post
বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে ধুমপান থেকে তরুণ‌-তরুনীদের দূরে থাকতে বললেন ফেরদৌস

তামাক থে‌কে দূ‌রে থা‌কি/ সুস্থ-সবল প্রজন্ম গ‌ড়ি- এমন দৃপ্ত শপ‌থে ইউল‌্যা‌বে অনু‌ষ্ঠিত হ‌য়ে গে‌লো তামাক‌বি‌রোধী যুব সম্মেলন ২০২৪। এতে অংশ নেয়া দুই শতা‌ধিক তরুণ শিক্ষার্থীরা তামাকের বিরু‌দ্ধে কাজ করার প্রত‌্যয় জানায়। পাশাপা‌শি তামাকমুক্ত আগামী প্রজন্ম গড়‌তে তামাক নিয়ন্ত্রণ আইন শ‌ক্তিশালী করার আহ্বানও ছিল তা‌দের মু‌খে।শনিবার (৯ মার্চ ) ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ (ইউল্যাব) এর প্রাঙ্গণে বেসরকা‌রি স্বেচ্ছা‌সে‌বি সংস্থা নারী মৈত্রী আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে “ইয়ুথ কনফারেন্স” এ প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন ঢাকা-১০ আস‌নের সংসদ সদস‌্য চিত্রনায়ক ফের‌দৌস আহমেদ।এ সময় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাক থেকে দূরে থাকার বিকল্প নাই।ফেরদৌস আহমেদ বলেন, আজকের তরুণরাই স্মার্ট বাংলা‌দেশ গড়ার হা‌তিয়ার। তাই ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ তামাকমুক্ত দেশ গড়তে তরুণ‌দের ভুমিকা অপরিসীম। তাই আজকের তরুণদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকর‌ণে জোর দেয়ার তা‌গিদ দেন এই চিত্রনায়ক। বলেন, তরুণদের অংশগ্রহণে তামাক ও ধূমপান বিরোধী প্রচারণাকে আরও বেগবান করতে হবে এবং নিজেদের দক্ষ এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর উপাচার্য ইমরান রহমান বলেন, মূলত তরুণ এবং শিশুদের টার্গেট করে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস উৎপাদন ও বাজারজাত করছে তামাক কোম্পানিগুলো। যেখা‌নে র‌য়ে‌ছে উদ্ভাবনী কৌশল, সুগন্ধি ব্যবহার ও আকর্ষণীয় ডিজাইন। এতে কি‌শোর এবং তরুণদের মধ্যে বিশেষত বিদ্যালয়গামী শিশুদের মধ্যে এসব তামাকপণ্যের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যা তরুণ প্রজ‌ন্মের জন‌্য উদ্বেকজনক। ত‌বে হতাশা নি‌য়েই বল‌তে হয় দেশে তামাক নিয়ন্ত্রণ আইন দুর্বল হওয়ায় ই-সিগারেট বিক্রি নিয়ন্ত্রিত তো হ‌চ্ছেই না বরং ক্ষতিকারক এসব পণ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তামাক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে এটি নিয়ন্ত্রণের কোনও নিয়ন্ত্রক যন্ত্র না থাকায় তরুণ-তরুণীরা ভ্যাপ করে নিকোটিনে জড়িয়ে পড়ছে। তাই এসব ‌ক্ষ‌তিকর ই-সিগারেট, আইন ক‌রে বন্ধ না কর‌লে এর ভয়াবহতা গ্রাস ক‌রে ফেল‌বে আগামী প্রজন্ম‌কে।ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর প্রোগ্রামস ম্যানেজার মো. আবদুস সালাম মিয়াহ ব‌লেন, ই-সিগা‌রেট বা ভ‌্যা‌পিং সিগা‌রেট ছাড়ার কোনো উপায় হতে পারে না। বরং এটি নতুন আরেকটি নেশায় আসক্ত হওয়ার প্রাথ‌মিক ধাপ। ই-সিগারেট স্পষ্টভাবেই একটি ড্রাগ যা দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই ই-সিগারেট আমদানি অ‌বিল‌ম্বে বন্ধ করতে হবে।তিনি আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে তামাক কোম্পানিগুলো ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক মাধ্যমে ই-সিগারেটের চটকদার বিজ্ঞাপন প্রচার করে তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করছে তামাক কোম্পানিগুলো। এছাড়াও যারা ধূমপান ছাড়তে চায়, তাদেরকে প্রচলিত সিগারেটের বদলে ই-সিগারেট ব্যবহারে উৎসাহিত করছে। ই-সিগারেটের প্রসার বন্ধে এখনই কঠোর আইন প্রণয়ন ও প্রচলিত আইনের কঠোর প্রয়োগ জরুরি।নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউল্যাব ইউনিভার্সিটির সম্মানিত উপ উপাচার্য, সম্মানিত রেজিস্ট্রার স্যার ও লালমাটিয়া গার্লস কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীসহ নারী মৈত্রীর তৃণমূল পর্যায়ের তরুণ সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ‌্যমকর্মীরা।

