কিংবদন্তী সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক এবং অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর ৮৯তম জন্মদিন আজ। বরিশালের উলানিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মেধা, মনন আর যোগ্যতায় যিনি হয়ে উঠেছিলেন দেশের সাংবাদিকতার অন্যতম কান্ডারি। ২০২২ সালের ১৯মে না ফেরার দেশে পাড়ি জমান দেশবরেণ্য এই মানুষটি।
অমর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদেরকে নিয়ে লেখা এই গানটি বাঙালীর চেতনার গহীনে গেঁথে আছে। গানটির রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। সাংবাদিকতায় হাতেখড়ি হলেও বাংলার সাহিত্য থেকে রাজনীতি সব জায়গাতেই ছিলো তাঁর বিশদ বিচরণ।
১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। ১৯৫০ সালে ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। সেখানে ১৯৫৩ সালে ইন্টারমিডিয়েট, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে অনার্স শেষ করেন তিনি।
শিক্ষাজীবনের মতো আবদুল গাফফার চৌধুরীর কর্মজীবনও ছিল বর্ণাঢ্যময়। ১৯৪৭ সালে কংগ্রেস হিতৈষী পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর সওগাত, দৈনিক সংবাদ, মাসিক সওগাত এবং দৈনিক জেহাদের মত জনপ্রিয় পত্রিকায় কাজ করেন তিনি। দেশের জন্য দায়িত্বশীল অবদানের স্বীকৃতিও পেছেছেন কিংবদন্তী এই ব্যক্তিত্ব। আবদুল গাফফার চৌধুরী ইউনেস্কো পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু পুরস্কারসহ অর্জন করেন দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা।
শেষ জীবনের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ইংল্যান্ডে। ২০২২ সালের ১৯ মে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, না ফেরার দেশে পাড়ি জমান আবদুল গাফফার চৌধুরী।
