post
এনআরবি লাইফ

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৪০ বাংলাদেশি

লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ জনসহ মোট ১৪০ জন বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ১৪০ বাংলাদেশি অভিবাসী আজ সকাল সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আইওএমের কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। চল‌তি বছরের জুলাই থেকে আজ পর্যন্ত ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খুব শিগগিরই অনিয়মিত সব বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে ব‌লে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

post
খেলা

ক্রিকইনফোর চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, নাম নেই মুস্তাফিজের!

আইপিলে ২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ালেও চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে ঠাই পাওয়া সন্দেহ দেখা দিয়েছে এই টাইগার পেসারের।মুস্তাফিজুরের আইপিএল যাত্রাটা বেশ বলার মতোই। হায়দরাবাদ থেকে মুম্বাই হয়ে রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ে থিতু হলেন। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে ২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। এরপর টাইগার এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। ক্রিকইনফোতে দেয়া একাদশে ঠাঁই হয়নি মুস্তাফিজুর রহমানের। ক্রিকনইফোর একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে তিনজনকে।

post
সংবাদ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনের আবেদন খারিজ

সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের জন্য পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এর আগে গত ১০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল। দলটির চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।রিট আবেদনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।রিট দায়েরের পর ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত সেদিন বলেছিলেন, গত নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতাসীন সংসদ সদস্যরা নিজ নিজ আসনে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রশাসন, পুলিশ ও নিজেদের সশস্ত্র লোকদের ব্যবহার করে ভোটকেন্দ্র দখল ও অন্যদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে। সংসদ বহাল রেখে জালিয়াতিমুক্ত নির্বাচন অসম্ভব। প্রহসনমুক্ত নির্বাচনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষায় আমরা ইনসানিয়াত বিপ্লব সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনের আদেশ চেয়ে রিট আবেদন করেছি।

post
ক্যাম্পাস লাইফ

নতুন ক্যাম্পাসে গেট টুগেদার করলো ডব্লিউইউএসটির নবগঠিত 'ব্রাজিলিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন'

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন ক্যাম্পাসে গেট টুগেদার ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠান করলো বিশ্ববিদ্যালয়ের নব গঠিত ব্রাজিলিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ডব্লিউইউএসটির অ্যালেকজান্দ্রিয়ার নতুন ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেডিসেন্ট ড. হাসান কারাবার্কসহ বিভিন্ন ফ্যাকাল্টির প্রফেসরগণ। নতুন এই ক্যাম্পাসে ব্রাজিলিয়ান শিক্ষার্থীদের নতুন এই সংগঠনকে স্বাগতম জানান প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও সিএফও ফারহানা হানিপ।এছাড়া শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক নানা পরামর্শ রেখে শিক্ষার্থীদের অভিনন্দন জানান, স্কুল অব বিজনেসের পরিচালক ড. মার্ক এল রবিনসন, স্কুল অব আইটির ডিরেক্টর অ্যাপোসটোলস ইলিওপোলাস পল, অ্যাসিসটেন্ট ডিরেক্টর অব জেনারেল অ্যাডুকেশন ড. হোয়ান লি, মার্কেটিং ডিরেক্টর হোসে উর্তেগা এবং স্টুডেন্ট সাকসেস ও ক্যারিয়ার সার্ভিস ম্যানেজার রিচেল রোজ। করোনা মহামারির পরিবর্তী সতর্কতা  অনুযায়ী বিগত দু'বছর ডব্লিউইউএসটির ক্লাস হয়েছে অনলাাইন ও ইনপার্সন মিলিয়ে হাইব্রিড উপায়ে।  ফলে এই গেট টুগেদার উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেরই সরাসরি দেখা হয়েছে প্রথমবার।  তাও আবার সুবিশাল অত্যাধুনিক নতুন ক্যাম্পাসে। এমন পরিবেশে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বদেশী সবাইকে এক সাথে পেয়ে ব্রাজিলিয়ান শিক্ষার্থীদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মত। এরপর শুরু গল্প আর মধ্যান্হ ভোজ পর্ব। আর এর মাঝে চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের উপস্থিতিতে আয়োজন পায় বাড়তি মাত্রা। শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়েন চ্যান্সেলরের সাথে কুশল বিনিময় আর ছবি তোলাতে। আয়োাজনে ছিলো সারপ্রাইজ বার্থডে উইশ। কেক কেটে ডব্লিউইউএসটির ব্রাজিলিয়ান শিক্ষার্থী জুবানার জন্মদিনের শুভেচ্ছা জানান সকলে মিলে। আমন্ত্রিত শিক্ষার্থীরা ডব্লিউইউএসটির চ্যন্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেডিসেন্ট ড. হাসান কারাবার্ককে উচ্ছাসের সাথে ধন্যবাদ জানান এমন সুন্দর নতুন ক্যাম্পাসে তাদের শিক্ষাসহ নতুন কার্যক্রমের জন্য। আসছে বছরের প্রথম দিন থেকে ভার্জিনিয়ার আলেকজেন্দ্রিয়ার নতুন ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সকল কার্যক্রম। নতুন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে জন্য চলছে শেষ মুহূর্তের নানা রকম প্রস্তুতি।