post
সংবাদ

১০৫ শিল্পীকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন

বাংলাদেশ টেলিভিশন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহুমুখি অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শীর্ষতম হচ্ছে জাতির পিতার ১০৫তম জন্মদিন উপলক্ষে ১০৫ শিল্পীর কণ্ঠে একটি গান। এরই মধ্যে গানটির রেকর্ডিং ও দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এর কথা লিখেছেন বাংলা একাডেমি শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কবি আখতার হুসেন। এর সুর করেছেন সুরকার ও সংগীত পরিচালক শাহীন সরদার।সুরকার শাহীন সরদার বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে এমন একটি কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে ১০৫জন শিল্পীর সমন্বয়ে বিটিভির বিশেষ গানের ভিডিও আজ শেষ হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এর সংগীত পরিবেশনায় অংশ নিয়েছে বাফা সংগীতভবন, স্বপ্নকুঁড়ি, গীতিশতদল, নিবেদন, লোকাঙ্গন, মহীরুহ, গীতাঞ্জলি, জাগরণ, উঠোন, রবিরশ্মি, ভিন্নধারা, নির্ঝরণী ও সারগামের শিল্পীবৃন্দ।’তিনি আরও বলেন, প্রকৃত অর্থে কবি আখতার হুসেন বঙ্গবন্ধুর উপর গানটি অসাধারণ লিখেছেন। বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিনে ১০৫জন শিল্পীদের সমন্বয়ে গানটির সুর ও সংগীত পরিচালনা করতে পেরে আমার খুবই ভালো লাগছে।

post
সংবাদ

বেইলী রোডের অগ্নিকান্ডে হতাহতের বিচারের দাবীতে ভোলায় শোক সভা ও র্যালী

ঢাকার বেইলি রোডে গত ২৯ ফেব্রুয়ারি রাতে গ্রিনকোজি কটেজে অগ্নিকান্ডে ৪৬ জনের হতাহতের ঘটনায় সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করে মঙ্গলবার ভোলায় শোক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবে মিলনায়তনে বেলা ১১ টায় সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত শোক সভায় বক্তাগন এটিকে এটিকে একটি পরোক্ষ হত্যাকান্ড হিসেবে চিহ্নিত করেন এবং এর সাথে জড়িত প্রত্যেকের উপযুক্ত বিচার দাবী করেন। শোক সভায় সুজন জেলা সভাপতি মোবাশির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক এম. এ তাহের, ভোলা নাজিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান, কলেজ শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, সিপিবি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৈাতম সাহা, জেলা জাসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, গ্রিনকোজি কটেজে নিহত দিদারুল হক জুনায়েদ এর বাবা মাইনুল হক হারন, স্কুল শিক্ষক আবু তাহের, জুনায়েদ এর মামা আব্দুল জলিল নান্টু, নারী নেত্রী বিলকিস জাহান প্রমুখ। সভায় বক্তাগন বলেন, সরকারের সুশাসনের অভাবের কারনেই বার বার এ অগ্নিকান্ডে ঘটেছে। কোন অগ্নিকাণ্ডেরই সুষ্ঠ তদন্ত ও বিচার হয় নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সীমাহীন অনিয়মের কারনে এ রকম ঘটনা বারবার ঘটছে। সভায় বক্তাগন ভোলা জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তার পাশে হোটেল রেস্তোরাঁর চুলা পথচারীদের চলাচলের পাশে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তাগন এরকম বিপদজনক স্থান চিহ্নিত করে এখনই ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকরের দৃষ্টি আকর্ষণ করেন। শোকসভা শেষে নিহত ভোলার সন্তান দোলা, মাহি, জোনায়েদসহ সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর একটি শোক র্যালি প্রেসক্লাব থেকে শুরু করে কে-জাহান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

