ঈদের দিন ঢাকায় থাকা শিক্ষার্থীদের আপ্যায়নের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এ আয়োজনের পুরো খরচ বিশ্ববিদ্যালয় থেকে বহন করা হলেও বণ্টনে সহযোগিতা করার সুযোগ নিয়ে নিজেদের নামে আপ্যায়নের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে শিক্ষার্থীদের আপ্যায়নের বিষয়টি স্বীকারও করেছেন জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি।
সোমবার (১৭ জুন) জবিতে ঢাকায় ও ছাত্রী হলে থাকা শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়। এ সময় প্রক্টরিয়াল টিমের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, মনির হোসেন, কিশোর রায়, মাসুদ রানাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা শিক্ষক উপস্থিত ছিলেন। খাবার বণ্টনে তাদের সঙ্গে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ব্যানার টানিয়ে জবি শাখা ছাত্রলীগের উদ্যোগে ঈদের দিন শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়েছে বলে পোস্ট দিচ্ছেন অনেক নেতাকর্মী। কোনো কোনো পোস্টে শিক্ষার্থীদের জন্য জবি প্রশাসন আপ্যায়নের কোনো ব্যবস্থা করেনি জানিয়ে ছাত্রলীগ থেকে সব আয়োজন করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে জবির প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আপ্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেড় লাখ টাকার বেশি ব্যয়ে পুরো খরচ জবি প্রশাসন বহন করেছে। জবি শাখা ছাত্রলীগকে খাবার বণ্টনে সহযোগিতা করতে বলা হয়েছিল। কেউ যদি বিভ্রান্তি ছড়ায় বিষয়টি বিব্রতকর।
