post
বাংলাদেশ

২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

আগামী শনিবার ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। এমএএন ছিদ্দিক বলেন, আমাদের পরিকল্পনা ছিল মার্চের মধ্যে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয় করে সময় বাড়ানো। কিন্তু আমরা সম্প্রতি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের দাবি কী। তাদের সেই চাওয়া অনুযায়ী আগামী শনিবার থেকে মেট্রোরেলের সময় বাড়ানো হচ্ছে। গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশনেই ট্রেন থামা শুরু হয়। বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

post
খেলা

মানহানির মামলায় পড়লো ধোনি

সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ এনে নিজের ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার মানহানির অভিযোগ এনে সেই সহযোগীরাই মামলা করলেন ধোনির বিরুদ্ধে। সঙ্গে বিশাল অংকের ক্ষতিপূরণও দাবি করলেন তারা।ধোনির বিরুদ্ধে মামলার অভিযোগকারীরা হলেন, আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের দুই কর্ণধার মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস। ২০১৭ সালে তাদের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন ধোনি।তাদের অভিযোগ, ধোনি যে প্রতারণার অভিযোগ করেছেন সেটি মিথ্যা ও ভিত্তিহীন। সেই সঙ্গে ধোনি যেন এ ধরনের কোনো অভিযোগ বা মন্তব্য করতে না পারেন এবং সংবাদমাধ্যমে যেন এই ধরনের সংবাদ ছাপা না হয়, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন তারা। এর আগে জানুয়ারির প্রথম দিকে মিহির এবং সৌম্যার নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন ধোনি। অভিযোগে বলা হয়েছে, আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল আর্কা স্পোর্টসের। চুক্তি অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি। ধোনি শুরুতেই তাদের বিরুদ্ধে মামলা করেননি। প্রথমে দিবাকর এবং সৌম্যার সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তিনি। এরপর ২০২১ সালের মাঝামাঝিতে চিঠি দিয়ে আর্কা স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে নেন ধোনি। তাতেও কাজ না হওয়ায় বেশ কয়েক বার আইনি চিঠিও দেওয়া হয় তাদের। তাতেও কাজ না হলে শেষ পর্যন্ত ১৫ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার।

post
নারী ও শিশু

ছেলের উন্নত চিকিৎসার জন্য ভারতে পরীমণি

টানা কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরেও সুস্থ না হওয়ায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে পদ্মকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকেল ৫টার ফ্লাইটে সন্তানকে নিয়ে কলকাতায় গেছেন পরী।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ফেসবুকে এক পোস্টে পরী জানান, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনও হসপিটালাইজড! বরিশাল থেকে ফিরেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন পরীমণি। এমনটাই পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনাও জলে ভেসে গেছে। এই নায়িকা বললেন, নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। শনিবার আমার ওয়েব ফিল্ম কাগজের বউর প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। সবশেষ ভক্তদের সাবধান করে পরী বলেন, শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।

post
খেলা

প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ রাজা

দুয়ারে বিপিএল। ফ্র্যাঞ্চাইজিরা শেষ মুহূর্তে অধিনায়কদের নাম ঘোষণা করছেন। পুরোদমে প্রস্তুতিও চলছে বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলের। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে দেশের সবচেয়ে প্রসিদ্ধ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের। এর মধ্যেই আজ (১৭ জানুয়ারি) টুর্নামেন্টে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে যারা থাকবেন, তাদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিসিবি।বিপিএলে এবার ধারাভাষ্যের দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি ৯ ধারাভাষ্যকার। এর মধ্যে চারজন বাংলাদেশি এবং পাঁচজন বিদেশি। ধারাভাষ্যকারদের বাংলাদেশি নামগুলো পরিচিত। বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলোতে নিয়মিত মুখ আতহার আলী খান, শামিম চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমিকে দেখা যাবে বিপিএলের কমেন্ট্রি বক্সে।তবে বিদেশি ধারাভাষ্যকারদের নামগুলোতে চমক রয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবি কর্তা রমিজ রাজা যুক্ত হয়েছেন বিপিএলের ধারাভাষ্য প্যানেলে। তার সঙ্গী হচ্ছেন স্বদেশী আমির সোহেলও।এছাড়া শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকেরম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসও মাইক্রোফোন হাতে বিপিএলে কথার ঝড় তুলবেন।বিপিএলের আগের আসরগুলোতে বিদেশি ধারাভাষ্যকারদের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ক্রিকেট দুনিয়ার প্রথিতযশা নামদের দিয়ে ধারাভাষ্য প্যানেল সাজানোর চেষ্টা করেছে বিসিবি।