post
বাংলাদেশ

নারী দিবসে পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় নারী মৈত্রী

ধূমপান না ক‌রেও এর ভয়াবহতার শিকার হ‌চ্ছেন বছ‌রে ৩ কো‌টি ৮০ লাখ মানুষ। আর এতে সব‌চে‌য়ে স্বাস্থ‌্যঝুঁকিতে পড়‌ছেন নারী, শিশু ও বয়স্করা। শুক্রবার (৮ মার্চ) সকা‌লে, রাজধানীর আগারগাঁও‌য়ে জাতীয় রাজস্ব ভব‌নের সাম‌নে নারী দিবস উপল‌ক্ষে নারী মৈত্রীর আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে এসব তথ‌্য জানান নারী নেত্রীরা। আন্তর্জা‌তিক নারী দিব‌সের দিন থে‌কেই প‌রোক্ষ ধূমপা‌ন থে‌কে নারীস্বা‌স্থ‌্য সুরক্ষায় তামাকপ‌ণ্যে করবৃ‌দ্ধিসহ তামাক নিয়ন্ত্রণ আইন শ‌ক্তিশালী করতে সরকা‌রের প্রতি আহ্বান জানান তারা।বেসরকা‌রি স্বেচ্ছা‌সে‌বি সংস্থা নারী মৈত্রীর তৃণমূল পর্যা‌য়ের নেত্রীরা‌ ব‌লেন, ধূমপান না ক‌রেও সে‌টির ভয়াবহতার শিকার কো‌নোভা‌বেই মে‌নে নেয়া যায় না। আর প‌রোক্ষ ধূমপা‌নের কার‌ণে গর্ভধারণ ক্ষমতা লোপ পাওয়া, কম ওজনের বা মৃত শিশু জন্মদান, অকাল সন্তান প্রসব, অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু ক্যান্সারসহ নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে নারীদের।নেত্রীরা ব‌লেন, আইন থাক‌লেও পাব‌লিক প্লে‌স এম‌নকি কর্মক্ষেত্রেও প্রতি‌নিয়ত প‌রোক্ষ ধূমপা‌নের শিকার হ‌চ্ছেন নারীরা। যত্রতত্র ধূমপা‌নের নে‌তিবাচক প্রভাব পড়‌ছে আগামী প্রজ‌ন্মের ওপর। এটিকে জাতীয় সমস‌্যা হি‌সে‌বে চিহ্নিত ক‌রে জনস্বাস্থ‌্য রক্ষায় অবিল‌ম্বে বিদ‌্যমান আইন প্রতিপালনে বাধ‌্যতার পাশাপা‌শি সকল ধরনের পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান নি‌ষি‌দ্ধের পাশাপা‌শি ধূমপা‌নের জন্য সকল ধরনের নির্ধারিত স্থান (ডিএসএ) পুরোপুরি ব‌ন্ধের দা‌বি জানান তারা। একইসা‌থে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা সহ তামাকপ‌ণ্যে উচ্চকরহার আরোপসহ যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সকলেই জোর দাবি জানি‌য়ে‌ছেন। আসন্ন অর্থবছরে প্রতিটি স্তরের সিগারেটের প্যাকেটের খুচরা মূল্য প্রিমিয়াম ১৭০, উচ্চ ১৩০, মধ্যম ৮০ এবং নিম্ন ৬০টাকা হারে বৃদ্ধির দাবিও তুলেছেন তারা।নারী দিব‌স থে‌কেই শুরু হোক প্রস্তা‌বিত তামাক নিয়ন্ত্রণ আই‌নের খসড়া অনু‌মোদ‌নের প্রক্রিয়া বাস্তবায়ন। আর এই আইন পাশ হ‌লেই নারীস্বা‌স্থ্যের সুরক্ষাসহ নি‌শ্চিত হ‌বে ২০৪০ সা‌লের ম‌ধ্যে তামাকমুক্ত বাংলা‌দেশ গড়‌ার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ভিশন।তৃনমূল নারী নেত্রীদের সাথে আরো উপস্থিত ছিলেন নারী মৈত্রীর টোব্যাকো ককন্ট্রোল প্রজেক্ট এর প্রজেক্ট কোর্ডিনেটর, নাসরিন আকতার, আলফি শাহরীন মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার, মেহেদী হাসান এডভোকেসি অফিসার, একাউন্ট অফিসার দেলোয়ার হোসেন এবং নারীমৈত্রী ভলেন্টিয়ার সালমা শান্তা

