post
সংবাদ

রমজানে মাংস-ডিম বিক্রি করা হবে

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করা হবে।সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের একথা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, ১০ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত,রাজধানীর ৩০টি জায়গায় তা পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সামর্থ্য অনুযারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ দেন মন্ত্রী। এছাড়া মানুষকে কষ্ট দিয়ে,অধিক মুনাফা লাভের চেষ্টা না করতে, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। রমজান উপলক্ষে গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা ও সলিড ব্রয়লার ২৮০ টাকায় বিক্রি করা হবে। এছাড়া ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। এটাই হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে।

post
সংবাদ

দুবাইতে রাষ্ট্রপতিকে রাষ্ট্রদূতের অভ্যর্থনা

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ড.রেবেকা সুলতানাকে অভ্যর্থনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।রোববার দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম, প্রথম সচিব বিদ্যুৎ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে রাষ্ট্রপতি যুক্তরাজ্যে যাওয়ার পথে যাত্রা বিরতিতে ভোর ৪:৩০ মিনিটে দুবাই এসে পৌঁছান। স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে শনিবার রাতে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

post
সংবাদ

চুয়াডাঙ্গায় আমেরিকা প্রবাসীর মতবিনিময়

চুয়াডাঙ্গায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন আমেরিকার ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও এফবি টিভির সিইও হাকিমুল আলম মালিক টিটন। সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।সভায় ফ্লোরিডা থেকে প্রচারিত আইপিটিভি এফবি টিভির সিইও তাঁর বক্তব্যে জানান, প্রবাসে থেকেও দেশ ও মানুষের কল্যানের কথা ভেবে বাংলাদেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। যারা মহৎ পেশা সাংবাদিকতায় আছেন তারাই পারেন দেশ ও দেশের মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে।

post
টেক মেন্টর

পিপলএনটেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের সেমিনার অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই বাংলাদেশের পরবর্তী লক্ষ্য।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে পিপলএনটেক বাংলাদেশ। ইতিমধ্যে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এই ধারাবাহিকতায় শুক্রবার (১লা মার্চ) ঢাকায় অবস্থিত পিপলএনটেকের নিজস্ব কার্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়। অর্ধ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে সেমিনারে বক্তব্য রাখেন সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য ও পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির হেড অফ ফ্যাকাল্টি সাইবার সিকিউরিটি প্রকৌশলী মো. মুশফিকুর রহমান।বর্তমানে ডিজিটাল বিপ্লবের সময়ে সাইবার সিকিউরিটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় সেমিনারে। সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুশফিকুর রহমান বলেন, বিদেশি সফটওয়্যার ব্যবহারে তথ্য নিরাপত্তা ঝুঁকি থাকে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় উৎপাদিত সফটওয়্যার ব্যবহারের চর্চা বাড়াতে হবে। আর এটি নিশ্চিত করতে হলে প্রযুক্তিতে নিজেদের দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি এতে দেশের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ও বাড়বে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।পরে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় সেমিনারটি।পিপলএনটেকের আয়োজনে একবছর মেয়াদী পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স শুরু হবে চলতি মাসে।এই কোর্সে থাকবে ইথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক ইনভেস্টিগেশন, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি আর্কিটেকচার, ইনফরমেশন সিস্টেম অডিটিং, সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি আর্কিটেকচার সহ মোট ১২ টি বিষয়।কোর্স শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির পার্টনারশিপে সার্টিফিকেট প্রদান করার ঘোষণা দেওয়া হয়।

post
সংবাদ

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৪ জন নিহত

বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে লাগা আগুনে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ।বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।এর আগে রাত পৌনে ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত যেতে বলেছেন। এখানে এসে ভয়াবহ অবস্থা দেখলাম। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন। যারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছেন তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

