post
সংবাদ

খাদ্য নিরাপত্তায় লবণাক্ত পানি অপসারণের পরামর্শ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে লবণাক্ত পানি দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে, ‘ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী খাদ্য নিরাপত্তা ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাপার জাতীয় কমিটির সদস্য গওহর নঈম ওয়ারা বলেন, রিমাল ছিল মধ্যম মানের একটি ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এটি উপকূলে আঘাত হানার পর থেকে, প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। একইসাথে ঘূর্ণিঝড়ের কারণে, বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে, লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করেছে। ফলে, সামনের আমন মৌসুম ধরতে হলে, মাঠ ও জলাশয় থেকে দ্রুত নোনাজল বের করার ব্যবস্থা নিতে হবে।

post
সংবাদ

ভারী বৃষ্টির কারণে ওসমানীনগরে বন্যার আশঙ্কা

ঘূর্ণিঝড় রিমেল ও ভারী বৃষ্টির কারণে কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে, ফলে সিলেটের ওসমানীনগরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে এবং ২৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, পরিস্থিতি এখনও স্বাভাবিক, তবে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা-তাজপুরসহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কে আছেন।আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে অনেকেই গরু পালন করছেন। বন্যার আশঙ্কায় তারা চরম বিপাকে পড়েছেন। বন্যার পানিতে পশুখাদ্য ও গরুর থাকার জায়গা নিয়ে তারা উদ্বিগ্ন। নিম্নাঞ্চলের বাসিন্দারা তাদের গরু ও অন্যান্য পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে। ডাইক পরিদর্শন করা হয়েছে এবং পানি বৃদ্ধি পেলে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়েছে।

post
সংবাদ

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে কমেছে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের চাপ। ফলে কোথাও পানি কমছে আবার কোথাও বাড়ছে। সিলেটে জেলা প্রশাসন জানিয়েছে,জেলার ১৩ উপজেলার মধ্যে ৭টি বন্যা কবলিত। উপজেলাগুলো হলো গোলাপগঞ্জ, বিয়ানীবাজার,জকিগঞ্জ, কানাইঘাট,জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ। বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজারেরও বেশি। এর মধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছে ৪ হাজার ৮০০ জন। আর আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৫৪৭টি । কয়েকটি আশ্রয়ণ প্রকল্প বন্যা কবলিত হয়ে পড়ায়, সেখানকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সুরমা নদীতে পানি বাড়তে থাকায়, সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এখনও পানিবন্দি লক্ষাধিক মানুষ।

post
সংবাদ

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জে, ঝড়ো বাতাস ও দু‘দিনের টানা বর্ষনে, উজানের পাহাড়ি ঢলে পৌরসভাসহ ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ধান,সবজি ক্ষেত ও মুরগির খামারসহ কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায়, নদী ভাঙ্গন ও নদীর আরো ১৫টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। ধলাই নদীর তীরবর্তী পৌরসভা এলাকার পানিসাইল,সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ,নারায়নপুর ও পতনঊষারের নোয়াগাঁও গ্রামসহ, আদমপুর ও রহিমপুর ইউনিয়নের আরো কয়েকটি গ্রামসহ, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি উপচে উঠে ঘরবাড়ি,হাটবাজার,আউশ ধানের বীজতলা,শাক-সবজিসহ কৃষিক্ষেত তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়,ধলাই নদীর পানি কিছুটা কমলেও, এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে।

post
সংবাদ

মালয়েশিয়ায় পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মী পৌঁছেছেন, যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি। তারা অবস্থান করছেন বিমানবন্দরের ফ্লোরে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ। তিনি বলেছেন, বাংলাদেশিসহ যেসব বিদেশি কর্মী মালয়েশিয়ার বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের সবাইকে নিয়োগকর্তা যাচাই-বাছাই, স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন পর্যালোচনা শেষে তাদের দেশটিতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। সাধারণত মালয়েশিয়ায় প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার বিদেশি শ্রমিক প্রবেশ করে থাকে। কিন্তু সম্প্রতি দেখা গেছে এই সংখ্যা আড়াই হাজার থেকে সাড়ে ৪ হাজারে পৌঁছেছে। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ বিদেশি এয়ারলাইন্সগুলো মালয়েশিয়া ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এদিকে বিদেশি কর্মীরা যেন মালয়েশিয়ায় এসে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মহাপরিচালক রুসলিন জুসোহ। মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া ব্যক্তিদের শুক্রবার ৩১ মে'র মধ্যে প্রবেশের সময়সীমা বেঁধে দিয়েছে মালয়েশিয়ার সরকার। এমন নিয়ম শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশসহ আরও ১৫টি সোর্স কান্ট্রির কর্মীদের জন্যও।

