post
আন্তর্জাতিক

মিশরের আল-আজহারে একসঙ্গে ইফতার করেন ৫ হাজার শিক্ষার্থী

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশুনা করেন। তাদের মধ্যে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় এক হাজার ২০০ জন বাংলাদেশি শিক্ষার্থী। রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য ইফতার পরিবেশন করা হয় মসজিদে।আসরের আজানের সময়ই মসজিদে দলে দলে ছুটে আসেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ মোবাইলের অ্যাপসের মাধ্যমে পূর্ব পাশের গেট দিয়ে মসজিদে প্রবেশ করেন। সুউচ্চ মিনারের প্রাচীন মসজিদটির ভেতরের চারপাশে কাঠের দেয়াল। এসব দেয়ালের ভেতরে ইফতার করেন এবং নামাজ আদায় করেন নারী শিক্ষার্থীরা। মসজিদের মাঝখানে খোলা জায়গা, যেখানে রয়েছে সাদা টাইলস করা উঠান। আসরের নামাজ আদায় করে মসজিদের বারান্দায় শিক্ষার্থীরা কেউ কোরআন পড়েন, কেউ ব্যস্ত থাকেন তসবিহ পাঠে। এরই মধ্যে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শুরু করেন ইফতারের প্রস্তুতি।‌ যেখানে সবাই সুন্দরভাবে ইফতারের সামগ্রী রেখে দেন। সবাই নিজ নিজ অংশের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেন। মাগরিবের আজানের ৩০ মিনিট আগে সবাইকে ডাকা হয় ইফতার সামনে নিয়ে বসার জন্য। আজানের ১৫ মিনিট আগে কোরআন থেকে তেলাওয়াত করা হয়। মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ও পানি খেয়েই সবাই নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষে ইফতারের বাকি খাবার শেষ করেন সবাই। ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার, খেজুর, জুস, পানি, ভাত, এইশ বেলাদি (রুটি), ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোপ্তা, সবজি, মিশরীয় মিষ্টিসহ বিভিন্ন রকমের খাবার। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ময়মনসিংহের আজিজুল ইসলাম বলেন, 'মাতৃভূমি, পরিবার, বন্ধু-বান্ধব, প্রিয়জনদের ছেড়ে এই প্রথম বিদেশের মাটিতে রমজান মাস অতিবাহিত করছি। দেশীয় আমেজ মিস করলেও বিশ্বের নানা দেশের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে একত্রে ইফতার করতে অন্যরকম ভালোলাগা কাজ করছে।'

post
সংবাদ

রাজবাড়ীতে সৌদি প্রবাসীর শিক্ষা সামগ্রী বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা ডিগ্রী মাদরাসা, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয় ও বার্থা উচ্চ বিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬শতাধিক স্কুল ব্যাগ ও তিন হাজার পিস কলম বিতরণ করেছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী মোঃ আইয়ুব। গত কয়েক দিন ধরে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানীর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব স্কুল ব্যাগ ও কলম তুলে দেন তার প্রতিনিধিরা। এসময় বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিজি, বার্থা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

post
টেক মেন্টর

আসছে ‘স্মার্ট রিং’

