post
বাংলাদেশ

৫ প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরে বিশ্বব্যাংকের সঙ্গে বড় অঙ্কের ঋণচুক্তি সই হয়েছে। ৫টি প্রকল্পে ২২৫ কোটি (২.২৫ বিলিয়ন) ডলারের ঋণচুক্তি সই হয়েছে। আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ, দুর্যোগ প্রস্তুতি, পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের উন্নয়নে বাংলাদেশকে এ অর্থ ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে গতকাল সোমবার এ–সংক্রান্ত একটি ঋণচুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ অর্থায়ন চুক্তির সময় উপস্থিত ছিলেন।পূর্ব–দক্ষিণ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ (অ্যাকসেস)-বাংলাদেশ ফেজ-১ প্রকল্প, যার মূল্য ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। স্থিতিস্থাপকতা, অভিযোজন ও দুর্বলতা হ্রাসের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (রিভার), যা বাংলাদেশের ডেলটা প্ল্যান ২১০০–কে সমর্থন করার জন্য প্রথম বড় বিনিয়োগ হবে। এটি অভ্যন্তরীণ বন্যার বিরুদ্ধে দুর্যোগ প্রস্তুতি উন্নত করতে সহায়তা করবে। ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি), প্রকল্পটি এ ধরনের প্রথম ঋণ, যা দেশের স্থিতিস্থাপক উন্নয়নে রূপান্তরে সহায়তা করবে। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তা খাতকে আরও গতিশীল, কম দূষণকারী, সম্পদ দক্ষ এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি খাতে রূপান্তর করতে সহায়তা করা। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পটি পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করতে এবং সবুজ বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করবে।

post
যুক্তরাষ্ট্র

ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধি তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

আকাশপথে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রয়োজনীয়তার বিধি উঠে যাচ্ছে। গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনার টিকার বিধিটি ১১ মে শেষ হবে। মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।এ ছাড়া একই দিন (১১ মে) যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে। যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারি প্রায় শেষ। করোনা মহামারির জেরে যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি থেকে করোনায় মৃত্যু ৯৫ শতাংশ কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৯১ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। হোয়াইট হাউস বলেছে, বাধ্যবাধকতার বিষয়টি যুক্তরাষ্ট্রে করোনার টিকাদানকে জোরদার করেছে। ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশিদের জন্য সৌদি আরবে ই-ভিসা কার্যক্রম চালু

বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব যাত্রা সহজতর করতে আজ ১ মে থেকে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি। সৌদি আরবের নতুন ই-ভিসা ব্যবস্থা চালুর পর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশকে দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো।আজ সোমবার দুপুরে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।সৌদি রাষ্ট্রদূত বলেন, এক বছর ধরে পবিত্র হজ পালনকারীদের জন্য ই-ভিসা চালু ছিল। এখন থেকে কাজ, ভ্রমণ ও থাকাসহ সব ধরনের কর্মকাণ্ডে সৌদি আরব যেতে হলে কাগজের ভিসার পরিবর্তে ই-ভিসা পুরোদমে চালু হলো। সৌদি আরব পুরো ভিসাপ্রক্রিয়াটি যান্ত্রিকভাবে সম্পন্ন করতে চায়। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ভিসাপ্রক্রিয়া সহজতর হবে।ই-ভিসা সাশ্রয়ী ও সহজতর—তা বোঝাতে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ভিসা স্টিকার খরচ সাপেক্ষ এবং এখানে ভুল হওয়ার আশঙ্কা থাকে। ই-ভিসা চালুর ফলে এখন থেকে এফোর সাইজের কাগজে ভিসা প্রিন্ট করে দেওয়া হবে। কাগজের নিচের অংশে একটি বারকোড থাকবে। ওই বারকোডে ভিসা যিনি পেয়েছেন, তাঁর সব তথ্য সন্নিবেশিত থাকবে। নতুন ব্যবস্থার কারণে শ্রমিক, চাকরিদাতা, মেডিকেল সেন্টারের কর্মীসহ অন্য সবাই উপকৃত হবেন বলে মনে করেন রাষ্ট্রদূত।রাষ্ট্রদূত জানান, আগে ভিসা স্টিকারে শুধু আরবি ভাষায় তথ্য লেখা থাকত। কিন্তু ই-ভিসা চালুর পর তা আরবি ও ইংরেজি দুই ভাষায় থাকবে। এর ফলে বাংলাদেশিরা সহজে বুঝতে পারবেন ভিসা কত দিনের জন্য এবং কোন শ্রেণিতে আবেদনকারী ভিসা পেলেন।দালালদের দৌরাত্ম্যের কারণে শ্রমিক, চাকরিদাতা ও কর্তৃপক্ষ সমস্যায় পড়ে উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, দালালেরা শ্রমিকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করেন। কিন্তু এর জন্য শ্রমিক বা চাকরিদাতা কেউই দায়ী নয়; বরং এর জন্য দায়ী দালাল শ্রেণি।সৌদি যাত্রার আগে শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য জনশক্তি রপ্তানিকারকদের অনুরোধ জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, শ্রমিকেরা যাওয়ার আগে যেন জানেন, তাঁদের বেতন কত এবং কোথায় কীভাবে কাজ করবেন।দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে দূতাবাসের যোগসাজশের অভিযোগ নাকচ করে দিয়ে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘অনেক সময় শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হয়। তাঁদের বলা হয়, সৌদি দূতাবাস টাকা নেয়। আমি বলতে চাই, এমন অভিযোগ একেবারে মিথ্যা।’সৌদি আরবে এই মুহূর্তে কোনো ফ্রি ভিসা দেওয়া হয় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, শ্রমিকদের নির্দিষ্ট কাজের জন্য ভিসা দেওয়া হয়। এ ছাড়া শ্রমিক ভিসার মেয়াদ দুই বছর।সংবাদ সম্মেলনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম বলেন, বাংলাদেশ থেকে যেসব কর্মী সৌদি আরব যান, তাঁরা আরবি ভাষা পড়তে পারেন না। এজেন্সি থেকে ভিসা নিয়ে তাঁরা আসলে বুঝতে পারেন না, এটা কোন প্রকার ভিসা। সে কারণে ভিসায় ইংরেজি বা বাংলা ভাষা থাকলে সুবিধা হবে।

post
বিনোদন

শাকিবের সঙ্গে প্রেম পর্বের কঠিন দিনগুলো নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি অপু বিশ্বাস ও শাকিব খান। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস । সেখানে স্মৃতি হাতড়িয়ে শাকিবের সঙ্গে প্রেম পর্বের কঠিন দিনগুলো নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।গণমাধ্যমে অপু বিশ্বাস বলেছেন, মা একসময় শাকিবের সঙ্গে কথা বলতে দিত না, ঘুরতে দিত না। বলা যায়, র্যাবের ভূমিকায় থাকত। মানে বন্দুক ছাড়া র্যাব। যখন শাকিবের সঙ্গে দু’তিনটা মুভি শেষ করে ফেললাম, তখনো মা খুব শক্ত ভূমিকায় ছিল। সিনেমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কথা বলতে দিত না মা। সিনেমা সেটের সময় মা সবসময় সামনে থাকত। শাকিবের সঙ্গে অতিরিক্ত কথা বললেই থাপ্পড় দিত। অপু বিশ্বাস আরও বলেন, পরে শাকিবের সঙ্গে আমার মায়ের একদিন হট টক হয়েছিল। সেখানে শাকিবকে মা বলেছিল, তোমাদের দুজনের পছন্দ হলে বিয়ে কর। তার পর ঘুরো। আমি ভালোবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দুজনের মত থাকলে আমাদের সমস্যা নেই। বিয়ে ছাড়া ঘোরাফেরা-কথাবার্তা একেবারেই পছন্দ না আমার। বিয়ে ছাড়া কথাবার্তা, বাবা এটা আমাকে মাফ করে দাও। সেও (শাকিব) মাকে বলেছে, আমি ওকে (অপু বিশ্বাস) রেসপেক্ট করি। আপনার কথা অবশ্যই রাখব। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তার পর শাকিব আমাকে বিয়ের কথা বলল। তখন গোপনে বিয়ে করে ফেলি। বিয়ের সময় আমার বোন ও কাজিন ছিল। তখন আমি ভেবেছিলাম— মা যেহেতু বলল, বিয়ে করলে শাকিবের সঙ্গে কথা বলতে, ঘুরতে সমস্যা হবে না। আমি মনে করেছিলাম বিয়ে করলে অন্তত ঘোরা যাবে, কথা বলা যাবে, মা আর ঝামেলা করবে না— এই ভেবে বিয়ে করে ফেলি। দর্শকদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, বিয়ে করার আগে অনেক চিন্তাভাবনা করবে। বিয়ের পর এত ঝামেলা আমি আগে বুঝিনি। আবেগে বিয়ে করে ফেলি। মূলত শাকিরেব সঙ্গে ফ্রি কথা বলার জন্য বিয়ে করেছিলাম। প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালের গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালের তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে একে অপরকে ডিভোর্স দেন।

