post
আন্তর্জাতিক

বাইকে বসে প্রকাশ্যেই চলছিল ‘রোমান্স’ শাস্তি দিল পুলিশ

ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছে এক তরুণ। আর মুখোমুখি কোলের ওপর বসে তাকে জড়িয়ে ধরে রয়েছেন এক তরুণী। ওই অবস্থায় প্রকাশ্যেই চলছিল ‘রোমান্স’, সঙ্গে বাইক নিয়ে কেরামতিও। এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পথচারীরা। তাদের মধ্যেই কেউ একজন সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, গত বুধবার (২৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুরে। ভাইরাল ভিডিওটি দেখে শেষপর্যন্ত অভিযুক্তকে আটক করে পুলিশ। এসময় জরিমানার পাশাপাশি কানে ধরিয়ে সতর্ক করা হয় তাকে।বৃহস্পতিবার বিলাসপুর ট্রাফিকের ডেপুটি পুলিশ সুপার সঞ্জয় কুমার সাহু বলেন, আমাদের কাছে একটি ভিডিও এসে পৌঁছায়। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ ও এক তরুণী চলন্ত বাইকে ‘রোমান্স’ করছে। ট্রাফিক আইনের তোয়াক্কা না করে এমন কাণ্ড ঘটানোয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি সিভিল লাইন এরিয়ার ইমলিপাড়া রোডের। ডিএসপি বলেন, বাইকের নম্বর দেখে এর মালিকের খোঁজ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে সেই যুবক জানান, গাড়িটি তার হলেও ঘটনার সময় হর্ষ তিওয়ারি নামে এক বন্ধু চালাচ্ছিলেন। তার কাছ থেকে হর্ষের বাড়ির ঠিকানাও পায় পুলিশ। পরে তাকে ডেকে পাঠানো হয়।১৯ বছর বয়সী হর্ষ কাওয়ার্ধার বাসিন্দা। কলেজে পড়াশোনা করছেন তিনি। পাশাপাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছেন।ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ভারতের মোটর ভেহিকল আইনে আটক করা হয় হর্ষকে। বিলাসপুর পুলিশের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে বাইকচালক যুবককে কান ধরে ক্ষমা চাইতে দেখা গেছে। বাইকের মালিককে ৮ হাজার ৮০০ রুপি জরিমানা করা হয়েছে। তবে রোমান্সে অংশ নেওয়া হর্ষের বান্ধবীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।চলন্ত বাইকে বিপজ্জনকভাবে রোমান্স করার জন্য আটকের ঘটনা ভারতে এর আগেও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ভিডিও ভাইরালও হয়েছিল অতীতে।গত বছরের ডিসেম্বরে চলন্ত বাইকে বিপজ্জনকভাবে বসে আলিঙ্গন করায় গ্রেফতার হন দুই তরুণ-তরুণী। ঘটনাটি ঘটেছিল বিশাখাপত্তনমে। ব্যস্ত রাস্তায় ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।চলতি বছরের জানুয়ারিতে লখনৌতেও একই ধরনের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। এতে জড়িত ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করে ‍পুলিশ। তবে সঙ্গে থাকা মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

post
শিক্ষা

বাংলাদেশে কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা। এ বছর সব বিষয়েই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। পরীক্ষার রুটিন অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আগের মতোই। গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে।

