post
এনআরবি বিশ্ব

ইতালিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে সম্মাননা

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপলি শাখার উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিম উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়েছে। দূতাবাসের কনফারেন্স হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ভারপ্রাপ্ত সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান,সদস্য জয়নাল আবেদীন হাজারী ও প্রচার সম্পাদক মিনহাজ হোসেনসহ আরো অনেকে।

post
আন্তর্জাতিক

ইউরোপের জন্যে যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্রের আহবান

ইউরোপকে সামরিকভাবে আরও শক্তিশালী, সমন্বিত এবং যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ‘ইউরোপের মৃত্যু ঘটতে পারে’ বলে সতর্ক করেছেন তিনি। বিশ্বে ইউরোপীয় ইউনিয়নের দৃঢ় অবস্থান সম্পর্কে মাক্রোঁ তার সূদূরপ্রসারী পরিকল্পনার রূপরেখা তুলে ধরে একথা বলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সামরিক, অর্থনৈতিক ও অন্যান্য চাপ ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল এবং টুকরো টুকরো করে দিতে পারে। ইউরোপের সাইবার নিরাপত্তা ক্ষমতা বৃদ্ধি, ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনের সঙ্গে নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য একটি ইউরোপীয় একাডেমি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। মাক্রোঁ বলেন, রাশিয়াকে ইউক্রেইন যুদ্ধে সফল হতে দেওয়া যাবে না।

post
প্রবাস রাজনীতি

বাংলাদেশে নিহতদের স্মরণে যুক্তরাজ্যে শোকসভা

বাউল শিল্পী পাগল হাসানসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে যুক্তরাজ্যে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। সভায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সেই সাথে বাংলাদেশে মহামারী আকার ধারন করা এ দুর্ঘটনা রোধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সহ-সভাপতি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,সাংস্কৃতিক সম্পাদক রোকসানা হাসি সোনিয়া, দফতর সম্পাদক আব্দুল বেলাল চৌধুরী, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাজী তানভীর হাসান, প্রচার সম্পাদক রিপন ভূঁইয়া, এক্সিকিউটিভ মেম্বার সুজাতুল ইসলাম ও আলী হোসেনসহ অনেকে।

post
আন্তর্জাতিক

স্পেনে সীফুড এক্সপো গ্লোবাল-২৪ উদ্বোধন

স্পেনের বাণিজ্যিক শহর বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবাল-২০২৪ এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। বিশ্বখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেনু ফিরা বার্সেলোনায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এসময় দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন এ টি এম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সীফুড এক্সপো গ্লোবালের এবারের ৩১তম সংস্করণে বাংলাদেশের সীফুড রপ্তানিকারক ১০টি কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন।

post
আন্তর্জাতিক

ওমরাহ যাত্রীদের জন্য সুখবর দিলো সৌদি

সৌদি আরবের যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ সম্পর্কিত নীতিমালা শিথিল করে এ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, যেকোনো দেশ থেকে আসা একজন নাগরিক যেকোনো ভিসায় সহজে ও স্বস্তির সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম, ইভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে,ভিসা যে ধরনেরই হোক,ওমরাহ পালন করতে পারবেন। ওমরাহ পালনের অনুমতি পেতে আগ্রহী ব্যক্তিদের নুসুক অ্যাপ ব্যবহারে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ। পবিত্র মসজিদুল হারামে একজন মুসল্লি কখন ওমরাহ পালন করতে চান, সেটি অ্যাপে উল্লেখ করতে বলা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

