post
শিক্ষা

১ জানুয়ারিতেই হবে বই উৎসব

দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে চলতি বছর বই উৎসব হবে কি না তা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে না হওয়ার সম্ভাবনার কথাই বলা হচ্ছিল।তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড  সূত্রে জানা গেছে, এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারিতেই বই উৎসব হবে। এজন্য দুটি পৃথক স্থানও নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকের বই উৎসব হবে রাজধানীর মিরপুরে। আর মাধ্যমিকের বই উৎসব হবে কুমিল্লার লালমাই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে।সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় এ উৎসব শুরু হবে। দুটি স্থান থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে বই উৎসব করা হবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম জানান, প্রতিবারের মতো এবারও বছরের প্রথম দিন বই উৎসব হবে। এবার মাধ্যমিকের বই উৎসব কুমিল্লার লালমাই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে। সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।বই ছাপানোর অগ্রগতির বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, প্রাথমিকের সব বই গত ৪ ডিসেম্বর উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় সব বইও উপজেলায় পৌঁছে গেছে। অষ্টম ও নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান অনুশীলন বই আজই প্রেসে যাবে।এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ জানান, প্রাথমিকের বই উৎসব এবার মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশেই স্কুলটি অবস্থিত।পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ধরা হয়েছে ৩ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৬৩০ জন। তাদের জন্য বই ছাপা হচ্ছে মোট ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণির চার কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য পাঁচ কোটি ছয় লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে।অন্যদিকে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের জন্য এবার মোট দুই লাখ পাঁচ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে। অন্য বইয়ের মধ্যে পাঁচ হাজার ৭৫২ কপি ব্রেইল বই ছাপা হবে। তাছাড়া শিক্ষকদের ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি শিক্ষক সহায়িকা দেওয়া হবে।

post
সংবাদ

টিআইবি কোনো দলের নয় নির্বাচনের পক্ষে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি কোনো দলের নয়, টিআইবি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, ‘টিআইবি বিএনপির অঙ্গসংগঠন কি-না প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য একদিকে বিব্রতকর ও অন্যদিকে সমালোচক মাত্রই রাজনৈতিক প্রতিপক্ষ এমন মানসিকতার প্রতিফলন।’বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যম সূত্রে জানা যায় তফসিল ঘোষণা পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষিত বিবেচনায় আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না- টিআইবির এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’টিআইবিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকার ওপর নির্ভর করে সব নির্বাচনপ্রত্যাশী রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করেই কেবল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব। মন্ত্রীর তা বোঝার মতো বিচক্ষণতা রয়েছে বলেই টিআইবি মনে করে।’‘অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা বিনষ্ট হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করায় বিএনপির সঙ্গে টিআইবিকে জড়িয়ে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেওয়া এ বক্তব্য অনভিপ্রেত। টিআইবি একটি অরাজনৈতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না।সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ও দেশের প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির এমন বক্তব্য পুরোপুরি অমূলক ও হতাশাজনক।তবে টিআইবি এতে মোটেই অবাক বা বিচলিত নয় মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার উপযুক্ত রাষ্ট্রকাঠামো বিনির্মাণে কর্মরত টিআইবির ওপর এ ধরনের অপবাদ দেওয়ার চর্চা নতুন কিছু নয়। কোনো গবেষণালব্ধ প্রতিবেদন বা পরামর্শ অপছন্দ হলেই আওয়ামী লীগ-বিএনপি প্রধান দুই রাজনৈতিক দলই টিআইবির প্রতি বিষোদগারে লিপ্ত হয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময় টিআইবিকে বন্ধ করে দেওয়া, সারাদেশের ৬৪ জেলায় মামলা করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি চলতি বছরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির পক্ষ থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সংস্থাটির কর্মকর্তাদের নিয়ে বিদ্বেষমূলক অপপ্রচার চালানো হয়।ড. জামান আরও বলেন, টিআইবির কোনো মন্তব্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। টিআইবির অবস্থান গণতন্ত্র ও সুশাসনের পক্ষে, অগণতান্ত্রিক ও সুশাসনকে বাধাগ্রস্ত করে এমন শক্তির বিপক্ষে। তবে একই সঙ্গে লক্ষ্যণীয়, টিআইবিকে নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান ও পরিস্থিতি ভেদে এমন বিষোদগার টিআইবির নিরপেক্ষতাকেই প্রমাণ করে।

