post
বাংলাদেশ

মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুক্রবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া প্রদত্ত অনুমতির ভিত্তিতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে।বিজ্ঞপ্তি অনুসারে, নিম্নলিখিত তিনটি শর্তের যে কোনও একটি পূরণ করে পেঁয়াজের চালান রপ্তানি করার অনুমতি দেওয়া হবে।১. এই বিজ্ঞপ্তি দেওয়ার আগেই যেসব পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে।২. যেখানে শিপিং বিল জমা দেওয়া করা হয়েছে ও পেঁয়াজ লোড করার জন্য জাহাজগুলো এরই মধ্যে বার্থিং বা পৌঁছে গেছে এবং ভারতীয় বন্দরে নোঙর করেছে ও এই বিজ্ঞপ্তির আগে তাদের রোটেশন নম্বর বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তির আগে পেঁয়াজ লোড করার জন্য জাহাজের নোঙর ও বার্থিং সম্পর্কে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের নিশ্চিতকরণের পরেই এই ধরনের জাহাজে লোড করার অনুমোদন জারি করা হবে।৩. যে ক্ষেত্রে এই বিজ্ঞপ্তির আগে পেঁয়াজের চালান কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে ও তাদের সিস্টেমে নিবন্ধিত হয়েছে/যেখানে পেঁয়াজের চালান এই বিজ্ঞপ্তির আগে রপ্তানির জন্য কাস্টমস স্টেশনে প্রবেশ করেছে এবং কাস্টমস স্টেশনের সংশ্লিষ্ট কাস্টোডিয়ানের ইলেকট্রনিক সিস্টেমে নিবন্ধিত হয়েছে। তবে এক্ষেত্রে এই প্রজ্ঞাপন জারি করার আগে শুল্ক স্টেশনে প্রবেশের তারিখ ও সময় স্ট্যাম্পিংয়ের যাচাইযোগ্য প্রমাণ থাকতে হবে।এর আগে গত অক্টোবর মাসের শেষের দিকে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছিল ভারত। সেসময় দেশটির কেন্দ্রীয় সরকার প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। আর এর মধ্যেই এবার আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করলো ভারতের কেন্দ্রীয় সরকার।

post
বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ৪০ কোটি ডলার দেবে এডিবি

জলবায়ু পরিবর্তনের কারণে বছরে বাংলাদেশের ক্ষতি ৩ বিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৯ টাকা ৮৩ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ৪ হাজার ৩৯৩ কোটি টাকা। শুক্রবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়ন ও জলবায়ু কেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনে এই ঋণ অবদান রাখবে।এডিবি জানায়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, বার্ষিক গড় ক্ষতি প্রায় ৩ বিলিয়ন ডলার। এই ঋণের অর্থে জলবায়ু-টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে। যা বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় শক্তিশালী করতে, কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে এবং মূলধারায় লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।সংস্থাটির প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্ট ইকোনমিস্ট আমিনুর রহমান বলেন, জলবায়ু ধাক্কা বাংলাদেশের প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এডিবিও বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।এই কর্মসূচি জলবায়ু অর্থায়নকে একত্রিত করার জন্য একটি সক্ষম প্রাতিষ্ঠানিক এবং নীতিগত পরিবেশ তৈরি করবে। যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এজেন্ডায় জলবায়ু কর্মকে অগ্রাধিকার দেবে। সরকারকে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ও অবকাঠামো, নগর উন্নয়নসহ জলবায়ু-সমালোচনামূলক খাতে সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে এই প্রকল্প।