প্যারিসে প্রবাসীদের বৈশাখী উৎসব

স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে প্যারিসের মাক্সধর্মী হল রুমে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রবাসী বাংলাদেশিরা সুরের মূর্ছনায় বৈশাখী আনন্দে মেতে ওঠেন। সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন, জেনারেল সেক্রেটারি শুভ্রত ভট্টাচার্য শুভ, সলিডারিটিতে আজি ফ্রান্স-এর প্রেসিডেন্ট নয়ন এনকে, অ্যাসোসিয়েশন ছিকানো বাঙ্গালীর প্রেসিডেন্ট সরুফ সদিউল,বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান ও মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুলসহ অনেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান ও ঝিলিক।

post
এনআরবি বিশ্ব

ব্রুনাই থেকে দেশে ফিরলো ৩ লাশ

ব্রুনাইয়ের হাসপাতালে সংরক্ষিত তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এরমধ্যে দুজনের মরদেহ গত দুই বছরের বেশি সময় ধরে রিপাস হাসপাতালের মর্গে রক্ষিত ছিল। চিকিৎসার বিল বকেয়া থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মরদেহ ছাড়ছিল না। বুধবার ও বৃহস্প‌তিবার দুই ধা‌পে এই বাংলা‌দে‌শিদের মরদেহ দে‌শে পাঠা‌নো হয়। ব্রুনাই‌য়ের বাংলা‌দেশ হাইক‌মিশ‌ন বল‌ছে,তিন বাংলাদেশির মধ্যে বরিশালের গৌরনদীর শিপন এবং নরসিংদীর শিবপুরের মোশারফ হোসেনের মরদেহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পাঠানো বরাদ্দের অর্থায়নে গত বুধবার দে‌শে পাঠা‌নো হয়। এ ছাড়া ঝালকাঠির সুমন খানের মরদেহ ব্রুনাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি সদস্যদের থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে বৃহস্প‌তিবার দেশে পাঠানো হয়। বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, শিপন ও মোশারফের ইন্স্যুরেন্স না থাকায় তাদের মরদেহ সেখানে আটকে ছিলো। কারণ তারা দুজনেই বৈধভাবে ব্রুনাইয়ে অবস্থান করছিলেন না।

post
বাংলাদেশ

সমাবর্তনের অজুহাতে আটকা সনদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেছেন রাইসুল ইসলাম সাগর। উচ্চশিক্ষা নিতে যেতে চান অস্ট্রেলিয়া। শুরু করেছেন প্রক্রিয়াও। এখন প্রয়োজন তার মূল সনদ, যা সমাবর্তন ছাড়া কোনোভাবেই দিতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি সাগরের। বাধ্য হয়ে সমাবর্তনের অপেক্ষায় তিনি। সাগরের মতো হাসনাত আবদুল হাইও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। একাধিক চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় মূল সনদ দেখাতে না পারায় বিপাকে পড়েছেন তিনি। হাসনাত আবদুল হাই বলেন, কবে সমাবর্তন হবে, সেটার জন্য তো চাকরির ইন্টারভিউয়ের তারিখ আটকে থাকে না। এ সমস্যার সমাধান হওয়া জরুরি। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সমাবর্তন ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনদ দিতে আইনি কোনো বাধা নেই। সমাবর্তনের দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত উপাচার্য না থাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের বিধি বিধান না মানাসহ বিভিন্ন কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তনের অনুমোদন দেয় না সরকার। এ অজুহাতে হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সমাবর্তন ছাড়া মূল সনদ দিতে না চাওয়ার অভিযোগ থাকা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যম। তারা এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি।

