ব্রুনাইয়ের হাসপাতালে সংরক্ষিত তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এরমধ্যে দুজনের মরদেহ গত দুই বছরের বেশি সময় ধরে রিপাস হাসপাতালের মর্গে রক্ষিত ছিল। চিকিৎসার বিল বকেয়া থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মরদেহ ছাড়ছিল না।
বুধবার ও বৃহস্পতিবার দুই ধাপে এই বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানো হয়। ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন বলছে,তিন বাংলাদেশির মধ্যে বরিশালের গৌরনদীর শিপন এবং নরসিংদীর শিবপুরের মোশারফ হোসেনের মরদেহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পাঠানো বরাদ্দের অর্থায়নে গত বুধবার দেশে পাঠানো হয়। এ ছাড়া ঝালকাঠির সুমন খানের মরদেহ ব্রুনাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি সদস্যদের থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে বৃহস্পতিবার দেশে পাঠানো হয়। বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, শিপন ও মোশারফের ইন্স্যুরেন্স না থাকায় তাদের মরদেহ সেখানে আটকে ছিলো। কারণ তারা দুজনেই বৈধভাবে ব্রুনাইয়ে অবস্থান করছিলেন না।