post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

ওয়াশিংটন ডিসি, ১৫ ডিসেম্বর, ২০২৩ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত এ মাটির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত হয়েছে।যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান কর্তৃক বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধু মিলনায়তনে এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান এবং মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান। এরপরে দিনটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ইমরান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা বিশিষ্ট বুদ্ধিজীবীদের বর্বরোচিত হত্যাযজ্ঞকে মানব ইতিহাসের অন্যতম গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন এবং এই দিনটি আরো বৃহৎ পরিসরে পালনের মাধ্যমে এই নৃশংস হত্যাযজ্ঞকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত ইমরান বলেন, এই নৃশংস হত্যাযজ্ঞ ছিল জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান । আলোচনায় অংশ নিয়ে মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন ১৪ ডিসেম্বরকে বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক দিন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই দিনে দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের শাস্তি এড়াতে কিছু যুদ্ধাপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং খুনিদের বিচারের মুখোমুখি করতে অবিলম্বে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান। শহিদ বুদ্ধিজীবী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। কর্মসূচি পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি।

post
ক্যাম্পাস লাইফ

ভারতের নিমস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আমেরিকান ডিগ্রীর স্বপ্ন পূরণ করবে ডব্লিউইউএসটি

