post
বিনোদন

আসছে ও মেয়ে ঢং করো না

বর্তমান সময়ের সংগীতশিল্পী নাওশীন অমি নিয়মিত গান করছেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদে প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘ও মেয়ে ঢং করো না’। রোমান্টিক এই গানটিতে অমির সঙ্গে গেয়েছেন আকাশ মাহমুদ। গানটির কথা লিখেছেন আল আমিন জমাদ্দর সবুজ। মিউজিক ভিডিও নির্মাণ করেন কে এ নিলয়। এতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও প্রণোমি নাফি। সম্প্রতি অমির গাওয়া ‘ভেবে ভেবে তোমায়’ শিরোনামের গানটি প্রকাশ পায়। কিছুদিন আগে আরটিভি মিউজিকের ব্যানারে ‌‌‌‘এই মন মনে মন’ শিরোনাম মৌলিক গান প্রকাশিত হয়। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয় ‘জানিনা জানিনা’ শিরোনামের গান। ২০০৫ সালে সাধন সরকারের হাত ধরে নাওশীন অমির সংগীতে হাতেখড়ি। ঢাকা ওয়াই.ডব্লিউ.সি.এ গানের স্কুল থেকে ৪ বছর গানের তালিম নেন। ২০০৯ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তনে শিশুতে ভর্তি হন। ২০১৬ সালে পাঠ সম্পন্ন করে প্রথম মান নিয়ে নজরুল সংগীত বিভাগে উত্তীর্ণ হন। কিছুদিন ছায়ানটের শিক্ষক সহযোগী হিসেবেও কাজ করেন নাওশীন। পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের ‘তরুণ’ কোর্সে প্রথম স্থান অধিকার করেন। এরপর শুদ্ধ সংগীতের তালিম নেন গুরু অসিত দের কাছে। ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুলভিত্তিক প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন নাওশীন।

post
খেলা

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরলেন সাকিব

এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে সাকিবকে। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ঐ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান ও বোলিং ২ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। কিন্তু ম্যাচে বাম তর্জনীতে চিড় ধড়ায় বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাকিব। বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েন সাকিব। ফলে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তিনি। এরপর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল থেকেও বাদ পাড়েন সাকিব। এমনকি শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলেও ছিলেন না। কারণ চোখের সমস্যা থেকে সুস্থ হতে পারেননি তিনি। তবে টিম ম্যানেজমেন্টের মতে, ভালো অনুভব করার পাশাপাশি কোন সমস্যা ছাড়াই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলেছেন সাকিব। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন সাবেক এ অধিনায়ক। তার অন্তুর্ভুক্তিতে বাদ পড়েছেন প্রথম টেস্টে ১৫ সদস্যের দলে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়। বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ায় পুনর্বাসনের প্রয়োজনে দল থেকে বাদ পড়েছেন পেইসার মুশফিক হাসানও। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেইসার হাসান মাহমুদ। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার। সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

post
আন্তর্জাতিক

ওমরাহ নিবন্ধনে ৪০০ বাংলাদেশির জালিয়াতি, ভিসা নিষেধাজ্ঞার শঙ্কা!

একজনের আঙুলের ছাপ ব্যবহার করে ওমরাহ করতে সৌদি আরবে গেছেন ৪০০ বাংলাদেশি। এক চিঠিতে এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি সরকার। এদিকে, এমন জালিয়াতিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্নসহ ওমরাহ ভিসায় নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা।পবিত্র মক্কা ও মদিনায় আগতদের জন্য সৌদি সরকার ভিসা ব্যবস্থা সহজ করার ফলে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লি প্রতিনিয়ত সৌদি আরবে ওমরাহ পালনে যান। শুধুমাত্র হাতের আঙুলের ছাপ ব্যবহার করে ওমরাহ পালনের জন্য দেয়া হয় ভিসা। এ ব্যবস্থার ফলে কোনো দালাল ছাড়াই ভিসা পেয়ে উপকৃত হচ্ছে মানুষ। কিন্তু এর মধ্যেও শুধুমাত্র একজন ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালনে সৌদিতে গেছেন বলে জানিয়েছে রিয়াদ। এক জরুরি চিঠিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানায় সৌদি সরকার।যা করা হয়েছে তা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম-কানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরাহ নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা। এদিকে, এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের ফলে ভবিষ্যতে বাংলাদেশিরা সৌদি সরকারের বিরাগভাজন হতে পারে। এমনকি ওমরাহ ভিসা প্রদানে নিষেধাজ্ঞাও আসতে পারে বলে শঙ্কা তাদের।এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।  

post
আন্তর্জাতিক

বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি বিশেষ এই দিনে বাংলাদেশিদের উষ্ণ শুভেচ্ছা জানান। এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব এবং দুই দেশের নাগরিকদের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক স্বাস্থ্য–চ্যালেঞ্জ মোকাবিলাসহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।ব্লিঙ্কেন বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ‘বাংলাদেশ আরও একটি স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে, তাই আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এসব প্রচেষ্টাই বাংলাদেশের সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে।’

post
সংবাদ

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা) বিনিয়োগ করছে সৌদি আরব। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ। সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপনন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা দীর্ঘমেয়াদি। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ। ‘এই চুক্তি দুই দেশের মধ্যকার মৈত্রী ও দীর্ঘদিনের অংশীদারিত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এই চুক্তির মধ্যে দিয়ে’-প্রতিবেদনে উল্লেখ করে এসপিএ।

post
বিনোদন

মা হারালেন পূজা চেরি

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। রোববার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রতিষ্ঠাতা আবদুল আজিজ। এ প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। এ অবস্থায় আজ রোববার বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে তার। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’-এর মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ (২০১৮) সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। সেই ধারাবাহিকতায় কাজ করছেন এখনও।

post
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় দেশে শনাক্ত হবে যক্ষ্মা