post
এনআরবি বিশ্ব

ভারতে ঝড়ের কবলে পড়া ১৫ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ভারতে আটকে পড়া আরও ১৫ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। আট মাসের বেশি সময় ভারতের আশ্রয়কেন্দ্রে অবস্থানের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ১৫ জেলেই ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। গত বছরের ১ নভেম্বর ও ৮ নভেম্বর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে আটকে পড়া ৬৬ জেলে বাংলাদেশে ফিরে আসেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব আজাদ বলেন, প্রায় ৯ মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাংলাদেশের অনেক জেলে ভারতীয় সীমানায় ভেসে গিয়েছিলেন। ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ গতকাল সন্ধ্যায় তাঁরা দেশে ফিরে আসেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ জানায়, গত বছরের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সমুদ্রে ভেসে যাওয়া জেলেদের ভারতীয় জেলে ও উপকূল রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার করেন। উদ্ধার করা জেলেদের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের বুদ্ধপুর ও মইপিঠ এলাকার দুটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। তাঁদের মধ্যে বাংলাদেশের ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে গতকাল সন্ধ্যায় তাঁদের দেশে ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের সবাই ভোলার চরফ্যাশান উপজেলার বাসিন্দা। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা জেলেদের থানায় সোপর্দ করে। পরে আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার রাতে নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী যাওয়ার সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী যাওয়ার সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিন প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগের চাহিদা বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে।শুক্রবার (২৮ এপ্রিল) মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় তিন লাখ ৮০ হাজার নতুন শ্রমিক নিয়োগের চাহিদা হাইকমিশনের পোর্টালে জমা হয়েছে এবং প্রতিদিন নতুন চাহিদা জমার ধারা অব্যাহত আছে। এমনকি শুক্রবার প্রায় তিন হাজার নতুন শ্রমিকের চাহিদা হাইকমিশনের পোর্টালে জমা পড়েছে।হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, এরই মধ্যে প্রায় দুই লাখ ৬০ হাজার শ্রমিক নিয়োগের চাহিদা সত্যায়িত করেছে হাইকমিশন এবং প্রায় এক লাখ ৫০ হাজার নতুন কর্মী মালেয়েশিয়া এসে পৌঁছেছেন।তিনি আরও বলেন, হাইকমিশনে চাহিদা সত্যায়ন প্রক্রিয়া যথাসম্ভব দ্রুততার সঙ্গে চলমান আছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২৩ সালের শেষ নাগাদ মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ নতুন বাংলাদেশী কর্মী কর্মসংস্থানের অনুমোদন পাবেন।২০২১ সালের ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর গেলো বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পায়। এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছে দেশটিতে।

post
বাংলাদেশ

