চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ-সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টাস্কফোর্স গঠনই তাদের সদিচ্ছার প্রতিফলন। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দ্বিপাক্ষিক বৈঠকে বসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে। এসময় বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি অফশোর ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। সংলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। সৌদি আরবে ব্যবসারত বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধনের বিশেষ সুযোগ দেওয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলে সৌদি আরবের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
