জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবারের ভোটে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়েছে। জাতিসংঘে যোগ দেওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করেছে সাধারণ পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যদেশ ১৯৩ টি। ফিলিস্তিনিদের দাবির প্রতি বিশ্ববাসীর সমর্থনের বিষয়টিই যেন যাচাই হয়েছে শুক্রবারের ভোটের মাধ্যমে। ফিলিস্তিনকে কার্যত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ারই পদক্ষেপ এটি। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবনার পক্ষে পড়েছে ১৪৩ ভোট। ৯ টি পড়েছে বিপক্ষে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর ২৫ টি দেশ ভোটদানে বিরত থেকেছে।
