মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যে বা যারা সংকট সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ব্যাপারে তদন্ত কমিটি হবে এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
শনিবার (১ জুন) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা পরিদর্শন এবং একটি মতবিনিময় সভায় যোগ দেন।
৩১ মের পর আর কোনো শ্রমিক নেয়া হবে না সেই ঘোষণা মালয়েশিয়া আগেই দিয়েছিলো। যারা নিবন্ধন করেছেন এবং ভিসা পেয়েছেন তাদের ৩১ মের মধ্যে যাওয়ার আলটিমেটাম দিয়েছিলো দেশটি। তবে শেষ পর্যন্ত ৩০ হাজারের বেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি। কয়েক হাজার শ্রমিক টিকিট ছাড়াই বিমানবন্দরে ভিড় করলেও শেষ পর্যন্ত তাদের অনেকের কাছেই মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন অধরা রয়ে যায়।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
