post
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্ধনা। এর আগে বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি পাওয়া গেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডন প্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। হাসান আজাদের সঙ্গে স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন। স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

post
বিনোদন

অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরী

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’। এটি প্রযোজনা করেছেন সারা ম্যাকফারলেন। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের বাসিন্দা র‌্যাচেল নামের একজন সিঙ্গেল মাকে কেন্দ্র করে। তার দুই সন্তান আছে। তিনি পেশায় ওয়েট্রেস। আরকানসাসে গর্ভপাত নিষিদ্ধ থাকায় অন্যত্র গিয়ে এই প্রক্রিয়া সম্পন্নের জন্য টাকা জোগাড় করতে হবে। অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের ১টি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডার্স’ সিরিজের ২টি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন নাজরিন চৌধুরী। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হলো তার। বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। তার জন্ম ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম লন্ডনে। কিং’স কলেজ লন্ডন থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে বিএসসিসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর নর্দার্ন ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখায় এমএ সম্পন্ন করেন তিনি। তার রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’ ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে। নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি। নাজরিন চৌধুরীর লেখা প্রথম চিত্রনাট্য ‘স্কাম’ ব্রিটিশ প্রতিষ্ঠান ডিএনএ ফিল্মস আয়োজিত প্রতিযোগিতায় ‘ফোকাস অন ট্যালেন্ট’ পুরস্কার পেয়েছে। তার ঝুলিতে আরও আছে ব্রিটেনের চ্যানেল ফোর ড্রামা অ্যাওয়ার্ড। ২০১৪ সালে ফক্স রাইটার্স ইনটেনসিভ আয়োজনে সেরা দশে জায়গা করে নেন নাজরিন চৌধুরী। এর অংশ হিসেবে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে লিখেছেন ফক্সের ‘হাউডিনি অ্যান্ড ডয়েল’ সিরিজর ১টি ও ‘ওয়েওয়ার্ড পাইন্স’ সিরিজের ১টি পর্ব। তিনি এখন লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন। ইউনিভার্সেল পিকচার্সের ‘আমেরিকান র‌্যাডিক্যাল’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন নাজরিন চৌধুরী। স্যাম এসমেইলের পরিচালনায় এতে অভিনয় করবেন অস্কারজয়ী রামি মালেক। এতে তুলে ধরা হবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর কাউন্টার টেরোরিজম ইউনিটে যোগ দেওয়া এলনুরির সত্যি গল্প। ২০১৮ সালে প্রকাশিত ‘আমেরিকান র‌্যাডিক্যাল: ইনসাইড দ্য ওয়ার্ল্ড অব অ্যান আন্ডারকভার মুসলিম এফবিআই এজেন্ট’ গ্রন্থ অবলম্বনে চিত্রনাট্য লিখছেন নাজরিন চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনয়ন তালিকা ঘোষণা করেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড। তার আগে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গ) এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক)। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র পাশাপাশি মনোনীত হয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’।১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ অস্কারের মোট ১৮টি বিভাগে ১০ হাজারের বেশি সদস্য আছে। গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তারাই ভোট দিয়ে চূড়ান্ত করেছেন মনোনয়ন তালিকা। অস্কারের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ৯৩টি দেশের সদস্যরা ব্যালটে ভোট দিয়েছেন। অ্যাকাডেমির সক্রিয়া সদস্যরা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে মনোনীত চলচ্চিত্র ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেবেন বিখ্যাত তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

post
অভিবাসন

দেশে-বিদেশে দেড় হাজার বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কাশেম মিয়া

২০২৩ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ৬৯ জন প্রবাসীকে সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন মোঃ কাশেম মিয়া। দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় হাজার বাংলাদেশির।ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মরহুম মোঃ বাক্কী মিয়ার ছেলে মোহাম্মদ কাসেম মিয়া। ১৯৯১ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় দশ বছর রাস আল খাইমাহ চাকরী করার পর আজমান এর বাঙালি মার্কেটে তৈরি করেন 'কাশেম রেডিমেড গার্মেন্টস এবং মোহাম্মদ কাশেম রেডিমেট গার্মেন্টস ট্রেডিং এলএলসি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলাদেশে তৈরি করেছেন দুইটি পোশাক কারখানা। দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড় হাজার বাংলাদেশীর। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ২০২৩ অর্থবছরে শুধুমাত্র মোঃ কাশেম মিয়াই অর্জন করেছেন বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড। সম্প্রতি মধ্যেপ্রাচ্যে বাড়ছে প্রবাসী ব্যবসায়ীদের সংখ্যা। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাদেরকে বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান করেন সফল এই ব্যবসায়ী।

post
আন্তর্জাতিক

গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশের সাথে থাকবে

মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশ সরকার ও রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে কাজ করবে বলে জানালেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান কুক। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। এছাড়া দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে বাণিজ্য-বি‌নিয়োগ, অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট,অ‌ভিবাসন এবং রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনার কথাও জানান। বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যে যারা অবৈধ তাদের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারেক রহমানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি শাস্তিপ্রাপ্ত আসামি তার উপযুক্ত শাস্তি সরকার দেবে।

post
এনআরবি বিশ্ব

জমকালো আয়োজনে নিউইয়র্ক মাতালো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

