post
এনআরবি বিশ্ব

চার মাসে আমিরাতে ১২ বাংলাদেশির আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফারুক হোসেন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি। দুবাইয়ের আল কুসাইস এলাকার একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ফারুক হোসেনের বাড়ি কুমিল্লায়। গত চার মাসে ফারুকের মতো আরব আমিরাতে অন্তত ১২ বাংলাদেশি আত্মহত্যা করেন। এর মধ্যে দুবাই ও উত্তর আমিরাতে ১০ এবং আবুধাবিতে আত্মহত্যা করেন দু’জন। প্রবাসীরা বলছেন, আত্মহননকারীর অধিকাংশই ঋণের চাপ, পারিবারিক কলহ, মান-অভিমান, বেতন না পাওয়া ও কর্মহীনতার কারণে হতাশায় ভুগছিলেন। একাকিত্বের কারণেও কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আব্দুস সালাম এবং আবুধাবির বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীম জানান, দুবাই ও উত্তর আমিরাতে গত জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত ১০ প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেন। গত বছর আত্মহত্যা করেন ১৪ জন। অন্যদিকে আবুধাবিতে গত মার্চ ও এপ্রিলে দু’জন এবং গত বছর পাঁচ প্রবাসী আত্মহত্যা করেন। গত বৃহস্পতিবার দুবাইয়ে আত্মহত্যা করা ফারুক হোসেন যে ভবনটিতে থাকতেন, সেখানে অধিকাংশই ট্যাক্সি চালকের বসবাস। ফারুক ২০১৫ সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে চাকরি নিয়ে আমিরাতে আসেন। এরপর থেকে তিনি ট্যাক্সি চালাতেন। সম্প্রতি চাকরি ছেড়ে মানবেতর জীবনযাপন করছিলেন। কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হচ্ছিল তাঁর। মাঝে মাঝে বিয়ে বিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত। একদিকে স্ত্রীর সঙ্গে কলহ, অন্যদিকে বেকার জীবনযাপনের হতাশার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এর আগে গত ২৭ এপ্রিল আবুধাবির একটি ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগরের শিবলি সাদিক (৩৮)। প্রতিবেশী মোহাম্মদ মনির জানান, শিবলি দীর্ঘদিন ধরে আবুধাবিতে ব্যবসা করতেন। কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে আমিরাতে আবাসন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। সম্প্রতি তাঁর ব্যবসায়িক পার্টনার ওই আবাসন প্রতিষ্ঠানে বিনিয়োগের সব অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এতে হতাশ হয়ে পড়েন শিবলি। গত ৩০ মার্চ আবুধাবিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সন্দ্বীপের মুসাপুরের মোহাম্মদ ইউসুফ। তিনি দেশটির আল আইন শহরে কর্মরত ছিলেন। এ ছাড়া দেশে ছুটিতে থাকাকালে আত্মহত্যা করেন দুবাই প্রবাসী মাসুদ রানা। দুবাই ট্যাক্সি কোম্পানিতে কর্মরত রানা ছুটিতে নিজের এলাকা কুড়িগ্রামের ফুলবাড়ী গিয়ে বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র ৯ দিনের মাথায় আত্মহত্যা করেন তিনি। প্রবাসীরা বলছেন, অধিকাংশ বাংলাদেশি শ্রমিক প্রবাসে একা থাকেন। কর্মক্ষেত্রে বিভিন্ন চাপ ও পারিবারিক কলহের কারণে প্রতিনিয়ত তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। এতে আত্মহত্যার ঝুঁকি বেড়ে যায়। এ ঝুঁকি কমাতে এবং প্রবাসীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বাংলাদেশ মিশনগুলোকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। 

post
এনআরবি বিশ্ব

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাংক

গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। শনিবার রাতভর আকাশ ও স্থলপথে ভারি বোমা হামলার পর রোববার ভোরে সেখানে ট্যাংক পাঠায় দেশটি। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের হামলায় ১৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া। সেখানে ১ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন আশ্রয় নিয়ে আছে। তাদের অধিকাংশই ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের শহর ও গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জাবালিয়ায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে তাদের সামরিক সক্ষমতা পূন:প্রতিষ্ঠা করায় বাধা দিচ্ছে সেনারা।

post
অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশী সুপারমার্কেট উদ্বোধন