post
সংবাদ

চিকিৎসায় বছরে বিদেশে চলে যায় ৫০০ কোটি ডলার

‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর আহ্বায়ক ও পিএইচএ ট্রাস্টি ডা. বাশার এম আতিকুজ্জামান বলেছেন, ‘চিকিৎসাসেবার ক্ষেত্রে বছরে ৫০০ কোটি ডলারের মতো দেশের বাইরে চলে যায়। আমাদের অন্যতম দায়িত্ব হলো এই অপচয়টা রোধ করা। টেকনোলজি ডেভেলপ করা, ডাক্তারদের ট্রেইন করা, নতুন সার্ভিস লাইন শুরু করা। স্বাস্থ্যসেবার যে বিষয়গুলো দেশে হচ্ছে না, যেসব কারণে রোগীদের দেশের বাইরে যেতে হচ্ছে, সেগুলো যাতে দেশে করা যায়, আমরা সেদিকে গুরুত্ব দিচ্ছি। আমরা চাচ্ছি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করতে, যাতে তারা দেশের মানুষের জন্য কাজে আসতে পারেন।’রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’ এর মূল পর্বের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চেয়ারপারসন ও ট্রাস্টি ডা. তাসবিরুল ইসলাম, পিএইচএ ট্রাস্টি ডা. নাসের খান, ডা. মো. জাকের উল্লাহ, ডা. চৌধুরী এইচ আহসান, ডা. শাকিল ফরিদ ও ওমর শরীফ উপস্থিত ছিলেন।এই প্রথমবারের দেশে অনুষ্ঠিত হচ্ছে পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়ায় এই প্রথম। নয় দিনের এই সম্মেলনে দুই হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নিয়েছেন। রোববার ছিল এই সামিটের সপ্তম দিন এবং দুই দিনের মূল পর্বের সমাপনী দিন। মূল পর্বের সমাপনী পরবর্তী আরও দুই দিনে তিনটি সেশন অনুষ্ঠিত হবে।ডা. বাশার এম আতিকুজ্জামান বলেন, আমাদের (পিএইচএ) কাজ হলো নলেজ এবং টেকনোলজি ট্রান্সফার করা, একজন আরেকজনের কাছ থেকে শেখা এবং বিশ্বায়নের যুগে একজন আরেকজনকে সাহায্য করা।এই সামিটের প্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের যে লক্ষ্য তার চেয়ে বেশি মাত্রায় এই সামিট সফল হয়েছে। আমাদের লক্ষ ছিল এক হাজার ডাক্তারকে যুক্ত করা। সেখানে দুই হাজার ডাক্তার যুক্ত হয়েছেন। আমি মনে করি, এটা একটা বিশাল সাকসেস। আমরা একটা কালচারাল চেঞ্জ আনতে চাচ্ছি। আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের ড্রিম অনেক বড়। সেই স্বপ্নের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হলো নলেজ গ্যাপটা কমানো, যাতে আমাদের স্টুডেন্টরা স্বপ্ন দেখতে পারে। সময় লাগবে। কিন্তু আশা করি আমরা সাকসেসফুল হব।’প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চেয়ারপারসন ও ট্রাস্টি ডা. তাসবিরুল ইসলাম বলেন, ‘এ ধরনের সম্মেলন বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়াতেও হয়নি। আমাদের এই কনফারেন্সের আগে ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৬টা কোর্স করিয়েছি। আমরা ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব কোর্স করিয়েছি। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি আবার সামিট পরবর্তী দুই দিনের কোর্স করানো হবে। আপনারা দেখবেন, আজ এক রুমে কথা বলছেন অনকোলজিস্ট, এক রুমে কার্ডিওলজিস্ট, এক রুমে সার্জারি ও এক রুমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কথা বলছে। এ রকম একটা কনফারেন্স ওয়ার্ড হয়েছে কি না আমি চেক করব।’তিনি বলেন, ‘আমার লন্ডন কোর রিভিও কোর্স করিয়েছি। যেটি বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়াতেও হয়নি। সেই কোর্স আমরা নিয়ে এসেছি ঢাকায়। ইন্ডিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা থেকে এখানে কোর্স করতে এসেছে। এই তিন দেশে কোর্সটি লাইভ টেলিকাস্ট করা হয়েছে। রেজিস্ট্রেশন করেও যারা আসতে পারেননি, তারা ভার্চুয়ালি কোর্সটি করেছেন। এই কোর্সটি বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। যারা এসেছিলেন তারা বাংলাদেশে আতিথেয়তায় মুগ্ধ। আমরা প্রতিবছরই এ রকম কনফারেন্সের আয়োজন করব। এ ছাড়া মাঝে মাঝে ঢাকার বাইরে ডে লং কোর্স করাব। নভেম্বরে আমরা চট্টগ্রামে এক দিনে আয়োজন করব। খুলনা এবং বরিশালেও আমাদের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমরা চাচ্ছি বিকেন্দ্রীকরণ করতে। স্ট্রোকের ওপর আমরা ইতিপূর্বে সিলেটে দুই দিনের আয়োজন করেছিলাম।’পিএইচএ ট্রাস্টি ডা. নাসের খান বলেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে বাংলাদেশের অনেক নামকরা প্রফেসর যুক্ত আছেন। তাদের পরামর্শ নিয়েই আমরা প্রতিটা পদক্ষেপ নেই। হেলথ কেয়ারে যারা যুক্ত আছেন নার্স-টেকনিশিয়ান বা যেকোনো পর্যায়ের কর্মকর্তারা। তাদের ট্রেনিং ও জ্ঞান আমরা অন্তর্ভুক্ত করতে চাই। আমরা শুধু বিদেশি নলেজই এ দেশে নিয়ে আসব তা নয়, বাংলাদেশি ডাক্তারদের অগ্রগতিও আমরা বিশ্বদরবারে তুলে ধরতে চাই।’পিএইচএ ট্রাস্টি ডা. শাকিল ফরিদ বলেন, ‘দেশের সবগুলো সোসাইটি, কলেজ অব ফিজিসিয়ানস—এ ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা কাজ করছি। তা না হলে আমরা সাকসেসফুল হতে পারতাম না। এই সামিট স্টুডেন্টদের জন্য খুবই উপকারী। কারণ তারা একটা প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত হতে পারছে, বড় বড় ডাক্তারদের সান্নিধ্যে আসতে পারছে। এটা তাদের ক্যারিয়ারের জন্য খুবই উপকারী।’পিএইচএ ট্রাস্টি ওমর শরীফ বলেন, ‘সকল স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা পিএইচএকে সাউথ এশিয়াতে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চাই।’

