post
খেলা

আসলে খুব বাজে ব্যাটিং করছি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। সফরকারীদের অপেক্ষা বাড়িয়ে চট্টগ্রাম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। তবে হারের চেয়ে বড় আলোচনায় টাইগারদের বাজে ব্যাটিং। দুই টেস্টের চার ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। কেউই বলার মতো রান করতে পারেননি। কেবল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রান করেছিলেন মুমিনুল হক। চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি ৫০ রানে ফিরেছেন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষ হওয়ার আগে মঙ্গলবার বাংলাদেশ ৭ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে। লঙ্কানদের চেয়ে তারা এখনও ২৪৩ রানে পিছিয়ে, এ অবস্থায় ফল কি আসতে চলে সেটা অনেকটাই অনুমেয়। দিন শেষে সংবাদ সম্মেলনে দলের বাজে ব্যাটিং নিয়ে কথা বলেছেন মুমিনুল, ‘এই সিরিজে আমরা ব্যাটিংয়ে পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই যে আমরা কোনো যুক্তি দিতে পারব। আসলে আমরা খুব বাজে ব্যাটিং করছি দল হিসেবে।’ ‘আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার সেটা করতে পারিনি। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আমরা অন্তত কিছু করতে পেরেছি বা করে দেখিয়েছি। ওই হিসেবে চিন্তা করলে এবার পুরো সিরিজ আমরা কোনো সময়ই যেখানে ক্লিক করা দরকার, যেখানে যা করা দরকার কোনভাবে আমরা ওইভাবে পারিনি’, আরও যোগ করেন এই ব্যাটার।

post
এনআরবি বিশ্ব

বার্মিংহামে জাতীয় দিবস উদযাপন

বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে যুক্তরাজ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের পানসী রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন বার্মিংহামের ৩২টি বাঙালি সামাজিক-রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গঠিত এ পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র শফিক শাহ। এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই,প্রবাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডঃ আব্দুল খালিক,আব্দুর রশিদ ভূঁইয়া,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান,প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ভুলন চৌধুরী,লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশিক মিয়া,জুম্মা আহমদ লিটু ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলামসহ অনেকেl

post
বিনোদন

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা ওলিউল হক রুমি

গেল ফেব্রুয়ারিজুড়েও অভিনেতার টাইমলাইনজুড়ে ছিলো শুটিং ব্যস্ততার ভিডিও আর স্থিরচিত্র। তিনি পর্দায় যেমন সারাক্ষণ মজার চরিত্রে অভিনয় করেন, বাস্তবেও। সেই প্রাণ চঞ্চল অভিনেতা অলিউল হক রুমি এখন নিথর পড়ে আছেন হাসপাতালের বিছানায়। যুদ্ধ করছেন মরণব্যধি ক্যানসারের সঙ্গে। দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। রোগ মুক্তিতে সবার কাছে দোয়া চেয়েছেন এই গুণী অভিনেতা। রুমির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যানসারে আক্রান্ত। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়েছে। এখন দেশের হাসপাতালের সিসিইউতে আছেন এই অভিনেতা। অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। পর্দায় তার উপস্থিতি যেন বাড়তি আনন্দ দেয় দর্শকদের। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেনও। বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে– ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘বাপ বেটা দৌড়ের উপর’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’, ‘রতনে রতন চিনে’, ‘২০০ কদবেলী ইত্যাদি’, ‘সোনার শিকল’, ‘কমেডি ৪২০’, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, ‘আকাশ চুরি’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি। আসছে ঈদের জন্য নির্মিত বেশ ক’টি নাটকেও দেখা যাবে এই অভিনেতাকে।

post
নারী ও শিশু

মার্চে দেশে ৫৩ নারীর আত্মহত্যা, রহস্য কী?

সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে ৫৩ নারী আত্মহত্যা করেছেন। পাশাপাশি ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতপরিচয় ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪৭টি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। মার্চে ২৪৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে জানিয়ে সংগঠনটি বলছে, এর মধ্যে ধর্ষণের ঘটনা ৩৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ৯টি, ধর্ষণের পরে হত্যার ঘটনা একটি ও ১৪টি ধর্ষণচেষ্টা। এ মাসে এক নারী অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন। এমএসএফ জানায়, উল্লেখযোগ্য হারে বাড়ছে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের ঘটনা। গত ফেব্রুয়ারিতে ৩৪টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়েছিল। এসব মরদেহের অধিকাংশই ডোবা খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। মার্চ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। আলোচ্য সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে ৪০ জন সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন। এতে আরও বলা হয়, মার্চ মাসে কারা হেফাজতে ১২ জনের মৃত্যু হয়েছে। সাত গণপিটুনির ঘটনায় ৯ জন ও সীমান্তে ৪ জন নিহত হয়েছেন। এ মাসে ২১টি রাজনৈতিক সহিংসতায় ৯৩ জন গ্রেফতার হয়েছেন।