post
বিনোদন

এবার শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ফার্স্ট জয়েন্ট ডিসট্রিক্ট জজ আদালতে এই মামলা করেন। বিষয়টি রহমত উল্লাহ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘আমরা মামলাটি নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবো।’ এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন রহমত উল্লাহ। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পাঁচ বছর আগে শুটিং শুরু হলেও সিনেমাটির কাজ এখনও শেষ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ। পরে ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।রহমত উল্লাহ ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।

post
বাংলাদেশ

বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা আইএমএফের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।শনিবার স্থানীয় সময় বিকালে ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক। পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছি।’ মোমেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে উদ্ধৃত করে বলেন, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল (সামগ্রিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে)। কারণ দেশটি এমনকি করোনা মহামারির পরও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে। আইএমএফপ্রধান বলেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ছাড়া কোভিড-১৯ মহামারিকালে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখারও প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নানা উদ্যোগ সম্পর্কে আইএমএফপ্রধানকে অবহিত করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন একদিনে হয়নি, বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল। শেখ হাসিনা বলেন, পটপরিবর্তনের পর কারাগারে থাকাবস্থায় তিনি যেভাবে বাংলাদেশের উন্নয়ন চেয়েছেন, সেভাবে তার পরিকল্পনা করেন এবং ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে আইএমএফপ্রধানকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আইএমএফের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে বলে আশা করেন। ব্রিফিংকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ বলেন, গত ১৪ বছরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে এবং দেশটি কখনই এর থেকে বিচ্যুত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে কাজ করছে, যা বাংলাদেশ মাত্র দুই সপ্তাহের আলোচনার মাধ্যমে পেয়েছে, যদিও অনেক দেশ বছরের পর বছর ধরে আলোচনা চালিয়েও পায় না। আইএমএফপ্রধানকে উদ্ধৃত করে রউফ বলেন, আইএমএফ ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। ব্রিফিংকালে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচন : জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটি বৈধ

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। তবে তাঁর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।আজ রোববার রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান।এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, 'জাহাঙ্গীর আলম মেয়র পদে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হলো।' গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৬ এপ্রিল মনোয়নপত্র সংগ্রহ করেন বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরের দিন তিনি মনোনয়নপত্র জমা দেন। একই দিনে তিন তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রও জমা দেন।ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে তাকে শর্তসাপেক্ষে ক্ষমাও করে আওয়ামী লীগ। এবার গাজীপুর সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় নিজ বাসভবন থেকে প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে দেশটির কোওয়াজুলু নাটাল প্রদেশের পিটার্সমেরিজবাগের বাসভবন থেকে একেএম রশিদুল ইসলাম টিটুর (৫৩) মরদেহ উদ্ধার করা হয়।পিটার্সমেরিজবাগ থেকে প্রবাসী বাংলাদেশি সংগঠক সাইমল হক জানান, টিটুর বাসভবন থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে সেখানে বসবাসরত কয়েকজন বাংলাদেশি পুলিশের সহযোগিতায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে, কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো সুস্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি আরও বলেন, কিছুদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে তিনি একাই থাকতেন। টিটু দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানায় ব্যবসা করতেন। একেএম রশিদুল ইসলাম টিটুর (৫৩) দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়।