গত ২১ই জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের চিফ গেষ্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙ্গালী, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়াল সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "এনআরবিসি টিভি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের একটি প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইন্জিনিয়র খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আঁছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দু'টোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান। জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব , রিয়া , জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল । এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমান্য চিত্র দেখানো হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় । এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন "কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ । মনমাতানো গানের মুছনায় আর বাহারী বাঙ্গালীয়ানা খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
অভিবাসন

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করা হবে: প্রতিমন্ত্রী

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করে লিবিয়ায় বাংলাদেশ দক্ষ শ্রমশক্তি পাঠাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল মুতালিব এস.এম সুলিমান সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী এ কথা বলেন। সময় দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, দায়িত্বশীল অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়। এর আগে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান লিবিয়ার রাষ্ট্রদূত সুলিমান। বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

post
এনআরবি লাইফ

দেশে হয়রানীর শিকার হচ্ছেন অনেক প্রবাসী

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন প্রায় দেড়কোটি প্রবাসী বাংলাদেশী। যাদের শ্রমে-ঘামে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতির চাকা। তাইতো এই অভিবাসীদেরকে বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। তবে বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি এ সংগ্রামীরা খোদ নিজ দেশেই হচ্ছেন নানাভাবে হয়রানীর শিকার। ভূক্তভোগীরা বলছেন, সকল ক্ষেত্রেই অধিকার বঞ্চিত হচ্ছেন তারা। আর স্বাধীনতার ৫০ বছর পরও এমন ঘটনাকে হতাশাজনক মনে করছেন প্রবাসীরা।সংশ্লিষ্টরা জানান, জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তারা রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে বৈদেশিক মুদ্রার প্রাণশক্তি এই রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশেই হচ্ছেন হয়রানীর শিকার। কেউ আবার নিকট স্বজনের থেকেও পাচ্ছেন প্রতারণার তিক্ত স্বাদ। এদিকে প্রবাসীদের আইনী সমাধানের ক্ষেত্রেও হয়রানীর শিকার হতে হয় বলে জানান লেবানন প্রবাসী মশিউর রহমান টিটু। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরেও সাধারণ নাগরীকদের অধিকার না থাকাকে,কলঙ্কের মনে করছেন বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল। প্রবাসীদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও তারা সেই মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মনে করছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী এস কে আহমেদ আলীসহ অনেক বাংলাদেশী।

post
এনআরবি সাফল্য

অস্ট্রেলিয়াতে প্রবাসীদের পাশে বাংলাদেশী প্রতিষ্ঠান

অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়া বাংলাদেশীদের প্রথম স্বপ্ন থাকে নিজের একটি বসতবাড়ী। তবে দেশটিতে বাড়ী করা যেন সোঁনার হরিণের মতো,ইচ্ছে করলেই ধরা যায় না। কিন্তু সেই স্বপ্ন যে ছোঁয়া যাবে না-তাও কিন্তু নয়। এর জন্যে রয়েছে কিছু আইনী প্রক্রিয়া। আর দেশটিতে সেই সমস্যার সমাধান করছে বাংলাদেশী মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান।সংশ্লিষ্টরা জানান, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে পারি জমিয়েছেন প্রায় লাখো বাংলাদেশী। ওশেনিয়ার এই দেশটিতে বাঙ্গালীদের বসবাসও বেশ পুরনো। আধুনিক জীবন ব্যবস্থার স্বপ্নে উন্নত বিশ্বের এই দেশটি বরাবরই থাকে বাংলাদেশীদের পছন্দের শীর্ষে। দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। স্থায়ী জীবনযাপনের জন্যে অনেকেই গড়ছেন বসত-বাড়ীও। আর তাদের সেবায় কাজ করছেন বাংলাদেশী কিছু কন্সট্রাকটিং প্রতিষ্ঠান। এদিকে দেশটিতে বিনিয়োগ করতে চাওয়া প্রবাসীদের জন্যে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান প্যারামাউন্ট কন্সট্রাকটিং দিচ্ছে বিশেষ সুযোগ-সুবিধাও। এছাড়াও নাগরিকত্ব না পাওয়া বাংলাদেশীদের জন্যেও কাজ করছেন এ প্রবাসীরা। তবে তার জন্যে বাড়তি অর্থ খরচ করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হুমাউন কবির । তাছাড়াও প্রবাসীদের পুরাতন বাড়ী মেরামতের ক্ষেত্রেও প্রতিষ্ঠনটি দিচ্ছে বিশেষ সেবা। তাই যেকোন পরামর্শের জন্যে যোগাযোগের আহবান জানিয়েছেন প্যারামাউন্টের ডাইরেক্টর মাইদুর রহমান।

post
বাংলাদেশ

নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। একটি বড় দল নির্বাচন শুধু বর্জন করেনি, তারা সেটি প্রতিহতও করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন করতে পারায় জাতি স্বস্তিবোধ করছে।বৃহস্পতিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, কোনো নির্বাচনই বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি। আমরা যে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করছি সেটিও কিন্তু বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি। তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া এত বড় কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয় না। অপবাদ, বদনাম দুটোই নিতে হবে। তবে নির্বাচনের মাধ্যমে উদ্বেগ-সংকট থেকে জাতি উঠে এসেছে। রাজনীতিবিদদের যদি আস্থা না থাকে তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার, কমিশন সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.