post
বাংলাদেশ

তামাক দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর

তামাক জনস্বাস্থ্য এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এ অবস্থায় বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার দাবি জানিয়েছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। রোববার জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত ‘তামাকমুক্ত বাংলাদেশ: অগ্রগতি ও করণীয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে যে তিনটি বিশেষ দিকনির্দেশনা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম বর্তমান আইনকে বৈশ্বিক মানদণ্ডে উপনীত করা। এই আলোকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ যুগোপযোগী করে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে ছয়টি সুপারিশ জানানো হয়। সুপারিশগুলো হলো- সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির যে কোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, তামাকজাত দ্রব্যের প্যাকেট/কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কবিহীন ও খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং ই-সিগারেটসহ সব ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস পুরোপুরি নিষিদ্ধ করা।

post
সংবাদ

জাল সনদসহ গ্রেফতার শামসুজ্জামান বরখাস্ত

বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও মার্কসশিটসহ গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের সই করা অফিস আদেশে তার বিরুদ্ধে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়। এতে বলা হয়, জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে রোববার (৩১ মার্চ) দিনগত মধ্যরাতে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করে ডিবি পুলিশ। এমতাবস্থায় তাকে সরকারি চাকুরির আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

post
লাইফ স্টাইল

দক্ষ নেতৃত্বের জন্য যা করবেন

একজন দক্ষ দলনেতা হতে হলে আপনাকে কিছু বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সাফল্য কিংবা ব্যর্থতায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক দক্ষ নেতৃত্বের জন্য কোন কাজ করবেন- লক্ষ্য এবং প্রত্যাশা স্পষ্ট করে দিলে তা আপনার দলকে দিকনির্দেশ এবং উদ্দেশ্য সম্পর্কে বুঝতে সাহায্য করবে। দলের সামর্থ্য এবং তাদের দেওয়া সুবিধা অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। অবাস্তব কোনো লক্ষ্য বা প্রত্যাশা রাখা যাবে না। আপনি কী করছেন তার পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দলনেতা হিসেবে তারা আপনাকেই অনুসরণ করবে। তাই অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে চাইলে নিজের কাজের প্রতি সচেতন হোন। আপনি কর্মঠ হলে ফল ভালো হবে। একটি দলের উৎপাদনশীলতার ভিত্তি হলো কমিউনিকেশন। পুরো দলের সদস্যদের সঙ্গে ভালো কমিউনিকেশন গড়ে তুলুন। যেন তারা আপনার কাছে কাজ সম্পর্কিত কোনো কথা বলতে ভয় না পায়। দলের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করুন। সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দলের সদস্যদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করুন। আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক আচরণ সহ্য করবেন না। এ ধরনের কাউকে পেলে তাকে জবাবদিহির আওতায় আনুন।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে প্রবাসীদের ইফতার

পূর্ব লন্ডনের রাজ মহল সুইটের সাবেক সত্ত্বাধিকারী মরহুম হাজী আব্দুছ ছাত্তার, হাজী আব্দুল মালিক ও হাজী আব্দুল জব্বার সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির বাইতুল ইসলাহ একাডেমীতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন হাজি আখলাকুর রহমান। বাইতুল ইসলাহ একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুফতি আব্দুল ওয়দুদ লতিফীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হোসেন হানাফী, মাওলানা আবদুর রাজ্জাক,মাওলানা শরীফ আহমাদ, হাফিজ দিলওয়ার হোসেন,মাওলানা খালেদ আহমাদ,হাফিজ শরীফ আহমাদ ও কমিউনিটি নেতা আবদুর রবসহ আরো অনেকে।

post
অনুষ্ঠান

আবদুল্লাহপুর ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের ইফতার

আবদুল্লাহপুর ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ বদরুল হক ও পরিচালনা করেন ফরহাদ উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান। রোজার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী শামিম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম, হারুন রশিদ, সালেহ আহমদ নাজু, এমদাদুর রহমান শুককুর, মহি উদ্দিন এবং ফয়েজ উদ্দিনসহ আরো অনেকে।

post
এনআরবি লাইফ

ভেনিসে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার

ইতালির ভেনিসে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। রোজাদারদের স্বাগত ও শুভেচ্ছা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা শফিক গাজী,সহ-সভাপতি মোশারফ হোসেন, আনিস উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিয়া ও সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিড়া সম্পাদক হাবিবুর রহমান,নয়ন মিয়া সোহেল মিয়া সহ আরো অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.