post
বাংলাদেশ

হজ প্যাকেজের খরচ কমলো

এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, হজ যাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ্জ পালন করতে পারেন সে বিষয় সরকার তৎপর রয়েছে । যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়।

post
এনআরবি চাকুরী

জার্মানিতে দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী সংকট বাড়ছে

জার্মানিতে দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী সংকটও বাড়ছে প্রকট হারে। দেশটিতে বড় একটি অংশ অবসরে যাওয়ায় সুযোগ সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে দেশটির সাথে কুটনৈতিক আলোচনা করে কর্মী পাঠানোর আহবান দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের। জার্মানিতে বছর পাঁচেক আগেও কর্মক্ষেত্রে দক্ষ কর্মীর তেমন অভাব ছিল না। কিন্তু ২০২০ সালের পরে সে ছবি আচমকা পাল্টে যেতে থাকে। হঠাৎ করেই জার্মানি ছাড়ার হিড়িক পড়ে যায়। দক্ষ শ্রমিকের অভাবে থমকে গেছে দেশটির শিল্পোৎপাদন। এই সংকট কাটাতে মরিয়া হয়ে উঠেছে দেশটি। দক্ষ বিদেশি কর্মীদের সংখ্যা বাড়াতে উদ্যোগী হচ্ছে জার্মান সরকার। দেশটিতে দক্ষ কর্মীর পাশাপাশি বৃদ্ধাশ্রম ও রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে অদক্ষ কর্মীরও সুযোগ সৃষ্টি হয়েছে। নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে এই সুযোগ নিতে পারে বাংলাদেশিরাও। স্থানীয় বাংলাদেশিরা বলছেন, আগামীতে বড় একটি অংশ অবসরে যাওয়ায় সুযোগ আরো বাড়বে। নতুন অভিবাসন আইনের অধীনে জার্মানিতে পাঁচ বছর বসবাস করলেই জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা। এমনকি, ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে।

post
খেলা

মোস্তাফিজের চেন্নাইকে ৮ উইকেটে হারাল লাখনৌ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৩৪ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লাখনৌ সুপার জায়ান্টস। শুক্রবার (১৯ এপ্রিল) অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে চেন্নাইয়ের দেয়া ১৭৭ রানের টার্গেট ৬ বল হাতে রেখেই পৌঁছে যায় লাখনৌ। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে লাখনৌর দুই ওপেনার কুইন্টন ডি কক ও কে এল রাহুল। দুজন মিলে গড়েন শতরানের জুটি। ইনিংসের ১৫ তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডি কক। আউট হবার আগে খেলেন ৪৩ বলে ৫৪ রানের ইনিংস। ভেঙে যায় ১৩৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। ৫৩ বলে ৮২ রান করে আউট হন কে এল রাহুল। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছয়। রাহুলের বিদায়ের পর নতুন জুটি গড়েন পুরান-স্টইনিস। শেষ পর্যন্ত পুরানের ২৩ ও স্টইনিসের ৮ জয়ের বন্দরে পৌঁছে দেয় রাহুলদের। চেন্নাইয়ের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন মোস্তাফিজ ও পাতিরানা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। আজিঙ্কা রাহানের ৩৬, মঈন আলীর ৩০, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ১৭ ও শেষদিকে ধোনির ৯ বলে ঝড়ো ২৮ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পায় চেন্নাই। লাখনৌর পক্ষে ক্রুনাল পান্ডিয়া ১৬ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। ১টি করে উইকেট পান মহসীন খান, ইয়াশ ঠাকুর, রবি বিষ্ণুই ও মার্কাস স্টইনিস।

post
শিক্ষা

দেশের সব স্কুল-কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে, দেশের সব স্কুল-কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল খুলবে স্কুল-কলেজ। পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিলো। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে, গতকাল তিন দিনের জন্য দেশজুড়ে হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি উঠেছিলো। যার প্রেক্ষিততে স্কুল-কলেজ আরও এক সপ্তাহ বন্ধের নির্দেশনা দিলো সরকার।

