post
খেলা

সর্বকালের সেরা ফুটবলার মেসি

সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে সবাই একমত । তবে দ্বন্দ্ব হয় কে সেরা তা নিয়ে! এই প্রশ্নের উত্তর গত দেড় দশক ধরে দিয়ে আসছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। সম্প্রতি বায়ার্ন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে সেরা বলেছেন মুসিয়ালা। বায়ার্নের এই ফুটবলার বলেন, 'দুজনই ভালো ফুটবলার, তবে আমার চোখে সবসময়ই মেসি সর্বকালের সেরা ফুটবলার।' জার্মান দলেও মুসিয়ালা এখন নিয়মিত। পরেন ‘আইকনিক’ ১০ নম্বর জার্সি। যা আবার লিওনেল মেসিরও জার্সি নম্বর। যাকে দেখে বড় হওয়া তার জার্সি নম্বর গায়ে জড়ানোকে স্বপ্ন পূরণ বলছেন এই ২১ বছর বয়সী ফুটবলার। তিনি বলেন, 'ছোট থেকেই ১০ নম্বর জার্সি পরাটা ছিল স্বপ্নের মতো। তখনই দেখেছি মেসির মতো বড় ফুটবলাররা এই নম্বরটাই পরে। তবে আমি মাঠে কখনোই এগুলো মাথায় আসতে দেই না। এগুলো বাড়তি চাপ তৈরি করে।'

post
সংবাদ

সোনার দাম আরও কমলো

দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ১৯১ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়ে ওই দিন থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। এখন আবার দাম কমানোর মাধ্যমে দুদিনে ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ২৩৭ টাকা কমলো। বুধবার (২৪ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার বিকাল ৪টা ৫০ মিনিট থেকে কার্যকর হবে।

post
সংবাদ

২৮ শতাংশ রোগী কুসংস্কারের শিকার

সামাজিক কুসংস্কার যক্ষ্মা রোগী ও তার পরিবারকে প্রভাবিত করে যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর) এক গবেষণায় উঠে এসেছে। এতে দেখা যায়, প্রায় ২৮ শতাংশ যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি তাদের চিকিৎসা গ্রহণ ও সেবাচক্রের প্রথম তিনটি পর্যায়ে স্টিগমা বা কুসংস্কারে প্রভাব অনুভব করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানী মহাখালীস্ত আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে ‘বাংলাদেশে যক্ষ্মা-সম্পর্কিত স্টিগমার অবস্থা’ শীর্ষক গবেষণার ফল প্রকাশে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে সামাজিক কুসংস্কার বা স্টিগমার প্রভাব অনেক। যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা যক্ষ্মার কারণে বিভিন্ন সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা জেলার শহর ও গ্রামীণ এলাকায় পরিচালিত এই সমীক্ষায় স্টপ টিবি পার্টনারশিপের ‘টিবি স্টিগমা অ্যাসেসমেন্ট ডেটা কালেকশন টুল’ ব্যবহার করা হয়। এতে অংশগ্রহণকারীরা ছিলেন গত পাঁচ বছরের মধ্যে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, কমিউনিটি প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিরা। ডা.সায়েরা বানুর অধীনে আইসিডিডিআর, বি-র পাবলিক প্রাইভেট মিক্সের টেকনিক্যাল অ্যাডভাইজার নাদিম রেজা, সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার তানজিনা রহমান ও রিসার্চ অফিসার তামান্না সুলতানা গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

post
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকে অনলাইন ক্লাস চালুর চিন্তা

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা। তবে তাপপ্রবাহ না কমায় এ ছুটি বাড়ছে নাকি ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিভাবকদের একটি অংশ এবং অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন অনলাইনে ক্লাস চালু রাখার দাবি তুলেছে। অনেকে আবার আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কী ভাবছে শিক্ষা প্রশাসন? এমন প্রশ্নের অবশ্য সরাসরি জবাব মেলেনি। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া এবং বিকল্প উপায় নিয়ে আলাপ-আলোচনা চালানোর কথা জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান তদারককারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। শিক্ষা প্রশাসন বলছে, তীব্র গরমে ছুটি বাড়ানো কিংবা অনলাইনে ক্লাস নেওয়া নিয়ে কোনো সিদ্ধান্তই এখনো হয়নি। শিক্ষামন্ত্রী বিদেশ সফরে থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ নিয়ে আলোচনা করেনি। আলোচনা চললেও প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও। তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা বা খোলা নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

