post
বিনোদন

কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ মারা গেছেন। আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তার মরদেহ এখন রয়েছে গ্রিন রোডের একটি হাসপাতালে। খালিদের প্রথম জানাজা আজ রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দাফন হবে আগামীকাল গোপালগঞ্জে, নিজ বাড়িতে। ‘হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ। এছাড়াও, বহু শ্রোতানন্দিত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন এই সংগীতশিল্পী। গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি।

post
খেলা

তামিম-রিশাদের ব্যাটে সিরিজ জিতলো বাংলাদেশ

তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। ঘরের মাঠে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় পেয়েছে টাইগাররা।ম্যাচে টস জিতে, আগে ব্যাটিংয়ে নেমে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আভিস্কা ফার্নান্দোকে আউট করেন তাসকিন। সামারাবিক্রমাকে ১৪ রানে ফেরান মোস্তাফিজ আর অধিনায়ক কুশাল মেন্ডেসকে দাড়াতেই দেননি রিশাদ। বাংলাদেশের হয়ে তাসকিন ৩, মুস্তাফিজ ২ মেহেদী মিরাজ ২ ও রিশাদ হোসেন ১ উইকেট পান। পরে ২৩৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ পৌছে যায় জয়ের বন্দরে। পরে আনুষ্ঠানিক আয়োজনে সিরিজ জয়ের ট্রফি হাতে পেয়ে উল্লাস করে টাইগাররা।

post
ক্যাম্পাস লাইফ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবি প্রক্টরের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসান পদত্যাগ করেছেন।সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসানের লিখিত অনুরোধের প্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবিরকে ১৮ মার্চ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রক্টর থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি হন। শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন। শহিদুল ইসলাম পিরোজপুরের চল্লিশা গ্রামের বাসিন্দ ছিলেন। শনিবার যোহরের নামাজ শেষে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।

post
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে প্রবাসের ২৭ বীর মুক্তিযোদ্ধার গল্প

বাঙালির স্বাধীনতার ৫৩তম বার্ষিকী আসছে ২৬ মার্চ। অর্থাৎ সেদিন ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন প্রবাস ও বাংলাদেশের বাঙালিরা। ৫৩ বছর আগে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে দামাল ছেলেরা কীভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লিপ্ত হয়েছিলেন, কীভাবে হায়েনাদের কবল থেকে বাংলার মানুষ আর মাটিকে মুক্ত করেছেন, কী ছিল সেই উজ্জীবনী শক্তি ইত্যাদি অবলিলায় বিবৃত করেছেন আমেরিকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ। প্রকৃতির নিয়মেই অনেকে ইন্তেকাল করেছেন এবং অনেকেই নানাবিধ রোগে আক্রান্ত। তাই ইচ্ছা সত্বেও হাতে লিখতে অথবা টাইপ করতে সক্ষম হননা অনেকেই মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় সেসব দিনগুলোর কথা। এ অবস্থায় বীর যোদ্ধাগণের বিরত্বের অবিশ্বাস্য ঘটনাবলি কী হারিয়ে যাবে? ভবিষ্যত প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের বাঙালিরা কী ভুলে যাবে একাত্তরের মুক্তিযুদ্ধের সত্যিকারের তথ্য? একাত্তরের ৭ মার্চ ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (আজকের সোহরাওয়ার্দি উদ্যান) লাখো জনতার উত্তাল সমুদ্রে মাত্র ১৮ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধুর সেই যাদুকরি বক্তব্য কী ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা, মুক্তিকামি মানুষের লড়াইয়ে উৎসাহিত করার ভূমিকা রাখবে না? এসব বিষয় সামনে রেখেই বীর মুক্তিযোদ্ধাগণের রনাঙ্গনের দিনগুলোর কথা ভিডিওতে ধারণের এ উদ্যোগ নেয়া হয়। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের এ উদ্যোগ বাস্তবায়নে পাশে দাঁড়ান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মো. কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং ডা. সায়েরা হক দম্পতি, ওয়াশিংটন ইউনিভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর এবং সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ এবং ব্লিং শু লিমিটেডের কর্ণধার হাসানুজ্জামান। মুক্তিযোদ্ধাগণের গল্প ভিডিওতে ধারণের কার্যক্রম শুরু হয় গত বছর। অর্ধ শতাধিক বীর মুক্তিযোদ্ধার গল্প ধারণে সর্বাত্মক সহায়তা দেন এনআরবি কানেক্ট টিভির আরিফুল ইসলাম, মো. নাঈম হাসান, জলি আহমেদ, সাংবাদিক আলমগীর কবির। সম্পাদনা করেছে ঢাকার লায়নিক মাল্টি মিডিয়া। এরমধ্য থেকে ২৭ জনের গল্প প্রথম পর্বে প্রকাশিত হচ্ছে। এরপর এই আমেরিকার আরো ক’জনের ভিডিও ধারণ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় পর্ব প্রকাশের ইচ্ছা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রথম পর্বে রয়েছেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) ডা. সিতারা রহমান, বীরপ্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান নান্নু, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূ’ইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মো. আমির আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু। এই ২৭ বীর মুক্তিযোদ্ধার গল্পের পরিধি ১ ঘন্টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে বন্দি করা হলেও ভবিষ্যতে বাংলার স্বাধীনতা, বাঙালির বীরত্বগাথা এবং সংগঠক থেকে ব্ঙ্গবন্ধু ও পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের জাতিরপিতা হয়ে উঠা নিয়ে যারা গবেষণা করবেন, ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়াস চালাবেন-তাদের কাছে বীর মুক্তিযোদ্ধাগণের এই বিবরণী কিছুটা হলেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

