post
আন্তর্জাতিক

ভারতে সামরিক ঘাঁটিতে গোলাগুলি, ৪ সেনা নিহত

ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যের ১টি সামরিক ঘাঁটির ভেতর 'গোলাগুলির ঘটনায়' ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।সেনাবাহিনীর বিবৃতি মতে, ঘটনাটি ঘটেছে ভারতের স্থানীয় সময় ভোর ৪টা বেজে ৩৫ মিনিটে। বিবৃতিতে আরও জানানো হয়, দায়ী ব্যক্তিদের খোঁজে 'সার্চ অপারেশন' চলছে। পুরো এলাকাটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ভারতকে যুক্ত রেখে বাংলাদেশে শিল্পকেন্দ্র করতে চায় জাপান

উত্তর-পূর্ব ভারতকে যুক্ত রেখে বাংলাদেশে শিল্পকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে জাপান। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ চেইনসহ বাংলাদেশে একটি শিল্পকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব করেছে জাপান। একইসঙ্গে এই অঞ্চলে বন্দর ও পরিবহনের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বাইরে নেপাল ও ভুটানেও এই সরবরাহ চেইন বিস্তৃত করার প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ভারত সফরের পরে জাপানের এই প্রস্তাব সামনে এসেছে। ভারত সফরের সময় তিনি বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের জন্য একটি নতুন শিল্প কেন্দ্রের ধারণার কথা বলেছিলেন যা ৩০০ মিলিয়ন মানুষের এই দরিদ্র অঞ্চলে উন্নয়নকে আরও জোরদার করতে পারে। রয়টার্স বলছে, ফুমিও কিশিদার সফরের পর তার সরকার তিনটি অবকাঠামো প্রকল্পের জন্য বাংলাদেশে ১২৭ কোটি মার্কিন ডলারের তহবিল অনুমোদন করেছে। ওই তিন প্রকল্পের মধ্যে মাতারবাড়ি এলাকায় একটি নতুন বাণিজ্যিক বন্দর নির্মাণের বিষয়টিও রয়েছে। এই বন্দরের সাথে ত্রিপুরাসহ পার্শ্ববর্তী স্থলবেষ্টিত ভারতীয় রাজ্যগুলোর পাশাপাশি বিস্তৃত আন্তর্জাতিক বাজারের সংযোগ থাকবে। ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয়, বাংলাদেশি এবং জাপানি কর্মকর্তাদের এক বৈঠকে শিল্প কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, ‘এটি ভারত ও বাংলাদেশের জন্য একটি লাভজনক পরিকল্পনা হতে পারে।’তিনি বলেন, গভীর সমুদ্রবন্দরটি ২০২৭ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি বাংলাদেশের রাজধানী ঢাকাকে ভারতের স্থলবেষ্টিত অঞ্চলের সাথে সংযুক্ত করার জন্য শিল্প কেন্দ্র তৈরির চাবিকাঠি হবে। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি আগরতলার ওই বৈঠকে জাপানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এটি ভারত-বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করবে এবং জাপানি ও অন্যান্য বিদেশি বিনিয়োগ আনতে সাহায্য করবে। রয়টার্স বলছে, পরিকল্পিত মাতারবাড়ি প্রকল্পটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর যেখানে বৃহৎ জাহাজ চলাচলের সক্ষমতা থাকবে। এশিয়ান কনফ্লুয়েন্স নামক একটি থিংক-ট্যাংক প্রতিষ্ঠান দু’দিনের এই বৈঠকের আয়োজন করেছিল। এশিয়ান কনফ্লুয়েন্সের প্রধান সব্যসাচী দত্ত বলেছেন, প্রস্তাবিত এই সমুদ্রবন্দর থেকে ত্রিপুরা রাজ্য প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত এবং আঞ্চলিক রপ্তানিকারকদের কাছে এটি গেটওয়ে হয়ে উঠতে পারে।’ মূলত চীনের প্রভাব বিস্তারকে মোকাবিলা করতে গিয়ে বেইজিংয়ের মাল্টি-বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে ভারত ও জাপান যৌথভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফ্রিকাজুড়ে নানা অবকাঠামো প্রকল্প গড়ে তুলেছে। সুজুকি জানিয়েছেন, বাংলাদেশে ইতোমধ্যেই ৩০০টির বেশি জাপানি কোম্পানি কাজ করছে। উভয় দেশ শিগগিরই একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। আর সেটি উৎপাদনকে আরও বাড়িয়ে তুলতে এবং আরও বিদেশি কোম্পানিকে (বাংলাদেশে) আকর্ষণ করতে পারে। অন্যদিকে ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে।