post
শিক্ষা

উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে হবে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা-যোগ্যতা না থাকলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।রোববার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিশ্ব নাগরিক তৈরি করার প্রক্রিয়া। সমগ্র বিশ্বে এখন দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ কর্মীর চাহিদা বেড়েছে। সমগ্র বিশ্বের শ্রম বাজার আমাদের জন্য উন্মুক্ত।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে যদি দেখি, সেসব দেশে আরবি-ফরাসি ভাষা শিখে বিশ্ব নাগরিক হওয়ার জন্য তাদের তরুণ প্রজন্ম সারাবিশ্বে জড়িয়ে পড়েছে। আমাদেরকেও এ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এজন্য যেভাবে দক্ষ ও যোগ্য হওয়া যায়, শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে হবে।গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের কাছে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনারা কেন বিদেশি পেশাজীবীদের এ জায়গা দখল করতে পারবেন না? যারা ইতোমধ্যেই গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের উদ্দেশ্যে বিনীত নিবেদন থাকবে ক্যারিয়ার প্ল্যানিংটা আপনারা অবশ্যই করবেন। তিনি বলেন, বিশ্বের যেসব ভাষা বহুল প্রচলিত সেসব ভাষায় আমাদের শিক্ষার্থীরা যাতে দক্ষ হয়ে উঠে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন।তিনি  আরো বলেন, ভাষা ছাড়াও অনেক সফট স্কিল রয়েছে। এসব স্কিলের দিক থেকেও আমরা যদি পিছিয়ে থাকি তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে।বিশ্ববিদ্যালয়টির ৭ম সমাবর্তনে ৩ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আরও চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।তিনি বলেন, যেসব খাতে বিদেশি পেশাজীবীরা কর্মরত আছেন সে সব খাতে আপনারা দেখবেন, এসব পেশাজীবীরা সুনির্দিষ্ট কিছু দক্ষতার কারণে এদেশে কাজের সুযোগ পেয়েছেন। যারা কর্মদাতা, তারা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট বলে কাউকে চাকরি দেন না।ইউআইইউর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভাসিটির অধ্যাপক ইমেরিটাস এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া প্রমুখ।

post
সংবাদ

সিলেটে প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব আজমান আলী-জমিলা খাতুন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এসব বিতরণ করা হয়। ২০০৮ সালে নিজেদের পিতা ও মাতার নামে চার ভাই এই ফাউন্ডেশন গড়ে তোলেন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর তারা এলাকার গৃহহীন মানুষকে গৃহ,গভীর নলকূপ, খাদ্য সামগ্রী, শীত বস্ত্র, ইফতার সামগ্রী সহ নানাভাবে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে আসছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, আগামীতে আরো ব্যাপক আকারে এলাকার দরিদ্র নিপীড়িত মানুষদের সাহায্য সহযোগিতা করার পদক্ষেপ নেয়া হয়েছে। এসময় উপস্থিত  ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আলাউর রহমান আলা,সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম,হুমায়ুন রশিদ মাসুম,মামুনুর রশিদ খলকু,জাহিদুল হক আম্বিয়া কার্জনসহ অনেকে।

post
সংবাদ

গ্রামে বসেই উন্নয়নের সেবা পাচ্ছে জনগণ

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে, স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার জনপ্রতিনিধি এতে অংশ নেন। বক্তৃতার শুরুতেই তিনি জানান,গ্রামে বসেই উন্নয়নের সেবা পাচ্ছে দেশের সব প্রান্তের জনগণ। এছাড়া, পরিবেশ ও জলাভূমি সংরক্ষণে গুরুত্ব তুলে ধরেন তিনি। জনগণের কল্যাণে প্রকল্প নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন,যত্রতত্র প্রকল্প না নিয়ে সময় ও সম্পদের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।  জনগণই একটি দেশের প্রধান চালিকা শক্তি উল্লেখ করে, কাজের মাধ্যমে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে, জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।  এছাড়া মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের মাঝে সচেতনা বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান সরকার প্রধান।

post
সংবাদ

বিয়ে করলেন ফারাজ করিম, কনে কে?

সময়ের আলোচিত ফারাজ করিম চৌধুরী। হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে আলোচনা শুরু হয়। এবার আলোচনা চলছে তার বিয়ে নিয়ে। জানা গেছে বিয়ের পিঁড়িতে বসেছেন ফারাজ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়া মতে অনুষ্ঠিত হয়েছে ফারাজ করিম চৌধুরীর আকদ।বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই নিশ্চিত করেছেন ফারাজ। যেখানে তিনি লিখেছেন, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী আমি ফারাজ করিম চৌধুরীর সঙ্গে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী ১ মার্চ ২০২৪ সন্ধ্যা ৭টায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে ৷ ওইদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত (চট্টগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি)। তবে এখন প্রশ্ন হলো কনে কে? জানা গেছে, রংপুরের একটি সাধারণ পরিবারের তরুণীকে বিয়ে করছেন ফারাজ। এ তরুণ দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেন। ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার।প্রসঙ্গত, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.