post
শিক্ষা

ডব্লিউইসটি ক্যাম্পাস ঘুরে গেলেন বাংলাদেশর বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ খান, বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উজ্জ্বল দিন

বাংলাদেশের খ্যাতনামা ব্যবসায়ী, সামিট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মি. ফরিদ খান সম্প্রতি ঘুরে গেলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) ক্যাম্পাস। গত ১৩ মার্চ ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় ফরিদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দময় দিন কাটান। চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং সিএফও ফারহানা হানিপ তাকে ক্যাম্পাসে স্বাগত জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিক মত বিনিময়ে অংশ নেন বাংলাদেশের এই স্বনামধন্য ব্যবসায়ী। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এই মত বিনিময়ে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অব এডুকেশন ড. জেফের পিরিম, ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ও রেজিস্ট্রার ড. শ্যান চো, স্কুল অব বিজনেসের পরিচালক অধ্যাপক মার্ক এল রবিনসন ও বিভিন্ন বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি সদস্যরা এতে অংশ নেন। চ্যান্সেলর আবুবকর হানিপ এসময় বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রস্তুত করে তোলার অঙ্গীকারকে উচ্চে তুলে ধরে ডব্লিউইউএসটি তারা মিশন ও ভিশন নির্ধারন করেছে। "ট্রিপল মিশন নিয়ে আমরা এগুচ্ছি: শিক্ষার্থীদের জন্য ডিগ্রি নিশ্চিত করা, তাদের দক্ষতা তৈরি করা এবং কর্মসংস্থানে সহায়তা করা। যাতে এর মাধ্যমে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ যে অর্থ ব্যয় করে বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার একটা কার্যকর প্রতিদানও তারা পেতে পারে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতায় সক্ষম করে তুলতে আমাদের স্কলার-প্র্যাকটিশনার ফ্যাকাল্টিরা তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও পরিবেশকেই নিয়ে আসছেন ক্লাসরুম সেটিংসে," বলেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। ড. হাসান কারাবার্ক বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও বৈশিষ্ট্য তুলে ধরেন এবং গুরুত্বারোপ করেন এর প্রধান তিনটি লক্ষ্যের ওপর। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অ্যাক্রেডিটেশন কম্প্লায়ান্স নিশ্চিত করা আর শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়কে অ্যাকসেসেবল ও অ্যাফোর্ডেবল করে রাখতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীরা যাতে আপন করে নিতে পারে লেখাপড়ায় মনোযোগী হতে পারে সে প্রচেষ্টা আমাদের সার্বক্ষণিক, বলেন ড. কারাবার্ক। সিএফও ফারহানা হানিপ ক্যাম্পাসে বহুজাতিক শিক্ষার্থীর উপস্থিতিকেই এর অনন্য দিক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, "ডব্লিউইউএসটির প্রতিটি ক্লাসরুম জাতিসংঘের অধিবেশনের আদল পায় কারণ এখানে বিশ্বের অন্তত ১২০টি দেশ থেকে আসা শিক্ষার্থীরা এখন লেখাপড়া করে।"