post
আন্তর্জাতিক

রোমানিয়ায় বাংলাদেশীসহ ১০৪ নাগরিক আটক

বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ১০৪ নাগরিককে আটক করেছে রোমানিয়া। অবৈধ অভিবাসনের সময় হাঙ্গেরি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সীমান্ত পুলিশ।আটককৃতদের মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া ইরাক, ইথিওপিয়া, ইরান ও আফগানিস্তানের নাগরিকেরাও রয়েছে।দেশটির সীমান্ত পুলিশের বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে,রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পরিচালিত একটি অভিযানে লুকিয়ে থাকা অবস্থায় তাদের খুঁজে পায় পুলিশ।আটককৃতরা আরাদ অঞ্চলের নাদলাক-২ বর্ডার পয়েন্টে তিনটি ট্রাক এবং একটি ভ্যানে লুকিয়ে ছিলেন। তারা পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় সীমানা অতিক্রম চেষ্টার অভিযোগে বিচারিক তদন্ত শুরু করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে ইউরোপের এ দেশটি।

post
এনআরবি লাইফ

আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন

অমর একুশে গানের রচয়িতা ও প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯ তম জন্মদিন পালন করেছে প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শনসহ বর্নাঢ্য আয়োজনে জন্মোৎসব করেছে যুক্তরাজ্য প্রবাসী ৩ সাংস্কৃতিক সংগঠন। প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ। ১৯৭৪ সালের অক্টোবর মাসে লন্ডনের উদ্দেশে পাড়ি জমান তিনি। প্রবাসী হয়েও তিনি সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলিসহ নানা বিষয় তার লেখার মধ্যে দিয়ে উঠে আসে। বাঙালি ও বাংলাদেশের পক্ষে বিরামহীন লেখনী তাকে বাঙালির ‘বাতিঘর’এ পরিণত করেছে। আবদুল গাফ্‌ফার চৌধুরীর জন্মদিন উপলক্ষে লন্ডনের রেডব্রিজে স্মরণীয় বরণীয় শিরোনামে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন ও তার জন্মোৎসব পালন করেছে আনন্দধারা আর্টস ইউকে, শহীদ সুলেমান স্মৃতি সংসদ ইউকে এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ।  আলোচনায়  তুলে ধরা হয় কিংবদন্তির কর্মময় স্মৃতির নানা তথ্য। আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রবাসজীবনের স্মরনীয় ঘটনায় আপ্লুত হন লন্ডনের বরেণ্যব্যক্তিত্বরা। সালাম তোমায় হে বীর শ্রেষ্ঠ, হে শহীদ সুলেমান" গান ও মুক্তিযুদ্ধে চেতনায় উল্লেখযোগ্য গানগুলি আনন্দধারার শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গাফ্ফার চৌধুরীর জন্মোৎসব ।

post
বিশেষ প্রতিবেদন

আবদুল গাফফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ

কিংবদন্তী সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক এবং অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ। বরিশালের উলানিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মেধা, মনন আর যোগ্যতায় যিনি হয়ে উঠেছিলেন দেশের সাংবাদিকতার অন্যতম কান্ডারি। ২০২২ সালের ১৯মে না ফেরার দেশে পাড়ি জমান দেশবরেণ্য এই মানুষটি।অমর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদেরকে নিয়ে লেখা এই গানটি বাঙালীর চেতনার গহীনে গেঁথে আছে। গানটির রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। সাংবাদিকতায় হাতেখড়ি হলেও বাংলার সাহিত্য থেকে রাজনীতি সব জায়গাতেই ছিলো তাঁর বিশদ বিচরণ। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। সেখানে ১৯৫৩ সালে ইন্টারমিডিয়েট, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে অনার্স শেষ করেন তিনি। শিক্ষাজীবনের মতো আবদুল গাফফার চৌধুরীর কর্মজীবনও ছিল বর্ণাঢ্যময়। ১৯৪৭ সালে কংগ্রেস হিতৈষী পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর সওগাত, দৈনিক সংবাদ, মাসিক সওগাত এবং দৈনিক জেহাদের মত জনপ্রিয় পত্রিকায় কাজ করেন তিনি। দেশের জন্য ‍দায়িত্বশীল অবদানের স্বীকৃতিও পেছেছেন কিংবদন্তী এই ব্যক্তিত্ব।  আবদুল গাফফার চৌধুরী ইউনেস্কো পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু পুরস্কারসহ অর্জন করেন দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা।শেষ জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ইংল্যান্ডে। ২০২২ সালের ১৯ মে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, না ফেরার দেশে পাড়ি জমান আবদুল গাফফার চৌধুরী।