উচ্চমান সম্পন্ন শিক্ষা, গবেষণা উন্নয়ন, সহযোগীতা ও অন্যান্য শিক্ষাবিনিময় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি নিমস ইউনিভার্সিটির মাঝে একটি দীর্ঘ মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ডব্লিউইউএসটির লিসবার্গ পাইক ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম। এই সমঝোতা স্বারক স্বাক্ষর করেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ এবং নিমস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড. বলবীর এস. তুমার। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ শিক্ষা এবং শিক্ষাগত গবেষণার উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগীতায় এই দুই বিশ্ববিদ্যালয় দীর্ঘস্থায়ীভাবে এক সাথে কাজ করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নিমস ইউনিভার্সিটির ক্যাম্পাস রাজস্থানের জয়পুরে। বেসরকারী মেডিকেল নির্ভর ইউনিভার্সিটির মধ্যে দীর্ঘ সময় ধরে এটি সারা ভারতের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়। ডব্লিউইউএসটিতে পরিচালিত চলমান প্রোগ্ররামগুলোর সিলেবাস অনুসরণ করে পড়ানো হবে নিমস ইউনিভার্সিটিতে। আর সেই প্রোগ্রামের ছাত্রছাত্রীরা তাদের ডিগ্রীর অর্ধেক বা একাংশ সম্পূর্ণ করবেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এসে। এটি ছিলো এই এমওইউর অন্যতম বিষয়। এই সমঝোতা স্মারক স্বাক্ষর করার উদ্দেশ্যে ডব্লিউইএসটির ক্যাম্পাসে আসেন নিমস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ড. বলবীর এস তুমার ও প্রফেসর ড. নিপাক নাথিয়া। যেখানে উপস্থিত ছিলেন ডব্লিউইউএসটির শিক্ষক ও কর্মকর্তাগণ। শুরুতে নিমস ইউনিভার্সিটির সার্বিক চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রফেসর ড. নিপাক নাথিয়া। আর ডব্লিউইউএসটির পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের মিশন, ভিশন ও বৈশিষ্ট্যসূমহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে অতিথীদের সামনে উপস্থাপন করেন স্টুডেন্ট সাকসেস এন্ড ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ। দুই বিশ্ববিদ্যালয়ের উপস্থাপন পর্ব শেষে চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ তার বক্তৃতায় বলেন, " নিমস ইউনিভার্সিটি সার্বিক বিবেচনায় সফলতার এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এটি অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণীয়। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডব্লিউইউএসটির মাধ্যমে শিক্ষা সেবা পৌঁছে দিতে পারাটা হবে আনন্দের ও গর্বের।" তিনি আমন্ত্রিত অতিথীদের সামনে ডব্লিউইউএসটির কথা বলতে গিয়ে বলেন, "দু বছর আগে মাত্র ২৮২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিলো এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে পথচলা। অল্প সময়ের ব্যবধানে বর্তমানে বিশ্বের একশোর বেশি দেশের ১৭'শো ছাত্রছাত্রী এখানে পড়শোনা করছে।" তিনি আরও জানান," আসছে নতুন বছরের প্রথম দিন থেকে নিজস্ব নতুন ক্যাম্পাসে ক্লাস ও সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে ডব্লিউইউএসটির। চলছে নার্সিং ও ডাটা সাইন্সের মত নতুন প্রোগ্রাম শুরু করার প্রক্রিয়া। সুতরাং নিমসের মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি আইটির স্টুডেন্টরাও এখানে এসে তাদের আমেরিকান উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে।" আবুবকর হানিপ যোগ করেন, "ডব্লিউইউএসটির শিক্ষার্থীরা বিনা খরচে পিপলএনটেকের মত ইন্টারন্যাশনাল লেভেলের সফট স্কিল প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ডলারের যে কোন একটি কোর্স বিনামূল্যে করতে পারছে। বিগত দেড় যুগে পিপলএনটেক থেকে সার্টিফিকেশন কোর্স করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইটি কোম্পানীতে দশ হাজার মানুষ সফল আইটি ক্যারিয়ার গড়েছে, দেড় থেকে দুই লাখ ইউএস ডলারে সেলারি পাচ্ছে তাদের অনেকে। সুতরাং নিমসের শিক্ষার্থীরাও এই পিপলএনটেক থেকে যে কোন একটি আইটি কোর্স বিনা খরচ করতে পারবে বলে জানান, আবুবকর হানিপ।" নিমস ইউনিভার্সিটির চ্যন্সেলর ড. বলবীর এস তুমার বক্তব্য দিতে এসে বলেন, "ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ যেমন একজন অসাধারণ মানুষ তেমনি একজন ক্যারিশম্যাটিক লিডার, তার নেতৃত্বে ডব্লিউইউএসটি দারুণ গতিতে এগিয়ে চলছে। যে স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে চলছেন দ্রুত সময়ের মধ্যে ডব্লিউইউএসটি আমেরিকার মেইন স্ট্রিমের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় জায়গা করে নিবে। ড. বলবীর আরও বলেন, "ডব্লিউইউএসটির শিক্ষার্থীদের সংখ্যাও অদূর ভবিষ্যতে ২০ হাজার ছাড়িয়ে যাবে।" ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক নিমস বিশ্ববিদ্যালয়ের বৃহৎ আকারের শিক্ষা কার্যক্রম ও সফলতার প্রশংসা করেন এবং তাদের এই কার্যক্রমের সাথে তার বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার জন্য ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট ড. কারাবার্ক তার বিশ্ববিদ্যালয়ের 'ত্রিপল এ' মিশন অর্থাৎ অ্যক্রিডিয়েটেড, অ্যাফোরডেবল ও অ্যাক্সেসেবল বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন। নিমস ইউনিভার্সিটির চ্যান্সেলর ও তার প্রতিনিধি দলকে ডব্লিউইউএসটিতে স্বাগতম জানিয়ে ডব্লিউইউএসটির প্রধান অর্থকর্মকর্তা ফারহানা হানিপ বলেন, "নিমসের মতো ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এক হয়ে কাজ করা হবে সত্যিই গর্বের।" তারপর আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই চ্যান্সেলর। ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সুভিনির তুলে দেয়া হয় অতিথীদের হাতে। গ্রুপ ফটোসেশনে অংশ নেন সকলে। অনুষ্ঠানে যোগ দেবার আগে লিসবার্গ পাইকের ক্যম্পাস ঘুরে ফিরে দেখেন চ্যান্সেলর ড. বলবীর এস. তুমার। সেখানে থেকে চলে যান ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আলেকজেন্দ্রিয়ার নতুন ক্যম্পাসে। ক্যাম্পাসের বিস্তৃতি এবং ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের জন্য সর্বাধুনিক ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, ক্যাফেটেরিয়া, গেমিং জোন, অডিটোরিয়ামসহ সব কিছু ঘুরে ফিরে দেখে ভূয়সী প্রশংসা করেন প্রফেসর ড. বলবীর। তিনি বলেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য একেবারে সঠিক ঠিকানা খুঁজে পেয়েছে। একাডেমিক কারিকুলাম, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, মিশন ও ভিশন আর সর্বপরি চ্যান্সেলর আবুবকর হানিপ এবং প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কে মতো নেতৃত্বের হাতে পরিচালিত কোন বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষার্থীরা সেরাটাই পাবে বলে মন্তব্য করেন নিমস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. বলবীর। ২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০২১ সাল থেকে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের ব্যবস্থাপনা ও নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানের হাতে পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়। এখানে তথ্য-প্রযুক্তি, সাইবার সিকিউরিটি ও ব্যবসায়িক প্রশাসনের উপর ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে বর্তমানে বিশ্বের ১২১ দেশের সতেরশো শিক্ষার্থী লেখাপড়া করছে। অন্যদিকে ভারতে অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী নিমস ইউনিভার্সিটিতে মেডিকেলের প্রোগামের পাশাপাশি রয়েছে প্রায় সবরকম নন-মেডিকেল সাবজেক্ট। ২০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে সাড়ে পাঁচ হাজার ‌ফ্যাকাল্টি মেম্বার। চারশো একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের একশোর বেশি প্রোগ্রামের অধীনে সাড়ে চারশো কোর্স চালু রয়েছে। মেডিকেল সায়েন্সের সকল সাবজেক্টের পাশাপাশি আইন, ব্যবসায়িক প্রশাসন, লিবারেল আর্টস থেকে শুরু করে প্রযুক্তি সংশ্লিষ্ট সকল সাবজেক্টের সাথে এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মতো বিষয়। আর এখন ডব্লিউইউএসটির সাথে এই সমঝোতার স্মারকের ফলে খুলে গেলো হাজারো শিক্ষার্থীর আমেরিকান ডিগ্রীর স্বপ্নের দোঁয়ার।