post
আন্তর্জাতিক

ইসরাইলী হামলাকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান

ইসফাহান নগরীতে ইসরাইলী হামলাকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান। ইসরাইলও এ হামলা সম্পর্কে দাফতরিক কোন মন্তব্য করা থেকে বিরত রয়েছে। তবে দু‘পক্ষই রয়েছে সতর্ক অবস্থানে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন আক্রমণ না করতে আহবান জানিয়েছে ইসরাইলকে। ছোট আক্রমণের মাধ্যমে বার্তা পাঠানো। যুদ্ধ না হলেও সতর্কতা। ইরান প্রায় তিনশ ড্রোন হামলার পর, নিজ দেশে ইসরাইলের ছোট আকারের এ আক্রমণ নিয়ে ইরানের তেমন কোন মাথা ব্যথা নেই। ইরানের এক টিভি চ্যানেলে দেখা গেছে শান্ত ইসফাহান শহরের দৃশ্য। তেহরানও জানালো বার্তা দেয়ার মতো তেমন কিছু নেই। গত সপ্তাহে ইরানের হামলা নিয়েও ইসরাইলে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। সাধারণ মানুষের মধ্যেও এ প্রতিক্রয়ার সঞ্চার হয়েছে। ইসরাইলের দাবি যদি যুদ্ধ বাঁধেও তারা জয়লাভ করবে। গত সপ্তাহে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করার শক্তি প্রদর্শন পূর্বক এমন মন্তব্য করলো দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে কোন ধরণের সংঘাতে না যাওয়ার আহবান জানিয়েছে। এই বিশেষজ্ঞ বললেন সৃষ্ট পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। ছোট আকারের হামলার জন্য ইসরাইলকে সরাসরি দুষছেনা ইরান। দেশটিতে শুক্রবারের জুমার নামাজের পর প্রতিবাদ রেলি বের হলেও তা ছিলো শান্তিপূর্ণ। তবে দু‘পক্ষই রয়েছে সতর্ক অবস্থানে। বড় ধরনের কোন হামলা হলে, পাল্টা হামলার জন্য দু‘দেশই প্রস্তুত। 

post
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের মামলার বিচারকাজ পরিচালনায় ১২ সদস্যের জুরি গঠন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায় ১২ সদস্যের জুরি গঠন করা হয়েছে। স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে এই জুরি বোর্ড। ট্রাম্পই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে। বিচারের জন্য জুরি সদস্যদের বাছাই করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এই জুরিদের মধ্যে রয়েছে ৭ জন পুরুষ এবং ৫ জন নারী। তবে বিকল্প জুরি সদস্য বাছাইয়ের কাজ এখনও বাকি।

post
প্রবাস রাজনীতি

ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ

উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ। রাজধানী মালের সিক্সটি সিক্স রেষ্টুরেন্টে বাঙালিয়ানা পরিবেশে দিনটি উদযাপন করেন তারা। ঈদ পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবাসী ব্যাবসায়ী ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান দুলাল হোসেন। মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: নুরে আলম রিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগ সদস্য শাহিন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জায়লষ্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এস এইস ট্রেডার্স ইন্টারন্যাশনাল এর সিইও মো শাখাওয়াত হোসাইন।

post
অভিবাসন

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার পার্লিসে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। দেশটির বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়। আটক বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ৪৪ জন পুরুষ ও একজন নারী। এছাড়া তিনজন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিকও আটক করেছে পুলিশ। গভীর রাতে অভিযানের সময় জঙ্গলে ও খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি অবৈধ অভিবাসীদের। ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে বলেন, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই এবং মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান করে আসছিলেন এমন ৪৯ জনকে আটক করা হয়।

post
আন্তর্জাতিক

ভিসা নীতি কঠোর করেছে অস্ট্রেলিয়া সরকার

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করেছে দেশটির সরকার। স্টুডেন্ট ভিসাতে আনা হয়েছে বড় ধরনের দুটি পরিবর্তন । এখন থেকে নিয়োগকারী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ভিডিও কলে সাক্ষাতকার দিতে হবে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ অস্ট্রেলিয়া। প্রতিনিয়ত দেশটিতে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন হাজারো শিক্ষার্থীরা। সম্প্রতি দেশটিতে অভিবাসীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাওয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া এখন থেকে প্রকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়। এ জন্য জেনুইন স্টুডেন্ট টেস্ট নামের ব্যবস্থা চালু করেছে। এর ফলে, বিশ্ববিদ্যালয় থেকে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের সরাসরি ভিডিও কলে ইন্টারভিউ দিতে হবে। এদিকে, সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কমে গেছে দেশটিতে।

post
বাংলাদেশ

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন দাস মারা গেছেন

বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস (৭৮) মারা গেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।এর আগে, শিব নারায়ণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। শিবনারায়ণ দাসের বাবা সতীশচন্দ্র দাশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিবনারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের একমাত্র সন্তান অর্ণব আদিত্য দাস। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় শিবনারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.