post
বিনোদন

‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানের গীতিকারের মৃত্যু

‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ (সুর: শেখ সাদী খান, কণ্ঠ: সুবীর নন্দী) ছাড়ও ‘কথা দাও, কথাগুলো ফেরত দেবে না’ (সুর: অজিত রায়, কণ্ঠ: সুবীর নন্দী), ‘স্বাধীনতা তুমি আমার বাড়িতে এসো’ (সুর: খন্দকার নূরুল আলম, কণ্ঠ: শাম্মী আখতার), ‘স্বপ্ন আমার কাজল পুকুর তুমি’ (সুর: সত্য সাহা, কণ্ঠ: এন্ড্রু কিশোর), ‘যে দেশে বাতাস স্মৃতির স্পর্শে ভারী’ (সুর: আজাদ রহমান, কণ্ঠ: সুবীর নন্দী ও সামিনা চৌধুরী), ‘তোমার প্রিয়তমার কাছে তুমি ছিলে মনোহর’ (সুর: অনুপ ভট্টাচার্য, কণ্ঠ: সামিনা চৌধুরী), ‘কতোদিন পরে দেখা, ভালো আছো তো’ (সুর: খন্দকার নূরুল আলম, কণ্ঠ: হাসিনা মমতাজ ও মোহাম্মদ হান্নান), ‘আমি তোমার ভালোবাসার খাঁচায় ধরা দেবো’ (সুর: দেবু ভট্টাচার্য, কণ্ঠ: রুনা লায়লা), ‘এই পতাকাকে চির করো তুমি’ (সুর: সত্য সাহা, কণ্ঠ: শাম্মী আখতার)-এর মতো বিখ্যাত গানগুলোর গীতিকার জাহিদুল হক আর নেই।আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাগ্নী নোভা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। জাহিদুল হক বাংলা একাডেমির ফেলো ছিলেন। গান লেখার পাশাপাশি তিনি ছিলেন একজন কবি ও গল্পকার।নোভা জানান, মাসখানেক আগে স্ট্রোক করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তার মামাকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা আলোচনা করে জাহিদুল হকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান নোভা।

post
ক্যাম্পাস লাইফ

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, বেড়েছে জ্বালানি তেলের দাম

গাজা যুদ্ধকে কেন্দ্র করে মাধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ইরানের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থেমে নেই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলাও।এমন পরিস্থিতিতে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৪ ডলার হয়েছে। এর আগে ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদরদপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান। আইআরজিসি’র বিবৃতি উল্লেখ করে ইরানি বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করা হয়েছে। তাছাড়া ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে গিলব্রালটার ঈগল নামের ওই জাহাজটিতে হামলার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

