post
সংবাদ

এমপি আনারের আসন শূন্য ঘোষণায় জটিলতা

চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের এখনো সন্ধান মেলেনি। ফলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে কিংবা কোনো সংসদ সদস্য মারা গেলে স্পিকার সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করেন। কোনো আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আনোয়ারুল আজীম আনারের মরদেহের সন্ধান না মেলা পর্যন্ত ওই আসনটি শূন্য করার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এ নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বও তৈরি রয়েছে। গত ১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান আনোয়ারুল আজীম আনার। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আনারের সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর ১৯ মে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে গিয়ে বাবার নিখোঁজের অভিযোগ দেন। গত বুধবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনার খুন হওয়ার খবর প্রকাশ করা হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে রাতে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম।

post
শিক্ষা

উচ্চশিক্ষায় একত্রে কাজ করবে বাংলাদেশ-কানাডা

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্ম সংশ্লিষ্ট এবং শ্রম বাজার সংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানে একসঙ্গে কাজ করবে কানাডা ও বাংলাদেশ সরকার। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বাংলাদেশে সফররত কানাডার ডেপুটি মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মি. ক্রিস্টোফার ম্যাকের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রোগ্রাম) মি. জো গুডিংনস, বাংলাদেশে নিযুক্ত কানাডার হেড অব কো-অপারেশন (রোহিঙ্গা প্রোগ্রাম) বিবেক প্রকাশ ও বাংলাদেশে নিযুক্ত কানাডার অ্যাকটিং পলিটিক্যাল কাউন্সিলর মিজ সিয়োবহান কার।

post
সংবাদ

আনারের সন্ধানের দাবীতে ঝিনাইদহে কর্মসূচী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সন্ধানের দাবীতে,অবস্থান কর্মসূচী পালন করছেন,স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারের সংসদ সদস্যের বাড়ির সামনে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানীসহ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেয়। তারা বলেন,এমপি আনার নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পার হলেও,তার কোন সন্ধান পাওয়া যায়নি। কলকাতায় খুন হয়েছে বলে গোয়েন্দা সংস্থা বললেও,তার কোন আলামত দিতে পারেনি তারা। তাই নিখোঁজ হলে সন্ধান, আর খুন হলে মরদেহ দাবী করেন,নেতাকর্মীরা।

post
সংবাদ

বৈধপথে অর্থ প্রেরণের মাধ্যমে সম্মান বাড়বে

বৈধপথে অর্থ প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান বৃদ্ধি পাবে, সেইসাথে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে বলে মন্তব্য করেছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি নির্বাচিতদের ‘অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এ আয়োজন করা হয়। কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ মাহতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম। এসময় আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২০২১,২০২২ ও ২০২৩ সালে সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা দেয়া হয়। সেইসাথে দেশে নিয়মিতভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে রেমিট্যান্স এওয়ার্ড দেয়া হয়। 

post
সংবাদ

আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার তিনি মক্কায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৬ জন হাজী মারা গেছেন। এরমধ্যে মক্কায় চারজন এবং মদিনায় দুজন। এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্তসৌদি পৌঁছেছেন ৪৩ হাজার ৮৮৬ জন হজযাত্রী। মোট ১০৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৯ হাজার ৬৩৯ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ৬৮৬টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