post
বাংলাদেশ

আগামীকাল শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা

সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া। বুধবার (১২ এপ্রিল) ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর সেখানে রাষ্ট্রীয় গার্ড অব অনার জানানোর জন্য রাখা হবে।বর্তমানে ড. জাফরুল্লাহ চৌধুরী মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রয়েছে বলেও জানান তিনি।আলতাফুন নেছা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, শ্রদ্ধা জানানো জন্য ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে। পরে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা হবে গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।

post
এনআরবি বিশ্ব

১৬ এপ্রিল শুরু হচ্ছে হজযাত্রীদের বায়োমেট্রিক

চলতি বছর হজে যাওয়ার জন্য যারা চূড়ান্ত নিবন্ধন করেছেন তাদের সৌদি আরবের ভিসার জন্য বায়োমেট্রিক শুরু হবে আগামী ১৬ এপ্রিল। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৩ এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে সারাদেশব্যাপী একযোগে শুরু হবে।সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্স, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা এবং হজ অফিস, আশকোনা, ঢাকায় বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টগুলো স্ব স্ব এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন। সৌদি সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সৌদি ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হয়।এজন্য সৌদি ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। উল্লেখিত তারিখ থেকে ওই অ্যাপে নিবন্ধন এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না।

post
বাংলাদেশ

না ফেরার দেশে চলে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮১ বছর বয়সী ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। গত বুধবার তাঁকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রধান কিডনি বিশেষজ্ঞ ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফী আজ রাত ১১টা ৩৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।জাফরুল্লাহ চৌধুরী একজন ভাস্কুলার সার্জন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। ১৯৮২ সালের ওষুধ নীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে, ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তাঁর পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে।জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে। তাঁর বাবা হুমায়ন মোর্শেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। মা হাছিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিনী। মা–বাবার দশ সন্তানের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সবার বড়।

post
বিনোদন

যুক্তরাষ্ট্র মাতাবে বাংলাদেশের ব্যান্ড ‘চিরকুট’

তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক এ সংগীতময় যাত্রা চলবে আগামী জুনের শেষ পর্যন্ত। চিরকুট জানায়, তাদের প্রথম কনসার্ট হবে বস্টনে। এই পুরো সময়টাতে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করবে তারা।ব্যান্ডের মুখপাত্র সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘সব ঠিক থাকলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়ব আমরা। প্রিয় শ্রোতা, শুভাকাঙ্ক্ষিরা আমাদের জন্য নিশ্চয়ই দোয়া করবেন যেন সব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আহারে জীবন, দুনিয়া, বাংলার কথা, কানামাছি, মরে যাব, বন্ধু গো, জাদুর শহর, খালাস থেকে লালে লালের সুবাসে দেখা হোক আমেরিকা।’ বাংলা গানের সম্ভারে নতুন কথা, সুর, ভাবনায় নিজেদের মৌলিক গান নিয়ে সুদীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে চিরকুট। ‘দি গ্লোবাল বাংলাদেশি ব্যান্ড’ হিসেবে খ্যাত ‘চিরকুট’ এর আগে ২০১৫ এবং ২০১৬ তে দুটি পূর্ণাঙ্গ ট্যুর করেছিল তারা। এ ছাড়াও গত বছর বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইসিটি মন্ত্রণালয়ের আয়োজন ও আমন্ত্রণে আমেরিকার ম্যানহাটনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্ব সংগীতের কিংবদন্তি ব্যান্ড স্করপিয়নসের সঙ্গে কনসার্টে অংশ নিয়ে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয় চিরকুট।এ ছাড়া পৃথিবীর অন্যতম বৃহৎ ও সম্মানজনক মিউজিক ফেস্টিভ্যাল ‘সাউথ বাই সাউথ ওয়েস্টে বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র ব্যান্ড হিসেবে ২০১৬ সালে দুটি কনসার্টে অংশ নিয়ে সুনাম বয়ে আনে ব্যান্ডটি। বাংলা গানের সুবাস ও গৌরব ছড়াতে গত ১১ বছর ধরে নরওয়ে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালেশিয়ার বিভিন্ন শহরে নানা আন্তর্জাতিক ও দেশীয় কনসার্টে নিয়মিত অংশ নিয়ে আসছে চিরকুট। তারই ধারাবাহিকতায় এই ট্যুর আয়োজন করছেন ইউএসএ’র জ্যামিং এন্টারটেইনমেন্ট এবং দৃক।

