বঙ্গবন্ধু কাপ কাবাডির হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ দাপুটে জয় দিয়ে চতুর্থ টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে। রোববার (২৬ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ।
আরদুজ্জামান, মিজানুরদের নিয়ে গড়া বাংলাদেশ দলের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি কোরিয়া। ৫টি লোনাসহ ম্যাচ জেতে বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাট ছাড়ে স্বাগতিকরা।
বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান একাই দলের পক্ষে ২১ পয়েন্ট এনে দেন। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি প্রতিপক্ষের কাছ থেকে তুলে আনেন ১০ পয়েন্ট। ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর। ম্যাচসেরা বাংলাদেশের রেইডার মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছি। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই। আমরা শিরোপা জিততে চাই।’
বাংলাদেশের শুরুটাও হয়েছে চ্যাম্পিয়নের মতোই। বিশ্বকাপের গেল দুই আসরের সেমিফাইনালিস্ট কোরিয়াকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা। খেলা শেষে বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, ‘কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দল জেতায় আমি অত্যন্ত আনন্দিত। ছেলেদের যেভাবে পরিকল্পনা দেয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।'
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। এই ম্যাচেও জয়ের লক্ষ্যে খেলবে স্বাগতিকরা।