স্মার্ট গ্যাজেটের ব্যবহার দিন দিন বাড়ছে। দৈনন্দিন কাজের জন্য স্মার্ট ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভিসহ ব্যবহার হচ্ছে অনেক কিছুর। এত সব গ্যাজেটের ভিড়ে এবার আপনাকে আরও আপডেট রাখতে আসছে স্মার্ট রিং। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’। যা ব্যবহারকারীর ঘুম আর স্বাস্থ্যের খেয়াল রাখবে। স্মার্ট ওয়াচ ও এখন অতীত হতে চলেছে, দিন এখন স্মার্ট রিংয়ের। বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট আংটি ‘গ্যালাক্সি রিং’; উন্মোচিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। গত মাসে ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি এস২৪ স্মার্ট ফোন সিরিজ লঞ্চের সময় আংটিটির একটি ঝলক দেখানো হয়। তবে দর্শকরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবার সামনাসামনি আংটিটির খুঁটিনাটি পরখ করে দেখার সুযোগ পাবেন। ২০২৪ সালের শেষের দিকে রিংটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। স্মার্ট রিং এর আগে অনেক সংস্থাই এনেছে। তবে স্যামসাং আনল এই প্রথম। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে বলছেন, স্যামসাংয়ের মতো সংস্থা স্মার্ট রিং-এর দুনিয়ায় পা রাখায় আগামীতে এই স্মার্ট ডিভাইস যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, তা বলাই যায়। মূলত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচারের দিকে নজর রেখেই তৈরি করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং। জানা গেছে, গ্যালাক্সি রিং- এর সাহায্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর রাখা যাবে, তার জন্য একটি নতুন অ্যাপের সাহায্য নেয়া হবে। এই অ্যাপের মাধ্যমে শুধু যে ব্যবহারকারীর বিভিন্ন হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে তাই নয়, প্রয়োজনীয় হেলথ টিপসও দেবে এই অ্যাপ। জি-মেইলের বিকল্প এক্স-মেইল আনছেন ইলন মাস্কজি-মেইলের বিকল্প এক্স-মেইল আনছেন ইলন মাস্ক স্যামসাং গ্যালাক্সি ওয়াচের সঙ্গে এই নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি রিং যাতে কাজ করতে পারে, সেই কাজও চলছে। যেহেতু মোটামুটিভাবে হেলথ ফিচার ট্র্যাকিংয়ের বিষয়টি রিং এবং ওয়াচ- দুই ডিভাইসেই থাকবে; তাই ঘুমের সময় আর স্মার্টওয়াচ না পরলেও চলবে। আপাতত গ্যালাক্সি রিং শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে, এমনভাবেই তৈরি হয়েছে।

post
বাংলাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩০ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন দগ্ধ হয়েছেন। ১৩ মার্চ (বুধবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৩০ জনকে নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে তিনি সিলিন্ডারটি বাইরে রাস্তায় ফেলে দেন। এসময় সেখানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে রাস্তায় থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩০ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অগ্নিদগ্ধদের মধ্যে তাৎক্ষণিকভাবে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ মাইদুল ইসলাম, মোহাম্মদ কুটি, মোহাম্মদ আরিফুল, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ নিরব, মোছাম্মৎ শিল্পী, মোহাম্মদ নাঈম মাহবুব মশিউর, মোতালেব। কালিয়াকৈর মৌচাক ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

post
বাংলাদেশ

ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে তাকে ভর্তি করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে নেয়া হয়। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিসিইউতে ভর্তি করা হয় তাকে। এর আগে, ২০২৩ সালের ৯ আগস্ট এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ৫ মাস ভর্তি ছিলেন হাসপাতালটিতে। এরমধ্যে একাধিকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে আবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে তার পরিবার আবেদন করে। তবে অনুমতি মিলেনি। এমন প্রেক্ষাপটে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকার এই হাসপাতালে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি বাসায় ফিরেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দিয়েছিল। সেই থেকে ছয় মাস পরপর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। উল্লেখ্য, জিয়া লিভার সিরোসিসের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা অব হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অন্যান্য কিছু রোগে আক্রান্ত বলে এর আগে তার চিকিৎসকরা জানিয়েছিলেন। 

post
বাংলাদেশ

জলদস্যুদের কবলে পড়া জাহাজের সঙ্গে তৃতীয়পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে

একদিনের বেশি সময় পার হলেও সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করতে পারেনি সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এরইমধ্যে অপহরণকারীরা যে মুক্তিপণ চেয়েছে, তা নিয়ে ঢাকার অবস্থান জনসম্মুখে বলতে চাননি পররাষ্ট্রমন্ত্রী।বললেন, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এ নিয়ে কাজ চলছে। নাবিকদের ফিরিয়ে আনতে সর্বাত্মক কাজ করছে সরকার। এর আগে, নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ড. হাছান মাহমুদ।

post
অভিবাসন

মন্ত্রণালয় প্রবাসীদের কল্যাণেও কাজ করছে

প্রবাসী কলাণ মন্ত্রণালয় শুধুমাত্র প্রবাসীদের বিদেশে পাঠায় না,তাদের কল্যাণেও কাজ করছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,প্রবাসীদের ছেলে মেয়ে ও তাদের পরিবারের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার বিকেলে ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের আয়োজনে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বৈধপথে বিদেশ গেলে কি কি সুবিধা পাবেন তা তুলে ধরেন। তিনি বলেন, বৈধপথে বিদেশ যাওয়ায় তাদের পরিবার ও সন্তানদের চিকিৎসা,কর্মসংস্থান, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে মন্ত্রণালয়। ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।