post
দূতাবাস খবর

বাংলাদেশ ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা না

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে না রাশিয়া। পশ্চিমারা কী করছে বা কী করতে পারে মস্কো কেবল তা তুলে ধরছে।মঙ্গলবার ঢাকার রাশিয়া দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।বাংলাদেশে আরব বসন্তের মতো বিপ্লব বা অভ্যুত্থান হওয়ার ঝুঁকি নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার সম্প্রতি দেওয়া বক্তব্যের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌ-বাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিল। সেটা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। তারপরও আপনাদের প্রশ্নের উত্তরে বলতে চাই— বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নামেনি রাশিয়া। তবে, তারা  কী করেছে, আর কী করতে পারে; সেটা আমরা তুলে ধরেছি।গত ১৫ ডিসেম্বর ‘বাংলাদেশ’ বিষয়ে এক বিবৃতি দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের’ মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে।বিবৃতিতে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্কের কথা বলেন রুশ মুখপাত্র।রুশ মুখপাত্রের বিবৃতির দুই দিন পর ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে মোমেন বাংলাদেশে আরব বসন্তের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়। অনেকে অনেক ধরনের কথা বলবে, আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। তবে, আমার মনে হয় না বাংলাদেশে আরব বসন্তের কোনো সম্ভাবনা আছে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিল রাশিয়ার নৌ-বাহিনী। সে সময়ের রাশিয়ার নৌ-বাহিনীর দুই সদস্য বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা সেই সময়ের স্মৃতিচারণ করেন।রাশিয়ার নৌ-বাহিনীর সাবেক সদস্য ভিটালি গুবেনকো চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণের স্মৃতিচারণ করে বলেন, মাইন অপসারণের জন্য  ১৯৭২ সালে আমি চট্টগ্রাম আসি। সে সময় কাজটি খুব কঠিন ছিল। দুই বছরের অক্লান্ত প্রচেষ্টায় মাইন অপসারণ করা হয়। পরে বন্দর দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। তখন স্থানীয় জনগণ খুব সহযোগিতা করেছিল।বর্তমান বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ৫০ বছর পর এসে নতুন এক বাংলাদেশ দেখছি। এখানে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এটা দেখে খুব আনন্দ হচ্ছে।