post
বাংলাদেশ

দেওয়ালে পোস্টার লাগালে গলায় জুতার মালা দেওয়া হবে: মেয়র আতিক

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থাপনা এবং দেওয়ালে যারা পোস্টার লাগাবেন তাদের গলায় জুতার মালা পরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন চেয়ে তিনি বলেছেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন। সোমবার রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে, তার গলায় জুতার মালা দেওয়া হবে।

post
বাংলাদেশ

শরিকদের সঙ্গে সহসাই সমঝোতা: তথ্যমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শরিক দলগুলোর সঙ্গে সহসাই সমঝোতা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ও স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, তাদের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত আসবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশা করছি খুব সহসা শরিকদের সঙ্গে সমঝোতা হবে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা চলছে। খুব সহসা ১৪ দলের জোটের সঙ্গে সমঝোতা হবে। আর স্বতন্ত্র প্রার্থী সব সময় নির্বাচনে থাকে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, দলের অভ্যন্তরে এটা নিয়ে আলোচনা হয়নি। প্রয়োজন হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যারা নির্বাচনে পর্যবেক্ষকদল পাঠাবে কি পাঠাবে না এ নিয়ে দোলাচলে ছিল, তারা এখন সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষক দল পাঠাবে। আমি মনে করি, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসা মানেই একটি সুষ্ঠু-সুন্দর ভালো নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক।

post
বাংলাদেশ

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের করা আপিল শুনানির দ্বিতীয় দিন আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে,রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিন ছিল আজ।  সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানি শুরু হয়ে চলে, বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় দিনে মোট ১০০ জনের আপিল শুনানি করে কমিশন। প্রার্থিতা ফিরে পেয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম, চিত্রনায়িকা মাহিয়া মাহি, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ এবং মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকসহ অনেকে। বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।