বিদেশি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মঙ্গোলিয়ার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বোয়িং–৭৮৭ (ড্রিমলাইনার নামে পরিচিত) উড়োজাহাজের মাধ্যমে দেশটির ১২ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া হবে।প্রথম পর্যায়ে আজ শুক্রবার তিন পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষণার্থী পাইলটরা মঙ্গোলিয়ার রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসে কর্মরত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পাইলটরা ‘লাইন ট্রেনিং’ প্রশিক্ষণ নেবেন। এর মাধ্যমে হাতে-কলমে বোয়িং–৭৮৭ উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ পাবেন তাঁরা।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ২১টি উড়োজাহাজ আছে। এর মধ্যে ছয়টি বোয়িং–৭৮৭ (ড্রিমলাইনার)। এ ধরনের উড়োজাহাজ মঙ্গোলিয়ায় নেই। তবে শিগগিরই দেশটির বহরে দুটি বোয়িং-৭৮৯ যুক্ত হবে বলে বিমান সূত্র জানায়।নিয়ম অনুযায়ী বোয়িং–৭৮৭ বা ৭৮৯ চালানোর আগে হাতে-কলমে এ ধরনের প্রশিক্ষণ নিতে হয়। এ জন্য মঙ্গোলিয়ার পক্ষ থেকে বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর দেশটির ১২ পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিমান।বিমান বাংলাদেশের হয়ে প্রশিক্ষণ দেবেন, এমন পাইলটদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ১২ পাইলট কয়েক ধাপে প্রশিক্ষণ নেবেন। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনজন এসেছেন। ২৪ এপ্রিল তাঁরা ঢাকায় আসেন। এরপর তিন দিনের ‘গ্রাউন্ড ট্রেনিং’ নেন। প্রাথমিক প্রশিক্ষণ শেষে আজ ওই তিনজনের একজন ঢাকা-সিলেট-লন্ডন রুটের একটি ফ্লাইটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। ফ্লাইটটি পরিচালনা করছেন ক্যাপ্টেন সাজ্জাদুল হক।ওই প্রশিক্ষক আরও বলেন, মঙ্গোলিয়া থেকে আসা তিন পাইলট এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ‘সিমুলেটর ট্রেনিং’ নিয়েছেন। এখন তাঁদের মোট ১৬টি ফ্লাইটের মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। প্রত্যেকের প্রশিক্ষণ শেষ হতে এক মাসের মতো লাগবে।প্রথম ব্যাচে আসা তিন পাইলট হলেন, মুনগুনতুলগা ওয়ুনবোল্ড, আমরসানা বাইম্বাসুর ও মুনখোচির গোতভ। অন্য ৯ জনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশিক্ষণার্থী পাইলটদের বোয়িং–৭৩৭ ও ৭৬৭ চালানোর অভিজ্ঞতা আছে।বিমান সূত্র জানিয়েছে, প্রশিক্ষণের সব খরচ বহন করছে মঙ্গোলিয়া সরকার। এ ছাড়া একজন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রায় ১৬ হাজার ডলার পাবে। এক মাসের প্রশিক্ষণ শেষে তিন পাইলট তাঁদের দেশের পক্ষ থেকে অর্ডার দিয়ে রাখা দুটি ড্রিমলাইনার বুঝে নেবেন।বিমানের পক্ষ থেকে আরও বলা হয়, বিদেশি পাইলটদের এমন প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম বিমানে এই প্রথম। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার এভিয়েশন খাতে নতুন দিগন্তের সূচনা হয়েছে এবং সার্কভুক্ত দেশের মধ্যে বিমানই প্রথম বিদেশি পাইলটদের ড্রিমলাইনারে প্রশিক্ষণ দেওয়ার গৌরব অর্জন করছে।এ বিষয়ে বিমানের এমডি শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশংসনীয় ফ্লাইট সেফটি স্ট্যান্ডার্ডের কারণে বিমানের প্রতি বিদেশি এয়ারলাইনসগুলোর আস্থা অর্জিত হয়েছে। বিমানের সেফটি স্ট্যান্ডার্ড ও মানসম্মত প্রশিক্ষণ প্রদানের সক্ষমতার কারণে বিদেশি এয়ারলাইনসের বিমানের দেওয়া প্রশিক্ষণের প্রতিও আকর্ষণ বাড়ছে। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