post
বিনোদন

পদ্মা সেতুতে ছবি তুলে তোপের মুখে চিত্রনায়িকা বুবলী

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী।শনিবার দুপুর ২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের চারটি ছবি পোস্ট করেছেন বুবলী। এতে দেখা যায়, কালো পোশাকে পদ্মা সেতুর রেলিং ধরে পোজ দিয়েছেন তিনি। পাশেই দাঁড় করানো রয়েছে তার কালো একটি প্রাইভেটকার।ছবিগুলোর ক্যাপশনে কিছু না লিখলেও শুধু ভালোবাসার ইমো দিয়েছেন নায়িকা। ছয় ঘণ্টার ব্যবধানে ৮৩ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে ছবিগুলোতে। মন্তব্য পড়েছে সাড়ে প্রায় ছয় হাজার।ছবিগুলো যে নেটিজেনদের পছন্দ হয়েছে, মন্তব্যে তাদের অনেকেই তা প্রকাশ করেছেন। তবে সেই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় তোপের মুখেও পড়েছেন এই নায়িকা। অনেকেই মন্তব্যের ঘরে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।একজন নেটিজন লিখেছেন, ‘ছবি অনেক সুন্দর লাগছে। পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ। আইন অমান্যকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।’আরেকজন লিখেছেন, ‘প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নিয়ম ভঙ্গ করার জন্য উনাকে আইনের আওতায় আনা হোক।’অন্য একজন লিখেছেন, ‘প্রশাসন কি এদের চোখে দেখে না।’ আবার কেউ লিখেছেন, ‘এদের কেউ জরিমানা করে না?’ এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না এবং গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না; এমন বেশ কিছু নিয়ম করে গত বছর ২৩ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

post
আন্তর্জাতিক

বাইকে বসে প্রকাশ্যেই চলছিল ‘রোমান্স’ শাস্তি দিল পুলিশ

ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছে এক তরুণ। আর মুখোমুখি কোলের ওপর বসে তাকে জড়িয়ে ধরে রয়েছেন এক তরুণী। ওই অবস্থায় প্রকাশ্যেই চলছিল ‘রোমান্স’, সঙ্গে বাইক নিয়ে কেরামতিও। এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন পথচারীরা। তাদের মধ্যেই কেউ একজন সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, গত বুধবার (২৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুরে। ভাইরাল ভিডিওটি দেখে শেষপর্যন্ত অভিযুক্তকে আটক করে পুলিশ। এসময় জরিমানার পাশাপাশি কানে ধরিয়ে সতর্ক করা হয় তাকে।বৃহস্পতিবার বিলাসপুর ট্রাফিকের ডেপুটি পুলিশ সুপার সঞ্জয় কুমার সাহু বলেন, আমাদের কাছে একটি ভিডিও এসে পৌঁছায়। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ ও এক তরুণী চলন্ত বাইকে ‘রোমান্স’ করছে। ট্রাফিক আইনের তোয়াক্কা না করে এমন কাণ্ড ঘটানোয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি সিভিল লাইন এরিয়ার ইমলিপাড়া রোডের। ডিএসপি বলেন, বাইকের নম্বর দেখে এর মালিকের খোঁজ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে সেই যুবক জানান, গাড়িটি তার হলেও ঘটনার সময় হর্ষ তিওয়ারি নামে এক বন্ধু চালাচ্ছিলেন। তার কাছ থেকে হর্ষের বাড়ির ঠিকানাও পায় পুলিশ। পরে তাকে ডেকে পাঠানো হয়।১৯ বছর বয়সী হর্ষ কাওয়ার্ধার বাসিন্দা। কলেজে পড়াশোনা করছেন তিনি। পাশাপাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছেন।ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ভারতের মোটর ভেহিকল আইনে আটক করা হয় হর্ষকে। বিলাসপুর পুলিশের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে বাইকচালক যুবককে কান ধরে ক্ষমা চাইতে দেখা গেছে। বাইকের মালিককে ৮ হাজার ৮০০ রুপি জরিমানা করা হয়েছে। তবে রোমান্সে অংশ নেওয়া হর্ষের বান্ধবীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।চলন্ত বাইকে বিপজ্জনকভাবে রোমান্স করার জন্য আটকের ঘটনা ভারতে এর আগেও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ভিডিও ভাইরালও হয়েছিল অতীতে।গত বছরের ডিসেম্বরে চলন্ত বাইকে বিপজ্জনকভাবে বসে আলিঙ্গন করায় গ্রেফতার হন দুই তরুণ-তরুণী। ঘটনাটি ঘটেছিল বিশাখাপত্তনমে। ব্যস্ত রাস্তায় ওই কাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর যুগলকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।চলতি বছরের জানুয়ারিতে লখনৌতেও একই ধরনের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। এতে জড়িত ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করে ‍পুলিশ। তবে সঙ্গে থাকা মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.