post
প্রবাস রাজনীতি

বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বিগ্ন যুক্তরাষ্ট

বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটি সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে। একইসঙ্গে সকল পক্ষ যেন স্বাধীনভাবে, হয়রানি এবং সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে, নির্বাচনের আগে সেই পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারে প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি।বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিনের ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের আগেই বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রশ্নও উঠে এসেছে। ব্রিফিংয়ে সাংবাদিকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে ভুয়া সংবাদ এবং ভিডিও প্রচারের বিষয়ে জানতে চান। তিনি বলেন, প্রভাবশালী পত্রিকা দ্য ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া সংবাদ এবং ভুয়া ভিডিও বানিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিরোধীদলগুলোর বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে মৌলিক অধিকার নিশ্চিত করতে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। কারণ নির্বাচনকে সামনে রেখে পুরো বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেছে ক্ষমতাসীন সরকার। ডিসেম্বরের ১৮ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে সকল অংশীদারদের (স্টেকহোল্ডার) সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি যেখানে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক-নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে।

post
নারী ও শিশু

কুমিল্লায় শিশুদের নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও শিশু কেন্দ্রিয় সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসাইন খান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন,ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি স্পেশালিস্ট মিজ হাসিনা বেগম ও কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ মুশফিকুর রহমান’সহ অন্যান্যরা।

post
এনআরবি বিশ্ব

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরন

জলি আহমেদ: রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩মানবিকতার অংশ হিসেবে আজ ১০ই ডিসেম্বর ২০২৩ এ জ্যাকসন হাইটস এর ডায়ভারসিটি প্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এউ আয়োজন করেন। এবং এই বিতরণ প্রোগ্রাম চলবে সমগ্র ডিসেম্বর মাস ব্যাপী। এমন সমাজ সেবা মূলক কাজে সতস্ফুর্ত  চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বৃষ্টি এবং তীব্র শীতকে উপেক্ষা করে বঞ্চিত মানুষের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানের  উদ্ভোধন করেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াজন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির প্রতিনিধিদের মধ্যে মি: নবরাজ কেসি, ড. গিরি ও আজাদ কাশ্মীর নিউইয়র্কের বলিষ্ঠ নেতা সাগির খান।অনুষ্ঠানের আহবায়ক  ছিলেন রোটারিয়ান মোহাম্মদ আতিকুর রহমান ও সমন্বয়কারী লায়ন্স মারুফ আহমেদ, নির্বাহী সদস্য তরিকুল হাসান বাদল, জাবেদ উদ্দিন, রাশেদ উদ্দিন হীরা ও সেলিনা ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদ রানা, সেক্রেটারি জেনারেল ড. কামরুল ইসলাম এবং সভাপতি ড. রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন বাংলাদেশ থেকে আসা স্বনামধন্য নায়িকা ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুর (অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র  শিল্পী সমিতি এবং লায়ন প্রেসিডেন্ট )।প্রচন্ড শৈত্যপ্রবাহ ও বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে বিনা স্বার্থে এই শীতবস্র বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করেন। ডিসেম্বরের এই কনকনে ঠান্ডা আর শতভাগ বৃষ্টির মধ্যেও সকল কমুউনিটির অনেক নিম্ন আয়ের মানুষ কষ্ট করছে ভেবে এবং তাদের দূর্ভোগ লাঘবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। যাহা খুবই সময় উপযোগী ও যথার্থ ছিলো। অনেক সংখ্যক বিভিন্ন কমুউনিটির মানুষ সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্র সংগ্রহ করেন।অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচারিত হয় এনআরবিসি টিভি এর মাধ্যমে।