বিভাগীয় প্রধানরা তাদের বক্তৃতায় নিজ নিজ বিশেষত্বগুলো তুলে ধরেন। অধ্যাপক মার্ক রবিনসন গুরুত্বারোপ করেন কিভাবে ইন্ডাস্ট্রি থেকে অর্জিত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা ডব্লিউইউএসটি তার কারিকুলামের অংশ করে নিয়েছে তার ওপর। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. সালমান এলবাদর ডব্লিউইউএসটির শিক্ষা মডেলকে ইউনিক হিসেবে উল্লেখ করেন আর ভাইস প্রেসিডেন্ট ড. পিরিম বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক অগ্রসরতার এবং সে কারণে ভার্জিনিয়া স্টেট অ্যাসেম্বলি থেকে পাওয়া স্বীকৃতির কথা তুলে ধরেন।ড. শ্যান চো বলেন, ক্যাম্পাসের সকলের সমন্বিত প্রচেষ্টা ও দলগতভাবে কাজের মনোভাবই বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এসব অনন্য দিকগুলোর প্রশংসা করে ফরিদ খান তার বক্তব্যে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও তার এই আত্মনিয়োজিত টিমের সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, একজন বাংলাদেশি আমেরিকান যুক্তরাষ্ট্রে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তা এগিয়ে নিচ্ছেন, বিষয়টি তাকে গর্বিত করে। "আমি আশা করি বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং এক সময় যুক্তরাষ্ট্রের টপ র্যাংকড বিশ্ববিদ্যালয়গুলোর একটি হয়ে উঠবে," বলেন ফরিদ খান। পরে চ্যান্সেলর আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট হাসান কারাবার্কের সঙ্গে ফরিদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইটি ল্যাব, স্টেট-অব-আর্টস ক্লাসরুমসমূহ, কম্প্রিহেনসিভ লাইব্রেরি, স্টুডেন্ট লাউঞ্জ, ক্যাফেটেরিয়া ও অন্যান্য বিভাগগুলো ঘুরে দেখেন। একটি স্বপ্ন পূরণের অঙ্গীকার বাস্তবায়নে আর নতুন বিশ্বাসে পথ চলতে বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি উজ্জ্বল হয়ে থাকবে।

post
খেলা

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ফুটবলার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে ক্যাম্প করা ফুটবলার রাজিয়া খাতুন মারা গেছেন। সাতক্ষীরায় সন্তান প্রস্তাবের পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ২২ বছর। তবে জন্ম নেওয়া শিশু সন্তান সুস্থ আছে বলে জানা গেছে। বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাজিয়া অনেক দিন ফুটবলের বাইরে ছিলেন। চার বছর আগে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ার পর আশা না দেখে তিনি ফুটবল ছেড়ে দেন।জানা গেছে, রাজিয়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। পরের বছর ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ আসরে খেলেন তিনি। সিনিয়র দলের সঙ্গে ক্যাম্প করার সুযোগও পান। তবে ফর্ম খারাপ যাওয়ায় ২০১৯ সালে ক্যাম্প থেকে বাদ পড়েন তিনি। পরে সরে যান ফুটবল থেকে। বাংলাদেশের নারী ফুটবল মূলত জাতীয় দল কেন্দ্রীক। সেটাও পরিষ্কার করে বললে সাফ কেন্দ্রীয়। লিগ ফুটবল ছিল না আগে। ক’বছর চালু করা হলেও তা অনিয়মিত। যে কারণে জাতীয় দল ছাড়া খেলার এবং রোজগারের তেমন সুযোগ নেই নারী ফুটবলারদের। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় অনেকে ফিটনেস হারান, কারো ফর্ম পড়ে যায়, অনেকে আবার ফুটবলে আগ্রহ হারিয়ে ফেলেন। রাজিয়ার ক্ষেত্রে হয়েছে তেমনটাই। 