post
এনআরবি সাফল্য

'স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪' পেলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ

হারুন উর রশিদ : আইটি শিক্ষায় শিক্ষামূলক উদ্যোগ এবং নিরলস প্রচেষ্টার প্রতি স্বীকৃতি হিসেবে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ। বৃহস্পতিবার ৭ মার্চ রাজধানীর হোটেল শেরাটনে জমকালো অনুষ্ঠানে বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী নারীদের সম্মাননা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।ফারহানা হানিপ এসময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে সম্মাননা গ্রহন করেন মাকসুদা বেগম শিরীন।ঢাকার কেরানীগঞ্জে বেড়ে উঠা ফারহানা হানিফ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফারহানা হানিপ পরিবারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্রেয়ার ইউনিভার্সিটি থেকে ডাবল ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বর্তমানে এমবিএ, মাস্টার্স ইন লিডারশীপ ম্যানেজমেন্টে পড়ছেন তিনি।যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট আইটি কোম্পানিতে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে পিপলএনটেক যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের স্বত্বাধিকারী ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন তিনি।এছাড়াও যুক্তরাষ্ট্রের পাবলিক সেক্টর ও গভমেন্ট সেক্টর নিয়ে কাজের পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে উইমেন ইমপ্যাক্ট ইন পাবলিক পলিসি (ডব্লিউআইপিপি) সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন তিনি।বর্তমানে ফারহানা হানিপের স্বপ্ন ঢাকা জেলা ১ ও ২ এলাকার বেকার যুবকদের আইটি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা। ঢাকা সহ গ্রামের প্রত্যন্ত এলাকার যুবকদের যেন বিশ্বের অন্য কোন দেশে গিয়ে অড জব করতে না হয়, তাদের স্কিল ডেভলপমেন্ট করার জন্য পিপলএনটেক সর্বদা তাদের পাশে থাকবে এবং আইটি শিক্ষায় শিক্ষিত করে তুলে চাকুরির ব্যবস্থা করার লক্ষ ফারহানা হানিপের।পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন পিপলএনটেকের নির্বাহী প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ। ঐ বিশ্ববিদ্যালয়ের প্রধান অর্থ কর্মকর্তা হিসাবে দায়িত্বে রয়েছেন ফারহানা হানিপ।

post
এনআরবি সাফল্য

২০০ জন স্বপ্নজয়ী নারীদের সম্মাননা প্রদান করলো অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন

নারী দিবসে স্বপ্নজয়ী নারীদের যৌথভাবে সম্মাননা প্রদান করেছে অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।ঐতিহাসিক ৭ মার্চের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ’-এর তাৎপর্য তুলে ধরতে এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৭ মার্চ রাজধানীর হোটেল শেরাটনে জমকালো অনুষ্ঠানে দেশ বিদেশে কর্মরত পাঁচশত বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী অংশ নেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে দেশে ও বিদেশে কর্মরত ১০০ জন বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ১০০ জন নারী পেশাজীবীর সফলতার কথা নিয়ে বিজনেস আমেরিকা ম্যাগাজিনের দু’টি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে ব্যবসা ও বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মধ্য থেকে বিচারদের মাধ্যমে নির্বাচিত নারীদের ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ দেয়া হয়।এছাড়াও সফল নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের সফলতার কথা এবং আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ বিষয়ে দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বয়কের ভূমিকা পালন করেন বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার। উল্লেখ্য, অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন উভয়ের দীর্ঘ পথচলায় দেশে ও বিদেশে সফল ব্যবসায়ী ও পেশাজীবীদের তুলে ধরা এবং সম্মাননা জানানোর জন্য নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। এরই অংশ হিসেবে ২২ থেকে ২৪ ডিসেম্বর ২০২৩ দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্স ২০২৩ আয়োজন করে। এই অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ জনের বেশি সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন।