post
বাংলাদেশ

বাংলাদেশে রেল লাইনে নাশকতা,৭ বগি লাইনচ্যুত ; নিহত ১, আহত ১০

বাংলাদেশের গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় ৭ টি বগি লাইনচ্যুত হয়েছে। নিহত হয়েছেন ১ জন। বুধবার ভোর ৪টার দিকে ভাওয়াল রেল স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেলের লাইন কেটে দিলে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় ট্রেনটির প্রায় অর্ধেক লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও একজনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছেন। ট্রেনের গতি কম থাকায় হতাহতের সংখ্যা কম। অন্যথায় ঘটতে পারতো বড় ধরনের দুর্ঘটনা।এরপর জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন।এ দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকার মুরগি ব্যবসায়ী ৩৫ বছর বয়সী আসলাম মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।তৎক্ষনাত আহত সাত যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম গনমাধ্যমকে বলেছেন, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস।

post
বিশেষ প্রতিবেদন

‘আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগ’ নির্বাচন ;দল বলছে প্রতিদ্বন্দিতা,সহিংসতার শংকা বিশ্লেষকদের

আওয়ামী লীগের নতুন কৌশল “স্বতন্ত্র প্রার্থী”বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের মুখে নির্বাচনের আগে থেকেই আলোচনায় ‘আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ভোট যুদ্ধ। সারাদেশে এমন আসনের সংখ্যা শতাধিক, যেখানে এরই মধ্যে নৌকার প্রার্থী নিজ দলের ভেতরেই স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ বর্তমান সংসদের সদস্য, কেউ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেউ উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের পদ ছেড়ে ভোটে দাঁড়িয়েছেন। ফলে নির্বাচন করার অতীত অভিজ্ঞতা তাদের আছে। রিটার্নিং কর্মকর্তার যাচাইবাচাইয়ে বাদ পড়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের একটি অংশ আপিলেও প্রার্থিতা ফিরে পাচ্ছেন। ফলে শেষ পর্যন্ত কত আসনে আওয়ামী লীগের দুই পক্ষে লড়াই হয়, তা জানার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। এদিকে,জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ভোট সারা দেশে সমানভাবে নেই। বৃহত্তর রংপুর ও সিলেট বিভাগে এক সময় তাদের আধিপত্য থাকলেও তা কমেছে। নতুন দল তৃণমূল বিএনপি, বিএনএম বা বিএসপির শক্তিও পরীক্ষিত নয়, ধর্মভিত্তিক দলগুলো কোনো আসনে কখনও একক শক্তিতে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়ার মত অবস্থানে যেতে পারেনি।এর মধ্যেও এবার নির্বাচন নিয়ে আসনে আসনে ভোটারদের মধ্যে নানা হিসাব নিকাশের কারণ হল, শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাদের তৎপরতা। এবার আওয়ামী লীগের শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে মাঠে থাকতে উৎসাহ দেওয়া স্পষ্টতই ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা তৈরি এবং কেন্দ্রে ভোটার বাড়াতে ক্ষমতাসীন দলের কৌশল। এমনটাই মনে করেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক।  আওয়ামী লীগ নেতারা ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থী হলে সহিংসতার আশঙ্কাও করছেন নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক ,সুশাসনের জন্য নাগরিক  সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন,অনেক জায়গায় স্বতন্ত্র বা আওয়ামী লীগের প্রার্থী হার মেনে নিতে চাইবে না। সেক্ষেত্রে সংঘাতের একটা শঙ্কা তো থেকেই যায়।

post
বাংলাদেশ

জি এম কাদেরদের সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ

গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান রওশন এরশাদ। সেখানে দুই নেতা বৈঠক করেন। এসময় প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টির কিছু বিষয় অবহিত করেন এবং ব্যক্তিগতভাবে কিছু অনুরোধ করেন রওশন। গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে রওশন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’ তবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘এখন তো আর সময় নেই। আর কী বলবেন?’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.