post
সংবাদ

ঈদে চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত

কক্সবাজার স্পেশাল ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বেশি লাভজনক সার্ভিসগুলোর একটি। তারপরও ট্রেনটি বন্ধ করে দিয়েছে রেলওয়ে। এতে যাত্রীদের ক্ষোভের মুখে সার্ভিসটি আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন হিসেবেই এটি চালু হবে। শুক্রবার বিকেলে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে জানিয়েছেন, ইঞ্জিন ও কর্মী সংকটে বন্ধ রাখা চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেনটি আবারও বিশেষ ট্রেন হিসেবে চলাচলের পরিকল্পনা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ১২ জুন থেকে পুনরায় চালু হতে যাওয়া বিশেষ ট্রেনটি চলবে ১ সপ্তাহ। এর আগে মঙ্গলবার (২৮ মে) রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালনা কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে ট্রেন বন্ধের নির্দেশনা জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে কক্সবাজার স্পেশাল-৩ ও ৪ ট্রেনটি ১০ জুন পর্যন্ত চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক বিভাগ থেকে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট থাকার কথা জানানো হয়। এজন্য কক্সবাজার বিশেষ ট্রেন ২৯ মে পর্যন্ত চলছে। ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

post
সংবাদ

৪ কোটি টাকা নিয়ে পালিয়েছে আইকন ট্রাভেল

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে নেয়ার কথা বলে কৌশলে প্রতারণা করে প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়েছে আইকন ট্রাভেল এন্ড ট্যুরের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান নামের এক প্রতারক। বুধবার রাতে কয়েকজন ভুক্তভোগী একত্রিত হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা জানান,৩ লাখ টাকায় মোজাম্বিক নিয়ে যাওয়ার কথা বলে পাসপোর্ট নিয়েছেন প্রতারক আব্দুর রহমান। উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ এর এ রোডের ১৭ নম্বর হাউজে জাকজমক অফিস দেখে অল্প টাকায় বিদেশ যাওয়ার কথা শুনে সহজেই তার ফাঁদে পা বাড়িয়েছেন ভুক্তভোগীরা। তাদের হিসেব মতে প্রায় ১২০ জন বা তারও অধিক মানুষের কাছে থেকে এভাবে টাকা নিয়ে পালিয়েছে প্রতারক। এ ঘটনায় অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

post
সংবাদ

ঈদে ৭ দিন মহাসড়কে নির্মাণ কাজ বন্ধ থাকবে

আসন্ন ঈদুল আযহার সময় ৭ দিন মহাসড়কের সংস্কার ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া যানজট নিরসনে ২১৭টি পশুর হাট,মহাসড়কের পাশে বসানো যাবেনা বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে আয়োজিত ঈদুল আযহা উদযাপন উপলক্ষে, সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় বিষয়ে, সড়ক সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সব নির্দেশনা দেন মন্ত্রী। জানান, ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। ঈদ যাত্রা যানজটমুক্ত রাখতে, ঢাকার প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

post
সংবাদ

সিলেটের চার উপজেলা বন্যার কবলে

সিলেটের চার উপজেলা বন্যার কবলে পড়েছে। ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলে অবিরাম পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন. পিয়াইন ও ধলাই নদীতে। কয়েকটি জায়গায় বিভিন্ন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে। ইতোমধ্যে সীমান্ত সংলগ্ন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পানি ঢুকে পড়েছে নিম্নাঞ্চলে। অনেক ঘরবাড়িতেও পানি। ডুবে গেছে অধিকাংশ গ্রামীণ সড়ক। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত হয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় গোয়াইনঘাট উপজেলায় ৫৬টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৫টি, জৈন্তাপুর উপজেলায় ৪৮টি ও কানাইঘাট উপজেলায় ১৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

post
সংবাদ

ভিকারুননিসার সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ৭২ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগে এ মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. রুহল হক বাদী হায়ে মামলা করেন। সাবেক অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি মধ্যে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা রাজউক শাখার অধ্যক্ষ থাকাকালীন এসব নিয়োগ দেওয়া হয়। এজাহার সূত্রে জানা যায়, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে কামরুন নাহার ২০১৬ সালে ২০ এপ্রিল এক আদেশে অবৈধ প্রক্রিয়ার ৭২ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন। আইন অনুযায়ী, কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না। তারপরও কামরুন নাহার নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে একক সইয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেন। মামলার এজাহারে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের এমপিওভুক্ত বেশ কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ার কারণে নতুন করে এনটিআরসির মাধ্যমে শূন্যপদে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয় অস্থায়ীভাবে। স্কুল ফান্ড থেকে তাদের সব বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এ অস্থায়ী নিয়োগপ্রাপ্তদের অব্যাহতি প্রদান বা পরবর্তীতে এনটিআরসির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা কামরুন নাহার নিজে অধ্যক্ষ থাকাকালীন বা স্কুল কর্তৃপক্ষ নেয়নি। যাদের নিয়োগ করা হয়েছে তাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। শুধুমাত্র অল্প কয়েকজনের ডেমো ক্লাস নেওয়া হয়েছিল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.