post
সংবাদ

১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ

আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ পালন করা হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, প্রচুর উৎপাদন থাকলেও মধ্যস্বত্বভোগীদের কারণে ইলিশ অধিক দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে সামাজিক ক্যাম্পেইন ও গণমাধ্যমের প্রচার-প্রচারণা প্রয়োজন বলে জানান তিনি। মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত কোরে,তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথাও বলেন মন্ত্রী। এছাড়া জাটকা রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মাছ ধরা নিষিদ্ধ সময়ে,জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

post
সংবাদ

সিলেটে প্রবাসী লেখকের গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেটে প্রবাসী লেখক ও গবেষক আমিরুল হক বাবলু সম্পাদিত মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।মঙ্গলবার রাতে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোর্শেদ। এসময় সভাপতিত্ব করেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। আলোচনায় অংশ নেন সাংবাদিক মঈনুল হক বুলবুল, মুক্তাদীর আহমদ মুক্তা, গোলজার আহমদ, প্রকাশক রাজীব চৌধুরী ও অন্যান্যরা।

post
সংবাদ

স্থায়ী হলো দ্রুত বিচার আইন

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রণীত দ্রুত বিচার আইন স্থায়ী করেছে সরকার। আইনটি এতোদিন বিভিন্ন মেয়াদে সময় বাড়িয়ে বাস্তবায়ন করা হয়েছে। এবার সময় বাড়ানোর পরিবর্তে স্থায়ী রূপ দিতে জাতীয় সংসদে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন)’ বিল পাস করা হয়েছে। এসময় বিরোধী দলের নেতারা সমালোচনা করে সংসদে আইনটি স্থায়ী না করার প্রস্তাব দিলেও কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়।মঙ্গলবার বিলটি পাসের জন্য সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ২০০২ সালে প্রথম এই আইনটি করা হয়েছিল দুই বছরের জন্য। এরপর ৭ দফা এই আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালে আইনটি সংশোধন করে মেয়াদ বাড়ানো হয়। আগামী ৯ এপ্রিল এই আইনের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে আইনটির মেয়াদ না বাড়িয়ে তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন মন্ত্রিসভায় বিলের খসড়া অনুমোদনের পর মঙ্গলবার এ সংক্রান্ত বিল সংসদে পাস হলো। বিলে আইনটি স্থায়ী করা ছাড়া অন্যকোনো সংশোধনী আনা হয়নি। বিল পাসের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বলেন, ২০০২ সালে বিএনপি-জামায়াত সরকার যখন আইনটি করেছিল তখন আপনারা বলেছিলেন— এটি নিপীড়নমূলক ও কালো আইন । এই আইনটা রাজনৈতিক কারণ বা সরকার চাইলে যেকোন কারণে নাগরিককে হয়রানি করতে পারে। সে আইনটা আপনারা রেখেছেন। আমি জানি না কেন রেখেছেন?

post
প্রযুক্তি

প্রত্যাগত প্রবাসীদের ডাটাবেজ তৈরী করতে কাজ চলছে

বিভিন্ন দেশের প্রত্যাগত প্রবাসীদের ডাটাবেজ তৈরী করতে রেইজ প্রকল্প কাজ করছে বলে জানিয়েছেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো:গিয়াস উদ্দিন। তিনি বলেন, প্রত্যাগত এসব প্রবাসীদের সহযোগিতা করতে সারাদেশে কাজ করছে।নরসিংদীর শিবপুরে “বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিবপুর ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো:গিয়াস উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: সজীবের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নরসিংদী ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও প্রকল্পের ডেপুটি কাউন্সিলর তাজ উদ্দিন খন্দকারসহ বেশ কয়েকজন বিদেশ ফেরত কর্মী। এসময় প্রধান অতিথি বলেন, ২০২৩ সালে প্রায় ১৩ লাখ বাংলাদেশির বিদেশে যাওয়ার তথ্য থাকলেও, কতো জন ফেরত এসেছেন, সেই তথ্য কোন দপ্তরেই নেই।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.