post
সংবাদ

সবচেয়ে কম সময় রোজা পালন করবে যেসব দেশ

বিশ্বের বিভিন্ন দেশ রোজা পালনের সময় ঘোষণা করেছে। পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। পানাহার থেকে বিরত থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে এক রকম নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্ত বিশ্বে এক এক জায়গায় একেক রকম।চলতি বছর রমজানে বাংলাদেশে সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে।এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে কম সময় উপবাস থেকে সিয়াম পালন করতে হয়, এ প্রশ্ন দেখা দেয় অনেকের মনেই। চলুন জেনে নিই কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে—এ বছর সবচেয়ে কম সময় রোজা রাখবে ল্যাটিন আমেরিকার দেশ চিলির বাসিন্দারা। সেখানে ১২ ঘণ্টা ৪৪ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে দেশটির বাসিন্দাদের।এরপর ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ডের রোজাদাররা কম সময় উপবাস থেকে রোজা পালন করবেন। সেখানে ১২ ঘণ্টা ৪৬ মিনিট রোজা রাখতে হবে তাদের।অন্যদিকে আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দাদের উপবাস করতে হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

post
বাংলাদেশ

অবশেষে সাংবাদিক অভিশ্রুতির পরিচয় শনাক্ত

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম ও মা বিউটি খাতুনের ডিএনএ নমুনার সঙ্গে তাঁর ডিএনএ মিলেছে। পরীক্ষা শেষে রোববার রাতে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।ডিআইজি নাহিদুল ইসলাম জানান, বৃষ্টি ছাড়াও ডিএনএ পরীক্ষার মাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল ইসলাম। শনিবার তাদের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে সিআইডি। বৃষ্টিদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রামে। ঢাকায় এসে বৃষ্টি নিজের নাম বদলে হয়ে যান অভিশ্রুতি শাস্ত্রী। তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে অভিশ্রুতি নাম নিয়েই কাজ করতেন। গত ২৯ ফেব্রুয়ারি ওই আগুনের ঘটনায় বৃষ্টি ওরফে অভিশ্রুতি মারা যাওয়ায় তাঁর পরিচয় নিয়ে শুরু হয় টানাটানি। খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে বাবা সবুজ শেখ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ মর্গে। শনাক্ত করেন মেয়ের লাশ। কিন্তু বৃষ্টি, নাকি অভিশ্রুতি– এ নিয়ে জটিলতা হওয়ায় সন্তানের লাশ দেওয়া হয়নি তাঁকে। লাশ রাখা হয় মর্গে। পরিচয় নিশ্চিত হতে সবুজ ও তাঁর স্ত্রীর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ফরেনসিক বিভাগ। অবশেষে ঘটনার ১০ দিন পর ডিএনএ পরীক্ষায় তাঁর পরিচয় শনাক্ত হলো।  এদিকে রোববার রাত পর্যন্ত বৃষ্টির লাশ হস্তান্তর প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে পরিবারকে কিছু জানানো হয়নি বলে জানান তাঁর চাচাত ভাই টিটু হোসেন। তিনি বলেন, বৃষ্টির বাবা মেয়ের লাশ বুঝে নিতে অপেক্ষায় আছেন। তবে এখনও পুলিশ আমাদের কিছুই জানায়নি। এ বিষয়ে ডিআইজি নাহিদুল ইসলাম বলেন, যেহেতু পরিচয় শনাক্ত হয়েছে, এখন আমরা মরদেহ হস্তান্তর করে দেব। লাশ দুটি বর্তমানে মর্গে আছে।

post
এনআরবি সাফল্য

৮ দিনে প্রবাসী আয় ৫৬২৪ কোটি টাকা

রেমিট্যান্সে ইতিবাচক সাড়া মিলছে। চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে ৫১ কো‌টি ২৯ লাখ (৫১২.৯ মিলিয়ন) মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৬৪২ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি বা দুই বিলিয়ন ডলার হবে।রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, চলতি মাসের ৮ দিনে ব্যাংকিং চ্যানেলে ৫১ কো‌টি ২৯ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ২৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.