post
সংবাদ

চার বছর পর জানা গেলো ফাহিম সালেহ হত্যার কারণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০২০ সালের ১৩ জুলাই নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহ। নৃশংস ওই হত্যাকাণ্ডের জড়িত থাকায় কয়েক মাস পরই তার ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলকে গ্রেফতার করা হয় এবং বিচার শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি ফাহিম সালেহ ও ঘাতক টাইরেস হ্যাসপিল। কিন্তু হ্যাসপিল ঠিক কারণে তার চাকরিদাতা ফাহিম সালেহকে নির্মমভাবে হত্যা করেন প্রায় চার বছর পর তার কারণ সামনে এসেছে। হ্যাসপিলের আইনজীবীরা দাবি করেছেন, ফাহিম সালেহর হাজার হাজার ডলার চুরি করেছিলেন হ্যাসপিল। আর সেই চুরির ঘটনা লুকাতেই ফাহিমকে শিরোশ্ছেদ করে হত্যা করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন মতে, ফাহিমকে হত্যার কয়েক দিন আগেই চুরি করা অর্থ ব্যবহার করে নিজের ফরাসি বান্ধবী মেরিন চাভিউজকে উপহার দিয়েছিলেন হ্যাসপিল। ফাহিম হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালতে ২০২০ সালের ১৩ অক্টোবর হ্যাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়। ম্যানহ্যাটান সুপ্রিম কোর্টে মামলার শুনানিকালে হ্যাসপিলের আইনজীবী স্যাম রবার্ট বলেন, চুরির ঘটনা প্রকাশ পেতে পারে এবং সেটা জানার পর বান্ধবী তাকে ত্যাগ করতে পারে এমন ভয় থেকে হত্যার মতো অপরাধ ঘটান হ্যাসপিল।

post
সংবাদ

সিসিকের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করতে লন্ডনে পরামর্শ সভা

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছেন লন্ডনে বসবাসরত প্রবাসীরা। হোল্ডিং ট্যাক্স নিয়ে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিওনের যৌথ উদ্যোগে লন্ডনে আয়োজিত এক পরামর্শ ও আলোচনা সভায় প্রবাসী নেতারা এই আহ্বান জানান। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও ট্রেজারার সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, উচ্চহারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির ফলে সিলেটের প্রবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সভায় নেতারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রায় অধিকাংশ প্রবাসীরা নিয়মিত পরিশোধ করে আসছেন। জনকল্যাণে উন্নয়নের স্বার্থে ট্যাক্স প্রদান অবশ্যই জরুরি। কিন্তু তা যদি মানুষের পরিশোধের ক্ষমতার মধ্যে না থাকে তাহলে জনগণের স্বার্থ বিঘ্নিত হয়। এমন পরিস্থিতিতে প্রতিবাদ করা আবশ্যক হয়ে দাঁড়ায়। প্রবাসীরা অবশ্য সবসময় ট্যাক্স পরিশোধ করে আসছে, করবেও। এবিষয়ে সিলেট সিটি কর্পোরেশনকে ট্যাক্সের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে হবে। বক্তারা নতুন আরোপিত হোল্ডিং ট্যাক্স নতুন করে অ্যাসেসমেন্টের মাধ্যমে যৌক্তিক কর, সংগতিপূর্ণ ও সহনশীল করার পক্ষে মত দেন।

post
সংবাদ

সিআইডির ধারণা, মরদেহের খণ্ডিত অংশ জলজ প্রাণীর পেটে গেছে

কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরা করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। গত ২২ মে আনার হত্যা মামলার তদন্তভার নেয় সিআইডি। এরপর গত বৃহস্পতিবার সিআইডি এই খুনের অন্যতম সন্দেহভাজন আসামি ‘কসাই’ জিহাদকে গ্রেপ্তার করে। পরে আজ জিহাদকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে ‘কসাই’খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনোয়ারুলকে হত্যার পর কীভাবে তাঁর মরদেহ টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়, তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি।

post
সংবাদ

ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না। সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেই ব্যবস্থা করে দেবো। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে ১০ তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ (শনিবার) সকালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যেরকম ভাড়া সেরকম ভাড়াই দেবে। কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। শুধু বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না, আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিন মজুররাও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায়, সেই ব্যবস্থা আছে। কেউ যদি সাত দিনের ভাড়া দিতে চায়, সে ব্যবস্থা আছে। কেউ মাসের ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থাও হবে। আমরা ইতিমধ্যে ৩০০ পরিবার তুলেছি।

post
সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৮৯৯০ জন

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন হাজী। মোট ৯৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যান ৩৫ হাজার ২৪৩ জন। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্যমতে, ৯৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৫৪৫টি ভিসা ইস্যু করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় শতভাগ ভিসা ইস্যু হয়েছে, আর বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা ইস্যুর হার ৯৯ শতাংশ। পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে মক্কায় দুজন এবং মদিনায় একজন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.