post
খেলা

৬-০ গোলে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

সিঙ্গাপুরে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার স্থানীয় জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিস্তানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল।ফেবারিট হিসেবেই এই ম্যাচ শুরু করেছিল প্রথম বিদেশের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। টুর্নামেন্টের শুরুটাও করেছে ফেবারিটের মতোই। প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৩ গোল।তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু মারবা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে করেন ৫-০।৮২ মিনিটে আবার পেনাল্টি পায় বাংলাদেশ। কোনো ভুল করেননি তৃষ্ণা। তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে মেয়েরা।উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি জাতীয় পতাকা নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে বসে রুমা-জয়নবদের উৎসাহ দিয়েছেন।আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।বাংলাদেশ একাদশসঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

post
বাংলাদেশ

পরিবার নিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলেন মো. সাহাবুদ্দিন। বুধবার সকাল সোয়া দশটায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে। পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান রাষ্ট্রপ্রধান।টুঙ্গীপাড়া যাওয়ার পথে পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে নামেন রাষ্ট্রপতি। এ সময় পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রাবিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিবরা এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

post
বিশেষ প্রতিবেদন

বিয়ের আসরে বর কনের অভিনব প্রতিবাদ

ঢাকঢোল পিটিয়ে ঘোড়া কিংবা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার দৃশ্য নতুন নয়। অনেকে আবার হেলিকপ্টারে করেও বিয়ে করতে যান। তবে ঝিনাইদহে অনুষ্ঠিত একটি বিয়েতে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে নতুন জীবন শুরুর অনুষ্ঠানে নবদম্পতিকে দেখা যায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানাতে।এই নবদম্পতি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী সুমাইয়া আফরিন।পারিবারিকভাবে গতকাল মঙ্গলবার পূর্বপরিচিত মাহমুদুল ও সুমাইয়ার বিয়ে হয়। নবদম্পতির হাতে ‘অ্যাবলিস ডিএসএ’ (ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো) ও ‘ফ্রি খাদিজা’ (খাদিজাকে মুক্তি দাও) লেখা দুটি প্ল্যাকার্ড ছিল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে কয়েকজন ‘ডিএসএর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘খাদিজার মুক্তি চাই’, ‘ডিএসএ বাতিল করো’ স্লোগান দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবি জানান।বর মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের নতুন জীবনের শুরুটা আমরা করতে চেয়েছি এই নিবর্তনমূলক আইনের বাতিল ও খাদিজার দ্রুত মুক্তির দাবি জানিয়ে। সব ধরনের জুলুমের অবসানের মাধ্যমে গণমানুষের মুক্তির দাবিতে আমাদের বিয়েতে এমন প্রতিবাদের আয়োজন ছিল।’ তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খাদিজাতুল কুবরা দীর্ঘ ৮ মাসের বেশি সময় কারাগারে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। অসংখ্যবার চেষ্টা করেও তাঁকে জামিনে মুক্ত করা যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনটি রাজনৈতিক কারণে ও ভিন্ন মত দমনে ক্ষমতাসীনেরা ব্যবহার করছেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব বলেন, ‘বিয়ের আসরে নবদম্পতির অভিনব প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয়, কোনো কিছুই রাজনীতির বাইরে নয়। দিনমজুরের আহাজারি থেকে শুরু করে বিয়ের আসর, প্রতিবাদের ভাষা চিরকালই বৈচিত্র্যময়। মানুষের মতপ্রকাশের মৌলিক অধিকার যে দমিয়ে দেওয়া যায় না, মাহমুদ-সুমাইয়ার এই অভিনব প্রতিবাদ তার প্রমাণ।’

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা। বুধবার (২৬ এপ্রিল) সকালে টোকিও আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি বিষয়টি জানিয়েছেন।  এদিকে একই গেস্ট হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকুবু ও জেট্রোর চেয়ারম্যান এবং সিইও ইশিগুরু নোরিহিকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চাটার্ড ফ্লাইট জাপানের স্থানীয় সময় টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

post
এনআরবি বিশ্ব

সুদানে বাংলাদেশ দূতের বাসায় সন্ত্রাসীদের গুলি

সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর লড়াইয়ের মধ্যে বাংলাদেশের হাজার দেড়েক নাগরিক আটকা পড়েছেন। সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) লড়াইয়ের শুরুতেই ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের বাসায় আঘাত হানে মেশিনগানের গুলি। এক সপ্তাহ পর, ২২ এপ্রিল বিবদমান দুই পক্ষের লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। তবে গোলাগুলির এই দুই ঘটনায় বাংলাদেশ দূতাবাসের কেউ হতাহত হননি।সুদানের বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এমন পরিস্থিতিতে সুদানের রাজধানী খার্তুমের বাইরে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুদানে সংঘাত শুরুর পর থেকে ঢাকার সঙ্গে খার্তুমে বাংলাদেশ দূতাবাসের নিয়মিত যোগাযোগ হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ বাংলাদেশের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত খার্তুমে অবস্থান করে কাজ চালিয়ে গেছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি গত রোববার খার্তুম থেকে প্রায় আড়াই শ মাইল দূরের জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। সেখানে অবস্থান করেই বাংলাদেশের নাগরিকদের নিরাপদে ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত আছেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ গত সোমবার সবশেষ বার্তায় পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিকল্পের কথা উল্লেখ করেছেন। তিনি সুদানে অবস্থান করেই বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টিতে জোর দিয়েছেন।  নাম প্রকাশ না করার শর্তে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আপাতত খার্তুম থেকে বাংলাদেশে ফিরে আসতে আগ্রহী লোকজনকে বাসে করে পোর্ট অব সুদানে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর জাহাজ বা ফেরিতে করে তাঁদের সৌদি আরবে সরিয়ে নেওয়া হবে। সেখান থেকে তাঁদের দেশে ফেরত আনা হবে।সূত্রটি জানায়, এখন পর্যন্ত চার শতাধিক বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। গত দুই দিনে সেখানে গোলাগুলি অনেকটা কমেছে। এই পরিস্থিতিতে প্রথম দফায় পাঁচ শ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.