এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে সাকিবকে।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ঐ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান ও বোলিং ২ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। কিন্তু ম্যাচে বাম তর্জনীতে চিড় ধড়ায় বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাকিব।
বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েন সাকিব। ফলে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তিনি।
এরপর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল থেকেও বাদ পাড়েন সাকিব। এমনকি শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলেও ছিলেন না। কারণ চোখের সমস্যা থেকে সুস্থ হতে পারেননি তিনি।
তবে টিম ম্যানেজমেন্টের মতে, ভালো অনুভব করার পাশাপাশি কোন সমস্যা ছাড়াই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলেছেন সাকিব।
২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন সাবেক এ অধিনায়ক। তার অন্তুর্ভুক্তিতে বাদ পড়েছেন প্রথম টেস্টে ১৫ সদস্যের দলে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়।
বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ায় পুনর্বাসনের প্রয়োজনে দল থেকে বাদ পড়েছেন পেইসার মুশফিক হাসানও। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেইসার হাসান মাহমুদ। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার।
সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