post
খেলা

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

আগামী এপ্রিলে কানাডা এবং মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএ ক্রিকেট) দুই টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে। ম্যাচগুলো টেক্সাসের পেরেইরা ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আয়োজন করা হবে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। বাংলাদেশের ম্যাচ আছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই এই দলের। যে কারণে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মাটিতে নিতে সেখানে সিরিজ খেলার প্রস্তাব করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশের মতো দলের বিপক্ষে বিশ্বকাপের আগে সিরিজ খেলার ওই প্রস্তাব লুফে নিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সূচি অনুযায়ী, ৭ এপ্রিল কানাডার বিপক্ষে প্রথম টি-২০ খেলবে যুক্তরাষ্ট্র, শেষ ও পঞ্চম টি-২০ খেলবে ১৩ এপ্রিল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ২১ মে প্রথম, ২৩ মে দ্বিতীয় এবং ২৫ মে খেলবে সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্যাচ। সিরিজ নিয়ে ইউএসএ ক্রিকেটের চেয়ারম্যান ভেন্যু পিসিকি বলেন, ‘বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দল নির্বাচন করতে, কৌশল ঠিক করতে ও কাজে সমন্বয় আনতে ম্যাচেগুলো বড় ভূমিকা রাখবে। আইসিসি, ক্রিকেট কানাডা ও বিসিবিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি।’ বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের যুক্তরাষ্ট্র সফর ঐতিহাসিক মুহূর্ত। দুই দলের জন্যই ক্রিকেটের প্রতি আবেগ ও সমর্থন দেখানোর এটা অসাধারণ সুযোগ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে ও আসরের জন্য প্রস্তুত হতে এটি একটি আদর্শ সফর।’

post
শিক্ষা

এমপিওভুক্ত হচ্ছে ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষক

ডিগ্রি কলেজের তৃতীয় শিক্ষকরা অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন। তাদের ৮ শর্তে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে এক দশকের বেশি সময় বিনা বেতনে চাকরি করা তৃতীয় শিক্ষকদের কষ্টের অবসান হচ্ছে।বুধবার ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত হওয়া ডিগ্রির তৃতীয় শিক্ষকরা প্রভাষক হিসেবে চাকরি শুরু করবেন নবম গ্রেডে ২২ হাজার ৫০০ টাকা বেতনে। এর সঙ্গে তারা অল্প কিছু বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাবেন। ২০১০ সালের আগ পর্যন্ত বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের ২০১৮ সালের ২৮ আগস্ট এমপিওভুক্তির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অধিকাংশ তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত হন। ২০১০ সালের পর নিয়োগপ্রাপ্ত বিভিন্ন ডিগ্রি কলেজে প্রায় ৮৪১ জন তৃতীয় শিক্ষক নিযুক্ত হন এবং তারা এমপিওভুক্ত হতে পারেননি। এ শিক্ষকরা অর্থ বিভাগ থেকে অনুমোদিত জনবল কাঠামোভুক্ত নয়। এ কারণে তৃতীয় শিক্ষকদের যোগ্যতা, বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত থাকা সাপেক্ষে এমপিওভুক্ত করতে সম্মতির জন্য অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আট শর্তে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য মাউশি অধিদপ্তরকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

post
সংবাদ

পাটজাত পণ্যে সরকার প্রণোদনা দেবে

রপ্তানিযোগ্য পাটজাত পণ্যের উৎপাদনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে পাট থেকে উৎপাদিত রপ্তানি পণ্যে সরকার প্রণোদনা দেবে বলেও জানান করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৬টি পাটকলের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এদিন পাটের তৈরি শাড়ি পরেই জাতীয় পাট দিবস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময়ে সোনালি আঁশ হিসেবে পরিচিত বাংলাদেশের পাট, দেশের সোনালি ভবিষ্যতের জন্য হাতছানি দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে পাট পণ্যকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে, বিভিন্ন সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। পাট পণ্যকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাট পণ্য রপ্তানিতে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.