post
সংবাদ

মুক্তি পেলেন ইভ্যালির সিইও রাসেল

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মো. রাসেল মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. তরিকুল ইসলাম। তিনি জানান, সোমবার বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান। তিনি আরও জানান, মো. রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।এদিকে, ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টের কোম্পানি আদালতে আবেদন করেন ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেন। এতে ইভ্যালি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠনেরও আবেদন জানান। ওই আবেদনের প্রাথমিক শুনানি করে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।গত বছরের ২১ এপ্রিল চেক প্রতারণার নয় মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো.রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তবে, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল।তার স্ত্রী শামীমা নাসরিন বর্তমানে জামিনে আছেন। হাইকোর্টের নির্দেশনায় বর্তমানে তিনি ইভ্যালির দায়িত্বে আছেন। এর আগে তিনি ইভ্যালির চেয়ারম্যান ছিলেন।২০২১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ে সম্পদ ও দায়ের হিসাব দাখিল করে ইভ্যালি। সেখানে উল্লেখ করা হয়, ইভ্যালির মোট দায় ৫৪৪ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকা শেয়ারহোল্ডার হিসেবে কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল কোম্পানিকে দিয়েছেন। বাকি ৫৪৩ কোটি টাকাই কোম্পানিটির চলতি দায়।ইভ্যালির হিসাব অনুযায়ী, দায়ের বিপরীতে এর চলতি সম্পদ রয়েছে ৯০ কোটি ৬৭ লাখ টাকা। আর সম্পত্তি, স্থাপনা ও যন্ত্রপাতি মিলিয়ে রয়েছে ১৪ কোটি ৮৮ লাখ টাকা। মোট ১০৫ কোটি ৫৫ লাখ টাকার এ দুটির যোগফলকে দেখানো হচ্ছে স্থাবর সম্পত্তি হিসেবে। মোট দায় ৫৪৩ কোটি টাকা থেকে এ অঙ্ক বাদ দিলে বাকি থাকে ৪৩৮ কোটি টাকা। যাকে ইভ্যালি বলছে তার অস্থাবর সম্পত্তি। বিবরণী মেলাতে ইভ্যালি দেখিয়েছে অস্থাবর সম্পত্তি ৪৩৮ কোটি টাকার মধ্যে ৪২৩ কোটি টাকা হচ্ছে ইভ্যালির ব্র্যান্ড মূল্য, আর ১৫ কোটি ৮৩ লাখ টাকা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। কোম্পানিটি নিজের ব্র্যান্ড মূল্য নিজেই নির্ধারণ করে।আদালতের নির্দেশে ইভ্যালির ওপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটির পর্ষদ। সেখানে বলা হয়, রাসেল ও শামীমা ইভ্যালির ব্যবসা সম্প্রসারণ করলেও তাদের ততটা মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা ছিল না। গ্রাহকদের সরলতার সুযোগ নিয়ে ইভ্যালি ব্যবসা করেছে। স্বল্পসংখ্যক গ্রাহককে পণ্য দিলেও বিপুলসংখ্যককে তা দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

post
সংবাদ

সাংবাদিকদের উপর হামলা হলে সাত বছরের জেল

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব:আহসান হাবিব খান বলেছেন, একজন ভোটার নির্বিঘ্নে নির্ভয়ে বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে—সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের। যেখানে ঝামেলা আছে সেখানে সমাধান করা হবে। প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে, টহল দেবে। অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা আমাদের শ্রেষ্ঠটা দিয়ে চেষ্টা করছি। আমাদের সাফল্য অনিবার্য। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার আহসান হাবিব। পরে সাংবাদিকদের এ নির্বাচন কমিশনার বলেন, নতুন আইন করা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা কেউ ভাঙচুর করলে দুই থেকে সাত বছরের জেল হবে। সাংবাদিকদের কার্যবান্ধব এবং সহযোগী হিসেবে রাখার জন্য সব সুযোগ রয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। যখন ভোট গণনা হবে, সেটাও ভিডিও করতে পারবে সাংবাদিকরা। এর চেয়ে বেশি স্বচ্ছতা কী হতে পারে। সাংবাদিক হিসেবে আপনারা সঠিক জিনিসটা প্রকাশ করবেন। এতে নির্বাচন কর্মকর্তারা সচেতন ও সতর্ক হবে।আহসান হাবিব খান আরও বলেন, সব প্রার্থীই আমাদের কাছে সমান। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কেউ ঝামেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অসদাচরণের জন্য প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অনিয়ম করলে ছাড় নয়। ভোটকেন্দ্রের বাইরে কেউ ঝামেলা করলে পুলিশ অ্যাকশন নেবে। বিশৃঙ্খলা করার সুযোগ নেই, সেই সুযোগ আমরা দেব না। কোথাও অনিয়ম হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ হবে। তদন্ত সাপেক্ষে দায়িত্বরতদের সাসপেন্ড করা হবে, অ্যাকশন নেওয়া হবে। আমাদের কাছে কোনো ছাড় নেই। আমরা জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বাসী।তিনি জানান, সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মুঠোফোনে ও সরাসরি তার কথা হয়েছে। রাতের আঁধারে কেউ যদি হামলা অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