post
বিনোদন

সিয়ামের নায়িকা বুবলী

একটা লম্বা সময়ের পর আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সিয়াম আহমেদ। গেল ঈদের আগেই নিজের জন্মদিনে পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই নায়ক।ঈদের পরপরই শুরু হয়েছে এই ছবির শুটিং। আসন্ন ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্মাতারা। সেই পরিকল্পনা থেকেই রাজধানীর মোহাম্মদপুরে টানা চলছে সিনেমার শুটিং কাজ। সিনেমায় মূল চরিত্রে সিয়াম থাকলেও, তার বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয়টি শুরু থেকেই গোপন ছিল। তবে এবার জানা গেল, বর্তমান সময়ের ঢালিউডে সবচেয়ে ব্যস্ত নায়িকা শবনম বুবলীকেই দেখা যাবে নায়কের বিপরীতে। ইতোমধ্যেই নাকি নায়িকার সঙ্গে সকল আলাপ সম্পন্ন হয়েছে। শিগগিরই সিনোমর শুটিংয়েও অংশ নেবেন বুবলী। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে টেক্কা দিতে হাজির হবেন এই জুটি। এ বিষয়ে সিয়াম আহমেদ বলেছেন, ‘শুটিং শুরুর প্রায় ছয় মাস আগে থেকে কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা শারীরিক ও মানসিক—দুইভাবেই। দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্যই সময় নিচ্ছিলাম। নিজেকে প্রস্তুত করে তবেই কাজে ফিরেছি।’

post
খেলা

হাসপাতালে ভর্তি তেভেজ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ। দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুয়েন্স আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।২০২২ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া তেভেজ বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেনডিয়েন্তের হেড কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই তারকা ফুটবলার। সোশ্যাল মিডিয়া এক্সে এক বার্তায় ইন্ডিপেনডিয়েন্তে জানিয়েছে, আমাদের কোচ কার্লোস তেভেজ বুকে ব্যথা নিয়ে সান ইসিড্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে তার পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে বলেও জানিয়েছে তারা। যদিও সতর্কতা হিসেবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে। সে পর্যন্ত হাসপাতালেই থাকবেন তিনি। এর আগে গত বছর একটি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেভেজ। আর্জেন্টিনার জার্সি গায়ে ৭৬ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। ২০০৬ আর ২০১০ বিশ্বকাপে খেলেছেন। কোপা আমেরিকাতেও তিনটি ফাইনালে হেরেছেন তিনি, ফিরে এসেছেন শিরোপাজয়ের হাতছোঁয়া দূরত্ব থেকে। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ক্লাব পর্যায়ে বোকা জুনিয়র্সের হয়ে ক্যারিয়ার শুরু করা তেভেজ ২০০৩ সালে জিতেছেন কোপা লিবারেটেডর্স। ইংল্যান্ড ও ইতালির ক্লাব ক্যারিয়ারে দারুণ সফল এই ফরোয়ার্ডকে নিয়ে কখনো কোনো ধরনের সমালোচনা শোনা যায়নি।

post
বাংলাদেশ

উপজেলা নির্বাচন নিয়ে কাদেরের হুঁশিয়ারি

আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা মানবেন বলে প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া বিএনপির কর্মকর্মসূচীর দিনে, জনগণের স্বার্থে চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে, সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা নির্বাচনে প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও, অনেক মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেনি, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের এখনো বেশ কিছু দিন বাকি আছে জানিয়ে কাদের বলেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। দল শেষ পর্যন্ত অপেক্ষা করবে।

post
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে, থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে, ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেয়া হয়। এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
সংবাদ

বেশি দুর্যোগ আঘাত এনেছে এশিয়ায়

জলবায়ু জনিত কারণে গত বছর সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে এশিয়া মহাদেশে। এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও । এসময় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বন্যা ও ঝড়ে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে ডব্লিউএমও থেকে আরও বলা হয়, ২০২৩ সালে এশিয়ায় হাইড্রো-মেটিওরোলজিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত ৭৯টি বিপর্যয়ের খবর পাওয়া গেছে। তার মধ্যে ৮০ শতাংশের বেশি ক্ষেত্রে হয়েছে বন্যা ও ঝড়। যাতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। ডব্লিউএমও মহাসচিব বলেন, এশিয়ার অনেক দেশ ২০২৩ সালে নিজেদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর দেখেছে। সেই সঙ্গে তাদের সারা বছর জুড়েই খরা, তাপদাহ, বন্যা ও ঝড়ের মত চরম পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে।

post
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে প্রবাসীদের ঈদ পুর্নমিলনী

সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেজ সেন্টারে এ আয়োজন করা হয়। কমিটির চেয়ারম্যান আব্দুল হাই এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারী হাবিব আলী। এসময় বক্তব্য রাখেন, শাহজাহান আহমেদ, শাহজাহান আলী মেম্বার, শাহ শওকত আলী, তোফায়েল আহমদ , সৈয়দ হাফিজ, নাজমুল ইসলাম, আচাব উদ্দিন, মন্জুর হোসেন, সালেহ আহমদ ও আব্দুর রহমান। সভায় সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এলাকার উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.