post
বাংলাদেশ

দেশের বিভিন্ন অঞ্চল হানাদার মুক্ত দিবস আজ

১৯৭১সালের এই দিনে সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত কোরে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা।পরে লাল-সবুজের পতাকা উড়িয়ে,শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।আজ বরিশাল মুক্ত দিবস।১৯৭১ সালের এই দিনে বরিশাল শহর কেন্দ্রীক বিভিন্ন সড়ক মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে এলে, পাকবাহিনী,দালাল ও রাজাকাররা বরিশাল ত্যাগ করে। দিবসটি উপলক্ষে জেলা,মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের কালকিনি উপজেলা হানাদার মুক্ত দিবস আজ।৫জন কমান্ডারের নেতৃত্বে,কালকিনি উপজেলার সিডিখান, এনায়েতনগর, সমিতিরহাট ছাড়াও সীমান্তবর্তী ৩টিস্থানে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে পাকবাহিনীকে পরাস্ত করেন,মুক্তিযোদ্ধারা ।  চাঁদপুরে,মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে ৭ ডিসেম্বর পালিয়ে যায়,পাকসেনারা। ৮ডিসেম্বর বিএলএফ বাহিনী প্রধান রবিউল আউয়াল কিরণ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।৪ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হওয়ার পর, মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে, একের পর এক এলাকা শত্রুমুক্ত হতে থাকে।পরে ৮ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত এলাকা ঘোষণা করে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাকে হানাদারমুক্ত করার পর, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী চারপাশে শক্ত অবস্থান নেয়।এতে পাকবাহিনী পিছু হটতে থাকে।পরে ৮ডিসেম্বর বিনাযুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকে জেলাকে মুক্ত ঘোষণা করে।মুক্ত দিবস উপলক্ষে আজ নানা কর্মসূচী পালন করা হয়েছে। একাত্তুরের এই দিনে পাক বাহিনীর হাত থেকে মুক্ত হয় কুমিল্লা। সকালে টাউন হলের মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও জেলা প্রশাসক মুহাম্মাদ মুশফিকুর রহমানরসহ অনেকে।

post
খেলা

আইসিসির মাস সেরার দৌড়ে দুই বাংলাদেশি

নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল -আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার। তাছাড়া বাকি একজন পাকিস্তানি।গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। যেখানে বড় অবদান নাহিদা আক্তারের। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক। এই টপ অর্ডার ব্যাটারও দুর্দান্ত ছিলেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে। পুরো সিরিজে প্রায় ৩৭ গড়ে ১১০ রান করেছেন তিনি। যেখানে তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের। তাছাড়া এই তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার সাদিয়া ইকবাল। পাকিস্তানের এই পেসার বাংলাদেশ সফরে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ঝুলিতে গেছে ৬ উইকেট। এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।

post
প্রবাস রাজনীতি

বাংলাদেশের নির্বাচনকে ঘিরে লেবানন প্রবাসীদের মধ্যে চলছে ভোটের উন্মাদনা

আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশায় অধীর অপেক্ষায় আছে মানুষ। তবে শুধু দেশের মানুষই নয়, প্রবাসীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে নির্বাচন ঘিরে। লেবাননেও নির্বাচনকে ঘিরে চলছে বাংলাদেশিদের নানা মতপ্রার্থক্য ও চুলচেরা বিশ্লেষন।দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের মাঝে ভোটের উন্মাদনা। টেবিলের আড্ডায় প্রিয় দলের সমর্থনে চলছে তর্কযুদ্ধ। কেউ কেউ দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখলেও অন্যরা বলছে ভিন্নকথা।বেশিরভাগ প্রবাসীরা চায় সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যাতে সবাই সবার নিজের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আরো বেশি আন্তরিক হবে, এমন প্রত্যাশাও করেন প্রবাসীরা।প্রবাসীদের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবে, প্রবাসীদের পক্ষ থেকে এমন কয়েকজন প্রতিনিধি সংসদের সংরক্ষিত আসনে চায় প্রবাসীরা। পৃথিবীর প্রায় ৭০ শতাংশ দেশ তাদের প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে থাকলেও, বাংলাদেশের প্রবাসীরা বরাবরই উপেক্ষিত। তাই এ ব্যপারে দূতাবাসের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুবিধা চায় প্রবাসীরা।

post
বাংলাদেশ

ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে সরকারকে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানির ধার্য দিনে বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।এ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনটি শুনানির জন্য গত সোমবারের কার্যতালিকায় ছিল। পরে বিষয়টি উপস্থাপন করে শুনানির জন্য আর্জি জানালে হাইকোর্টের একই বেঞ্চ বৃহস্পতিবার দিন ঠিক করেন। এরও আগে গত ৩ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আবেদন করেন বিএনপি মহাসচিব।

post
সংবাদ

৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন

৩৩৮ থানার ওসি ও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসি-ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন। এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি।এছাড়া দেশের সব ইউএনওকেও পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

post
আন্তর্জাতিক

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত, বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালেও ফোর্বসের এই তালিকায় ছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়,তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাই নয়,তিনি সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তালিকার প্রথমে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

post
সংবাদ

বিদেশগামী ট্যুরিস্টরা শিকার হচ্ছেন ফেসবুক প্রতারনায়!

