্ডেন মাইন ফর রিসার্চ বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, বাংলাদেশ কোরিয়ার সঙ্গে জয়েন্ট রিসার্চ করা যেতে পারে। বিশেষ করে মলিকুলার লেভেল অব দ্য ক্যানসার রিসার্চ এর জন্য। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দু’দেশের যৌথ উদ্যোগে রিসার্চ কার্যপরিচালনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি। ডা. সামন্ত লাল সেন বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রাইভেট হাসপাতালগুলোকে ইউনিভার্সাল হেলথ কেয়ারে অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন। তিনি জরুরি রেসপন্স, ডিজাস্টার ম্যানেজমেন্টসহ, জয়েনট রিসার্চ চালুতে কোরিয়ার সহযোগিতা এবং মধ্য আয়ের মানুষের জন্য কোরিয়ার সহযোগিতায় আগারগাঁওয়ে ১০০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশাল হাসপাতাল নির্মাণ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানের মতো কোরিয়ায়ও বাংলাদেশি নার্স পাঠানোর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জাপানে এরই মধ্যে ২৫ জন নার্স পাঠানো হয়েছে। আরও ৫০ জন নার্স যাওয়ার জন্য প্রস্তুতি আছেন। এসময় পার্ক ইয়ং-সিক কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যখাতে বাংলাদেশ-কোরিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

post
বিনোদন

ঈদে থাকছে বিদেশি চমক

দুই যুগেরও বেশি সময় ধরে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের নিয়ে তুলে ধরছেন হানিফ সংকেত। যাদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই পর্বে বিদেশিরা তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করে। ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে ‘হানিফ সংকেত’ ও ‘ইত্যাদি’ দুটি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশিরা তাদের বন্ধু-বান্ধব ও নতুন সহকর্মীদের ‘ইত্যাদি’র এই পর্বটির ব্যাপারে উৎসাহিত করেন। বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ। যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন এবং অংশগ্রহণ করেন। তাছাড়া ইত্যাদি প্রচারের পর ইত্যাদিতে অংশগ্রহণ করা বিদেশিরা বাইরে বের হলে দর্শকরা যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন-তখন তাদের ভালো লাগে। একটি অনুষ্ঠানের ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের উপস্থিতিতে তাদের এই পরিচিতি তাদেরকে বিস্মিত করে, আনন্দিত করে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.