post
বাংলাদেশ

বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতে দীর্ঘদিন ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। আলেমদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা মসজিদে নামাজ পড়বেন, তখন বিদ্যুৎ ব্যবহার করবেন। মসজিদ থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচগুলো বন্ধ করে রাখবেন। ওটা শুধু মসজিদের ক্ষেত্রে না, আপনাদের বাড়িতেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন, এতে আপনাদের বিলও কম হবে, বিদ্যুতের সাশ্রয় হবে।সোমবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গণভবন প্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। শেখ হাসিনা বলেন, আমরা যে দামে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক দামে বিদ্যুৎ আমরা দিচ্ছি। বিরাট অংকের ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকি দীর্ঘদিন দেওয়া সম্ভব না। সেই কথাগুলো সকলের মাথায় রাখতে হবে। কোনভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস অপচয় না ঘটে। ইসলাম ধর্মে অপচয়ের ব্যাপারে না রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে আমাদের কোমলমতি ছেলেদের বিভ্রান্তি পথে নিয়ে যাওয়া হয়। তারা যেন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়। সেজন্য তাদের বুঝাতে হবে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। মানুষ খুন করলে কখনও বেহেস্তে যাওয়া যায় না, খুন করলে দোজখেই যেতে হয়, এ বিষয়টা মানুষকে সচেতন করতে হবে। মসজিদের ইমাম, আলেম, খতিবদের সাধারণ মানুষ শ্রদ্ধার চোখে দেখে, আপনাদের কথার গুরুত্ব রয়েছে।তিনি আরও বলেন, মাদক, নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, অহেতুক মিথ্যা কথা বলে গুজব ছড়ানো, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ, দুর্নীতি ইত্যাদির বিষয়ে মসজিদের খুতবা দেওয়ার সময় যদি আপনারা বেশি করে বোঝান তাহলে কিন্তু মানুষ সেটা গ্রহণ করে। বিশেষ করে জুমার দিন যে খুতবা দেওয়া হয় তখন ভালোভাবে তুলে ধরা দরকার। 

post
আন্তর্জাতিক

সাংবাদিক সেজে সাবেক সংসদ সদস্যকে গুলি করে হত্যা

ভারতের সাবেক পার্লামেন্ট সদস্য আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে গত শনিবার সাংবাদিক সেজে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তর প্রদেশের প্রায়াগরাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্যামেরার সামনে এ দুই ভাইকে গুলি করা হয়। এ ঘটনায় তিন হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। এই তিনজনের নাম আগে থেকেই পুলিশের করা অপরাধীর তালিকায় ছিল। ‘গ্যাংস্টার’ থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ ২০০৬ সালের এক অপহরণের মামলায় কারাগারে ছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার তাঁদের হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথে হাতকড়া পরা অবস্থায় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। বেশ কয়েকজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। ভিড়ের মধ্যে সাংবাদিক সেজে ছিলেন বন্দুকধারীরা। তাঁরা ওই দুই ভাইয়ের মাথায় গুলি করেন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আতিকের ছেলে নিহত হওয়ার কয়েক দিনের মাথায় এমন ঘটনা ঘটল। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন লাভলেশ তিওয়ারি, সানি সিং ও অরুণ মৌর্য। লাভলেশ তিওয়ারির আগেও কারাদণ্ড হয়েছিল। তাঁর বাবা সংবাদমাধ্যমকে বলেছেন, ছেলেকে নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। লাভলেশের বাবা ইয়াগিয়া তিওয়ারি বলেন, ‘ও আমার ছেলে। টিভিতে আমরা ঘটনাটি দেখেছি। লাভলেশের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের জানা নেই বা এ নিয়ে আমাদের কিছু করার নেই। ও কখনোই এখানে থাকেনি। আমাদের পারিবারিক কোনো কাজের সঙ্গে ওর সম্পৃক্ততা নেই। ও আমাদের কখনোই কিছু বলেনি। পাঁচ-ছয় দিন আগে এখানে এসেছিল। কয়েক বছর ধরে তার সঙ্গে আমাদের কথা হয়নি। তার বিরুদ্ধে আগেই একটি মামলা ছিল। সে মামলায় ও কারাগারে ছিল।’ ইয়াগিয়া তিওয়ারি আরও বলেন, ‘ও কাজকর্ম করে না। মাদকাসক্ত সে। আমাদের চার সন্তান। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই। সানির বিরুদ্ধে ১৪টি মামলা আছে। অপরাধীর তালিকায় নাম ওঠার পর থেকে তিনি পলাতক আছেন। তাঁর বাবা মারা গেছেন। উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ভাগটুকু বিক্রি করে বাড়ি ছেড়েছিলেন তিনি। পাঁচ বছর ধরে সানি বাড়ি আসেনি। মা ও ভাইয়ের সঙ্গে দেখা করেনি। তাঁর ভাই চায়ের একটি দোকান চালায়। সানি সিংয়ের ভাই পিন্টু সিং বলেন, ‘ও এখানে–সেখানে ঘুরে বেড়াত, কাজ করত না। আমরা আলাদা থাকতাম। ও কীভাবে অপরাধী হয়ে উঠল, তা আমাদের জানা নেই। ঘটনাটির ব্যাপারেও আমাদের জানা নেই। অপর বন্দুকধারী অরুণ বাড়ি ছেড়েছেন শৈশবে। ২০১০ সালে ট্রেনে এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় আসামির তালিকায় তাঁর নাম আছে। দিল্লির একটি কারখানায় তিনি কাজ করতেন। অভিযুক্ত ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে, তাঁরা কুখ্যাত অপরাধী হতে চেয়েছিলেন। এ কারণে আতিককে খুন করেছেন। সংশ্লিষ্ট সূত্র বলেছে, পুলিশ এখনো তাঁদের জবানবন্দিকে বিশ্বাস করেনি। তাঁদের জবানবন্দিতে ফাঁক আছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র বলছে, গতকালের ঘটনার পর যোগী আদিত্যনাথ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি প্রতিবেদন জমা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রী সঞ্জয় প্রসাদের সঙ্গে উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই প্রতিবেদন দেওয়া হয়।

