খাদ্য নিরাপত্তা নিশ্চিতে লবণাক্ত পানি দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে, ‘ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী খাদ্য নিরাপত্তা ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাপার জাতীয় কমিটির সদস্য গওহর নঈম ওয়ারা বলেন, রিমাল ছিল মধ্যম মানের একটি ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এটি উপকূলে আঘাত হানার পর থেকে, প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। একইসাথে ঘূর্ণিঝড়ের কারণে, বাঁধ সংলগ্ন নিচু এলাকা উপচে, লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করেছে। ফলে, সামনের আমন মৌসুম ধরতে হলে, মাঠ ও জলাশয় থেকে দ্রুত নোনাজল বের করার ব্যবস্থা নিতে হবে।