post
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাঁধা কোথায় ? জনমনের মিশ্রভাবনা ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ। নানা অনিশ্চয়তা থাকলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নও চায় সুষ্ঠু নির্বাচন। প্রতিবেশী ভারত দীর্ঘদিন নীরব থাকলেও সম্প্রতি দেশটি জানিয়েছে বাংলাদেশে অবাধ ও সংঘাতমুক্ত ভোট চায় তারা। মাঠের বিরোধী দল বিএনপি একই দাবিতে সমমনা দল নিয়ে রাজপথে আন্দোলন করছে। দেশের সুশীল সমাজ, সচেতন মহলসহ সব শ্রেণি-পেশার মানুষের চাওয়াও একই। তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাঁধা কোথায়-ঘুরেফিরে সর্বত্র এমন আলোচনাই চলছে। রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক দল, পেশাজীবীসহ নানা শ্রেণির মানুষের সঙ্গে কথা বলে এ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হয়। সবাই প্রায় অভিন্ন সুরে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বড় বাধা হচ্ছে সদিচ্ছা ও আন্তরিকতার অভাব। এরই মধ্যে তফসিল ঘোষনা করে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়ন পত্র দাখিল ও বাতিল হওয়াদের আপীল শুনানীও করেছে নির্বাচন কমিশন। তবে মাঠ পর্যায়ে বিএনপি ও সমমনা কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তীব্র থাকায় নির্বাচনে অংশ নিচ্ছে না তারা। কিন্তু সাধারণ মানুষের এবিষয়ে রয়েছে মিশ্রপ্রতিক্রিয়া। নির্বাচন কমিশনের  নির্বাচনী ব্যবস্থার প্রতি বেশিরভাগ দল ও মানুষের ভরসা নেই বলেও দাবী অনেকের। যদিও  নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে বলে বারবার জানাচ্ছে গণমাধ্যমকে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন,সবার মুখেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা শোনা যাচ্ছে। কিন্তু সেটা নিশ্চিত করতে বহু বাধা রয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে আন্তরিকতার অভাব। অতীতে একই প্রতিশ্রুতি দেয়া হলেও তা রক্ষা করা হয়নি। সাবেক কূটনীতিক তৌহিদুল হক বলছেন,আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতা দখলের প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিতে হবে। কারন বিদেশী হস্তক্ষেপে কখনো দেশের সংকট সমাধান হবে না, ভাবনাটাও সুখকর নয়।  এজন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। রাজনৈতিক দলগুলোর একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস এবং সর্বোপরি তাদের সদিচ্ছা ছাড়া এ বাধা কখনো দূর করা যাবে না। উলটো সংকট আরও ঘণীভূত হবে। যার ইঙ্গিত ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন প্রশ্নে বড় দুটি দল নিজ নিজ অবস্থানে অনড়। চলছে রাজপথ দখলের লড়াই। তা রূপ নিচ্ছে সহিংসতায়।

post
বাংলাদেশ

নির্বাচনের তফসিল বৈধ,তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।এর আগে, বর্তমানে জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সাত জনকে বিবাদী করা হয়।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে গত ২৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় নোটিশে।ভোটগ্রহণের ৫২ দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। ইসির ঘোষণা অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হবে। তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয় ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।##

post
প্রবাস রাজনীতি

সিলেটে নির্বাচনে অংশ নিতে দেশে আসতে শুরু করেছে প্রবাসীরা

প্রবাসীরা জাতির প্রতিটি প্রয়োজনেই সাড়া দেন। পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিরন্তর সমৃদ্ধ করছেন দেশের অর্থনীতিকেও। শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে রাখছেন অবদান। পিছিয়ে নেই রাজনীতিতেও। তাই জাতীয় নির্বাচন থেকে শুরু করে তৃণমূলের স্থানীয় সরকার নির্বাচনেও দেশে ছুটে আসেন পছন্দের দল ও প্রার্থীর পক্ষে কাজ করতে। আবার কেউ কেউ অংশ নিচ্ছেন নির্বাচনে, করছেন প্রতিদ্বন্দ্বিতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই অনেক প্রবাসী দেশে আসতে শুরু করেছেন। ইতোমধ্যে যারা এসেছেন তাদের কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতাও করতে চেয়েছিলেন। মুহাম্মদ মনির হোসেইন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা। সিলেট-৩ আসনে দল থেকে মনোনয়ন চেয়েছিলেন পর পর তিনবার,কিন্তু পাননি। তবে প্রতিবারই দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে তৎপর থাকেন এই প্রবাসী। দেশে অবস্থানরত অন্য প্রবাসীরা জানালেন,দূর দেশে থাকলেও রাজনীতিসহ দেশের সব কিছুর সাথে প্রবাসীদের সম্পর্ক গভীর। তাই প্রতিটি নির্বাচনকে সামনে রেখে ছুটে আসেন তারা।সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমান চৌধুরী। ২০০৮ সালে প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথ ও ওসমানী নগর নিয়ে গঠিত সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘নৌকা’ প্রতীক নিয়ে। এবারের দ্বাদশ নির্বাচন নিয়ে উচ্ছসিত প্রবাসীরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন তারা।

post
বাংলাদেশ

৩৬ ঘণ্টার অবরোধ বিএনপির

আগামী ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।রোববার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.