সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজ হিন্দু সেজে ২৩ দিন পাতাল কালী মন্দিরে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (২৬ জুন) বিকেলে খাগড়াছড়ি থেকে দুই আসামিসহ হেলিকপ্টারে রাজধানীর পূর্বাচলে নেমে এসব তথ্য জানান ডিবিপ্রধান।
ডিবিপ্রধান বলেন, নাম-পরিচয় গোপন করে খাগড়াছড়ির পাতাল কালীমন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়ে ছিলেন গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজ। তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। হিন্দু সেজে তারা ২৩ দিন ওই মন্দিরে ছিলেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ জুন) খবর পাওয়া যায় খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে লুকিয়ে রয়েছে পলাতক ফয়সাল ও মোস্তাফিজ। খবর পেয়ে ডিবির একটি টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান শুরু করে। পরে আজ আমরা গিয়ে হেলিকপ্টারের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করি।
হারুন অর রশীদ বলেন, অজ্ঞান করার জন্য এমপি আনারের নাকে ক্লোরোফোম দেন ফয়সাল। আর মোস্তাফিজ এমপি আনারকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে রাখে। কিলার শিমুল ভূঁইয়ার মূল দুই সহযোগী ছিলেন তারা।