post
বিনোদন

জয়ের পরিচালনায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’র পর নতুন সিনেমা ‘স্বর্গে’ চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার দুপুরে ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা। নির্মাতা জয় জানান, এটি নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। তিনি বলেন, অপু গল্প নির্ভর কাজে ইদানিং বেশি মনোযোগী। গল্পটি শুনে সে আগ্রহী হয়েছে।সামাজিক বৈষম্যের গল্পে নির্মিত হবে ‘স্বর্গে’। জয় বলেন, এমন গল্প তুলে আনবো যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করিনা। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাবো। সেই সংকল্প নিয়ে শুটিং শুরু হবে আগামী মে’র মাঝামাঝি সময়ে। অপু বিশ্বাস জানান, তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত ইমপ্রেসের সাপোর্ট পেয়ে আসছেন। এজন্য তিনি এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।চ্যানেল আই অনলাইনকে অপু বিশ্বাস বলেন, নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম, তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’-তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার উপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার। অপু বিশ্বাস আরও বলেন, জয় ভাই অত্যন্ত মেধাবী এবং সময় সচেতন একজন নির্মাতা। তিনি অল্প সময়ে অনেক বেশি মসৃণ করে কাজ করতে জানেন। আমার বিশ্বাস আমাদের নতুন সিনেমা ‘স্বর্গে’ খুব ভালো একটি সিনেমা হবে এবং দর্শকদের কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হবে। পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। তিনি যেমনটা বললেন, দিনশেষে ভালো কাজটা থাকে। এখন ভালো কাজ ছাড়া কোনো গতি নেই। আমি মনে করি, একটি ভালো কাজের অন্তরায় হচ্ছে কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। অপুকে পূর্বের কাজে তার মধ্যে এই জিনিসগুলো পেয়েছি বলেই তাকে নিয়ে নতুন করে সিনেমা করতে যাচ্ছি। অপু বিশ্বাসকে স্ক্রিনে সঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব আমার।