দেশে যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। আগামী বছর থেকে দেশের তিনটি জেলায় প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচি হিসেবে যক্ষ্মা রোগী শনাক্তে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হচ্ছে। শুরুতে ঢাকা, খুলনা ও পঞ্চগড় জেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শতভাগ রোগী শনাক্ত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। সোমবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমুনোলোজি অব বাংলাদেশ (আইএসিআইবি) আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এ তথ্য জানান। ‘টিবি (যক্ষ্মা)-সিআরজি বিষয়ে কর্ম-পরিকল্পনা নিয়ে প্রস্তুতি’ শীর্ষক বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক এবং আইএসিআইবি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উন্নত দেশগুলো শতভাগ সফলতা পেয়েছে। আমাদের উপমহাদেশেও এখন যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করার পাইলটিং চলছে। আমাদের দেশেও আগামী বছর থেকে ঢাকা, খুলনা ও পঞ্চগড় এই তিনটি জেলায় যক্ষ্মা রোগী শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শতভাগ রোগী শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিশেষজ্ঞ।

post
সংবাদ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বড় নিয়োগ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এদিনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা। তবে এ নিয়ে চূড়ান্ত দিনক্ষণ বলতে রাজি হননি এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’ আর এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম জানিয়েছেন, তারা চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চান। সেভাবেই কাজ করছে সংশ্লিষ্টরা। গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে। এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

post
নারী ও শিশু

দেশে পুরুষের তুলনায় নারী বেশি

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ সালে প্রাক্কলিত বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। যেখানে নারী ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৩১ লাখ ৯০ হাজার বেশি।গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইনরোববার (২৪ মার্চ) পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিবিএসের মতে, বর্তমানে বাংলাদেশে মোট নারী ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যায় প্রায় ৩২ লাখ বেশি।এসডিআরএস ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের আওতায় ২০১২টি নমুনা এলাকা থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩-এর গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, এক বছরের ব্যবধানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১.৪০ শতাংশ।এ সময় প্রতি হাজার জনসংখ্যায় স্থূল মৃত্যুহার ৬.১, যা ২০২২ সালে ছিল ৫.৮। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার প্রতি হাজারে ৩৩ এবং প্রতি লাখ জীবিত জন্ম শিশুর বিপরীতে মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ জন, যা ২০২২ সালে ছিল ১৫৩ জন।২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা ২০২২ সালের (৬৩.৩%) তুলনায় কিছুটা হ্রাস পেয়ে ২০২৩ সালে হয়েছে ৬২.১ শতাংশ। জন্ম নিয়ন্ত্রণের অপূর্ণ চাহিদা ২০২২ সালের (১৬.৬২%) তুলনায় হ্রাস পেয়ে ২০২৩ সালে ১৫.৫৭ শতাংশ হয়েছে। খানার আকার ২০২২ সালের ন্যায় ২০২৩ সালেও অপরিবর্তিত রয়েছে যা ৪.২ জন। তবে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নারী খানাপ্রধানের হার বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে এটি ছিল ১৭.৪%, যা ২০১৩ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮.৯%।এছাড়া, শিক্ষা, কর্মে কিংবা প্রশিক্ষণে নেই এমন তরুণের সংখ্যা ২০২২ সালের (৪০.৬৭%) তুলনায় হ্রাস পেয়ে ২০২৩ সালে ৩৯.৮৮ শতাংশ হয়েছে। ৫+ বয়সী মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার হার ২০২৩ সালে হয়েছে ৫৯,৯ শতাংশ। তবে, ১৫+ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ২০২২ সালের (৭৩.৮) তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪.২ শতাংশ। ২০২৩ সালে ১৫+ বছর বয়সীদের ইন্টারনেট ব্যবহারকারী হার ৫০.১ শতাংশ।পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, সর্বশেষ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ। সেই হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে দেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ। তবে ২০১১ সালের আদমশুমারি ভিত্তিতে দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩৫ লাখ।সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে সর্বশেষ চূড়ান্ত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। ফলে দেশে নতুন করে দেশে জনসংখ্যা বেড়েছে ১৭ লাখ ৬১ হাজার ৮৯ জন।অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিসংখ্যান অধিদপ্তারের মহাপরিচালক সাহান আরা বানু।

post
এনআরবি লাইফ

ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার

অস্ট্রিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। আফগান বংশোদ্ভুত মাতিন পানচিরির সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ আবু মুসা। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ। এতে বক্তব্য রাখান,ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অমিত ভুরাল ও ভাইস প্রেসিডেন্ট এস্রেফ চাকমাকসহ অন্যরা। এসময় ফিলিস্তিনের মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহবান জানান দেশটির সংসদ সদস্যরা। মাহফিলে বাংলাদেশী কমিনিটির পক্ষে উপস্থিত ছিলেন মাহেরুল হক শামীম, মোরাদুল আলম , হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমদ , কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম, ইকবাল মুস্তারী, মাসুদুল আলম , শিফার আহমেদ, আবু সাইয়েদ চৌধুরী, জাহাঙ্গীর আলম , আক্তারুজ্জামান শিবলী, মাসুদুর রহমান, মাসুদ চৌধুরী, সামসুল ইসলাম ও দীন ইসলাম।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.