বাংলাদেশে বিদেশি পর্যটক না বাড়লেও গতি এসেছে অভ্যন্তরীণ পর্যটনে। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ায় মধ্যবিত্তের বিশাল একটি অংশ এখন সাপ্তাহিক ছুটিতে বা এর সঙ্গে বাড়তি এক-দুই দিনের ছুটি পেলেই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। আবার অনেকে দেশের বাইরেও যাচ্ছে।দেশে স্বনির্ভর পর্যটনের কিছু রুচির নির্মাতা থাকায় প্রতি বছর অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। মোট তথ্য না থাকলেও বলা যায় এই সংখ্যা বছরে ন্যূনধিক ৩ কোটি। জীবন-জীবিকা নির্বাহের হিসাবে প্রায় ৪০ লাখ পর্যটনকর্মী এই খাতের সমৃদ্ধির পেছনে জড়িয়ে আছে। পাশাপাশি বিদেশগামী পর্যটকের সংখ্যাও ক্রমেই বাড়ছে। বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকটদের এখন বছরে প্রায় ৩৩ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয় হয়।তাছাড়া, বিদেশভ্রমণে যাওয়ার আগে প্রাথমিক প্রস্তুতি হিসেবে খরচ হয়েছে আরও সাড়ে ৭৫০ কোটি টাকা।বিদেশভ্রমণে বাংলাদেশি পর্যটকরা ডিসেম্বর মাসকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া ঈদ পূজারমত বড় সব উৎসবের ছুটিতে বিদেশ ভ্রমণে ছুটছেন বাংলাদেশিরা।  অবশ্য গত ১০ বছরে দেশের বাইরে ঈদ করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচগুণ। গেলো বছর অন্তত ছয় লাখ বাংলাদেশী ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বলে জানা যায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে। পর্যটন খাতের এই ক্রমবর্ধমান অগ্রগতিন সঙ্গে দেশে গড়ে উঠছেন অনেক ভূইঁফোড় ট্যুর অপারেটর সংস্থা। যারা সোস্যাল মিডিয়ার পেইজকে পুঁজি করে লোভনীয় নানা অফারে প্রলুব্ধ করে মানুষ ইদানিং প্রতারণা করছেন। তাদের প্রতারনায় দিন দিন বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। এদেরই একজন হৃদিতা নূর। ব্যস্ততার মাঝে দেশের বাইরে অবসর কাটানোর আশায় একটি ট্যুর অপারেটরের ফেসবুক বিজ্ঞাপন দেখে তিনি সেখানে যোগাযোগ করে এখন প্রতারনার শিকার। শুধু হৃদিতা নূরই নন এর মত অনেকেই ভোগান্তীর প্রতিনিয়ত অনলাইন প্রতারনার শিকার হচ্ছেন।  এমন সব অভিযোগও থানা পুলিশ কিংবা গোয়েন্দা কার্যালয়ে বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ । তিনি জানান, কথিত ট্যুর অপারেটর ফেসবুকে বিভিন্ন পেজ দিয়ে বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মূলত তারা কম টাকায় সব ধরনের সুবিধা দেয়ার আশ্বাস দেয়। পাশাপাশি সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য ঢাকার গুলশান, বারিধারা, ধানমণ্ডিসহ অভিজাত এলাকায় অফিস নেয়। এক এলাকায় অফিস খুলে কিছু মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে দিয়ে গা ঢাকা দেয়ারও অভিযোগ রয়েছে । তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ পুলিশ কর্মকর্তার।

post
অভিবাসন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ; গুলিতে নিহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের  সংঘর্ষে নিহত হয়েছেন চার রোহিঙ্গা। মঙ্গলবার রাত ২টায় উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে পৃথকভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে উখিয়া থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উখিয়া উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা ও আরএসও  অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের গুলিতে (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন- আরএসও সদস্য) ওই ক্যাম্পের বাসিন্দা মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬) ঘটনাস্থলে নিহত হন। ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭) (আরএসও সদস্য), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮) গুলিবিদ্ধ হন। পরে আশপাশের রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে ক্যাম্পে থাকা এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার সাদেকের (২৭) মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.