post
বাংলাদেশ

বাংলাদেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা মনে করছেন, ঢাকার তাপমাত্রা অন্তত ১ ডিগি সেলসিয়াস কমে যেতে পারে। এছাড়া সারা দেশেই তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার দুপুরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, 'আজ ৩টি বিভাগের দু'এক জায়গায় আমরা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখছি। বৃষ্টি হলে ঢাকার তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। এছাড়া, এখন রোজই তাপমাত্রা কমতে থাকবে।'অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগ এবং ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। উল্লেখ্য, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারী, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে অতি তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়। সিনপটিক অবস্থায় দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া সারা দেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

post
বাংলাদেশ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৭টায় ৫ মিনিটে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের অগ্নিঝরা এই দিনে হানাদার বাহিনী কর্তৃক আক্রান্ত বাঙালি জাতির আলোকবর্তিকা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকারের শপথগ্রহণ আর মুক্তির সনদ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এদিন কবর রচিত হয় অখণ্ড পাকিস্তানের। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র পাবেন জুলাই থেকে

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি বছরের জুলাই মাস থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার আমিরাতের আজমানে প্রবাসী বাংলাদেশিদের ইফতার সমাবেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ কথা জানিয়েছেন।প্রবাসে থেকেই জাতীয় পরিচয়পত্র পাওয়ার বহুদিনের দাবি ছিল প্রবাসীদের। রাষ্ট্রদূত বলেন, 'চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের শুরুতে দেশ থেকে একটি কারিগরি টিম আমিরাতে আসবে। আমরা বলতে পারি প্রবাসীরা আগামী জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পাবেন।' বাংলাদেশি মালিকানাধীন বিশ্বখ্যাত সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমসের আয়োজনে ইফতার মাহফিলে ৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশির সমাগম হয়। সংযুক্ত আরব আমিরাতের ৭ রাজ্যে প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। দেশে রেমিট্যান্স আগমনের শীর্ষ ৩ দেশের মধ্যে আছে আমিরাত।

post
বাংলাদেশ

ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা আজ

বৈশাখের তৃতীয় দিনে আজ রোববারও তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী। শনিবারের মতো আজও ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৫ সালে রাজধানীবাসী সবচেয়ে উত্তপ্ত দিন পার করেছিল। তখন ঢাকার তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল পাঁচ দশকে সর্বোচ্চ। তার আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০০৯ সালের ২৭ এপ্রিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬০ সালে ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

post
বাংলাদেশ

সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত আছে কি না খতিয়ে দেখতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পেছনে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, সন্ত্রাস’ আছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আগুনের মতো ঘটনা ঘটিয়ে ভিন্নপথ অবলম্বন করছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।’ সেই সঙ্গে তিনি দেশের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোয় নজরদারি জোরদার করতে বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে আরও সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে (নিজেদের প্রতিষ্ঠান) পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ শেখ হাসিনা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করেন, তখন ঘটনাস্থলে অপ্রয়োজনীয় জমায়েত হওয়া উচিত নয়। এ বিষয়ে কোনো বাধার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে- ফায়ার সার্ভিস ডিজি