post
বাংলাদেশ

মুন্সীগঞ্জে নির্বাচনী সংঘর্ষে আহত -৭

মুন্সীগঞ্জ-৩ আসনের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকানে ভাঙচুর করা হয়।আহতরা হলেন নৌকার সমর্থক উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষি গ্রামের জাহাঙ্গীর ও ইমন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পুরান চরচাষি গ্রামের মোখলেস মিয়া, মহিউদ্দিন মোল্লা, মোশারফ হোসেন, নতুন চরচাষি গ্রামের নিজাম উদ্দিন ও হেলাল উদ্দিন।জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লবের একদল কর্মী-সমর্থক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ লেগে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়।বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সর্মথনকারী গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন মুন্সী ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীরকে তারা মারধর করে বহিরাগত মুক্তার, মহিউদ্দিন মোল্লাসহ অনেকে।এদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন মোল্লা বলেন, আজ স্বতন্ত্র প্রার্থী হাজ্বী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব ভাইয়ের পক্ষে আমরা একসঙ্গে বসে ছিলাম। এ সময় গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থীর পাঁচ কর্মীকে তারা পিটিয়ে গুরতর আহত করে। হামলাকারীরা আমার দোকান ভাঙচুর করে।এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন, দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ঘটনা জানার পরপরই আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

post
খেলা

দেশে ফিরেছেন যুব এশিয়া কাপ জয়ীরা

যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে। গতকাল ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। এরপর মাহফুজুর রহমান রাব্বির দল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে।আগেই জানা গিয়েছিল— ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে।এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনার করারও আমন্ত্রণ পেয়েছে যুব চ্যাম্পিয়নরা। আগামীকাল রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। জানিয়েছেন— বোর্ড সভাপতি সবাইকে নিয়ে মঙ্গলবার রাতে ডিনার করবেন।এর আগে এশিয়া কাপের ফাইনালে গতকাল আগে ব্যাট করে বাংলাদেশ ২৮২ রানের বড় লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা হওয়া আশিকুর রহমান শিবলী এদিনও বড় সংগ্রহের পথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে।এবার অবশ্য পুরো আসরেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সর্বোচ্চ ফেভারিট দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও বাংলাদেশ অনায়াসী জয় পায়। অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাতও। ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও হালকাভাবে নেয়নি তরুণ ক্রিকেটাররা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই শিবলী-রাব্বিরা জয় ছিনিয়ে আনেন।

post
বাংলাদেশ

১৩ দিনের জন্য মাঠে নামছে সশস্ত্র বাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৩ দিনের জন্য ভোটের মাঠে নামছে সশস্ত্র বাহিনী। সোমবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করার নিমিত্তে নির্বাচন কমিশন সম্ভব সকল আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার নিমিত্ত ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োজিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কয়েকদিন পূর্ব থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির ওপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করার নিমিত্তে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট আকারের একটি করে অগ্রবর্তী টিম পাঠানো যেতে পারে।ইসি জানায়, ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনে বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ইন্সট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনী পরিচালিত হবে। মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় (ক) সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে; (খ) রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে উপজেলা/থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে মোতায়েন করা হবে, (গ) সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে; (ঘ) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকাভিত্তিক ডেভেলপমেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে; (ঙ) ভোটগ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ ও মোতায়েনের সময়কালসহ বিস্তারিত পরিকল্পনা অবহিত করতে হবে; (চ) বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর অনুরোধক্রমে চাহিদামত আইনানুগ অন্যান্য কার্যক্রমে সহায়তা করতে হবে।এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সেনা মোতায়েনে ইসির আগ্রহের কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। এর আগে গত ১১ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছিলেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য সেনাবাহিনী ভোটের মাঠে দায়িত্ব পালন করবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.