post
বাংলাদেশ

আগামী নির্বাচনকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে

আহমেদ জাকির :  বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম সপ্তাহে। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, এখানে রাজনৈতিক সংকট ততই ঘনীভূত হচ্ছে। দেশটির নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এরই মধ্যে আসন্ন সাধারণ নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন এড়িয়ে গেলে আগামী নির্বাচনের বৈধতা শূন্যের কোঠায় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশে চলমান রাজনৈতিক সংকটের কারণে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থার অভাব দেখা দিয়েছে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে দেশটি কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপ না হলে দেশে রাজনৈতিক অচলাবস্থা আরও গভীর হবে। নির্বাচন কমিশন সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ প্রধান রাজনৈতিক দলগুলিকে আগামী সাধারণ নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসতে আমন্ত্রণ জানিয়েছে। তবে নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনায় বসবে না জানিয়ে বিএনপি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা সরকারের পরামর্শে নির্বাচন কমিশনের চিঠি পাঠানো হয়েছে এবং এটি সরকারের নাটক ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেছে বিএনপি। তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হলেই বিএনপি আলোচনায় অংশ নেবে। এই বিষয়ে এনআরবি কানেক্ট টেলিভিশনের সাথে আলাপকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক সংলাপ অপরিহার্য। তিনি বলেন, আগামী নির্বাচন দেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত এবং নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করা উচিত। রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার এনআরবি কানেক্ট টেলিভিশন বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান দুই রাজনৈতিক দল-আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফলপ্রসূ সংলাপ না হবে, ততদিন দেশে রাজনৈতিক অচলাবস্থার সমাধান হবে না। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে বিরোধী দল বিএনপির মধ্যে বিশ্বাস বাড়াতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ২০১৪ এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেনি, কারণ সেই নির্বাচন শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল। বিএনপি নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে এবং তৃতীয়বারের মতো তারা তাদের দাবিতে সোচ্চার হয়েছে। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক সংলাপ না হলে সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অচলাবস্থা আরও গভীর হবে। যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রধান রাজনৈতিক দলগুলোকে অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে, সেহেতু দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর এগিয়ে আসা এবং আলোচনা করা জরুরি। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য তাদের মতভেদকে দূরে সরিয়ে একত্রিত হওয়া অপরিহার্য। এটি করতে ব্যর্থ হলে নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসের অভাব হতে পারে, যা দেশে আরও রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার দিকে পরিচালিত করতে পারে।

post
বাংলাদেশ

ঈদের ছুটি আরও একদিন বাড়লো

পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। ওইদিন (২০ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এতে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিন ছুটি বাড়লো।মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। সেক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’তিনি বলেন, ‘এখন ঈদ যদি রোববার (২৩ এপ্রিল) হয় তবে বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত ছুটি থাকবে। ছুটিটা শুরু হবে বুধবার থেকে।’ ঈদের পর আমাদের অফিস যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এরমধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও (সোমবার) ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি হওয়ায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

post
সংবাদ

ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফসাপোর্টে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আজ লাইফসাপোর্টে নেওয়া হয়েছে।জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) এ তথ্য জানিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জাফরুল্লাহর সবশেষ শারীরিক অবস্থার খবর জানান। তিনি বলেন, ডা. মামুন মোস্তাফী জানিয়েছেন— আজ সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফসাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে। তিনি বলেন, গণস্বাস্থ্য পরিবার দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহর জন্য দোয়া কামনা করেছে। এর আগে সকালে মিন্টু জানিয়েছিলেন ডা. জাফরুল্লাহ চিকিৎসার জন্য বিদেশ যেতে চান না। তিনি বলেন, ওনাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। সব দিক থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে; কিন্তু ওনার পরিস্থিতি ভালো হচ্ছে না। গত চার দিনেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি চোখ খুলছেন, তবে সেটি স্বাভাবিকভাবে না। অর্ধচেতন বলতে যেমনটা বোঝায়। উন্নত চিকিৎসার কোনো ভাবনা আছে কিনা– জানতে চাইলে মিন্টু বলেন, স্যারের ইচ্ছার বাইরে গিয়ে আমরা কিছু করছি না। করোনার সময় ওনার অবস্থা এখানকার চেয়েও বেশি খারাপ ছিল। কিন্তু ওনার ইচ্ছা হলো— গণস্বাস্থ্যের বাইরে কোনো চিকিৎসা নেবেন না। এমনকি দেশের বাইরেও চিকিৎসার জন্য যাবেন না, এটিই ওনার শেষ কথা। এর আগে রোববার মেডিকেল বোর্ডের প্রধান জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে। প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড পেশার কমে যাওয়ার কারণে দুই দিন ধরে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে তাকে। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.