সূলভ মূল্যে পণ্য সেবা দেয়ার লক্ষ্যে আমিরাতে যাত্রা শুরু করেছে বাংলাদেশী প্রতিষ্ঠান, তাসনীম আল মদিনা সুপারমার্কেটের ২য় শাখা। আবুধাবির শিল্পনগরী মোছাফফার চল্লিশ নং ছানাইয়ার সেভেন ইমারত সুপারমার্কেট গলিতে প্রতিষ্ঠানটি চালু করা হয়। এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সিম্পল লাইফ কন্ট্রাক্টিং এন্ড রিয়েল এষ্টেট সোল প্রোপার্টিজ’র কর্ণধার হাফেজ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,ব্যবসায়ী রামশেদ,তাজ উদ্দিন,আমিরাত নাগরিক মোহাম্মদ ইবরাহীম আল আমরি,ব্যবসায়ী হাজ্বী মোহাম্মদ সাঈদূর রহমান, মোহাম্মদ হারিস,সেলস ম্যানেজার মোহাম্মদ হাফিজ ও কোম্পানি ম্যানেজার মিজানুর রহমানসহ অনেকে। উদ্বোধন উপলক্ষে মার্কেটটিতে মাছ-মাংস ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন পন্যের উপর চলছে বিশেষ মূল্য ছাড়।

post
অনুষ্ঠান

কুয়েতে প্রবাসীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনটির ফরওয়ানিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। ফরওয়ানিয়া আঞ্চলিক শাখার আহ্বায়ক লোকমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আলাল আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আশরাক আলী ফেরদৌস,সিকান্দার আলী,শাহ নেওয়াজ নজরুল,শামসুল হক,আবুল কালাম আজাদ,সাঈদ কুতুব উদ্দিন ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ জুবেদ। এতে বক্তব্য রাখেন,সুরুক মিয়া,মিজানুর রহমান,সিরাজ মিয়া,বিলাল উদ্দিন,ইমাম উদ্দিন বাদল,কামাল হোসেন ও আহাদ আম্বিয়া খোকনসহ অনেকে। এসময় বক্তারা সিলেটের সামাজিক এ সংগঠনটির প্রশংসা করে বলেন,সমাজ কল্যাণে জালালাবাদ এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

post
শিক্ষা

বাহরাইনে এসএসসি’তে ৮৪.০৯ শতাংশ পাস

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এর মধ্যে ২ জন জিপিএ ৫ সহ ৮৪.০৯শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে। দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪৫জন শিক্ষার্থী এতে অংশ নেয়। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে। পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন ও বাণিজ্য বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন,বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস। ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। আর সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। বিদেশের মাটিতে ছাত্র-ছাত্রীদের এমন সাফল্যে গর্বিত প্রতিষ্ঠানটির শিক্ষকেরাও। বাহরাইনে ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

post
এনআরবি বিশ্ব

রাফা ছাড়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আরও কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই নির্দেশ দিয়ে তারা ফিলিস্তিনিদের আল-মাওয়াসির বর্ধিত মানবিক এলাকায় চলে যেতে বলেছে। ধারণা করা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী হয়তো রাফায় স্থল অভিযান শুরু করার পরিকল্পনা করছে। গত সোমবার থেকে গাজার মিশর সীমান্তবর্তী নগরী রাফায় আকাশ হামলা শুরু করে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ছোট্ট এ ভূখন্ডটিতে প্রাণ বাঁচাতে ১০ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের নির্দেশে তাদের এখন রাফাও ছাড়তে হচ্ছে।

post
অভিবাসন

কুয়েতে পাঁচ বাংলাদেশি আটক

কুয়েতে অবৈধ প্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।নির্মাণাধীন এলাকা আল-মুতলা ও আল-খাইরান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশনের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিদের আগেও বিভিন্ন অপরাধে কুয়েত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা অবৈধভাবে পুনরায় কুয়েতে প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন ।

post
সংবাদ

নোয়াখালী সোসাইটি বাহরাইনের পরিচিতি সভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজনেস ফোরামের হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাজহারুল ইসলাম বাবু ও মোহাম্মদ সাজ্জাদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজনেস ফোরাম বাহরাইনের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সম্রাট নজরুল ইসলাম, বাহরাইন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, আল মারুফ, নুর ইসলাম, হাবিবুর রহমান,মো. আমির হোসেন, মো. মাসুদ আলম, মো. আবু জাফর, আব্দুস সাত্তার, হাসান রিয়াদ ও আনোয়ার শাহজাহানসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে সাধারণ পরিষদ

জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবারের ভোটে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়েছে। জাতিসংঘে যোগ দেওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করেছে সাধারণ পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদেশ ১৯৩ টি। ফিলিস্তিনিদের দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থনের বিষয়টিই যেন যাচাই হয়েছে শুক্রবারের ভোটের মাধ্যমে। ফিলিস্তিনকে কার্যত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ারই পদক্ষেপ এটি। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবনার পক্ষে পড়েছে ১৪৩ ভোট। ৯ টি পড়েছে বিপক্ষে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর ২৫ টি দেশ ভোটদানে বিরত থেকেছে।

post
সংবাদ

দুবাইতে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গলাই ফাঁস লাগিয়ে ফারুক হোসেন নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। ভোর বেলা সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়েন ফারুক। এক সময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.