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এসব কথা বলেন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নিউ মার্কেটের চার নম্বর ফটকের সামনে ব্রিফিংয়ে মহাপরিচালক সাংবাদিকদের এসব তথ্য জানান। আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মো. মাইন উদ্দিন বলেন, সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণে সময় লাগবে। দোকানিদের মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে আগুন লাগছে, এটা নাশকতা কি না—এমন প্রশ্নের জবাবে মো. মাইন উদ্দিন বলেন, ‘একের পর আগুন লাগছে। এমন কিছু আছে কি না—এটি খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করব।’ আগুন লাগার কারণ কী—এমন প্রশ্নে মহাপরিচালক মো. মাইন উদ্দিন বলেন, এখনো নির্ণয় করা হয়নি, অনুসন্ধানের পর জানা যাবে।তৃতীয় তলার আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলাতেও। সেখানে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে চার নম্বর গেটের সামনের পদচারী-সেতু গভীর রাতে সিটি করপোরেশনের কর্মীরা ভাঙার কাজ করছিলেন। ব্যবসায়ীদের সন্দেহ, তাঁরা আগুন লাগাতে পারেন—এমন অভিযোগ বিষয়ে মো. মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে জানা নেই। এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়। বঙ্গবাজারের দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।

post
বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সেখানে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। পাশে রয়েছেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা। ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তাঁরা লাইন ধরে একে একে মরদেহের কাছে যাচ্ছেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও।এর আগে সকালে যখন ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়, তখন বীর মুক্তিযোদ্ধারা তাঁর মরদেহ গাড়ি থেকে নামান। পরে তাঁরা মরদেহ বহন করে অস্থায়ী মঞ্চ পর্যন্ত নিয়ে যান। বেলা একটা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। এরপর তাঁর মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা আড়াইটার দিকে সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার কথা রয়েছে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।

post
বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি টিআইবির

ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা জনগণের মৌলিক অধিকার পরিপন্থী। এর সঙ্গে আইনটির যথেচ্ছ অপব্যবহারের ফলে গণমাধ্যম, নাগরিক সমাজ এবং সর্বোপরি জনগণ নিরাপত্তাহীনতায় আছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে আজ এক বিবৃতিতে এসব কথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবি বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন কোনো সমাধান নয়। আইনটি পুরোপুরি বাতিল করে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তার জন্য নতুন আইন প্রণয়ন করতে হবে।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'ডিজিটাল নিরাপত্তার নামে সংবিধান পরিপন্থী প্রক্রিয়ায় গণমাধ্যম, নাগরিক সমাজ তথা আপামর জনগণের জন্য আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করা হয়েছে। আমরা আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।' বিবৃতিতে আরও বলা হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী ও ভিন্নমতাবলম্বীর শায়েস্তাকারী এই আইন স্বাধীনতার চেতনাবিরোধী। 'আইনপ্রয়োগকারী সংস্থার একাংশ আইন লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করছে' দাবি করে টিআইবি বলেছে, 'ভিন্নমত দমন, গণমাধ্যমের কণ্ঠরোধ, সংখ্যালঘু নির্যাতন, গভীর রাতে তুলে নিয়ে যাওয়া, দীর্ঘসময় গুম করে রাখার পর মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো, এমনকি গ্রেপ্তারের পর হেফাজতে নির্যাতনকে স্বাভাবিক ঘটনায় পরিণত করতে এই আইন ব্যবহার করা হচ্ছে।' টিআইবি আরও বলেছে, 'মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক মূল্যবোধ দমনে যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হচ্ছে, তেমনি এটি সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও উগ্র ধর্মান্ধতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের তরফ থেকে এই আইন সংশোধনের কথা বলা হলেও, এই আইনটি পুরোপুরি বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.