post
বাংলাদেশ

দেশে ধারাবাহিকভাবে বাড়ছে ম্যালেরিয়া

দেশে ম্যালেরিয়া নির্মূলে সরকারিভাবে গতানুগতিক নানান উদ্যোগ নেওয়া হলেও মশা ও মানুষের জীবনাচরণ পরিবর্তনে তা কোনোভাবে কাজেই আসছে না। সরকার ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য গ্রহণ করেছে। তবে লক্ষ্য অর্জনের বদলে প্রতিবছর বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাধারণত পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়ার বাহক মশা সবচেয়ে বেশি থাকলেও সম্প্রতি ঢাকায় অ্যানোফিলিস মশা ও মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে গতানুগতিক ধারায় কার্যক্রম পরিচালনা করলে ২০৩০ সালের মধ্যে বা তারও বেশি সময়েও লক্ষ্য পূরণ হবে না। শুধু অপচয় হতে থাকবে সরকারি অর্থ। সেজন্য প্রয়োজন মশা নির্মূলের পদ্ধতিতে নতুনত্ব। এমন পরিস্থিতি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এবারে দিবসটির প্রতিপ্রাদ্য ‘ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই আরও গতিশীল করতে হবে’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২৪ কোটি ৯০ লাখ মানুষ। আর এতে মৃত্যু হয়েছে ৬ লাখ মানুষের। ম্যালেরিয়ায় মৃত্যুর ৯০ শতাংশই হয়েছে আফ্রিকা অঞ্চলে। সরকারের ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২০ সালের পরবর্তী চার বছরে রোগী বেড়েছে কয়েক গুণ। এরমধ্যে ২০২২ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল সর্বোচ্চ ১৮ হাজার ১৯৫ জন। অন্যদিকে মৃত্যু হয়েছিল ১৪ জনের। এর তুলনায় গত বছর, ২০২৩ সালে আক্রান্ত কিছুটা কমে হয়েছিল ১৬ হাজার ৫৬৭ জন, আর মৃত্যূ হয়েছে ৬ জনের। ২০২১ সালে আক্রান্ত হয় ৭ হাজার ২৯৪ জন ও মৃত্যু হয় ৯ জনের। ২০২০ সালে আক্রান্ত ছিল ৬ হাজার ১৩০ জন ও মৃত্যু ৯ জনের।

post
বাংলাদেশ

সালমান শাহর মতোই জয়কে টার্গেট করা হলো

এফডিসিতে সাংবাদিকদের উপরে অভিনয়শিল্পীদের হামলার ঘটনায় চিত্রনায়ক জয় চৌধুরী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। এই ঘটনার পরে জয়কে ‘আজীবনের’ জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। একইসঙ্গে জয়কে নিয়ে কোনো পরিচালক কিংবা প্রযোজক কাজ করলে তাদের সংবাদ বয়কটেরও ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের সঙ্গে অভিনয়শিল্পীদের সেই গণ্ডগোলের ঘটনায় জয় চৌধুরী ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা ইসলাম নীড়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা দাবি করেন তিনি। যেখানে রোমানা বলেন, এই ১১ বছরের ফিল্ম জীবনে কেউ বলতে পারবে না জয় করো সাথে কোনো দিন কোনো বিষয় নিয়ে বেয়াদবি করেছে। শুধু সাংবাদিক ভাইয়েরা না চলচ্চিত্রের সাথে জড়িত কোনো একটা মানুষ বলতে পারবেনা। এমনকি আমাদের বিএফডিসিতে যে ঝাড়ুর কাজ করে তার সাথেও হেসে কথা বলে তাদের সমস্যায় পাশে থেকেছে। এতটাই ভালোবাসা পেয়েছে যে, শিল্পীরা তাকে ভালোবেসে ভোট দিয়ে শিল্পীদের নেতা বানিয়েছে। ২৩ তারিখ কি এমন হলো যে এই পরিবেশ হলো? সেদিনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কি না প্রশ্ন রেখে জয়ের স্ত্রী বলেন, আপনার শিল্পীকে কেউ বাউন্ডারি ক্রস করে মারতে আসবে আর আপনি কি সেটা চেয়ে চেয়ে দেখবেন? এটাই কি কাম্য আপনাদের? ভিডিওতে সবাই দেখেছে, শিল্পী সমিতির বাউন্ডারি ক্রস করে একজন ভিতরে ঢুকছিল শিল্পীকে আঘাত করার জন্য। সেটা দেখে আরেকজন শিল্পী প্রতিবাদ করেছে! এটাইতো শিল্পীদের ধর্ম হওয়া উচিত। খুব অবাক হলাম, একা জয় চৌধুরীকে দোষ দিয়ে তাকে কোণঠাসা করা হচ্ছে? এটা কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে না তো?

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.