post
সংবাদ

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের : পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের। সকালে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায়, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যার জন্য নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের পাশাপাশি আমেরিকাও যেখানে ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেখানে বিএনপি-জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে, এ গণহত্যার প্রতিবাদ না কোরে, ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। আলোচনা সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন,বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে, ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব।

post
শিক্ষা

এসএসসি পরীক্ষা ‘ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে’

নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন শিক্ষাক্রমের আলোকে ২০২৬ সাল থেকে সেই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নিয়ম ঠিক করে প্রায় চূড়ান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে’র মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। সেখানে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক (ষান্মাষিক) মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সেখানে ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে ডিসেম্বরে। সবকিছু চূড়ান্ত করতে এবং চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেখানে পরীক্ষার সময় বাড়ার পাশাপাশি আরও কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। সবকিছু আরেকটি বৈঠকে চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা ঠিক করতে আগামী ২৭ তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শুরুতে এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে। এসব দিক বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত নয়। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।

post
সংবাদ

১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৫ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরের দিন ২৬ মে (রোববার) সন্ধ্যায় ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ভারতের আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, “বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।” ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও— আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূলে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই এবং এনসিইপি ইঙ্গিত দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইমডি, এনসিইউএম এবং আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে। আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ২৬ মে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে। ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। ২০২০ সালে ভারতের আবহাওয়া দপ্তর ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম দেয়। সেখান থেকেই এবারের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়া হয়নি। যখন এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট এ নিম্নচাপটিকে ‍ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে।

post
সংবাদ

আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে যারা হত্যা করেছেন, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মরদেহটা এখনো উদ্ধার করতে পারিনি। আপনারা যা শুনেছেন, আমরাও সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারব, সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আনোয়ারুল আজীম আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি। ওই বর্ডার এলাকাটা সন্ত্রাস-কবলিত। সে এলাকারই তিনি এমপি। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে সুনিশ্চিত না হয়ে কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে নিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

post
সংবাদ

সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু

সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হজ্বযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। সিলেট-মদিনা হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি মোট ৫টি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী ৪টি ফ্লাইট যাবে সিলেট থেকে জেদ্দা। এই ৫টি ফ্লাইটে সবমিলিয়ে ২ হাজার ৯৫ জন হজ্বযাত্রী পরিবহন করা হবে।

post
সংবাদ

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার। এই শ্রমবাজারে বাংলাদেশ থেকে আর কোনো অদক্ষ কর্মী নেওয়া হবে না বলে জানানো হয়েছে।বুধবার মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এখানে এক লাখ কর্মী কাজ করতে পারে। সেই পরিপ্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে হাইকমিশন কর্তৃক বাংলাদেশের কোটা বাড়ানো এবং আবার ভিসা চালু করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে ‘ফ্রি ভিসা বলতে এখানে কিছু নেই। কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন, সেখানেই কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই এখন যাঁরা এ দেশে কর্মরত রয়েছেন এবং ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাঁদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

post
সংবাদ

এমপি আনার হত্যার কারণ জানতে নিবিড় তদন্ত চলছে : ডিবি প্রধান

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদ। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিবি প্রধান বলেন, এই ঘটনায় নিহতের মেয়ে থানায় মামলা করবেন। আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। হারুন বলেন, নিহত এমপির মেয়ে ডরিন আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন, এরপর আর পাওয়া যায়নি। সেখানে কী ঘটেছে, সেটা শুনেছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন ডরিন। মামলা কীভাবে, কোথায় করবেন...। তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। আমরা তাকে বলেছি শেরে বাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছেন। মামলাটি আজকের মধ্যেই হবে।

post
সংবাদ

আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আটককৃত তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজীম দেশের বাইরে গিয়েছিলেন। সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের পুলিশ আমাদের নিশ্চিত করেছে, তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মন্ত্রী বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত নয়। বাংলাদেশিরাই খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে। তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।

post
সংবাদ

নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বিজ্ঞপ্তি হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার সকালে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে, সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর, সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এসময়ে মন্ত্রী বলেন,একটা বিষয় পরিষ্কার,মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর, নিষেধাজ্ঞা দিয়েছে। এটা নতুন কিছু নয়। তবে বাংলাদেশের কাকে দেয়া হয়েছে তা পরিষ্কার নয়।

post
সংবাদ

যুক্তরাষ্ট্র’র নিষেধাজ্ঞায় সাবেক সেনাপ্রধান আজিজ

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ড, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান,সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর, জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে। এছাড়া, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও, বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত, বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন, জেনারেল আজিজ আহমেদ। এর আগে ২০১২ সাল থেকে ৪ বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.