post
খেলা

ক্রিকেটার নাসিরকে দুই বছর নিষিদ্ধ করলো আইসিসি

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনকে ক্রিকেট সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।আরব আমিরাতের টি-টেন লিগে খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন তিনি। আগেই নাসিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এবার আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণা করা হলো। আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। নাসিরের বিপক্ষে অ্যান্ট করাপশন বিধিতে মোট তিনটি অভিযোগ প্রমাণিত। নাসির নিজেও স্বীকার করে নিয়েছেন, তিনি সেই তিনটি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। যে কারণে ২ বছর নিষেধাজ্ঞার শাস্তি থেকে ৬ মাস বাদ দেয়া হয়েছে। অর্থ্যাৎ, মোট দেড় বছর নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে হবে নাসিরকে এবং এই শাস্তিকে মেনে নেয়ার কারণে ২০২৫ সালের ৭ এপ্রিল নিষেধাজ্ঞা থেকে তার মুক্তি মিলবে বলেও জানানো হয় আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে। গত বছর সেপ্টেম্বরে নাসিরসহ মোট আট ক্রিকেটারের বিরুদ্ধে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ গঠন করে আইসিসি। যদিও আজ শাস্তি ঘোষণা করা হয়েছে শুধু নাসিরের বিরুদ্ধেই। যে তিনটি অভিযোগ আনা নাসিরের বিরুদ্ধে, সেগুলো হলো- ২.৪.৩ ধারা লঙ্ঘণ। নাসির ৭৫০ ইউএস ডলারের উপহারের রসিদ নিয়োগকৃত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন। মূলত, ৭৫০ ডলার মূল্যের আইফোন-১২ উপহার পেয়েছিলেন তিনি জুয়াড়িদের পক্ষ থেকে। ২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দিতে অপারগতা প্রকাশ করেন নাসির। ২.৪.৬ ধারাও ভেঙেছেন তিনি। তাতে বলা আছে, সম্ভাব্য দুর্নীতির তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হয়েছিলেন নাসির। আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইবুন্যালের শুনানিতে নাসির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব স্বীকার করে নেন। যে কারণে, বাড়তি শুনানির প্রয়োজন হয়নি এবং ট্র্যাইব্যুনালের বিচারক তার বিরুদ্ধে রায় প্রদান করেন ৬ মাসের শাস্তি মওকুফ সহ।

post
বিনোদন

লন্ডন মাতাবেন মিলা ও মুজা

এবার গান গেয়ে ইংল্যান্ডের লন্ডন মাতাবেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিলা এবং মুজা। প্রথমবারের মতো বাংলাদেশের এই দুই শিল্পী আসছেন লন্ডনে।আগামী ১১ ফেব্রুয়ারি আইঅন টিভির আয়োজনে অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইন কনসার্ট ২০২৪। সেখানেই মঞ্চ মাতাবেন এ দুই তারকা। লন্ডনের দ্যা রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এ বিষয়ে আইঅন টিভির হেড অব প্রোগ্রাম কিশোয়ার মুনিয়া বলেন, প্রথমবারের মতো লন্ডনের মঞ্চ মাতাতে আসছেন সংগীতশিল্পী মিলা এবং মুজা। দর্শকদের এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছে। ইতোমধ্যে লন্ডন তথা ইউরোপের জনপ্রিয় আইঅন টিভির আয়োজনে একাধিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মিলা ও মুজা গাইবেন রয়্যাল রজেন্সির হলে। এর আগে বালাম ও আগুন গান গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন।

post
এনআরবি সাফল্য

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচন গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতার বিজয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চক্রান্ত এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর, মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ২৯ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে তাদের বিরাট অবদান রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচনে না গিয়ে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজে বেড়ায় বিএনপি। তবে তাদের ভোট বর্জনের লিফলেটে জনগণ ভোটদানে আরও উৎসাহীত হয়েছেন। সরকার যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,ফিলিস্তিনে গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না।

post
এনআরবি বিশ্ব

সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হওয়ায় বার্মিংহামে আনন্দ সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পুনরায় বিপুল ভোট নির্বাচিত হওয়ায় বার্মিংহামে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির আস্টন এর একটি রেস্টুরেন্টে বার্মিংহামে বসবাসরত দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় কমিউনিটি নেতা কলিম উল্লাহ বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু ও সাবেক ছাত্রনেতা শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন,সাইদুজ্জামান চৌধুরী,আশিক মিয়া,এমদাদুর রহমান সুহেজ,জুবের আলম,হাজি মধু মিয়া ও মোসাদ্দেক আহমদ শ্যামলসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.